বিষয়বস্তুতে চলুন

এঁচোড়ের বিরিয়ানি

উইকিবই থেকে
এঁচোড়ের বিরিয়ানি
রন্ধনপ্রণালী বিভাগ ভাত রন্ধনপ্রণালী
পরিবেশন পরিমান অনুসারে, কমপক্ষে ৪-৫ জন।
তৈরির সময় ১-২ ঘন্টা মতো
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

এঁচোড়ের বিরিয়ানি

এঁচোড়ের বিরিয়ানি বাঙালি রান্নাঘরে একটি ঐতিহ্যবাহী নিরামিষ পদ যা নিরামিষাশীদের বিরিয়ানির রসনা তৃপ্ত করার জন্য অসাধারন। স্বাদ-গন্ধে অতুলনীয় এই নিরামিষ বিরিয়ানির পদ। এঁচোড়ের মাংসের মতো গঠন এবং মশলার সুগন্ধযুক্ত মিশ্রণে এই বিরিয়ানি মাংসের বিরিয়ানির স্বাদের কাছাকাছি, তবে সম্পূর্ণ নিরামিষ। এটি বিশেষ অনুষ্ঠানে বা পারিবারিক আয়োজনে ভাত প্রেমীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ। এই রেসিপিটি সুগন্ধি এবং স্বাদে সমৃদ্ধ।


উপকরন

[সম্পাদনা]
উপকরণ পরিমাণ
এঁচোড় ৫০০ গ্রাম (চৌকো করে কাটা)
বাসমতি চাল ২ কাপ
পেঁয়াজ (কুচি) ২টি বড়
আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
টমেটো (কুচি) ১টি মাঝারি
কাঁচা মরিচ ২-৩টি (চেরা)
হলুদ গুঁড়া ১/২ চা চামচ
লাল মরিচ গুঁড়া ১ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
বিরিয়ানি মশলা (গুঁড়া) ১ টেবিল চামচ
গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ) ২-৩টি করে
তেজপাতা ১টি
দই ১/২ কাপ
ঘি ২ টেবিল চামচ
তেল (সরিষার বা সাদা) ৩ টেবিল চামচ
কেশর ১ চিমটি (২ টেবিল চামচ গরম দুধে ভিজানো)
কাজুবাদাম ১০-১২টি
কিশমিশ ১০-১২টি
ধনেপাতা ও পুদিনাপাতা (কুচি) ২ টেবিল চামচ
লবণ স্বাদ অনুযায়ী
জল ৩.৫ কাপ (চাল রান্নার জন্য)

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে হাতে একটু তেল লাগিয়ে নিন, নাহলে এঁচোড়ের আঠায় হাত চিপচিপে হয়ে যেতে পারে।
  2. এঁচোড়ের খোসা ছাড়িয়ে ছোট ছোট চৌকো করে কেটে নিন। হলুদ জলে ১০ মিনিট সেদ্ধ করে নরম করে নিন, তারপর জল ঝরিয়ে রাখুন।
  3. বাসমতি চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন, তারপর জল ঝরিয়ে রাখুন।
  4. পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা মরিচ চেরা করে প্রস্তুত করুন।
  5. একটি কড়াইতে ২ টেবিল চামচ তেল গরম করে সেদ্ধ এঁচোড় হালকা ভেজে তুলে রাখুন।
  6. একই কড়াইতে আরও ১ টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন এবং তা সোনালি বাদামি রং ধরা পর্যন্ত ভাজুন। তারপর আদা-রসুন বাটা যোগ করে ১ মিনিট ভাজুন।
  7. টমেটো কুচি, হলুদ, লাল মরিচ, জিরা, ধনে গুঁড়া এবং লবণ দিয়ে মশলা কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল ছিটিয়ে মশলা পুড়তে দেবেন না।
  8. দই ও বিরিয়ানি মশলা যোগ করে ২-৩ মিনিট কষান।(বিরিয়ানি মশলা না থাকলে দারচিনি, এলাচ ও লবঙ্গের গুঁড়া ব্যবহার করুন) ভাজা এঁচোড় যোগ করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে ৫ মিনিট রান্না করুন। এটি তুলে রাখুন।
  9. একটি পাত্রে ৩.৫ কাপ জল, তেজপাতা, গরম মশলা (দারচিনি, এলাচ, লবঙ্গ) এবং সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিন। ভেজানো চাল যোগ করে ৮০% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। জল ঝরিয়ে চাল আলাদা রাখুন।
  10. একটি ভারী তলার পাত্রে ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে নিন। অর্ধেক চাল বিছিয়ে তার উপর এঁচোড়ের মিশ্রণের অর্ধেক ছড়িয়ে দিন।
  11. উপরে বাকি চাল বিছিয়ে বাকি এঁচোড়ের মিশ্রণ ছড়ান। কেশর মেশানো দুধ (কেশরের পরিবর্তে হলুদ-জলও ব্যবহার করতে পারেন রঙের জন্য), কাজু, কিশমিশ, ধনেপাতা ও পুদিনাপাতা ছড়িয়ে দিন। বাকি ঘি উপরে ছড়িয়ে দিন।
  12. পাত্রের মুখ শক্ত করে ঢেকে (আটা দিয়ে বায়ুনিরুদ্ধ করতে পারেন) কম আঁচে ১৫-২০ মিনিট দমে রাখুন। এতে সুগন্ধ ও স্বাদ মিশে যাবে।
    দম খুলে আলতো করে মিশিয়ে গরম গরম রায়তা বা সালাদের সঙ্গে পরিবেশন করুন এঁচোড়ের বিরিয়ানি

তথ্যসূত্র

[সম্পাদনা]