গন্ধরাজ ভাপা মাছ
অবয়ব
| গন্ধরাজ ভাপা মাছ | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | মাছ রন্ধনপ্রণালী |
| পরিবেশন | পরিমান অনুসারে, কমপক্ষে ৪ জন। |
| তৈরির সময় | ৪৫ মিনিট মতো |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
গন্ধরাজ ভাপা মাছ একটি ভিন্নস্বাদের মাছের রান্না যেখানে মাছের নিজস্ব স্বাদের সাথে গন্ধরাজ লেবুর আঘ্রান ও স্বাদ মিলেমিশে এক উপাদেয় পদের নির্মাণ করে। গ্রীষ্মের দুপুরে পেট ঠান্ডা করার মতো অথচ সুস্বাদু এবং মশলাদার এই খাবার। দই, গন্ধরাজ লেবু, কাঁচালঙ্কা ও মাছ হল এই রান্নার প্রধান উপাদান। গরম ভাতের সাথে খেতে দারুন লাগে। দই পেট ঠান্ডা রাখে তো বটেই। পাশাপাশি, দই হজমশক্তিকেও ভাল রাখে। অর্থাৎ, গরমে ওই খাবার খেয়ে পেটের সমস্যা হওয়ার ভয় নেই। মাছ এমনিতেই হালকা খাবার। আর এই রান্নায় স্বাদ এবং গন্ধের ভার পুরোটাই গন্ধরাজ লেবু আর কাঁচালঙ্কার।
উপকরন
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছের টুকরো(পাকা ও বড় মাছ হলে ভালো) | ৪টি |
| টক দই | ১ কাপ |
| আদা-রসুন বাটা | ১ চা চামচ |
| গোলমরিচের গুঁড়ো | দেড় চা চামচ |
| কাঁচা লঙ্কা | ৪-৫টি |
| কাজু | ১০-১২টি |
| গন্ধরাজ লেবু | ১টি |
| লেবুর পাতা | ২টি |
| সর্ষের তেল | ৩ টেবিল চামচ |
| চিনি | ১ চা চামচ (দই কতটা টক, সেই বুঝে ব্যবহার করুন) |
| নুন | স্বাদমতো |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- মাছের টুকরোগুলোকে আদা-রসুন বাটা, আধ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে মেখে রেখে দিন ১৫ মিনিট।
- ছাঁকনিতে এক কাপ দই ঢেলে জল ঝরতে দিন।
- মিক্সিতে কাজুবাদাম, ১ চা চামচ গোলমরিচ, দু’টি বা তিনটি কাঁচালঙ্কা দিয়ে মিহি ভাবে বেটে নিন।
- এ বার একটি পাত্রে জল ঝরানো দই এবং বেটে নেওয়া মশলা দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। ওর মধ্যে গন্ধরাজ লেবুর খোসার সবুজ অংশ কুরে দিয়ে দিন। মনে রাখবেন, সবুজ অংশের নীচে যে সাদা পরত থাকে তা যেন না পড়ে। তা হলে রান্নাটি তেতো হয়ে যাবে।
- মিশ্রণের মধ্যে স্বাদমতো চিনি, নুন এবং এক চা চামচ গন্ধরাজ লেবুর রস দিয়ে তার মধ্যে দিয়ে দিন মাছের টুকরোগুলো। ভাল ভাবে মাখিয়ে রেখে দিন আরও ১৫ মিনিট।
- একটি মোটা তল বিশিষ্ট কানা উঁচু পাত্রে জল দিয়ে ফুটতে দিন। একটি স্টিলের টিফিন বাক্সে মশলা মাখানো মাছ এবং দইয়ের মিশ্রণ ঢেলে দিয়ে তার মধ্যে দিন কাঁচা সর্ষের তেল। চামচে করে একটু উপর-নীচ করে নিন। যাতে তেল টিফিন বাক্সের তলা পর্যন্ত পৌঁছোয়।
- এ বার উপরে ছড়িয়ে দিন লেবুর পাতা, দু’টি চেরা কাঁচালঙ্কা। আর সরু চাকার মতো করে কেটে নেওয়া গন্ধরাজ লেবুর স্লাইস দু’টি বা তিনটি।
- টিফিন বাক্সের ঢাকনা বন্ধ করে ফুটন্ত জলের পাত্রে বসিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। তার পরে আঁচ বন্ধ করে রেখে দিন আরও ৫ মিনিট। ১৫ মিনিট পরে জল থেকে তুলে টিফিন বাক্সটি ঠান্ডা হতে দিন।
- টিফিন বাক্সটি হাত দেওয়ার মতো ঠান্ডা হলে ঢাকনা খুলুন। রান্নাটি খাওয়ার জন্য তৈরি।