বিষয়বস্তুতে চলুন

কালোজিরা ভর্তা

উইকিবই থেকে
কালোজিরা ভর্তা
রন্ধনপ্রণালী বিভাগ ভর্তা
পরিবেশন ৪ জন
তৈরির সময় ১০ মিনিট
কষ্টসাধ্য
টীকা কালোজিরা ভাজার সময় খুব কম আঁচ ব্যবহার করতে হবে, কারণ বেশি ভাজা হলে ভর্তার স্বাদ তিতকুটে হয়ে যেতে পারে।


রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

কালোজিরা ভর্তা

কালোজিরা ভর্তা বাংলা ঘরোয়া রান্নার একটি সহজ অথচ ব্যতিক্রমধর্মী ভর্তা। অল্প কয়েকটি উপকরণ দিয়ে তৈরি হলেও এর ধোঁয়াটে ঘ্রাণ, হালকা ঝাঁঝ ও সর্ষের তেলের স্বাদ একে আলাদা পরিচয় দেয়। কালোজিরা সাধারণত মশলা হিসেবে ব্যবহৃত হলেও ভর্তা আকারে এটি ভাতের সঙ্গে অত্যন্ত উপাদেয়। গ্রামীণ বাংলার রান্নাঘরে এই ধরনের ভর্তা দীর্ঘদিন ধরে জনপ্রিয়।

উপকরণ

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
কালোজিরা ৪ টেবিল-চামচ বা প্রায় ৫০ গ্রাম
পেঁয়াজ কুচি ৩ টেবিল-চামচ
রসুন ৭–৮ কোয়া
কাঁচা মরিচ ২টি
শুকনা মরিচ ২–৪টি
সর্ষের তেল ২ চা-চামচ
লবণ স্বাদমতো

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে কালোজিরা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন।
  2. একটি শুকনো তাওয়া বা কড়াই গরম করে কম আঁচে কালোজিরা ভেজে নিন। ভাজতে ভাজতে সুন্দর ঘ্রাণ বের হলে নামিয়ে নিন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়।
  3. একই তাওয়ায় সর্ষের তেল গরম করুন।
  4. প্রথমে শুকনা মরিচ ভেজে তুলে নিন। এরপর কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি ও রসুন একে একে দিয়ে হালকা আঁচে ভাজুন।
  5. পেঁয়াজ ও রসুনের গায়ে হালকা পোড়া দাগ এলে সব নামিয়ে ঠান্ডা হতে দিন।
  6. এবার পাটায় বা শিলনোড়ায় ভাজা কালোজিরা, শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন ও লবণ একসঙ্গে বেটে নিন।
  7. ভর্তা যত মিহি হবে তত স্বাদ ভালো হবে। প্রয়োজনে শেষে আরও সামান্য কাঁচা সর্ষের তেল মিশিয়ে নিন।
  8. সব উপকরণ ভালোভাবে মাখিয়ে পরিবেশন পাত্রে তুলে নিন।
ধোঁয়া ওঠা গরম সাদা ভাতের সাথে প্রথম পাতে পরিবেশন করুন পুষ্টিগুণে ভরপুর ঝাল ঝাল কালোজিরা ভর্তা