টাকি মাছের ভর্তা
অবয়ব
| টাকি মাছের ভর্তা | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | ভর্তা |
| পরিবেশন | ৪ জন |
| তৈরির সময় | ৩০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | টাকি মাছ সেদ্ধ করার পর কাঁটা খুব ভালোভাবে বেছে নিতে হবে, তাহলে ভর্তা মসৃণ ও খেতে আরামদায়ক হবে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
টাকি মাছের ভর্তা
টাকি মাছের ভর্তা বাংলা রান্নার একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত জনপ্রিয় ভর্তা। সেদ্ধ করা মাছ, ভাজা পেঁয়াজ, রসুন, মরিচ ও সর্ষের তেলের সংমিশ্রণে তৈরি এই পদে একদিকে যেমন ঝাঁঝালো স্বাদ থাকে, অন্যদিকে মাছের নিজস্ব স্বাদও বজায় থাকে।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| টাকি মাছ | ২৫০ গ্রাম বা ৫–৬টি |
| দেশি পেঁয়াজ | ৩টি বা ৪ টেবিল-চামচ কুচি |
| রসুন | ১টি বা ৭–৮ কোয়া |
| আদা–রসুন বাটা | ১ চা-চামচ (ঐচ্ছিক) |
| জিরা বাটা | ১ চা-চামচ (ঐচ্ছিক) |
| ধনে বাটা | ১ চা-চামচ (ঐচ্ছিক) |
| পেঁয়াজ পাতা কুচি | ২ টেবিল-চামচ |
| কাঁচা মরিচ কুচি | ৫–৬টি |
| শুকনা মরিচ | ৪–৫টি |
| ধনেপাতা কুচি | ১ টেবিল-চামচ |
| হলুদ গুঁড়ো | ১/২ চা-চামচ |
| সর্ষের তেল | ১/৪ কাপ |
| লবণ | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে টাকি মাছ ভালোভাবে পরিষ্কার করে মাথা ও লেজ ফেলে ধুয়ে নিন।
- মাছে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
- একটি পাত্রে অল্প জল দিয়ে মাছ সেদ্ধ করে নিন। মাছ সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করুন।
- ঠান্ডা হলে মাছের সব কাঁটা খুব যত্ন করে বেছে আলাদা করে নিন এবং মাছ চটকে রাখুন।
- শুকনা মরিচ শুকনো তাওয়ায় বা সামান্য তেলে হালকা ভেজে তুলে রাখুন।
- এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি ও রসুন ভাজুন।
- পেঁয়াজ হালকা বাদামি হলে চাইলে আদা–রসুন বাটা, জিরা বাটা ও ধনে বাটা দিয়ে অল্প সময় কষিয়ে নিন।
- এরপর মাছ দিয়ে মাঝারি আঁচে নেড়ে ভাজুন এবং লবণ ঠিক করে নিন।
- পেঁয়াজ পাতা ও কাঁচা মরিচ যোগ করে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন।
- মাছ মাখা মাখা ও নরম অবস্থায় এলে চুলা বন্ধ করে সামান্য ঠান্ডা করুন।
- এবার ভাজা শুকনা মরিচসহ সব উপকরণ পাটায় বেটে নিন অথবা হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করুন।
- শেষে ধনেপাতা কুচি ও সামান্য কাঁচা সর্ষের তেল মিশিয়ে পরিবেশন করুন।
ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন জিভে জল আনা মজাদার টাকি মাছের ভর্তা