বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার

উইকিবই থেকে

অধ্যায় ৩৪ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: পুনরায় অরণ্য← অধ্যায় ৩৩ | অধ্যায় ৩৫ →

সারাংশ

[সম্পাদনা]
সতর্কীকরণ: কাহিনির অংশ এবং/অথবা সমাপ্তির গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রকাশ করা হয়েছে।

প্রধান শিক্ষকের অফিসের মেঝেতে শুয়ে থাকা অবস্থায় হ্যারি এখন বুঝতে পারে যে, স্নেপ আসলে সারাক্ষণ তারই পক্ষে ছিল এবং সেই সাথে সে তার নিজের নিয়তিও বুঝতে পারে। ইনভিজিবিলিটি ক্লোক গায়ে দিয়ে সে প্রবেশ কক্ষের দিকে এগোতে থাকে। পথে নেভিলের সাথে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল, নেভিল তখন অলিভার উডের সাথে মাঠ থেকে ফিরছিল। তারা কলিন ক্রিভির মৃতদেহ দুর্গের ভেতরে নিয়ে আসছিল। অলিভার বলে যে সে একাই ব্যাপারটা সামলাতে পারবে, এবং নেভিল আরও আহতদের খোঁজে মাঠে ফিরে যায়। হ্যারি তাকে অনুসরণ করে এবং নেভিলের সামনে নিজেকে প্রকাশ করে। হ্যারি নেভিলকে বলে যে ভলডেমর্টকে পরাজিত করতে হলে নাগিনিকে হত্যা করতেই হবে। সে বলে যে রন এবং হারমায়োনিও এটা জানে, কিন্তু কোনো কারণে যদি তারা তা করতে না পারে, তবে নেভিলকেই নাগিনিকে হত্যা করতে হবে। নেভিল বলে যে সে তাই করবে, এবং হ্যারি আবার ক্লোকটি গায়ে জড়িয়ে নিষিদ্ধ বনের দিকে রওনা দেয়। পথে সে জিনিকে দেখে পড়ে যাওয়া একটি মেয়েকে সাহায্য করতে। এটা দেখে তার থামতে এবং তার সাথে কথা বলতে ইচ্ছা করে, কিন্তু তা করলে তার পক্ষে আর এগিয়ে যাওয়া অসম্ভব হবে জেনে সে হ্যাগ্রিডের কুঁড়েঘর পেরিয়ে বনের দিকে এগিয়ে যায়।

জঙ্গলের ধারে ভেসে বেড়ানো ডিমেন্টররা হ্যারির পথ আটকে দেয়, কিন্তু আরেকটি প্যাট্রোনাস তৈরি করার মতো শক্তি তার ছিল না। হ্যারি তার থলে থেকে স্নিচটি বের করে। এর ওপর খোদাই করা লেখাটি, "আমি শেষে উন্মোচিত হই", সেটি মনে করে সে বুঝতে পারে যে এটি মৃত্যুকে নির্দেশ করছে। স্নিচটি ঠোঁটে চেপে ধরে সে ফিসফিস করে বলে, "আমি মরতে চলেছি।" স্নিচটি ভেঙে যায় এবং ভেতর থেকে পেভেরেল আংটিটি বেরিয়ে আসে, যা দেখে হ্যারি বুঝতে পারে যে এর মধ্যেই ভাঙা রেজারেকশন পাথরটি রয়েছে। সে পাথরটি তিনবার ঘোরাতেই জেমস, লিলি, লুপিন এবং সিরিয়াসের ছায়ামূর্তি আবির্ভূত হয়। সবগুলোই ভূতুড়ে মনে হয়, কিন্তু তারা শুধু আত্মার মতো নয়, তাদের চেহারা আরও বেশি কঠিন। লুপিন এবং সিরিয়াস দুজনকেই কম বয়সী মনে হয় এবং দুজনেই খুশি। তার মা ও বাবা তার সাথে কথা বলে, তার সাহসিকতার জন্য তারা কতটা গর্বিত তা জানায়, এবং মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার সময় তাদের উপস্থিতি তাকে সান্ত্বনা দেয়। হ্যারি জিজ্ঞাসা করে যে মরতে কষ্ট হয় কিনা, কিন্তু সিরিয়াস বলে যে এটা যন্ত্রণাহীন এবং ঘুমিয়ে পড়ার চেয়েও সহজ। হ্যারি রেমাসকে বলে যে তার ছেলের জন্মের পর এত তাড়াতাড়ি তাকে মরতে হওয়ায় সে দুঃখিত। যদিও রেমাস তার ছেলের পাশে থাকতে না পারার জন্য অনুতপ্ত, তবুও সে খুশি যে টেডি এমন এক উন্নত পৃথিবীতে বড় হবে যা তার বাবার মৃত্যুর কারণে সম্ভব করতে সাহায্য করেছে, এবং সে আশা করে যে টেডি যখন তার বাবার মৃত্যুর কারণ জানতে পারবে, তখন সে তা বুঝতে পারবে। চারজনই হ্যারির সাথে থাকার এবং ডিমেন্টরদের মধ্য দিয়ে যাওয়ার সময় প্যাট্রোনাস হিসেবে কাজ ক'রে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। সিরিয়াস তাকে এও আশ্বাস দেয় যে তারা ভলডেমর্টের কাছে অদৃশ্য থাকবে, কারণ তাদের স্মৃতি হ্যারিরই অংশ। আত্মাগুলো পাশে ছিল বলেই হ্যারি নিজেকে টেনে নিয়ে যাওয়ার শক্তি পাচ্ছিল

