বিষয়বস্তুতে চলুন

ছানাবড়া

উইকিবই থেকে
ছানাবড়া
রন্ধনপ্রণালী বিভাগ মিষ্টান্ন
পরিবেশন কমপক্ষে ৩-৪ জন।
তৈরির সময় ৪৫ মিনিট থেকে ১ ঘণ্টা
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

ছানাবড়া

ছানাবড়া একটি অত্যন্ত সুস্বাদু ও ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টান্ন। লালবাগের ছানাবড়া বাংলার মিষ্টির মধ্যে অন্যতম বিখ্যাত মিষ্টি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ শহরে এই মিষ্টির আবির্ভাব। আজ থেকে প্রায় ২০০ বছর আগে এই মিষ্টি আবিষ্কার হয় বলে মনে করা হয়। লালবাগের একটি আদি মিষ্টির দোকানের মালিক ছিলেন নিমাই মণ্ডল। তার হাত ধরেই ছানাবড়ার পথ চলা শুরু। তাঁর দোকান থেকেই নবাবের প্রাসাদে নিয়মিত ছানাবড়া সরবরাহ করা হতো। রুপোর থালায় এক মণ বা দেড় মণ সাইজের পেল্লায় ছানাবড়া সাজিয়ে নবাবরা অতিথিদের অভ্যর্থনা জানাতেন এবং এতে অতিথিদের চোখ নাকি ছানাবড়াই হয়ে যেত। সেই থেকেই চোখ ছানাবড়া কথাটার উদ্ভব। আগে এই মিষ্টিটি মুর্শিদাবাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও খাগড়ার সোনাপট্টি এলাকার মিষ্টি ব্যবসায়ী পটল সাহা বা পটল ওস্তাদের হাত ধরেই ছানাবড়া মুর্শিদাবাদের গণ্ডি ছাড়িয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে। ছানা দিয়ে তৈরি ছোট বড়া বা বল ভেজে মিষ্টি রসে ভিজিয়ে রেখে ছানাবড়া তৈরি হয়। এটি দেখতে অনেকটা রসগোল্লার মতো হলেও বাইরের অংশটা একটু মচমচে এবং ভেতরে নরম ও রসে টইটম্বুর।

উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
ঘন চর্বিযুক্ত দুধ ১ লিটার
লেবুর রস / ভিনেগার ২ টেবিল চামচ মতো
ময়দা ১ টেবিল চামচ
সুজি ১ টেবিল চামচ
বেকিং পাউডার এক চিমটে
তেল/ঘি পরিমানমতো (ভাজার জন্য)
চিনি ১ কাপ
জল ২ কাপ
এলাচ ২টি
গোলাপ জল ১ চা চামচ (ঐচ্ছিক)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. দুধ ভালো করে ফুটিয়ে তাতে লেবুর রস দিন।
  2. দুধ ছানা কাটলে নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে ছানা থেকে জল ঝরিয়ে নিন।
  3. ছানাটি ভালোভাবে আট থেকে দশ মিনিট মথে মোলায়েম করে নিন।
  4. ছানার সঙ্গে ময়দা, সুজি ও এক চিমটে বেকিং পাউডার মিশিয়ে আরও কিছুক্ষণ মথে নিন।
  5. ছোট ছোট গোল ছানার বল তৈরি করুন।
  6. কড়াইয়ে তেল/ঘি গরম করে মাঝারি আঁচে ছানার বলগুলো ভাজুন যতক্ষন না সেগুলি সোনালি রং ধারন করে।
  7. বেশি নাড়াচাড়া করলে ছানার বল ফেটে যেতে পারে, তাই সাবধানে ভাজুন।
  8. চিনি ও জল দিয়ে একটি পাতলা সিরা তৈরি করুন।
  9. এলাচ ও গোলাপ জল যোগ করুন।
  10. সিরা হালকা গরম থাকলে ভাজা ছানাবড়াগুলো তাতে দিন।
  11. ছানাবড়াগুলো কমপক্ষে এক থেকে দুই ঘণ্টা সিরার মধ্যে ভিজিয়ে রাখুন, যাতে ভালোভাবে রস টেনে নেয়।
    ঠান্ডা অথবা হালকা গরম অবস্থায় ছানাবড়া পরিবেশন করুন।