চিংড়ি মাছের ঘুগনি
অবয়ব
| চিংড়ি মাছের ঘুগনি | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন। |
| তৈরির সময় | ৮–১০ ঘণ্টা (ছোলা ভিজিয়ে রাখা) + ১৫ মিনিট (রান্না) |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
চিংড়ি মাছের ঘুগনি হলো একটি সুস্বাদু বাঙালি খাবার। মূলত সাধারন ঘুগনিত মতোই কাবলি ছোলা ও আলুর সাথে চিংড়ি মাছ সহযোগে ও বিভিন্ন মশলার মিশ্রণে এই বিশেষ ঘুগনি তৈরি করা হয়। চিংড়ি মাছের যোগে এই ঘুগনির স্বাদে ভিন্নতা আনতে সাহায্য করে। চিংড়ি মাছের ঘুগনি মূলত রুটি, পরোটা ইত্যাদির সাথে খাওয়া হয় অথবা এমনিও খাওয়া যায়। অন্য রকম স্বাদের এই খাবারটি বাঙালী হেসেলে ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে।
উপকরন
[সম্পাদনা]| উপকরন | পরিমান |
|---|---|
| কাবলি ছোলা | ৫০০ গ্রাম |
| ছোট চিংড়ি মাছ | ২০০ গ্রাম |
| আলু | ২টি |
| পেঁয়াজ বাটা | ৪টি (বড়) |
| আদা বাটা | ১ টেবিল চামচ |
| রসুন বাটা | ৫ থেকে ৬ কোয়া |
| কাঁচা লঙ্কা বাটা | ৪টি |
| জিরে গুঁড়ো | ২ টেবিল চামচ |
| ঘি | ১ টেবিল চামচ |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| চিনি | ১ চা চামচ |
| গোটা জিরা | ১/২ চা চামচ |
| টমেটো | ১টি (বড়) |
| তেজপাতা | ৬টি |
| নুন | পরিমাণ মতো |
| সাদা তেল | পরিমাণ মতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- কাবলি ছোলা রাতভর বা অন্তত ৮ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর ভেজানো ছোলা অল্প মাঝারি সেদ্ধ করুন যেন গলে না যায়।
- ছোট চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন ১০ মিনিট। এরপর হালকা করে ভেজে তুলে রাখুন।
- আলুগুলি ডুমো ডুমো টুকরো করে কেটে নিন এবং কাটা আলুগুলোও হালকা করে ভেজে তুলে রাখুন।
- কড়াইয়ে সাদা তেল ও সামান্য ঘি গরম করে গোটা জিরা ও তেজপাতা ফোড়ন দিন। এরপর পেঁয়াজ বাটা দিয়ে ততক্ষন পর্যন্ত ভাজুন যতক্ষননা পেঁয়াজে সোনালী রং ধরে।
- এবার কড়াইয়ে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিন।
- এরপর কড়াইয়ে দিন জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি ও নুন। অল্প জল দিয়ে মশলা কষান যতক্ষণ না তেল ছাড়ে।
- এবার কষানো মশলার মধ্যে ভাজা চিংড়ি ও আলু দিয়ে ভালোভাবে মেশান। তারপর সেদ্ধ ছোলা দিয়ে দিন। শেষে অল্প জল মিশিয়ে কড়াই ঢেকে দিন।
- দশ থেকে পনেরো মিনিট রান্না করুন যাতে সব উপাদান ভালোভাবে মিশে যায় এবং ঝোল ঘন হয়ে আসে।
উপরে কুচানো কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও ধনেপাতা ছড়িয়ে গরম গরম চিংড়ি মাছের ঘুগনি পরিবেশন করুন