হ্যারি ঘন, জট পাকানো জঙ্গলের মধ্যে দিয়ে পথ করে এগোতে থাকে, সে ঠিক কোথায় যাচ্ছে সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না: আত্মারা তার পাশে থেকে তাকে পথ দেখানোর জন্য আবির্ভূত হয়। সে যখন ভলডেমর্টের শিবিরের কাছাকাছি পৌঁছায়, ইয়াক্সলি এবং ডলোহভের মনে হয় তারা কিছু একটা শুনেছে, কিন্তু তাদের সন্দেহ হয় যে সম্ভবত এটি কোনো পশুর ডাক। ভলডেমর্ট হ্যারিকে যে এক ঘণ্টা সময় দিয়েছিল তা প্রায় শেষ, এবং মনে হচ্ছে হ্যারি পটার আর আসবে না। তখনও ক্লোক পরা অবস্থায়, হ্যারি একটি ফাঁকা জায়গায় প্রবেশ করে যেখানে সে দুজন দানব এবং বেলাট্রিক্সসহ ভলডেমর্টের ডেথ ইটারদের দেখতে পায়। ফেনরির গ্রেব্যাক কাছাকাছি লুকিয়ে ছিল, আর লুসিয়াস ম্যালফয় এবং তার স্ত্রী নার্সিসাও সেখানে উপস্থিত ছিল, দুজনকেই পরাজিত এবং শঙ্কিত দেখাচ্ছিল। হ্যারি শিবিরের জায়গাটিকে আরাগগের পুরোনো আস্তানা হিসেবে চিনতে পারে, যেখান থেকে তার বংশধরদের ডেথ ইটাররা তাদের পক্ষে লড়াই করার জন্য জোরপূর্বক বের করে দিয়েছিল।

ভলডেমর্ট উচ্চস্বরে বলে যে সে ভেবেছিল হ্যারি আসবে, কিন্তু তার কথায় কেউ সাড়া দেয় না। হ্যারি ক্লোকটা খুলে তার জাদুদণ্ডসহ ক্লোকের নিচে গুঁজে নেয়। রেজারেকশন পাথরটি তার আঙুল থেকে পিছলে যায় এবং আত্মারা অদৃশ্য হয়ে যায়। ভলডেমর্ট আবার বলে, "মনে হচ্ছে... আমি ভুল করেছিলাম।"

হ্যারি উচ্চস্বরে উত্তর দেয়, "আপনি ভুল করেননি।"

কাছেই একটি গাছের সাথে শক্ত করে বাঁধা হ্যাগ্রিড, হ্যারিকে সতর্ক করার জন্য চিৎকার ক'রে হ্যারিকে কিছু বলছিলো, কিন্তু রাউল তাকে চুপ করিয়ে দেয়।

হ্যারি যখন শেষবারের মতো জিনির কথা ভাবছিল, ভলডেমর্ট তার ওপর হত্যার অভিশাপ প্রয়োগ করে।

বিশ্লেষণ

[সম্পাদনা]

