বিষয়বস্তুতে চলুন

মোগলাই পরোটা

উইকিবই থেকে
মোগলাই পরোটা
চিত্র:Beef Kathi Roll Bangladesh.jpg
রন্ধনপ্রণালী বিভাগ নাস্তা/স্ট্রিট ফুড
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি প্রায় ১৫০-২০০ কিলোক্যালরি (প্রতি পিস)
তৈরির সময় ১ ঘণ্টা
কষ্টসাধ্য
টীকা বিকেলের নাস্তায় চমৎকার পদ মোগলাই পরোটা


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মোগলাই পরোটা

মোগলাই পরোটা হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তেলেভাজা স্ন্যাকস, যা মূলত ডিম, মাংস ও মসলা ভাজা পুর দিয়ে তৈরি হয়। এটি বিকেলবেলা চা বা আড্ডার সাথে অতুলনীয়। বিকেলের নাস্তায় ঝটপট মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারেন। গরম গরম মোগলাই পরোটা টমেটো সস কিংবা পুদিনা চাটনির সঙ্গে খুবই সুস্বাদু।

উপকরণ

[সম্পাদনা]

রুটি ও কিমার পুর

[সম্পাদনা]

রুটির জন্য

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ময়দা ২ কাপ
তেল ৩ টেবিল চামচ
চিনি ১ চা চামচ
লবন ১/৪ চা চামচ
পানি ১/২ কাপ+ ২ টেবিল চামচ বা প্রয়োজন মত


কিমার পুরের জন্য

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
মাংসের কিমা ১/২ কাপ (গরু/খাসি/মুরগী যে কোনটি)
রসুন বাটা ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
কাঁচামরিচ কুচি ৬/৭ টি
ধনেপাতা কুচি ২ টে চামচ
টেস্টিং সল্ট ১/৪ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/৪ চা চামচ
লবন স্বাদ মত

অন্যান্য

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ডিম ৬ টি
লবন সামান্য
চাট মশলা সামান্য
তেল ভাজার জন্য

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

রুটির জন্য খামির তৈরি

[সম্পাদনা]
ময়দা চিনি ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে তেল দিয়ে ডলে ডলে মেখে নিন। তারপর প্রয়োজন মত পানি অল্প অল্প করে দিয়ে পরোটার মত মাঝারি নরম খামির বানিয়ে নিন। তারপর ভালো করে ঢেকে রেখে দিতে হবে মিনিট পনেরো। এতে করে পরোটা সফট হবে।

কিমার পুর তৈরি

[সম্পাদনা]
  1. একটা প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে নিন।
  2. তাতে আদা-রসুন বাটা দিয়ে একটু নেড়ে কিমা দিয়ে দিন।
  3. মাংসের রং পাল্টে সাদাটে হয়ে আসলে এতে বাকি সব উপকরণ দিয়ে ৫ থেকে ৮ মিনিট নেড়েচেড়ে পেঁয়াজ চকচকে ও পুরো মিশ্রণ টা শুকনা শুকনা হলে নামিয়ে নিন।
  4. এরই মধ্যে মাংসও সেদ্ধ হয়ে যাবে সাথে পেঁয়াজকুচি গুলোও কিছুটা নরম হয়ে যাবে যা খেতে অনেক ভালো লাগবে।

মোগলাই পরোটা তৈরি

[সম্পাদনা]
  1. মাখিয়ে রাখা খামিরটাকে সমান ৪ ভাগে ভাগ করে নিন।
  2. প্রতিটা ভাগকে বেশ পাতলা ও বড় করে বেলে নিতে হবে। সাধারণ রুটি যতটা পাতলা হয় তার থেকে আর একটু বেশি পাতলা করতে হবে। তাহলে ভাজার সময় ভেতরে ডিম কাঁচা থাকবে না ও ফুলবে ভালো ।
  3. বেলে রাখা পাতলা রুটির ঠিক মাখখানে একটা ডিম ভেঙে হাত বা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিন। ডিমের উপর ১ চিমটি লবন ও চাট মশলা ছড়িয়ে দিলে খেতে অনেক মজা হবে।
  4. এর উপর সমান করে কিমার পুর বিছিয়ে নিয়ে। তারপর চারকোনা করে ভাজ করে মুখ বন্ধ দিন। ভাঁজটা এমন হতে হবে যেন ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে।
  5. প্যানে তেল গরম করে নিয়ে ভাঁজ করা পরোটা গুলো সাবধানে তেলে ছাড়তে হবে।
  6. মোটামুটি ডুবোতেলে মাঝারি আঁচে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে পরোটা ফুলে ফেঁপে উঠবে।
  7. চুলার আঁচ খুব বেশি থাকলে বাইরে তাড়াতাড়ি কালার এসে যাবে ভেতরের ডিম কাঁচা রয়ে যাবে। তাই চুলার আঁচ বেশি রাখা যাবে না।
  8. পরোটার চারপাশে হালকা বাদামি রং এলে তেল থেকে তুলে নিন।
  9. বাকি গুলোও একই ভাবে ভেজে নিন।
  10. তেল ঝরিয়ে পিস পিস করে কেটে নিন। চাট মসলা ও বিট লবণ উপরে ছিটিয়ে টমেটো সস, শসার সালাদ দিয়ে পরিবেশন করুন মচমচে মোগলাই পরোটা।
  • এখানে মোগলাই পরোটায় মাংস ব্যবহার করা হয়েছে। আপনি মাংস পছন্দ না করলে চাইলে মাংসের কিমার পুরের পরিবর্তে শুধু ডিম, পেঁয়াজ-কাঁচামরিচ-ধনেপাতাকুচি, লবন ও চাট মশলা দিয়ে একই পদ্ধতিতে সাধারণ মোগলাই পরোটা বানাতে পারেন।
  • ময়দা খুব ভালো করে ময়াম দেবেন এতে মোগলাই খাস্তা হবে। ময়দা ময়াম হয়ে গেলে তা মুঠোর মধ্যে চেপে ধরলে মুঠোর আকৃতির হয়েই থাকলে বুঝবেন ময়দা ভালো মতন ময়াম হয়ে গেছে।
  • মোগলাই পরোটা ভাজার সময় পরোটা একপাশ ভাজার পর সেই পাই উল্টিয়ে পরোটা একটু চিরে দিবেন। তাতে পরোটা মচমচে হবে।