পোড়া বেগুন ভর্তা
অবয়ব
| পোড়া বেগুন ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভর্তা |
| পরিবেশন | ৩–৪ জন |
| খাদ্য শক্তি | মাঝারি |
| তৈরির সময় | ৪৫ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | পোড়া বেগুন ভর্তা একটি জনপ্রিয় গ্রামীণ পদ, যার ধোঁয়া ওঠা সুবাস ও স্বাদ প্রতিটি বাঙালির হৃদয়ে জায়গা করে নেয়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
পোড়া বেগুন ভর্তা হল একটি প্রাচীন বাঙালি খাবার, যা সাধারনত শীতকালে বেশি জনপ্রিয় হয়। কাঠের চুলা বা খোলা আগুনে বেগুন পোড়ানোর ফলে যে ধোঁয়া-মাখা গন্ধ তৈরি হয়, তা এই ভর্তাকে অসাধারণ এক ঘ্রাণ ও স্বাদ দেয়। এই খাবারটি স্বল্প উপকরণে, স্বল্প খরচে এবং একেবারে বাড়ির পরিবেশেই তৈরি করা যায়, যা এর জনপ্রিয়তা আরও বাড়িয়ে তোলে।
উপকরণ
[সম্পাদনা]| উপাদান | পরিমাণ |
|---|---|
| বড় আকারের বেগুন | ১টি (প্রায় ৫০০ গ্রাম) |
| সরিষার তেল | ২ টেবিল চামচ |
| পেঁয়াজ কুচি | ১/২ কাপ |
| রসুন কোয়া | ৩–৪টি |
| কাঁচা মরিচ | ৪–৬টি (স্বাদ অনুযায়ী) |
| ধনে পাতা কুচি | ২ টেবিল চামচ |
| লবণ | স্বাদমতো |
প্রস্তুত প্রণালী
[সম্পাদনা]- প্রথমে বেগুনটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিন।
- খোলা আঁচে (চুলা বা মাটির উনুনে) বেগুনটি ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ান যতক্ষণ না বাইরের খোসা পুরে যায় ও ভিতরের অংশ নরম হয়।
- পোড়ানো হলে ঠান্ডা হতে দিন এবং তারপরে খোসা ছাড়িয়ে ভেতরের অংশ চামচ দিয়ে বের করে নিন।
- রসুন ও কাঁচা মরিচ চুলায় হালকা পোড়িয়ে নিন, এতে ভর্তায় অতিরিক্ত ধোঁয়া-মাখা স্বাদ আসবে।
- একটি বড় বাটিতে পোড়া বেগুন, রসুন, কাঁচা মরিচ, লবণ ও পেঁয়াজ কুচি একসাথে দিয়ে ভালোভাবে চটকে নিন।
- এরপর ধনে পাতা ও সরিষার তেল দিয়ে আবার চটকে মিশিয়ে নিন যতক্ষণ না মিশ্রণটি মসৃণ হয়।
পরিবেশন
[সম্পাদনা]পোড়া বেগুন ভর্তা গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবেলা সাদা ভাত, ডাল আর পোড়া বেগুন ভর্তা বাঙালির প্রিয়তম আহার হয়ে থাকে।
পরামর্শ
[সম্পাদনা]- বেগুন পোড়ানোর সময় ছিদ্র করে দিলে ভেতর থেকে সহজে পোড়বে এবং ফেটে যাওয়ার সম্ভাবনা কমে যাবে।
- চাইলে পোড়ানো টমেটোও যুক্ত করে নতুন স্বাদ আনতে পারেন।
- সরিষার তেল ব্যবহার করলে আসল দেশি স্বাদ পাওয়া যায়, তবে কেউ কেউ সাদা তেলেও এটি বানান।