স্নেপের স্মৃতি অনেক প্রশ্নের উত্তর দিয়েছে, এবং সত্যটা হ্যারি বা পাঠকের প্রত্যাশার মতো নয়। শুধু যে ডাম্বলডোরকে নিয়ে হ্যারির সন্দেহ ও ভয়গুলো আপাতদৃষ্টিতে যৌক্তিক ছিল তাই নয়, বরং ডাম্বলডোর এত বছর ধরে তাকে রক্ষা করছিলেন কেবল নিজের চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য, যার মধ্যে ছিল ভলডেমর্টকে পরাজিত করতে হ্যারিকে বলি দেওয়া। আশ্চর্যজনকভাবে, হ্যারি এটা মেনে নেয় এবং অন্যদের বাঁচানোর জন্য স্বেচ্ছায় ভলডেমর্টের মুখোমুখি হতে ও নিজের পরিণতি বরণ করতে যায়। স্নেপও নির্দোষ প্রমাণিত হয় এবং তার বীরত্ব ও আত্মত্যাগ অবশেষে প্রকাশিত হয়। যদিও এটি স্নেপের আচরণকে পুরোপুরি নির্দোষ প্রমাণ করে না। হ্যারি যদি বেঁচে থাকে, তবে শেষ পর্যন্ত তাকে তার সেই যুদ্ধংদেহী শিক্ষকের প্রতি দীর্ঘদিনের পুষে রাখা ঘৃণা এবং একই সাথে সেই বিয়োগান্তক মানুষটির প্রতি নতুন করে জন্ম নেওয়া কৃতজ্ঞতাবোধের মধ্যে একটা সমন্বয় করতে হবে, যিনি তাকে রক্ষা করেছিলেন ও তার অভিযানে সাহায্য করেছিলেন এবং তা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

নাগিনিকে হত্যা করার প্রয়োজনীয়তা নিয়ে নেভিলের সাথে হ্যারির সংক্ষিপ্ত আলোচনাটি এই বিষয়টি তুলে ধরে যে, হ্যারি ক্রমশ সচেতন হচ্ছে যে এই যুদ্ধে সে একা নয়, এমনকি এই লড়াই শুধু সে, রন এবং হারমায়োনিকে নিয়েও সীমাবদ্ধ নয়। সে দেখতে পায় যে হগওয়ার্টসের এই যুদ্ধ তার জন্য নয়, বরং তার পতাকার নিচে সংঘটিত হচ্ছে, এবং সে দেখেছে ডার্ক লর্ডকে পরাজিত করার জন্য অন্যরা কি ধরনের আত্মত্যাগ করতে ইচ্ছুক। সম্ভবত স্নেপের আত্মত্যাগ সম্পর্কে তার এই নতুন উপলব্ধি তাকে এই বিষয়টি বুঝতে সাহায্য করেছে। যাই হোক, যদিও সে এখনও তার অভিযানের বিস্তারিত বিবরণ গোপন রাখছে, কিন্তু এখন প্রয়োজনে অন্যদের কাছে সাহায্য চাইতে সে আরও বেশি ইচ্ছুক।

মৃত্যুর মুখোমুখি হওয়ার আগে হ্যারির একমাত্র সান্ত্বনা হলো তার বাবা-মা, ধর্মপিতা (সিরিয়াস) এবং রেমাসের সাথে পুনর্মিলন। তবে গল্পের সেই ভাইয়ের মতো সে বুঝতে পারে যে, জীবিত ও মৃতদের মাঝখানের এই সীমানা কেবল এক অভিমুখেই চিরস্থায়ীভাবে পার হওয়া সম্ভব। এই বিষয়টি উপলব্ধি করা ও মেনে নেওয়ার মাধ্যমে হ্যারি মৃত্যুর অধিপতি হয়ে ওঠে। সে জেমস ও লিলির আত্মাকে কবর থেকে পুনরুজ্জীবিত করার পরিবর্তে কেবল পাতালপুরীতে নিয়ে যাওয়ার জন্যই তাদের ডেকে পাঠানোকে যুক্তিযুক্ত মনে করে। তার বাবা-মায়ের সাথে দেখা করা এবং তাদের কথা শোনা তার ভালোবাসা, অনুমোদন এবং মানসিক পূর্ণতার প্রয়োজনকে মিটিয়ে দেয়। একইসাথে, সে যখন নিজের মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছে, তখন তারা তাকে সান্ত্বনা এবং দিকনির্দেশনাও প্রদান করে।

