ঠেকুয়া
অবয়ব
| ঠেকুয়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | ৪-৫ জন |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ৪০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | ঠেকুয়া খাস্তা করার প্রধান রহস্য হলো সঠিক পরিমাণে ঘিয়ের ময়ান এবং খুব শক্ত করে আটা মাখা। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ঠেকুয়া
ঠেকুয়া মূলত বিহার ও উত্তরপ্রদেশের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী মিষ্টান্ন বা শুকনো পিঠা। এটি ছট পুজোর প্রধান প্রসাদ হিসেবে পরিচিত হলেও মুখরোচক স্ন্যাকস হিসেবে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আটা, গুড় বা চিনি এবং ঘিয়ের মিশ্রণে তৈরি এই পিঠাটি খেতে যেমন সুস্বাদু, তেমনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। সঠিক পদ্ধতিতে তৈরি করলে এটি বিস্কুটের মতো অত্যন্ত খাস্তা বা মচমচে হয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আটা ও ময়দা | ২ কাপ (সমপরিমাণ মিশ্রিত) |
| সুজি | ১/২ কাপ |
| চিনি বা গুড় (গুঁড়ো করা) | ১ কাপ (স্বাদমতো) |
| ঘি (ময়ানের জন্য) | ৪-৫ টেবিল চামচ |
| মৌরি | ১ টেবিল চামচ |
| এলাচ গুঁড়ো | ১/৪ চা চামচ |
| নারকেল কোরা বা শুকনো নারকেল গুঁড়ো | ৩-৪ টেবিল চামচ |
| চিনাবাদাম ও কিশমিশ | ১/২ কাপ |
| দুধ বা উষ্ণ জল | মাখার জন্য (সামান্য) |
| সাদা তেল | ভাজার জন্য (পর্যাপ্ত) |
| লবণ | ১ চিমটি |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- একটি বড় পাত্রে আটা, ময়দা, সুজি, মৌরি, এলাচ গুঁড়ো, নারকেল গুঁড়ো এবং এক চিমটি লবণ একসাথে ভালো করে মিশিয়ে নিন।
- এবার এই মিশ্রণে ঘিয়ের ময়ান দিন। ঘি অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে মেশাতে হবে। মিশ্রণটি হাতের মুঠোয় চেপে ধরলে যদি দলা পাকিয়ে যায় এবং চাপ দিলে ভেঙে যায়, তবে বুঝতে হবে ময়ান সঠিক হয়েছে।
- এবার এতে চিনি বা গুড় এবং বাদাম ও কিশমিশ মিশিয়ে নিন। চিনির দানা আস্ত থাকলে পিঠা খাওয়ার সময় তা মুখে লাগলে ভালো লাগে।
- আটার মিশ্রণটিকে দুই ভাগে ভাগ করে নিন। এবার খুব সামান্য জল বা দুধ ছিটিয়ে একদম শক্ত এবং অমসৃণ একটি মন্ড বা ডো তৈরি করুন। একবারে সব আটা মাখবেন না, কারণ চিনি গলে মিশ্রণটি নরম হয়ে গেলে ঠেকুয়া খাস্তা হবে না।
- মাখা মন্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। এবার ঠেকুয়া তৈরির ছাঁচ অথবা ছাঁচ না থাকলে কাঁটা চামচ বা হাতের তালু দিয়ে চেপে নকশা তৈরি করে নিন।
- কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তেল ভালোমতো গরম হলে আঁচ একদম কমিয়ে দিন। এবার সাবধানে ঠেকুয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিন।
- ধীমে আঁচে সময় নিয়ে ঠেকুয়াগুলো ভাজতে হবে। এক পিঠ লালচে হয়ে এলে সাবধানে উল্টে দিন। দুই পিঠ গাঢ় বাদামী এবং মুচমুচে হয়ে এলে তেল ঝরিয়ে তুলে নিন।
- গরম অবস্থায় ঠেকুয়া কিছুটা নরম থাকলেও ঠান্ডা হওয়ার পর তা পুরোপুরি খাস্তা হয়ে যাবে।
পুরোপুরি ঠান্ডা হওয়ার পর একটি বায়ু নিরোধক পাত্রে ভরে এই খাস্তা ঠেকুয়া দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করুন।