করলা আলু দিয়ে তিতোর ডাল
অবয়ব
| করলা আলু দিয়ে তিতোর ডাল | |
|---|---|
| পরিবেশন | ৫-৬ জন |
| তৈরির সময় | ১৫-২০ মিনিট |
| কষ্টসাধ্য | |
রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী
করলা আলু দিয়ে তিতোর ডাল
মুগ ডাল, করলা ও আলু দিয়ে তৈরী তেঁতোর ডাল একটি ঐতিহ্যবাহী বাঙালি পদ। গরমের দিনে দুপুরের খাবারের শুরুতে স্বাস্থ্যকর এই ডাল শরীরকে সতেজ রাখে ও হজমশক্তি বাড়ায়। নিচে করলা আলু দিয়ে তিতোর ডালের সহজ রেসিপি দেওয়া হলো।
উপকরণ
[সম্পাদনা]| নাম | উপকরণ |
|---|---|
| ডাল (মুগ ডাল) | ১ কাপ |
| করলা/উচ্ছে (পাতলা গোল করে কাটা) | ২টি |
| আলু (ছোট টুকরো করে কাটা) | ২টি |
| তেল (সরিষার তেল হলে ভালো) | ৪ টেবিল চামচ |
| পাঁচফোড়ন | ১ চা চামচ |
| শুকনো মরিচ | ২টি |
| তেজপাতা | ২টি |
| আদা ও রসুন বাটা | ১চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১ চা চামচ |
| লবন | স্বাদমতো |
| চিনি | সামান্য |
| ঘি | ১ চা চামচ |
রন্ধনপ্রণালী
[সম্পাদনা]- প্রথমে শুকনো কড়াইতে মুগ ডাল হালকা লালচে করে ভেজে নিন। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিন।
- করলার তেতো ভাব কমাতে চাইলে, করলা কাটার পর সামান্য লবন মাখিয়ে ১০ মিনিট রেখে চিপে জল ফেলে দিতে পারেন।
- একটি প্রেশার কুকারে বা যে কোন পাত্রে সামান্য লবন ও হলুদ মিশিয়ে দিয়ে ডাল গুলো সেদ্ধ করে নিন।
- এবার কড়াইতে তেল গরম করে সামান্য লবন ও হলুদ দিয়ে করলা ও আলুর টুকরোগুলোকে হালকা ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে রাখুন।
- কড়াইতে বাকি তেল দিয়ে তাতে শুকনো মরিচ, তেজপাতা ও পাঁচফোড়নের দিয়ে দিন।
- সুন্দর গন্ধ বের হয়ে এলে আদা ও রসুন বাটা এবং সামান্য জল দিয়ে মশলা গুলো কষান
- এবার একটি কড়াইতে সেদ্ধ ডাল ও পরিমাণমতো জল দিন।
- ঝোল ফুটতে শুরু করলে ভেজে রাখা করলা ও আলু গুলো দিয়ে দিন।
- স্বাদমতো লবন দিন। তেতো ভাবটা ব্যালান্স করার জন্য সামান্য চিনি দিন।
- করলা সেদ্ধ হয়ে গেলে এবং ডাল ঘন হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস তৈরী হয়ে গেলো করলা আলু দিয়ে তিতোর ডাল। গরম ভাতের সাথে পরিবেশণ করুন। এই গরমে খেতে দারুন লাগবে।