এখানে জিনির প্রতি হ্যারির গভীর ভালোবাসা প্রকাশ পায়। প্রথমত, হগওয়ার্টস ছাড়ার সময় হ্যারি যখন জিনিকে দেখতে পায়, সে তাকে বিদায় জানাতে ব্যাকুল হয়ে উঠেছিল, কিন্তু আর এগোতে পারবে না এই ভয়ে সে তা করতে পারে নি। এছাড়াও, এবং সম্ভবত সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, হ্যারি যখন তার মৃত্যুর মুখোমুখি হয়, তখন তার বাবা-মা বা এমনকি চো চ্যাংয়ের কথাও মনে না করে, কেবল জিনির চুম্বনের কথাই তার মনে পড়ে, যা প্রমাণ করে যে জিনিই তার জীবনে সবচেয়ে বেশি সান্ত্বনা ও আনন্দ জুগিয়েছে। অন্যদিকে, হ্যারি যখন তার পাশ দিয়ে যায়, তখন ইনভিজিবিলিটি ক্লোকে ঢাকা থাকা সত্ত্বেও জিনি তাকে অনুভব করতে পেরেছিল বলে তার মনে হয়। যদিও সে একবারও পেছনে ফিরে তাকায় নি এবং বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারে নি, তবুও এটি জিনির ভালোবাসার প্রতি তার বিশ্বাসকেই নির্দেশ করে।

আমরা লক্ষ্য করি যে, যদি হ্যারি, রন বা হারমায়োনি নাগিনিকে হত্যা না পারে (অথবা সবাই মারা যায়), সেই ক্ষেত্রে হ্যারি নেভিলকে দায়িত্ব দেয় নাগিনিকে হত্যা করার। যদিও হ্যারি তার অনুরোধটি পালন করার জন্য নেভিলের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, তবুও সম্ভবত নিজের আসন্ন মৃত্যুর ভয়ে বিহ্বল হয়ে সে নেভিলকে একটি হরক্রাক্সকে ঠিক কিভাবে হত্যা করতে হয়, সে বিষয়ে নির্দেশ দিতে অবহেলা করেছে। যদি নাগিনি সত্যিই একটি হরক্রাক্স হয়ে থাকে, তবে সম্ভবত তাকেও অন্য হরক্রাক্সগুলোকে ধ্বংস করার পদ্ধতির কোনো একটিতে হত্যা করতে হবে, যদিও নেভিল প্রকৃতপক্ষে সে সম্পর্কে কিছুই জানে না। যদি নেভিল আরও প্রচলিত উপায়ে নাগিনিকে হত্যা করার চেষ্টা করে, তবে সম্ভবত তার নিজের জীবনই চলে যাবে।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

পর্যালোচনা

[সম্পাদনা]
  1. হ্যারি কেন মনে করে যে তার বাবা-মায়ের আত্মাকে ডেকে আনাটা যুক্তিযুক্ত, যেটা ডেথলি হ্যালোজ গল্পের ভাইয়েরা মনে করেনি?
  2. “আমি শেষে উন্মোচিত হই” কথাটির অর্থ কি? হ্যারি কেন কেবল এখন এর অর্থ বুঝতে পারল?

আরও পড়া

[সম্পাদনা]
  1. হ্যারি যখন তার বাবা-মা, সিরিয়াস এবং লুপিনের আত্মাকে ডাকে, তখন সে সেড্রিক ডিগরি, "ম্যাড আই" মুডি, ডাম্বলডোর বা ফ্রেড উইজলির আত্মাকেও কেন ডাকে না?
  2. ভলডেমর্টের মুখোমুখি হওয়ার ঠিক মুহূর্তে হ্যারি কেন রেজারেকশন পাথরটি ফেলে দেয়?
  3. ভলডেমর্টকে পরাজিত করার জন্য হ্যারির জীবন উৎসর্গ করার উদ্দেশ্যেই কি ডাম্বলডোর তাকে রক্ষা করে সঠিক কাজ করেছিলেন?
  4. ডাম্বলডোর প্রকৃতপক্ষে হ্যারির জন্য যে পরিণতি চেয়েছিলেন, হ্যারি কেন এত সহজে তা মেনে নেয়?

