বিষয়বস্তুতে চলুন

ডিমের কোরমা

উইকিবই থেকে
ডিমের কোরমা
রন্ধনপ্রণালী বিভাগ ডিম
পরিবেশন ৪ জন
খাদ্য শক্তি উচ্চ
তৈরির সময় ৪০ মিনিট
কষ্টসাধ্য
টীকা ডিম সেদ্ধ করার সময় জলে এক চা-চামচ লবণ ও সামান্য ভিনিগার দিলে খোসা খুব সহজেই ছাড়ানো যায় এবং সেদ্ধ করার সময় ডিম ফেটে যায় না।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ডিমের কোরমা

ডিমের কোরমা মুঘল ঘরানার একটি অত্যন্ত জনপ্রিয় ও আভিজাত্যপূর্ণ পদ। কাজুবাদাম, টক দই, ঘি এবং সুগন্ধি মশলার মিশ্রণে তৈরি এর রেশমি ও ঘন ঝোল খাবারের স্বাদকে এক অন্য মাত্রায় নিয়ে যায়।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
মূল উপকরণ
ডিম ৪টি (হাঁস বা মুরগির)
পেঁয়াজ ৪-৫টি (মাঝারি)
রসুন ১০-১২ কোয়া
আদা ১ ইঞ্চি (টুকরো করা)
কাঁচা লঙ্কা ৪-৫টি
কাজুবাদাম ২ টেবিল-চামচ (বা ৫০ গ্রাম)
কিশমিশ ১ টেবিল-চামচ
টক দই ১০০ গ্রাম (ভালোভাবে ফেটানো)
মশলা ও অন্যান্য
গোটা গরম মশলা লবঙ্গ ৪টি, ছোট এলাচ ৪টি, দারচিনি ২ টুকরো
ধনে গুঁড়ো ১ চা-চামচ
জিরে গুঁড়ো আধা চা-চামচ
গোলমরিচ গুঁড়ো ১ চা-চামচ
গরম মশলা গুঁড়ো আধা চা-চামচ
কাসুরি মেথি ১-২ চা-চামচ
কেওড়া জল আধা চা-চামচ
ফ্রেশ ক্রিম ১ চা-চামচ (ঐচ্ছিক)
সাদা তেল পরিমাণমতো
ঘি ২-৩ টেবিল-চামচ
লবণ ও চিনি স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. সবার প্রথমে একটি পাত্রে জল গরম করে তাতে ডিমগুলো দিয়ে দিন। জলে ১ চা-চামচ লবণ ও ১ চা-চামচ ভিনিগার দিয়ে মাঝারি আঁচে ১২-১৩ মিনিট ডিমগুলো সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বরফ-ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে হালকা করে চিরে দিন, যাতে মশলা ভেতরে ঢুকতে পারে।
  2. একটি কড়াইতে সামান্য সাদা তেল গরম করে তাতে কেটে রাখা পেঁয়াজ ও আদার টুকরোগুলো দিয়ে হালকা করে ভাজুন। পেঁয়াজে সামান্য রঙ ধরলে রসুন, কয়েকটি কাঁচা লঙ্কা, কাজুবাদাম এবং কিশমিশ দিয়ে দিন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত সবকিছু একসাথে ভাজুন।
  3. ভাজা মশলার মিশ্রণে সামান্য জল দিয়ে ৫-১০ মিনিট ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে একটি মিহি ও মসৃণ পেস্ট তৈরি করে নিন। খেয়াল রাখবেন পেস্টে যেন কোনো দানা না থাকে।
  4. এবার মূল রান্নার জন্য কড়াইতে ঘি গরম করুন (চাইলে ঘি ও তেলের মিশ্রণও ব্যবহার করতে পারেন)। ঘি গরম হলে এতে গোটা গরম মশলা (লবঙ্গ, এলাচ, দারচিনি) ফোড়ন দিন।
  5. ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে এতে ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে হালকা নেড়েচেড়ে আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ-কাজুর পেস্টটি ঢেলে দিন। চুলার আঁচ কমিয়ে মশলাটি খুব ভালোভাবে কষাতে থাকুন।
  6. মশলা সামান্য কষানো হলে, আগে থেকে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিন। দই দেওয়ার সময় চুলার আঁচ একদম কম রাখবেন এবং অনবরত নাড়বেন যাতে দই ফেটে না যায়।
  7. দই মেশানো হয়ে গেলে আঁচ মাঝারি করে এতে স্বাদমতো লবণ, গোলমরিচ গুঁড়ো এবং কাসুরি মেথি দিয়ে দিন। পুরো মিশ্রণটি ততক্ষণ কষাতে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল ও ঘি আলাদা হয়ে ভাসতে শুরু করে।
  8. মশলা থেকে ঘি ছাড়তে শুরু করলে ঝোলের জন্য পরিমাণমতো ঈষদুষ্ণ জল মেশান এবং ফুটতে দিন।
  9. ঝোল ফুটে উঠলে চিরে রাখা সেদ্ধ ডিমগুলো (কেউ চাইলে ডিমগুলো আগে থেকে হালকা ভেজেও নিতে পারেন) এর মধ্যে দিয়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন।
  10. ঝোল মাখো মাখো হয়ে এলে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো এবং কেওড়া জল ছড়িয়ে দিন।
  11. সবশেষে ১ চা-চামচ ফ্রেশ ক্রিম মিশিয়ে হালকা হাতে নেড়ে চুলা বন্ধ করে দিন এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন।
সুগন্ধি পোলাও, ফ্রাইড রাইস, নান বা গরম পরোটার সাথে পরিবেশন করুন নবাবি স্বাদের ডিমের কোরমা