বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার

উইকিবই থেকে

অধ্যায় ৩৩ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: রাজপুত্রের কাহিনী← অধ্যায় ৩২ | অধ্যায় ৩৪ →

সারাংশ

[সম্পাদনা]
সতর্কীকরণ: কাহিনির অংশ এবং/অথবা সমাপ্তির গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রকাশ করা হয়েছে।

সেভেরাস স্নেপের মৃত্যু দেখার পর, হ্যারি জাদুকরীভাবে বিবর্ধিত লর্ড ভলডেমর্টের কণ্ঠস্বর শুনতে পায়, যা হগওয়ার্টসের সকলের উদ্দেশ্যে, এবং বিশেষ করে হ্যারিকে উদ্দেশ্য করে কথা বলছিল। সে হ্যারিকে আত্মসমর্পণ করার জন্য এক ঘণ্টা সময় দেয় এবং তা না মানলে সবাইকে মেরে ফেলার হুমকি দেয়। হ্যারি, রন এবং হারমায়োনি সুড়ঙ্গপথ দিয়ে হগওয়ার্টসে ফিরে আসে এবং রন ও হারমাইনি গ্রেট হলে প্রবেশ করে, যেখানে রক্ষাকারীরা পুনরায় সংগঠিত হচ্ছিল এবং সেখানে অসংখ্য আহত ও মৃত ব্যক্তি পড়ে ছিল। হ্যারি মৃতদের মধ্যে ফ্রেড, লুপিন এবং টঙ্কসকে দেখতে পায়। এই দৃশ্য সহ্য করতে না পেরে, হ্যারি প্রধান শিক্ষকের অফিসের দিকে ছুটে যায়, যেখানে সমস্ত প্রতিকৃতিগুলি খালি ছিল। সে ডাম্বলডোরের পেনসিভটি সেখানে খুঁজে পায়।

হ্যারি স্নেপের স্মৃতিগুলো পেনসিভে ঢেলে দেয় এবং ক্ষণিকের জন্য নিজের মন থেকে পালানোর আশায় সেই স্মৃতিতে প্রবেশ করে। সে নিজেকে একটি খেলার মাঠে দেখতে আয়। একটি ছোট ঝোপের আড়াল থেকে এক কিশোর, যাকে হ্যারি স্নেপ হিসেবে চিনতে পারে, পেটুনিয়ালিলি ইভান্স নামের দুটি মেয়েকে দেখছিল। লিলি তার বড় বোনকে কিছু অদ্ভুত কৌশল দেখায়। স্নেপ বেরিয়ে আসে, লিলি যে জাদু করছে তা না বুঝতে পেরেই সে লিলিকে বলে যে সে একজন ডাইনি আর পেটুনিয়াকে সে মাগল বলে উপহাস করে। ডাইনি বলায় অপমানিত হয়ে লিলি তার ক্রুদ্ধ বোনকে অনুসরণ করে চলে যায়। স্নেপ চূড়ান্তভাবে হতাশ হয়ে পড়ে। মনে হয় যে সে বেশ কিছুদিন ধরেই এর পরিকল্পনা করছিল এবং এখন সবকিছুই ভেস্তে গেল।

দৃশ্যটি বিলীন হয়ে একটি নতুন দৃশ্যে রূপান্তরিত হয়। স্নেপ লিলিকে হগওয়ার্টস এবং জাদু সম্পর্কে বলছে, যার মধ্যে আজকাবানডিমেন্টরসদের কথাও রয়েছে। লিলি যখন স্নেপের বাবা-মায়ের কথা জানতে চায়, সে বলে যে তাদের মধ্যে এখনও ঝগড়া চলছে। এর থেকে স্নেপের অসুখী পারিবারিক জীবনের কথা প্রকাশ পায়। এইসময় পেটুনিয়া আসে এবং স্নেপকে অপমান করে। তখন ওপর থেকে একটি গাছের ডাল ভেঙে তার ওপর পড়ে। ডালটি ভাঙার জন্য স্নেপকে অভিযুক্ত ক'রে লিলি চলে যায়। স্নেপ দুঃখী ও বিভ্রান্ত হয়ে পড়ে।

দৃশ্যটি বদলে গিয়ে অন্য একটি স্মৃতিতে চলে যায়। স্নেপ নাইন অ্যাণ্ড থ্রি কোয়ার্টার্স প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, তার পাশে একজন শীর্ণ, গোমড়ামুখো মহিলাকে দেখা যায়, যাকে হ্যারি স্নেপের মা, আইলিন প্রিন্স হিসেবে চিনতে পারে। স্নেপ লিলির পরিবারের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। পেটুনিয়া আর লিলি তর্ক করছে। লিলি ডাইনি হওয়ার কারণে পেটুনিয়া তাকে অদ্ভুত বলে ডাকে। লিলি পাল্টা জবাব দেয় যে, স্কুলে ভর্তির জন্য পেটুনিয়া যখন অধ্যাপক ডাম্বলডোরকে চিঠি লিখেছিল তখন সে এমনটা ভাবেনি। লিলি আর স্নেপ যে তার চিঠিটা পড়েছে, তা বুঝতে পেরে লজ্জিত পেটুনিয়া তাদের অপমান করে, এবং তাদের সম্পর্ক খারাপ হয়ে যায়।

