বিষয়বস্তুতে চলুন

অমৃতসরি কুলচা

উইকিবই থেকে
অমৃতসরি কুলচা
চিত্র:Amritsari Kulcha with Chole and Chutney.jpg
পরিবেশন ৩-৪ জন
তৈরির সময় ৪০-৫০ মিনিট
কষ্টসাধ্য

রন্ধনপ্রণালী | প্রস্তুতপ্রণালী | উপকরণ | যন্ত্রপাতি | কৌশল | রন্ধনপ্রণালী দ্ব্যর্থতা নিরসন পাতা | প্রস্তুতপ্রণালী

অমৃতসরি কুলচা

অমৃতসরি কুলচা হলো উত্তর ভারতের, বিশেষ করে পাঞ্জাবের অমৃতসর অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার। এটি মূলত আলু ও বিভিন্ন মশলার পুরে ঠাসা এক ধরণের মচমচে ও স্তরযুক্ত তন্দুরি রুটি। সাধারণত সকালের নাস্তায় বা দুপুরের খাবারে ছোলার ডাল (ছোলে) এবং তেঁতুলের চাটনির সাথে এটি গরম গরম পরিবেশন করা হয়।

উপকরণ

[সম্পাদনা]
নাম উপকরণ
ময়দা ২ কাপ
টক দই ৩ টেবিল-চামচ
বেকিং পাউডার আধা চা-চামচ
চিনি ১ চা-চামচ
লবণ স্বাদমতো
মাখন বা ঘি সিকি কাপ (খামির ও স্তরের জন্য)
সেদ্ধ আলু (চটকানো) ৩টি (মাঝারি)
পেঁয়াজ কুচি ১টি (ছোট)
কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ
ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ
আমচুর পাউডার (আমসি) ১ চা-চামচ
ধনে ও জোয়ান গুঁড়া ১ চা-চামচ
কাসুরি মেথি ১ চা-চামচ

রন্ধনপ্রণালী

[সম্পাদনা]
  1. প্রথমে একটি পাত্রে ময়দা, চিনি, বেকিং পাউডার, সামান্য লবণ, টক দই এবং ১ টেবিল-চামচ ঘি বা মাখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিন।
  2. এবার অল্প অল্প হালকা গরম পানি যোগ করে একটি নরম খামির (ডো) তৈরি করুন। খামিরের গায়ে সামান্য তেল মাখিয়ে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে ২০-৩০ মিনিট রেখে দিন।
  3. অন্য একটি পাত্রে পুর তৈরির জন্য সেদ্ধ করে চটকানো আলু, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, আমচুর পাউডার, ধনে ও জোয়ান গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নিন।
  4. ৩০ মিনিট পর ময়দার খামিরটি নিয়ে পুনরায় হালকা ময়ান দিন। এবার খামিরটিকে আয়তাকার করে বেলে নিন এবং এর ওপর মাখন বা ঘি ছড়িয়ে দিন। সামান্য ময়দা ছিটিয়ে খামিরটি তিন ভাঁজ করুন। এই প্রক্রিয়াটি আরও একবার করুন যাতে কুলচায় সুন্দর স্তর বা লেয়ার তৈরি হয়।
  5. এবার খামির থেকে মাঝারি আকারের লেচি (লেগচি) কেটে নিন। প্রতিটি লেচির মাঝখানে আলুর পুর পরিমাণমতো দিয়ে মুখটি ভালোভাবে বন্ধ করে গোল বল তৈরি করুন।
  6. এবার হাতের তালু দিয়ে চেপে বা বেলন দিয়ে হালকা চাপে (খুব বেশি পাতলা না করে) কুলচা আকারে বেলে নিন। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ও কাসুরি মেথি ছড়িয়ে হাত দিয়ে চেপে বসিয়ে দিন।
  7. কুলচার উল্টো পিঠে সামান্য পানি মাখিয়ে নিন। এবার মাঝারি আঁচে গরম করা তাওয়ায় পানির অংশটি নিচের দিকে দিয়ে কুলচাটি দিন। পানির কারণে কুলচাটি তাওয়ার সাথে আটকে থাকবে।
  8. তাওয়াটি সরাসরি আগুনের ওপর উল্টো করে ধরে কুলচার ওপরের অংশটি সুন্দর বাদামি ও মচমচে হওয়া পর্যন্ত সেঁকে নিন (তন্দুরের মতো)। সেঁকা হয়ে গেলে সাবধানে তাওয়া থেকে নামিয়ে ওপরে প্রচুর পরিমাণে মাখন লাগিয়ে নিন।
অমৃতসরি ছোলে, তেঁতুলের চাটনি এবং মাখন দিয়ে পরিবেশন করুন মচমচে গরম গরম অমৃতসরি কুলচা