ডাল চচ্চড়ি
অবয়ব
| ডাল চচ্চড়ি | |
|---|---|
| পরিবেশন | ৪-৫ জন |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ডাল চচ্চড়ি
ডালে রয়েছে প্রচুর উদ্ভিজ্জ প্রোটিন। অনেকেই প্রানিজ আমিষ খেতে চাননা আর প্রতিদিন তা ভালোও লাগে। একই ধরনের খাবার খেতে খেতে আমাদের একঘেয়ে লাগে। তাই একই উপকরণ দিয়ে ভিন্ন ভাবে রান্না করলে স্বাদে বৈচিত্র্য আসে। অনেকে পাতলা ডাল পছন্দ করেন না। তাঁদের জন্য মসুর ডালের চচ্চড়ি বেশ। কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে মসুর ডালের চচ্চড়ি রান্না করা যায় তা আমরা নিচে দেখে নেই। ভালো কথা ডাল রান্না করার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে রান্নার সময় অনেক খানি কমে যায়। এ রান্নায় আমরা দেখবো মসুর ডাল আস্ত রেখে কিভাবে সেদ্ধ করা যায়।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| সর্ষের তেল | ২ টেবিল চামচ |
| তেজপাতা | ৩-৪ টি |
| মরিচ গুঁড়ো | ১/২ চা চামচ |
| রসুন কুচি | ৪-৫ কোয়া |
| পেঁয়াজ কুচি | মাঝারি ১টি |
| পাঁচফোড়ন বা কালো জিরা | আধা চা চামচ |
| জিরার গুঁড়ো | ১টেবিল চামচ |
| পানি | পরিমাণমতো |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| কাঁচামরিচ | ৬-৭ টি |
| ধনিয়া গুঁড়ো | ২ টেবিল চামচ |
| ঘি | ২ টেবিল চামচ |
| মসুর ডাল | ১ কাপ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- রান্না করার আগে প্রথমে মসুর ডাল ভালো করে ধুয়ে নিন।
- এরপর একটু হলুদ গুঁড়া ও লবণ মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।
- এরপর কড়াইতে তেল ঢেলে দিন। এতে পেয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন।
- অন্য একটি বাটিতে মরিচ গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন।
- গোলানো মসলা এবার হাঁড়িতে ঢেলে ভালোভাবে কষান।
- কষানো হয়ে গেলে এতে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভিজিয়ে রাখা ডাল জলসহ কড়াইতে দিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে সব মেশান।
- এবার এতে কাঁচামরিচ ও তেজপাতা দিয়ে দিন। পাঁচফোড়ন বা কালো জিরা দিতে চাইলে এখন দিয়ে দিতে পারেন।
- এরপর প্রয়োজনমতো পানি দিয়ে হাঁড়িটি ঢেকে রান্না করুন।
- ডাল সেদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে মাখোমাখো হয়ে এলে এতে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।
- পরিবেশন করার আগে চাইলে ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে নিতে পারেন।
ব্যস, তৈরি হয়ে গেলো মজাদার ডাল চচ্চড়ি। ভাত, রুটি কিংবা পরোটার সাথে গরম-গরম পরিবেশন করুন।