তন্দুরি চিংড়ি
অবয়ব
| তন্দুরি চিংড়ি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৬ জন। |
| তৈরির সময় | ৩০ মিনিট- ১ ঘন্টা |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
তন্দুরি চিংড়ি একটি জনপ্রিয় ও মুখরোচক ভারতীয় খাবার, যা মূলত চিংড়ি মাছকে দই, মসলা ও লেবুর রস মাখিয়ে তন্দুর নামক এক বিশেষ চুলা বা গ্রিলে সেঁকে তৈরি করা হয়। তন্দুরের ধূমায়িত ঘ্রাণ, মশলার গভীর স্বাদ এবং চিংড়ির কোমলতা একত্রে মিশে এ এক অসাধারণ মুখরোচক পদ। সাধারণত এটি ভোজবাড়িতে বা জলখাবার হিসেবে পরিবেশন করা হয়। বিশেষ করে জলসা, অতিথি আপ্যায়ন বা উৎসবের সময় এই খাবারের চাহিদা আছে। টক দই ও মশলায় মাখিয়ে রাখার ফলে চিংড়ি নরম, সুস্বাদু ও রসালো হয়ে ওঠে এবং মুখে দিলেই গলে যায়। পুদিনা চাটনি ও লেবুর টুকরোর সঙ্গে পরিবেশন করলে এর স্বাদ আরও বেড়ে যায়।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| বড় সাইজের চিংড়ি মাছ | ৫০০ গ্রাম |
| টক দই | ১/২ কাপ |
| আদা বাটা | ১ চা চামচ |
| রসুন বাটা | ১ চা চামচ |
| লেবুর রস | ১ টেবিল চামচ |
| কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো | ১ চা চামচ (রঙ ও হালকা ঝালের জন্য) |
| গরম মসলা গুঁড়ো | ১/২ চা চামচ |
| ভাজা জিরে গুঁড়ো | ১/২ চা চামচ |
| চাট মসলা | ১/২ চা চামচ (ঐচ্ছিক) |
| সরষের তেল বা বাটার | ২ টেবিল চামচ |
| নুন | স্বাদমতো |
| কাঁচা লঙ্কা বাটা / পেস্ট | ১/২ চা চামচ (ঝাল পছন্দ অনুযায়ী) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- চিংড়ি মাছগুলি পরিষ্কার করে ধুয়ে খোলস ছাড়ান। লেজের অংশটি ছাড়াবেন না
- এবার তন্দুর মশলা বানানোর জন্য একটি বড় পাত্রে টক দই, আদা-রসুন বাটা, লেবুর রস, লাল লঙ্কা গুঁড়ো, গরম মসলা, জিরে গুঁড়ো, চাট মসলা, কাঁচা লঙ্কা বাটা, নুন ও তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
- তৈরি করা মসলায় পরিষ্কার করা চিংড়ি মাছ গুলো দিয়ে মিশিয়ে কমপক্ষে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। যদি ফ্রিজে রাখেন তাহলে আরো ভালো হয়।
- এবার ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াস তাওমাত্রায় প্রি-হিট করুন।
- মশলা মাখানো চিংড়ি গুলো একটি স্কিউয়ার বা লাঠিতে গেঁথে অথবা বেকিং ট্রেতে সাজিয়ে দিন।
- ১০–১৫ মিনিট বেক করুন এবং মাঝে একবার তেল ব্রাশ করে দিন।
- শেষে ২–৩ মিনিট গ্রিল মোডে রাখলে সুন্দর ঝলসানো রং আসবে।
- যদি আপনার ওভেন না থাকে তাহলে বিশেষভাবে তৈরি নন-স্টিক কড়াই ব্যাবহার করুন। প্রথমে কড়াইতে নন সামান্য তেল গরম করুন।
- তেল গরম হলে তার মধ্যে মসলা মাখানো চিংড়ি গুলো দিয়ে দিন।
- প্রতি পাশে ৩–৪ মিনিট অন্তর চিংড়িগুলি উল্টাতে থাকুন
- চিংড়ি মাছগুলি উভয় দিক ভালোভাবে সেঁকে নিন যতক্ষণ না সোনালি রং ধারন করে।
পুদিনা চাটনি, পেঁয়াজ কুচি, লেবুর টুকরো ও সালাদের সঙ্গে গরম গরম তন্দুরি চিংড়ি পরিবেশন করুন।