ঘন দুধের সন্দেশ
অবয়ব
| ঘন দুধের সন্দেশ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন প্রস্তুতপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৫-৭ জন। |
| খাদ্য শক্তি | প্রায় ১২০–১৫০ ক্যালরি (প্রতি পিস) |
| তৈরির সময় | ৫০–৬০ মিনিট |
| কষ্টসাধ্য | |
| টীকা | বিশেষ উৎসব ও পার্বণে ঘরোয়া পরিবেশে তৈরি হয় |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
ঘন দুধের সন্দেশ
ঘন দুধের সন্দেশ একটি ঐতিহ্যবাহী এবং সুস্বাদু বাঙালি মিষ্টান্ন, যা মূলত ছানা ও ঘন দুধ ব্যবহার করে তৈরি করা হয়। এটি নরম, মোলায়েম ও মুখে গলে যাওয়া স্বাদের জন্য খুবই জনপ্রিয়। দুধ ফুটিয়ে ছানা তৈরি করে, তা ভালোভাবে মথে নিয়ে ঘন দুধ ও চিনি দিয়ে একত্রে রান্না করে এই সন্দেশ তৈরি করা হয়। এলাচ গুঁড়ো ও সামান্য ঘি এর ঘ্রাণ ও স্বাদে বিশেষ মাত্রা যোগ করে। উপরে কেশর বা বাদাম কুচি ছড়িয়ে দিলে তা আরও আকর্ষণীয় হয়। এই সন্দেশ সাধারণত ঠান্ডা করে পরিবেশন করা হয় এবং বিশেষ উৎসব ও পার্বণে ঘরোয়া পরিবেশে এটি অনেকের প্রিয় মিষ্টি।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| পূর্ণচর্বিযুক্ত দুধ (ফুল ফ্যাট মিল্ক) | ১ লিটার |
| লেবুর রস / ভিনেগার | ২ টেবিল চামচ (ছানা কাটানোর জন্য) |
| চিনি | ১/৩ কাপ (স্বাদমতো বাড়ানো বা কমানো যাবে) |
| এলাচ গুঁড়ো | ১/৪ চা চামচ |
| ঘি | ১ চা চামচ (ছানা শুকাতে ও সুগন্ধের জন্য) |
| কেশর / পেস্তা বাদাম কুচি (ঐচ্ছিক) | সাজানোর জন্য |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]ধাপ ১: ছানা তৈরি
[সম্পাদনা]- একটি পাত্রে ১ লিটার দুধ ফুটিয়ে নিন।
- দুধ ফুটে উঠলে তাতে লেবুর রস বা ভিনেগার অল্প অল্প করে দিয়ে নাড়তে থাকুন।
- দুধ কাটতে শুরু করলে গ্যাস বন্ধ করে দিন।
- একটি পাতলা কাপড় বা ছাঁকনি দিয়ে ছানাটি ছেকে নিন।
- ঠান্ডা জলে ছানাটি ধুয়ে নিন যেন টক ভাব কেটে যায়।
- ছানা থেকে জল ঝরিয়ে ছানাটিকে কাপড়ে মুড়িয়ে প্রায় ৩০ মিনিট ঝুলিয়ে রাখুন যেন জল পুরোপুরি বের হয়ে যায়।
ধাপ ২: ঘন দুধ তৈরি
[সম্পাদনা]- আলাদা একটি পাত্রে ২ কাপ দুধ নিয়ে মধ্যম আঁচে ফুটিয়ে নিন যতক্ষণ না দুধের পরিমান কমে প্রায় ১ কাপের সমান হয়ে আসে, এর অর্থ দুধটি ঘন হয়ে গেছে।
- ঘন হওয়া দুধের সঙ্গে চিনি মিশিয়ে দিন এবং নাড়তে থাকুন যতক্ষণ না দুধে সামান্য ঘন ভাব আসছে।
ধাপ ৩: সন্দেশ তৈরি
[সম্পাদনা]- শুকনো ছানাটি হাতের সাহায্যে বা ছোরা দিয়ে মিহি করে মথে নিন যতক্ষণ না এর গঠন মসৃণ হয়ে ওঠে।
- এরপর ঘন দুধ ও চিনির মিশ্রণের সঙ্গে ছানাটি মিশিয়ে দিন।
- অল্প ঘি দিয়ে মিশ্রণটি মধ্যম আঁচে একটি ননস্টিক রান্নার পাত্রে নাড়তে থাকুন।
- মিশ্রণটি নাড়ার সময় যখন মনে হবে যে মিশ্রনটি ঘন হয়ে রান্নার পাত্র ছেড়ে আসছে তখন গ্যাস বন্ধ করে দিন।
- ঠাণ্ডা হলে হালকা হাতে ছোট ছোট বলের আকারে সন্দেশ তৈরি করুন।
- সন্দেশের উপরে চাইলে কেশর বা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিন।
সন্দেশগুলি ঠান্ডা করে পরিবেশন করুন।