বিষয়বস্তুতে চলুন

মনোহরা

উইকিবই থেকে
মনোহরা
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৬ জন।
তৈরির সময় প্রায় ১ ঘন্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

মনোহরা

মনোহরা পশ্চিমবঙ্গের হুগলী জেলার এক প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি। পশ্চিমবঙ্গের নানা প্রান্তে মিষ্টিমুখের মিষ্টি নিয়ে কাহিনি ও রয়েছে অনেক। ঠিক সেই রকমই এক প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করে আসছে জনাইয়ের বিখ্যাত মিষ্টি মনোহরা। ভিতরে সন্দেশ তার উপরে ডিমের খোলসের মতন চিনির আবরণ। যা মুখে দিলেই একেবারে গলে যাবে।এই মনোহরা তৈরির কথিত ইতিহাস প্রায় ২০০ বছরের পুরাতন। আনুমানিক ১৮৭০ সালে জনাইয়ের জমিদার কালীপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে এই বিশেষ মিষ্টি তৈরি করেন জনৈক ন্যাড়া ময়রা। এই সন্দেশ খেয়েই তৎকালীন এক ইংরেজ সাহেব বলেছিলেন এই মিষ্টি তার মন হরণ করেছে তার থেকেই নাকি নাম হয়েছে মনোহরার। সেই থেকেই মনোহরা, জনাই তথা প্রাচীন বাংলার ঐতিহ্য।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
দুধ ১ লিটার
ভিনেগার বা লেবুর রস ২ টেবিল চামচ
চিনি ৩/৪ কাপ + ২ টেবিল চামচ
খোয়া (মাওয়া) ৩০০ মিলি লিটার
জায়ফল গুঁড়ো ১/৪ চা চামচ
ঘি ১ চা চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. দুধ ফুটিয়ে তাতে ভিনেগার বা লেবু্র রস মিশিয়ে ছানা কাটিয়ে নিন। ছানাটি ছেঁকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিন।
  2. ছানা ও ২ টেবিল চামচ চিনি মিক্সারে দিয়ে মোলায়েম করে নিন।
  3. কড়াইয়ে ঘি গরম করে ছানা মিশ্রণ দিন। কিছুক্ষণ নাড়ার পর খোয়া যোগ করে আরও কিছুক্ষণ নাড়ুন যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়।
  4. মিশ্রণটি ঠান্ডা হলে জায়ফল গুঁড়ো মিশিয়ে নিন।
  5. মিশ্রণ থেকে ছোট ছোট গোলাকার মিষ্টি তৈরি করুন।
  6. ৩/৪ কাপ চিনি ও ১/২ কাপ জল মিশিয়ে ৫-৬ মিনিট ফুটিয়ে ঘন চিনির সিরা তৈরি করুন।
  7. প্রস্তুত মিষ্টিগুলো ঘন সিরায় ডুবিয়ে নিন এবং মাখন লেপা কাগজের (বাটার পেপার) উপর রেখে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে মিষ্টির উপর চিনির রসের ঘন আস্তরণ তৈরী হবে।
    মনোহরা মিষ্টিগুলো ঠান্ডা হলে পরিবেশন করুন, ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদ আরও ভালো হয়

তথ্যসূত্র

[সম্পাদনা]