পোস্তর বাটিচচ্চড়ি
| পোস্তর বাটিচচ্চড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | নিরামিষ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | প্রায় ৫০ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পোস্ত বাঙালির প্রিয় খাবার। কাঁচা পোস্ত বাটা, আলুপোস্ত, ঝিঙেপোস্ত, পেঁয়াজপোস্ত, এমনকি পোস্ত দিয়ে আলুভাজা, শাকভাজা, মুরগির মাংস, পাঁঠার মাংস ইত্যাদি বহু রান্না ঠাই করে নিয়েছে বাঙালী হেঁসেলে। পোস্তর বড়া দিয়ে চাটনি বা টক বানিয়েও খাওয়ার চল রয়েছে বাংলায়। এইসকল রান্নার মধ্যেই একটু ভিন্নস্বাদের রান্না হিসাবে জায়গা করে নিয়েছে পূর্ববঙ্গের ঐতিহ্যবাহী পোস্তর বাটিচচ্চড়ি। অনেকে অবশ্য একে পোস্ত ভাপা বলেও উল্লেহ করে থাকেন। বাটিচচ্চড়ি রান্নাটির নাম হয়েছিল এর রন্ধনপ্রণালীর জন্য। বাটিতে রান্না তাই নাম বাটিচচ্চড়ি। পোস্ত দিয়ে বাটিচচ্চড়িও খানিকটা তাই। তফাত শুধু এটুকুই যে এখানে মাছ-ডিম বা আনাজপাতি নয়, পোস্তের মতো একটি মশলাকেই বাটিচচ্চড়ির গতানুগতিক মশলায় ঢিমে আঁচে রান্না করা হবে। আর বাটির বদলে এই রান্নাটি করতে হবে মুখ ঢাকা দেওয়া টিফিন কৌটোয়। খানিকটা ভাপানোর প্রক্রিয়ায়। হয়তো সে জন্যই একে পোস্ত ভাপাও বলেন কেউ কেউ।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পোস্ত | ৫০ গ্রাম |
| পেঁয়াজ কুচি (মাঝারি মাপের) | ২টি |
| টম্যাটো কুচি (মাঝারি মাপের) | ১টি |
| কাঁচা লঙ্কা | ৪-৫টি |
| সর্ষের তেল | ২ টেবিল চামচ |
| জল | ২/৩ কাপ |
| নুন | স্বাদমতো |
| চিনি | ১/৪ চা চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- পোস্ত প্রথমে বেটে নিন। তার জন্য একটি শুকনো মিক্সির জারে পোস্ত এবং এক চা চামচ নুন দিয়ে কোনও রকম জল ছাড়া এক বার ঘুরিয়ে নিন। এতে পোস্ত মিহি ভাবে গুঁড়িয়ে যাবে। এর পরে তার মধ্যে দিন ১/৩ কাপ জল। এবং আরও এক বার ঘুরিয়ে নিন। তা হলেই পোস্তবাটা রেডি।
- এ বার একটি স্টিলের টিফিন কৌটোয় পোস্তবাটা, টম্যাটো-পেঁয়াজ-লঙ্কা কুচি, ১ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ বুঝে নুন এবং চিনি দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন।
- মিক্সারের যে জারে পোস্ত বেটেছিলেন, তাতে ১/৩ কাপ জল দিয়ে সেটি পোস্তবাটার মধ্যে দিয়ে আরও এক বার ভাল ভাবে মিশিয়ে উপরে এক টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে কৌটোর মুখ বন্ধ করুন।
- এ বার কড়াইয়ে আধ কাপ মতো জল দিয়ে আঁচে বসান। তার উপরে টিফিন কৌটোটি বসান। খেয়াল রাখবেন জলের টিফিন কৌটো বসানোর পরে জল যেন কৌটোর ঢাকনা থেকে অন্তত এক আঙুল নীচে থাকে।
- এর পরে ঢাকা দিয়ে কম আঁচে ৭-৮ মিনিট রান্না করুন। তার পরে আঁচ বন্ধ করে কৌটোটি হাত দেওয়ার মতো ঠান্ডা হলে সেটি খুলে নিন।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পোস্তোর বাটিচচ্চড়ি