বোরোলি মাছের ঝোল
| বোরোলি মাছের ঝোল | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | মাছের পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ২৫–৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
বোরোলি মাছের ঝোল একধরনের হালকা ও সাদামাটা বাঙালি রান্না, যা মূলত ছোট মাছ দিয়ে তৈরি হয়। বোরোলি মাছ একটি ছোট ও নরম হাড়ের মাছ, যা সাধারণত নদী বা পুকুর থেকে ধরা পড়ে এবং প্রোটিনে ভরপুর। বোরোলি মাছের ঝোল উত্তরবঙ্গের একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পদ। এই ঝোল সাধারণত হালকা মশলা ও সরষের তেলে রান্না করা হয়, যাতে মাছের স্বাদ বজায় থাকে। এই রান্নায় খুব সাধারণ উপকরণ যেমন আলু, টমেটো, কাঁচা লঙ্কা ও সামান্য মশলা ব্যবহার করা হয়। সরষের তেলে মাছ ভেজে নিয়ে এরপর ফোড়ন দিয়ে বানানো হয় হালকা ঝোল। রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার হয় কাঁচা লঙ্কা ও ধনে পাতা। বোরোলি মাছের ঝোলের জনপ্রিয়তা এতটাই যে, এটি উত্তরবঙ্গের জামাইষষ্ঠীর বিশেষ পদ হিসেবে বিবেচিত হয়। এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে অসাধারণ স্বাদ পাওয়া যায়, বিশেষ করে গরমকালে হালকা খাবার হিসেবে এটি অত্যন্ত জনপ্রিয়।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বোরোলি মাছ | ২৫০ গ্রাম |
| কালোজিরা | ১/২ চা চামচ |
| কাঁচা লঙ্কা | ৩-৪টি (চেরা) |
| আদা বাটা | ১ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| সরষের তেল | ৪ টেবিল চামচ |
| ধনেপাতা কুচি | ২ টেবিল চামচ |
| জল | প্রয়োজনমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- বোরোলি মাছ ভালো করে ধুয়ে হলুদ ও নুন মেখে ১০ মিনিট রেখে দিন।
- কড়াইয়ে সরষের তেল গরম করে মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
- একই তেলে কালোজিরা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
- তেলে আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন দিয়ে হালকা কষিয়ে নিন। প্রয়োজনে একটু জল দিন।
- ভাজা মাছ মশলার মধ্যে দিয়ে দিন। সঙ্গে দিন প্রয়োজনমতো জল। মাঝারি আঁচে ৭-৮ মিনিট রান্না করুন।
- ঝোল নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন বোরোলি মাছের ঝোল