কাঁকড়ার ঝাল
অবয়ব
| কাঁকড়ার ঝাল | |
|---|---|
| রন্ধনপ্রণালী বিভাগ | সামুদ্রিক খাবার |
| পরিবেশন | ৬ জন |
| খাদ্য শক্তি | উচ্চ |
| তৈরির সময় | ১ ঘণ্টা |
| কষ্টসাধ্য | |
| টীকা | কাঁকড়া রান্নার আগে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া জরুরি এবং কাঁকড়া বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যেতে পারে, তাই হালকা করে ভাজতে হবে। |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
কাঁকড়ার ঝাল
নদীর বা সামুদ্রিক কাঁকড়ার নিজস্ব মিষ্টি স্বাদের সাথে আলু, পেঁয়াজ, রসুন এবং সর্ষের তেলের ঝাঁঝালো মিশ্রণ মিলেমিশে এক অপূর্ব অনুভূতির সৃষ্টি করে। উৎসব, পার্বণ বা ছুটির দিনে সাধারণ মাছ-মাংসের একঘেয়েমি কাটাতে মশলাদার এই পদটির কোনো তুলনা নেই।
উপকরণ
[সম্পাদনা]| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কাঁকড়া | ১ কেজি |
| আলু | ২০০ গ্রাম |
| খাঁটি সর্ষের তেল | ১০০ গ্রাম (মোট) |
| গরম জল | ৩৫০ মিলি |
| পেঁয়াজ | ২০০ গ্রাম (মিহি করে কুচানো) |
| টমেটো | ৩০ গ্রাম (কুচানো) |
| রসুন বাটা | ১০ গ্রাম (প্রায় ২ চা-চামচ) |
| আদা বাটা | ২৫ গ্রাম (প্রায় দেড় টেবিল-চামচ) |
| কাঁচা লঙ্কা | ১০টি (আস্ত বা চেরা) |
| শুকনো লঙ্কা | ২টি |
| তেজপাতা | ২টি |
| গোটা জিরে | আধা চা-চামচ |
| জিরে গুঁড়ো | ১ চা-চামচ |
| ধনে গুঁড়ো | আধা চা-চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা-চামচ (মাখানোর জন্য ও ঝোলের জন্য) |
| লাল লঙ্কা গুঁড়ো | আধা চা-চামচ |
| কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো | ১ চা-চামচ |
| সর্ষে বাটা | ২ চা-চামচ (ঐচ্ছিক) |
| শাহী গরম মশলা গুঁড়ো | সিকি (১/৪) চা-চামচ |
| লবণ | ৩০ গ্রাম (স্বাদমতো) |
| চিনি | ২০ গ্রাম (স্বাদমতো) |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে কেটে এবং পরিষ্কার জলে ধুয়ে নিন। এরপর কাঁকড়াগুলোতে ১০ গ্রাম লবণ এবং আধা চা-চামচ হলুদ গুঁড়ো ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
- পেঁয়াজগুলো একদম মিহি করে কুচিয়ে নিন। আলুগুলোকে চার টুকরো করে (ডুমো করে) কাটুন এবং টমেটোগুলো ছোট করে কুচিয়ে রাখুন। কাঁচা লঙ্কাগুলো আস্ত রাখতে পারেন অথবা মাঝখান থেকে চিরে নিতে পারেন।
- চুলায় একটি কড়াই বসিয়ে শুরুতে ৪০ গ্রাম সর্ষের তেল গরম করুন। তেলে সামান্য লবণ দিয়ে আলুর টুকরোগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে একটি পাত্রে রাখুন।
- একই গরম তেলে আগে থেকে লবণ-হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলো দিয়ে মাঝারি আঁচে এক মিনিটের মতো হালকা করে ভেজে তুলে রাখুন।
- এবার কড়াইতে অবশিষ্ট ৬০ গ্রাম সর্ষের তেল দিয়ে গরম করুন। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে ফোঁড়ন দিন।
- ফোঁড়ন থেকে সুন্দর সুবাস বের হলে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে অল্প আঁচে প্রায় কুড়ি মিনিট ধরে পেঁয়াজগুলো নরম ও বাদামি হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।
- পেঁয়াজ ভাজা হয়ে এলে রসুন বাটা দিয়ে আরও দশ মিনিট ভাজুন। এরপর কুচানো টমেটোগুলো দিয়ে আরও দশ মিনিট রান্না করুন।
- একটি ছোট বাটিতে অবশিষ্ট ১ চা-চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো সামান্য জলের সাহায্যে মিশিয়ে একটি তরল মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি কড়াইতে দিয়ে দিন।
- পেঁয়াজ ও মশলাগুলো প্রায় দশ মিনিটের মতো কষাতে থাকুন, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে ভাসতে শুরু করে।
- এরপর আদা বাটা দিয়ে দিন এবং মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিন।
- মশলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু এবং কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। কয়েক মিনিট নেড়েচেড়ে নিয়ে গরম জল, অবশিষ্ট লবণ এবং চিনি দিয়ে দিন। (ঝোলে একটি ঝাঁঝালো স্বাদ আনতে চাইলে এই পর্যায়ে সর্ষে বাটা মিশিয়ে দিতে পারেন)।
- ঝোল ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা কাঁকড়াগুলো কড়াইতে দিয়ে দিন। পাত্রটি ঢাকা দিয়ে অল্প আঁচে আরও দশ মিনিট ধরে রান্না হতে দিন।
- কাঁকড়া ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোল মাখো মাখো হয়ে এলে ওপর থেকে শাহী গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিন এবং চুলা বন্ধ করে দিন।
গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু কাঁকড়ার ঝাল।