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

পরবর্তী দুটি বড় অধ্যায় থেকে আমরা যেমনটা অনুমান করতে পারি, হ্যারির মৃত্যু এই পর্যায়ে ঘটে না। ডাম্বলডোরের আসল উদ্দেশ্য পরবর্তী অধ্যায়ে প্রকাশিত হয়। সেখানে জানা যায় যে, ডাম্বলডোর জানতেন যে ভলডেমর্ট তার নিজের কাজের মাধ্যমেই অনিচ্ছাকৃতভাবে হ্যারির সুরক্ষাকে এমন পর্যায়ে বাড়িয়ে দিয়েছিল, যা তাকে ভলডেমর্টের যে কোনো আক্রমণ থেকে রক্ষা করতে পারত। হ্যারি তার সুরক্ষার এই বর্ধিতকরণের বিষয়ে অবগত ছিল না এবং সে আশঙ্কা করেছিল যে ভলডেমর্টের মুখোমুখি হলে তার মৃত্যু হতে পারে।

এমন একটি ক্ষীণ ইঙ্গিত রয়েছে যে হ্যারি ডাম্বলডোরের পরিকল্পনার কিছু দিক সম্পর্কে জানে। লক্ষ্য করুন যে হ্যারি ইনভিজিবিলিটি ক্লোকের সাথে ড্রাকো ম্যালফয়ের দখল করা জাদুদণ্ডটি তার শার্টের নিচে সাবধানে লুকিয়ে রাখে। সে যদি মৃত্যুর আশঙ্কা করে থাকে, তবে কেন এমনটা করে তা অনিশ্চিত। সে হয়তো বিশ্বাস করে, বা অন্তত আশা করে, যে সে এল্ডার ওয়াণ্ড থেকে সুরক্ষিত থাকবে, কারণ সেই জাদুদণ্ডটি এখন ড্রাকোর জাদুদণ্ড ব্যবহারকারীকেই তার মালিক হিসেবে চিনতে পারবে; হ্যারি হয়তো কেবল ইনভিজিবিলিটি ক্লোক ব্যবহার ক'রে ভলডেমর্টকে ড্রাকোর জাদুদণ্ডটি দখল করা থেকে বিরত রাখতে চায়, যা তাকে এল্ডার ওয়াণ্ডের সম্পূর্ণ শক্তি প্রদান করতে পারত। বিকল্পভাবে, এমনও হতে পারে যে হ্যারি কেবল ড্রাকোর জাদুদণ্ড এবং ক্লোক দিয়ে ভলডেমর্টের সাথে দ্বন্দ্বে লিপ্ত হওয়ার যে কোনো প্রলোভন দূর করছে, এই বিশ্বাসে যে হগওয়ার্টসের সকলের সুরক্ষার জন্য এটি প্রয়োজনীয়। যাই হোক, হ্যারির জাদুদণ্ড ও ইনভিজিবিলিটি ক্লোকটি ফেলে না দিয়ে লুকিয়ে রাখাটা হয়তো ইঙ্গিত দেয় যে, এই সংঘর্ষ থেকে বেঁচে ফেরার ক্ষীণতম আশাও তার মনে রয়েছে। যেহেতু সে জানে না যে তার মধ্যে রক্তের সুরক্ষাটি এখনও রয়েছে, তাই তার এই ক্ষীণ আশাটি এল্ডার ওয়াণ্ড এবং তার বর্তমান আনুগত্যের ওপর নির্ভরশীল বলে মনে হচ্ছে।

পূর্ববর্তী অধ্যায়ে স্নেপের সাথে কথোপকথন থেকে আমরা জানতে পারি, কেন হ্যারিকে ভলডেমর্টের মুখোমুখি হতে হবে। সেই অধ্যায়ে প্রকাশ পায় যে, হ্যারি ভলডেমর্টের আত্মার একটি খণ্ডাংশ বহন করছে, এবং ভলডেমর্টের অমরত্বের অবসান ঘটাতে হলে সেটিকে অবশ্যই ধ্বংস করতে হবে। উল্লেখ্য যে, যদিও এটি একটি হরক্রাক্সের মতোই কাজ করে, এটি কোনো সত্যিকারের হরক্রাক্স নয়; আত্মার খণ্ডাংশটি কেবল হ্যারির আত্মার সাথে লেগে আছে, হ্যারিকে হরক্রাক্সে পরিণত করার জন্য প্রয়োজনীয় জাদুর দ্বারা এটি তার সাথে আবদ্ধ হয়নি। ফলে, আত্মার খণ্ডাংশটি ধ্বংস করার জন্য এর ধারককে (হ্যারি) ধ্বংস করার প্রয়োজন হয় না। এই কারণেই হ্যারি ভলডেমর্টের সাথে সেই মুখোমুখি হওয়ার পর বেঁচে ফিরতে সক্ষম হয়। হরক্রাক্স সম্পর্কিত প্রবন্ধের বৃহত্তর চিত্র অংশে এ বিষয়ে আরও তথ্য রয়েছে।

