বিষয়বস্তুতে চলুন

সয়াবড়ির মালাই কোফতা

উইকিবই থেকে
সয়াবড়ির মালাই কোফতা
রন্ধনপ্রণালী বিভাগ নিরামিষ
পরিবেশন ৩-৫ জন
তৈরির সময় ৪০-৪৫ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

সয়াবড়ির মালাই কোফতা

জিভের স্বাদ পরিবর্তনের জন্য এই নিরামিষ পদটি রান্না করতে পারেন।

উপকরণ

[সম্পাদনা]

কোফতার উপকরণ:

উপকরণ পরিমাণ
সয়াবড়ি ১ কাপ
মাঝারি আকৃতির সেদ্ধ আলু (কোরানো) ১টি
লঙ্কা গুঁড়ো ১/২ টেবিল চামচ
জিরে গুঁড়ো ১/২ টেবিল চামচ
ধনে গুঁড়ো ১/২ টেবিল চামচ
গরমমশলার গুঁড়ো ১/২ চা চামচ
গোলমরিচের গুঁড়ো ১/২ চা চামচ
আদা-কাঁচালঙ্কা বাটা ১/২ টেবিল চামচ
নারকেল কোরানো ৩ টেবিল চামচ
ময়দা ৩ টেবিল চামচ
কাজু ১০-১২টি
কিশমিশ ১০-১২টি
চিনি ১ চা চামচ
লবণ স্বাদমতো
সাদা তেল ভাজার জন্য

গ্রেভির উপকরণ:

উপকরণ পরিমাণ
দারুচিনি ২ টুকরো
ছোট এলাচ ৪টি
লবঙ্গ ৪-৫টি
জয়িত্রীর টুকরো
তেজপাতা ১টি
মৌরি ১/২ চা চামচ
আদা বাটা দেড় চা চামচ
কাঁচালঙ্কা বাটা ১ চা চামচ
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
জিরে গুঁড়ো ১/২ চা চামচ
কাশ্মীরী লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
জায়ফলের গুঁড়ো ১/৪ চা চামচ
কাজু ১০-১২টি
চারমগজ ১ টেবিল চামচ
দই আধ কাপ
লবণ স্বাদমতো
চিনি ১ চা চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
গরমমশলা গুঁড়ো আধা চা চামচ
চেরা কাঁচালঙ্কা ৫-৬টি
কসুরি মেথি ১ টেবিল চামচ
ঘি ১ টেবিল চামচ
তেল ২-৩ টেবিল চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

কোফতা তৈরি:

  1. সয়াবিনের বড়ি গরম জলে ৫-১০ মিনিট ভিজিয়ে রাখুন।
  2. জল শুষে ফুলে উঠার পর তুলে নিঙড়ে নিয়ে ব্লেন্ডারে দিয়ে মিহি করে বেটে নিন।
  3. একটি পাত্রে সয়াবড়ি বাটা, ময়দা, কোরানো সেদ্ধ আলু, নারকেল কোরা, আদা ও লঙ্কা বাটা এবং কোফতার জন্য রাখা সমস্ত গুঁড়ো মশলা, লবণ, চিনি সব একসঙ্গে মিশিয়ে ভাল ভাবে মেখে নিন।
  4. ছোট ছোট করে লেচি করুন। তার ভিতরে অর্ধেক করে কাজু আর গোটা কিশমিশ দিয়ে ফুটন্ত তেলে ভেজে তুলুন।

গ্রেভি তৈরি:

  1. ব্লেন্ডারে দই, কাজু, চারমগজ, একসঙ্গে দিয়ে মিহি মিশ্রণ তৈরি করুন। কড়াইয়ে আগে ভাজার জন্য ব্যবহৃত তেল থেকে প্রয়োজনমতো তেল রেখে বাকিটা তুলে ফেলুন।
  2. দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা, মৌরি ইত্যাদি সবগুলো মসলা গরম তেলে ছেড়ে দিন।
  3. সুগন্ধ বের হওয়ার পর আদা ও কাঁচালঙ্কা বাটা দিন।
  4. কাঁচা ভাবটা কাটানোর জন্য কয়েক মিনিট নাড়াচাড়া করুন। তারপর জিরে, ধনে, কাশ্মীরী লঙ্কা এবং জায়ফলের গুঁড়ো দিন।
  5. সামান্য নাড়াচাড়া করে চুলোর আঁচ কমিয়ে দিন। এবার কাজু ও চারমগজের মিশ্রণটি ওর মধ্যে দিয়ে দিন।
  6. দরকার হলে কাজু বাটার জন্য ব্যবহৃত ব্লেন্ডারে সামান্য জল দিয়ে তা কড়াইয়ে দিতে পারেন।
  7. এবার লবণ ও চিনি দিয়ে তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করুন।
  8. তেল ছাড়ার পর কড়াইয়ে গোলমরিচ ও গরমমশলা দিন।
  9. ভাল করে মিশিয়ে নিয়ে এরপর গরম জল দিন। আপনি কতটুকু গ্রেভি চাইছেন তার পরিমাণ বুঝে জল যোগ করবেন।
  10. জল ফুটতে শুরু করলে ওপরে কসুরি মেথি ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন।
  11. এবার সয়াবড়ির কোফতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর আঁচ বন্ধ করুন।
  12. উপরে ঘি ছড়িয়ে দিয়ে মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে রেখে দিন।


গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।