গুজিয়া
অবয়ব
| গুজিয়া | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মিষ্টান্ন |
| পরিবেশন | ২০-২৫টি |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
| টীকা | গুজিয়া ভাজার সময় তেলের তাপমাত্রা কম রাখতে হবে, এতে এটি দীর্ঘসময় খাস্তা থাকে। খোয়া ক্ষীর না থাকলে সমপরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করা যায়। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গুজিয়া
গুজিয়া ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন, যা বিশেষ করে হোলি বা দীপাবলির মতো উৎসবে ঘরে ঘরে তৈরি করা হয়। মুচমুচে খাস্তা আবরণের ভেতরে সুজি, নারকেল এবং বিভিন্ন ধরণের বাদামের মিষ্টি পুর এই পদটিকে অনন্য স্বাদ দান করে। এটি শুকনো খাবার হিসেবে বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায়, তাই ভ্রমণের সঙ্গী হিসেবেও গুজিয়া অত্যন্ত জনপ্রিয়।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আবরণের জন্য | |
| ময়দা | ৫০০ গ্রাম |
| ঘি (ময়ানের জন্য) | ১০০ গ্রাম |
| লবণ ও জোয়ান | সামান্য |
| জল | পরিমাণমতো |
| পুরের জন্য | |
| সুজি | ২৫০ গ্রাম |
| চিনি | ২৫০ গ্রাম |
| নারকেল কোরা | ১টি বড় আকারের |
| খোয়া ক্ষীর বা গুঁড়ো দুধ | ২০০ গ্রাম |
| কাজুবাদাম ও আমন্ড | ১০০ গ্রাম করে |
| চিনেবাদাম | ২০০ গ্রাম |
| কিশমিশ | ১০০ গ্রাম |
| এলাচ | ৫-৬টি |
| ভাজার জন্য | |
| সাদা তেল | ২০০ গ্রাম |
| ঘি | প্রয়োজনমতো (তেলের সাথে মেশানোর জন্য) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে চিনেবাদাম, কাজুবাদাম এবং আমন্ড শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিন। এরপর বাদামগুলোর খোসা ছাড়িয়ে মিক্সারে দিয়ে আধভাঙা বা গুঁড়ো করে নিতে হবে।
- কড়াইতে সুজি দিয়ে হালকা ভেজে নিন। সুজি থেকে সুগন্ধ বেরোলে তাতে কিছুটা ঘি দিয়ে লালচে করে ভাজুন।
- এবার ভাজা সুজিতে একে একে নারকেল কোরা, চিনি, এলাচ গুঁড়ো, আগে থেকে তৈরি করা বাদামের মিশ্রণ, কিশমিশ এবং খোয়া ক্ষীর (বা গুঁড়ো দুধ) দিয়ে দিন। সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে পুর তৈরি করুন এবং নামিয়ে ঠান্ডা হতে দিন।
- একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে স্বাদমতো লবণ, সামান্য জোয়ান এবং ঘি দিয়ে ভালো করে ময়ান দিন। এরপর অল্প অল্প করে জল মিশিয়ে একটি শক্ত মন্ড তৈরি করুন।
- মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে লুচির আকারে পাতলা করে বেলে নিন।
- এবার গুজিয়া তৈরির ছাঁচের ওপর বেলা রুটিটি বসিয়ে দিন। তার মাঝখানে পরিমাণমতো সুজির পুর ভরে দিন। এবার ছাঁচটি ভালো করে চেপে বাড়তি ময়দাটুকু সরিয়ে নিন। এভাবে সবকটি গুজিয়া তৈরি করে নিন।
- কড়াইতে সাদা তেল এবং ঘি একত্রে মিশিয়ে গরম করুন। তেল সামান্য গরম হলে চুলার আঁচ একদম কমিয়ে দিন। এবার ধীমে আঁচে গুজিয়াগুলো বাদামী ও মচমচে হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে নামিয়ে নিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটি বায়ুরোধী পাত্রে ভরে রাখুন।
উৎসবের আমেজ বাড়িয়ে তুলতে কিংবা বিকেলের নাস্তায় এই মচমচে খাস্তা গুজিয়া পরিবেশন করুন।