বিষয়বস্তুতে চলুন

পাপড়ি চাট

উইকিবই থেকে
পাপড়ি চাট
রন্ধনপ্রণালী বিভাগ পথখাবার
পরিবেশন ৩-৪ জন
খাদ্য শক্তি মাঝারি
তৈরির সময় ৫০ মিনিট
কষ্টসাধ্য
টীকা পাপড়িগুলো অনেকদিন মচমচে রাখতে চাইলে ভাজার পর পুরোপুরি ঠান্ডা করে বায়ু নিরোধক পাত্রে সংরক্ষণ করুন। খাঁটি স্বাদ পেতে ঘরে তৈরি তেঁতুলের চাটনি ও ঠান্ডা দই ব্যবহার করুন।

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

পাপড়ি চাট

পাপড়ি চাট হলো ভারতীয় উপমহাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী পঠখবর। পাপড়ি শব্দের অর্থ হলো মুচমুচে ওয়েফার এবং চাট শব্দটি সংস্কৃত চট থেকে এসেছে, যার অর্থ আঙুলের সাহায্যে স্বাদ গ্রহণ করা। এই খাবারটির ইতিহাস বেশ প্রাচীন; ১২তম শতাব্দীতে রাজা তৃতীয় সোমেশ্বর কর্তৃক প্রণীত মানাসোল্লাসা বিশ্বকোষেও এর উল্লেখ পাওয়া যায়। মিষ্টি, টক ও ঝাল স্বাদের এই মেলবন্ধনটি উত্তর ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে সমানভাবে সমাদৃত।

উপকরণ

[সম্পাদনা]
বিভাগ উপকরণ পরিমাণ
পাপড়ির জন্য ময়দা ১ কাপ
খাবার সোডা ১ চিমটি
লবণ ও জোয়ান ১/২ চা চামচ করে
কালো জিরা ১/২ চা চামচ
ঘি ২ টেবিল চামচ
সাদা তেল ভাজার জন্য
সবুজ চাটনি ধনে পাতা ও পুদিনা পাতা ১ আঁটি করে
কাঁচা লঙ্কা ২-৩টি
পাতি লেবুর রস ১টি লেবুর
বিট লবণ স্বাদমতো
তেঁতুলের চাটনি তেঁতুল ও গুড় ৩ টেবিল চামচ করে
খেজুর ৬টি
মৌরি ১/২ চা চামচ
ধনে ও জিরে গুঁড়ো ১/২ চা চামচ করে
লঙ্কা গুঁড়ো ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
জল পরিমাণমতো
সাজানোর জন্য ১৮-২০টি পাপড়ি ও ১ কাপ ঝুরি ভাজা
সেদ্ধ আলু ও মাঝারি পেঁয়াজ ১টি করে (কুচি করা)
টমেটো ও কাঁচা লঙ্কা ১টি ও ৩-৪টি (কুচি করা)
সেদ্ধ ছোলা ১ কাপ
টক দই (ফ্রিজে রাখা ঠান্ডা) ১ কাপ
চিনি ও লঙ্কা গুঁড়ো ১ চা চামচ করে (দইয়ের জন্য)
চাট মশলা ও বিট লবণ ১ চা চামচ করে
ধনে পাতা কুচি ১/২ আঁটি

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]

ধাপ ১: পাপড়ি তৈরি

[সম্পাদনা]
  1. ময়দা চেলে নিয়ে তাতে খাবার সোডা, লবণ, জোয়ান এবং কালো জিরা মেশান।
  2. এবার পর্যাপ্ত ঘি দিয়ে ময়ান দিন এবং অল্প অল্প জল দিয়ে শক্ত করে মেখে নিন।
  3. ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। ভাজার সময় যেন ফুলে না ওঠে, তাই কাঁটা চামচ দিয়ে পাপড়ির গায়ে ছোট ছোট ফুটো করে দিন।
  4. কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে পাপড়িগুলো লালচে ও মচমচে করে ভেজে তুলে নিন।

ধাপ ২: চাটনি প্রস্তুতকরণ

[সম্পাদনা]
  1. সবুজ চাটনি: ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা একসাথে বেটে নিন। এতে পাতি লেবুর রস ও বিট লবণ মিশিয়ে নিলেই তৈরি।
  2. তেঁতুলের চাটনি: কড়াইতে জল গরম করে তেঁতুল ও খেজুর সেদ্ধ হতে দিন। নরম হয়ে এলে গুড় দিয়ে ফোটান। এরপর এতে মৌরি, ধনে-জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নামিয়ে নিন।

ধাপ ৩: চাট সাজানো

[সম্পাদনা]
  1. ফ্রিজ থেকে ঠান্ডা টক দই বের করে তাতে চিনি, লঙ্কা গুঁড়ো এবং সামান্য লবণ মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন।
  2. একটি প্লেটে প্রথমে তৈরি করা পাপড়িগুলো সাজিয়ে নিন। তার ওপর সেদ্ধ আলুর টুকরো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং সেদ্ধ ছোলা দিন।
  3. এবার ওপর থেকে ফেটানো ঠান্ডা টক দই ঢেলে দিন।
  4. স্বাদমতো চাট মশলা, বিট লবণ, সবুজ চাটনি এবং তেঁতুলের চাটনি ছড়িয়ে দিন।
  5. সবশেষে প্রচুর পরিমাণে ঝুরি ভাজা এবং ধনে পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।
বিকেলের আড্ডায় জিভে জল আনা এই মচমচে ও চটপটা পাপড়ি চাট পরিবেশন করুন।