বিষয়বস্তুতে চলুন

রন্ধনপ্রণালী:গরুর মাংসের ঝোল

উইকিবই থেকে

গরুর মাংসের ঝোল

গরুর মাংস পছন্দ না এমন মানুষ কম দেখা যায়। যদিও আজকাল বিভিন্ন অসুখবিসুখের কারণে মানুষ পরিমিত গরুর মাংস খায়, তবে কুরবানির ঈদ বা মুসলিম পরিবারে বিশেষ উৎসবে গরুর মাংসের ঝোল এক অত্যাবশ্যকিয় খাবার। অনেকেই অনেকভাবে গরুর মাংসের ঝোল করেন, আমি আজ শেয়ার করবো কিভাবে খুব সহজে ও কম পরিশ্রমে মজাদার গরুর মাংসের ঝোল রান্না করবেন।

বলে রাখা ভালো, এই রেসিপিটা আমার বড়পুর রেসিপি (আমার এক নানী)। তার হাতের গরুর মাংসের জয়জয়কার সেকালেও ছিলো, এখন সে নেই কিন্তু স্মৃতিতে এখনো সেসব দিন, সেসব রান্না আর সেই স্বাদ যেন বারবার ফিরে আসে।


উপকরনঃ যা যা লাগবে-

  • গরুর মাংস (হাড় ও চর্বি সহ)- ১ কেজি
  • পেঁয়াজ কুচি- ১ কাপ
  • আদা বাটা- ৩ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ টেবিল চামচ
  • গোটা গরম মশলা- বড় এলাচ, ছোট এলাচ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ (সামান্য)
  • হলুদ গুঁড়া- পরিমানমতো (১-২ চা চামচ বা হলুদের রঙ বুঝে কম বা বেশি)
  • জিরা গুঁড়া (জিরা হালকা ভেজে নিয়ে গুঁড়া করা)- ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়া- ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- এই রান্নার ক্ষেত্রে এটা অপশনাল, আমি দেই না। আপনারা চাইলে সামান্য দিতে পারেন
  • গুঁড়া মরিচ- আধা চা চামচ বা যে যেমন ঝাল খেতে চান সেই পরিমানে
  • লবন- স্বাদমতো
  • সয়াবিন/ সরিষার তেল- দেড় কাপ (সরিষার তেল দিয়ে রান্না করলে দারুণ একটা ঝাঁঝালো ফ্লেভার আসে)
  • কাঁচা মরিচ- ৫-৬ টা


রন্ধনপ্রণালীঃ

১। যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে গরুর মাংস, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, তেল, লবন, মশলাসহ সব উপকরণ একসাথে মিশিয়ে নিবো। এই রান্নায় চেষ্টা করবেন কাশমিরি গুঁড়া মরিচ ব্যবহার করতে। তাহলে দারুণ একটা কালার আসবে যেটা গরুর মাংসের ঝোল কে আরও সুস্বাদু ও আকর্ষণীয় করে তুলবে।

২। এবারে আসল কাজ করতে হবে। অর্থাৎ খুব ভালভাবে কিছুক্ষণ সব উপকরণসহ মাংস মাখতে হবে। মরিচের কারণে হাত জ্বালাপোড়া করতে পারে, তাই গ্লাভস পরেও এই কাজটা করতে পারেন। সুন্দরভাবে বেশ কিছুক্ষন হালকা হাতে মাখাবেন।

৩। এরপর সামান্য পানি দিয়ে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিবেন মাঝারি আঁচে। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে নিবেন। এভাবে নেড়ে নেড়ে মাংসটা সুন্দরমতো কষাবেন।

৪। মাংস কষানো হয়ে গেলে পরিমান মতো গরম পানি ঢেলে দিবেন মাংস সিদ্ধ হওয়ার জন্য। তারপর ঢেকে দিয়ে মাঝারি আঁচে রান্না করবেন।

৫। মাংস সিদ্ধ হয়ে তেল উপরে উঠে এলে ৫-৬ টি গোটা কাঁচা মরিচ এতে দিয়ে আরও ৫ মিনিট রান্না করবেন। এক্রটু ঝোল ঝোল থাকতেই নামিয়ে নিবেন। নামানোর আগে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিবেন।

৬। গরম গরম পরিবেশন করবেন ভাত, পোলাও, রুটি, পরোটা কিংবা নান এর সাথে।

  • এরকম গরুর মাংসের ঝোলের সাথে চিকন চালের গরম ভাত, আলু ভর্তা, গাওয়া ঘি, এক টুকরা লেবু আর সাথে আম কিংবা আমড়ার আচার হলে একেবারে সোনায় সোহাগা হবে। তবে পরোটা কিংবা নানের সাথেও গরুর মাংসের ঝোল এক অসাধারণ কম্বিনেশন।