মেথি শাক ভাজি
অবয়ব
| মেথি শাক ভাজি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | সবজি |
| পরিবেশন | ৩-৪ জন |
| তৈরির সময় | ২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
মেথি শাক ভাজি
মেথি শাক ভাজি শীতকালীন সময়ের একটি অত্যন্ত পুষ্টিকর ও সাধারণ বাঙালি পদ। মেথি শাকের কচি পাতা কুচিয়ে পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচ ফোড়ন দিয়ে তেলে ভেজে এই পদটি তৈরি করা হয়। এটি সাধারণত দুপুরের আহারে প্রথম পদ হিসেবে গরম ভাতের সাথে খাওয়া হয়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| মেথি শাক | ২ আটি (শুধু পাতা কুচানো) |
| আলু (ছোট কিউব করে কাটা, ঐচ্ছিক) | ১টি ছোট |
| পেঁয়াজ কুচি | ৩ টেবিল-চামচ |
| রসুন কুচি | ১ টেবিল-চামচ |
| শুকনো মরিচ | ২টি |
| কাঁচা মরিচ (কুচি করা) | ২টি |
| হলুদ গুঁড়া | সিকি চা-চামচ |
| সয়াবিন বা সরিষার তেল | ২ টেবিল-চামচ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে মেথি শাকের শক্ত ডাঁটা বাদ দিয়ে শুধু কচি পাতাগুলো বেছে নিন। শাক পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে পানি ঝরিয়ে মিহি করে কুচিয়ে নিন।
- কড়াইতে তেল গরম করে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে মাঝারি আঁচে হালকা সোনালি করে ভাজুন।
- আলু ব্যবহার করলে, এই পর্যায়ে ছোট কিউব করে কাটা আলু, সামান্য লবণ ও হলুদ গুঁড়া কড়াইতে দিয়ে পেঁয়াজ-রসুনের সাথে হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিন।
- এবার কড়াইতে কুচানো মেথি শাক এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দিন।
- স্বাদমতো লবণ যোগ করে মাঝারি আঁচে শাকটি অনবরত নাড়তে থাকুন। শাক ভাজার সময় কড়াই ঢাকবেন না, ঢাকলে শাকের তিতকুটে ভাব বেড়ে যেতে পারে।
- শাক থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে এবং আলু সম্পূর্ণ সেদ্ধ হলে মাঝারি আঁচে আরও ১-২ মিনিট নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিন।
- শাকের রঙ সবুজ থাকতে থাকতেই চুলা থেকে নামিয়ে নিন।
দুপুরের খাবারে গরম ভাতের সাথে প্রথম পদ হিসেবে পরিবেশন করুন মেথি শাক ভাজি