তিল পটল
অবয়ব
| তিল পটল | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | শাকসবজি রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | প্রায় ৫০ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
তিল পটল
তিল পটল বাংলার একটি ঐতিহ্যবাহী খাবার। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরের শোভাবাজার রাজবাড়ির খাস নিরামিষ ব্যঞ্জন বলে পরিচিত তিল পটল। এটি রান্না করা বেশ সহজ অথচ বেশ সুস্বাদু একটি খাবার। রাজবাড়ির রান্না বললে প্রথমেই মনে হতে পারে নানারকম মশলা ও উপকরণ সহযোগে তৈরি কেতাদুরস্ত কোনও খাবার। তিল পটল একেবারেই সেরকম রান্না নয়। এর মূল উপকরণ বলতে দু’টি পটল আর তিল। মশলার ব্যবহারও নামমাত্র। কাঁচালঙ্কা, দই আর সামান্য ফোড়ন। এই দিয়েই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন রাজবাড়ির হেঁশেলের পটলের রান্না তিল পটল। যা গরমের জন্যও উপযুক্ত।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পটল | ১২টি |
| তিল | ২০০ গ্রাম |
| কাঁচা লঙ্কা | ৫-৬টি |
| তেল | ২-৩ টেবিল চামচ |
| ফেটানো দই | ১/২ কাপ |
| তেজপাতা | ১টি |
| মেথি দানা | ১ চা চামচ |
| নুন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- শুকনো কড়াইয়ে তিল সামান্য নাড়াচাড়া করে নিন। তিলের সুগন্ধ বেরোতে শুরু করলে সেগুলি তুলে নিন। তিল ঠাণ্ডা হলে দুটি কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিন।
- পটলের খোসা যেমন ছাড়ান, সেই ভাবেই ছাড়িয়ে ছুরি দিয়ে অল্প অল্প করে গায়ে চিরে দিন। তাতে ভাজা ভাল হবে।
- কড়াইয়ে তেল দিয়ে তাতে সামান্য নুন ছড়িয়ে পটল গুলো ভেজে নিন। মনে রাখবেন, পটলের রং যেন বাদামি না হয়। ভাজা হয়ে গেলে পটলগুলো তুলে নিন।একটি পাত্রে রাখুন।
- বেঁচে যাওয়া তেলে তেজপাতা এবং মেথি দানার ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে ওর মধ্যে ঢেলে দিন বেটে নেওয়া তিল।
- মশলা থেকে তেল ছেড়ে এলে আঁচ কমিয়ে দিয়ে দিন আগে থেকে ফেটিয়ে রাখা দই এবং স্বাদমতো নুন। সঙ্গে সঙ্গেই নাড়তে থাকুন। যাতে দই ফেটে না যায়। দই মশলার সঙ্গে ভাল ভাবে মিশে গেলে জল দিয়ে রসার ঘনত্ব ঠিক করে নিন। তার পরে দিয়ে দিন চিনি।
- এই রান্নাটি সামান্য মিষ্টি স্বাদ থাকে। তবে চিনি কতটা দেবেন, সেটি আপনার স্বাদের উপর নির্ভর করবে। রসা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিন ভেজে রাখা পটল।
- এ বার উপরে ৩-৪ টি কাঁচা লঙ্কা চিরে ছড়িয়ে ঢাকা দিয়ে কিছু ক্ষণ রান্না করে আঁচ বন্ধ করুন।তিল পটল ভাতের সঙ্গে খেতে পারেন আবার রুটি-পরোটার সঙ্গেও ভাল লাগবে এই রান্না