শেষ অধ্যায়ে প্রকাশ পায় যে, হ্যারি যে এত স্বেচ্ছায়, যদিও ভয়ে ভয়ে, তার মৃত্যু বলে সন্দেহ করা জায়গাটির দিকে যায়, তার একটি কারণ হলো সে সেই মন্ত্রটির কথা জানে যা তার মায়ের মৃত্যুর পর তাকে রক্ষা করেছিল। হ্যারি সঠিকভাবেই বিশ্বাস করে যে, তার মৃত্যুও একইভাবে তার প্রিয় জায়গা হগওয়ার্টস এবং এর ভেতরের সবাইকে ভলডেমর্টের জাদু থেকে রক্ষা করবে। যদিও এটি কাজ করবে কি না তা সে জানে না, এবং সম্ভবত তার আসন্ন মৃত্যুতে এতটাই বিচলিত যে বিষয়টি পরিষ্কারভাবে বিবেচনা করার সুযোগও তার নেই, তবুও তাকে এটা বুঝতেই হবে যে হগওয়ার্টস এবং এর রক্ষকদের জন্য এটাই সর্বোত্তম ও শেষ ভরসা।

হ্যারির রেজারেকশন পাথরটি ফেলে দেওয়াটা অপরিকল্পিত নয়, বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত। এটি কতবার ব্যবহৃত হয়েছিল তা অনিশ্চিত, কারণ ঐতিহাসিকভাবে, এটি দৃশ্যত শুধুমাত্র পেভেরেলদের স্মৃতিচিহ্ন হিসেবেই সংগ্রহ করা হয়েছিল। কিন্তু হ্যারি দেখেছে যে এর প্রভাব মারাত্মক হতে পারে; ডাম্বলডোর এটি দিয়ে তার মৃত পরিবারকে ফিরিয়ে আনার চেষ্টা করতে প্রলুব্ধ হয়েছিলেন, এবং কিংবদন্তি অনুসারে, পাথরটির আসল মালিক এই উপলব্ধি করে আত্মহত্যা করেছিল যে সে পরলোকে তার হারানো ভালোবাসার সাথে আর কখনও সত্যিকারের পুনর্মিলন করতে পারবে না। যেমনটা ওপরে উল্লেখ করা হয়েছে, হ্যারি তার হারানো প্রিয়জনদের জীবিত করে ফিরিয়ে আনতে বা জীবনের এক ম্লান অনুকরণে ফিরিয়ে আনতে পাথরটি ব্যবহার করেনি; বরং, সে তাদের ফিরিয়ে আনে আংশিকভাবে এই আশ্বাসের জন্য যে মৃত্যুর পরেও একটি অস্তিত্ব আছে, এবং আংশিকভাবে তার জীবনের শেষ মুহূর্তগুলোতে সান্ত্বনা পাওয়ার জন্য। হ্যারি এতটাই পরিণত যে সে জানে এই ডেকে আনা প্রেতাত্মারা তার চেনা মানুষগুলো নয়, এবং কখনও হতেও পারে না, এবং সে সঠিকভাবেই অনুভব করে যে মৃতদের ডেকে আনার ক্ষমতা জীবিতদের জগতে মানায় না। পাথরটি এখন নিষিদ্ধ অরণ্যের অন্ধকার গভীরে কোথাও পায়ের নিচে পড়ে আছে এবং এটি আর কখনও খুঁজে পাওয়ার সম্ভাবনা নেই, কারণ হ্যারি কোথায় এটি ফেলেছিল তা বলার কোনো ইচ্ছাই তার নেই।