দৃশ্যটি আরও একবার পরিবর্তিত হয়, এবং হগওয়ার্টস এক্সপ্রেসের ভেতরে লিলি ও দুজন ছেলের সাথে স্নেপ একটি কামরা খুঁজে পায়। লিলি তার বোনের বেদনাদায়ক কথায় মর্মাহত। স্নেপ বলতে শুরু করে যে পেটুনিয়া কেবল একজন মাগল, কিন্তু তার বদলে সে দম্ভভরে ঘোষণা করে যে তারা হগওয়ার্টসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। যখন সে বলে যে পেটুনিয়ার স্লিদারিনে থাকাই ভালো, তখন ছেলে দুটির মধ্যে একজন, তরুণ জেমস পটার, তার বন্ধু সিরিয়াস ব্ল্যাককে তাচ্ছিল্যের সাথে বলে যে সে স্লিদারিনে থাকার চেয়ে বরং চলে যাবে, এবং গ্রিফিণ্ডরই তার পছন্দ। সিরিয়াস উল্লেখ করে যে তার পুরো পরিবারই স্লিদারিনে ছিল। স্নেপ সিরিয়াস এবং জেমস উভয়ের সাথেই কথার বাগযুদ্ধ চালাতে থাকে, যতক্ষণ না ক্রুদ্ধ লিলি স্নেপকে তার সাথে অন্য কামরায় যেতে বলে।

এবং দৃশ্যটি আবার হগওয়ার্টসের গ্রেট হলে হাউজ বাছাই অনুষ্ঠানের দিনে ফিরে আসে। লিলি গ্রিফিণ্ডরে স্থান পায়, যা দেখে স্নেপ অত্যন্ত হতাশ হয়। রেমাস লুপিন এবং জেমস পটারও গ্রিফিণ্ডরে স্থান পায় এবং সিরিয়াস ব্ল্যাকের সাথে যোগ দেয়। অবশেষে, স্নেপ স্লিদারিনে স্থান পায়। স্লিদারিনের টেবিলে, একজন প্রিফেক্ট, লুসিয়াস ম্যালফয়, তার পিঠে চাপড় দেয়।

পরের দৃশ্যে লিলি ও স্নেপকে তর্ক করতে দেখা যায়। লিলি বলে যে তারা এখনও বন্ধু, যদিও স্নেপ যাদের সাথে মেলামেশা করে তাদের লিলি একদমই পছন্দ করে না, বিশেষ করে সে অ্যাভেরিমুলসিবারের নাম উল্লেখ করে। স্নেপ এর জবাবে জেমস পটার ও তার বন্ধুদের সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করে এবং লুপিন যে একজন নেকড়েমানব, সে বিষয়ে ইঙ্গিত দেয়। ঝগড়া মিটে যায় এবং লিলি যখন জেমসকে "অহংকারী বদমাশ" বলে সমালোচনা করে, তখন স্নেপ সন্তুষ্ট হয়।

ষষ্ঠবারের মতো দৃশ্যটি পাল্টে যায় এবং এটি সেই একই স্মৃতি যা হ্যারি আগে দেখেছিল, যখন তাদের অক্লুমেন্সি ক্লাসের সময় সে স্নেপের পেনসিভে উঁকি দিয়েছিল। হ্যারি কিছুটা দূরত্ব বজায় রাখে, এই স্মৃতিটি পুনরায় দেখার কোনো আগ্রহই তার ছিল না। লিলিকে উদ্দেশ্য করে স্নেপ "মাডব্লাড" বলে চিৎকার করছে এই শুনে দৃশ্যটি শেষ হয়ে যায়।

দৃশ্যটি গ্রিফিণ্ডর টাওয়ারের সামনের রাতের দৃশ্যে পরিবর্তিত হয়। লিলিকে মাডব্লাড বলার জন্য স্নেপ অনুতপ্ত ছিল এবং হুমকি দিয়েছিল যে লিলি যদি তার সাথে দেখা করতে না আসে, তবে সে প্রবেশদ্বারের বাইরেই ঘুমোবে। তার গভীর ও আকুল ক্ষমা প্রার্থনা সত্ত্বেও, ক্রুদ্ধ লিলি স্নেপের ওপর বিরক্ত এবং তাকে ক্ষমা করে নি। ডেথ ইটার হওয়ার জন্য উচ্চাকাঙ্ক্ষী বন্ধুদের সাথে তার বন্ধুত্ব করাটাও সে সমর্থন করে না। সে তাকে ছেড়ে চলে যায় এবং দৃশ্যটি মিলিয়ে যায়।

দৃশ্যটি পুনরায় গঠিত হতে আরও বেশি সময় নেয় এবং এখন অন্ধকারের মধ্যে একটি পাহাড়ের চূড়ায় চলে আসে। প্রাপ্তবয়স্ক স্নেপ হাঁপাচ্ছে এবং পায়চারি করছে, দেখে মনে হচ্ছে সে কিছুর জন্য অপেক্ষা করছে। সাদা আলোর একটি রশ্মি বাতাসের মধ্যে দিয়ে উড়ে যায় এবং নিরস্ত্র হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। ডাম্বলডোর জিজ্ঞাসা করেন, সে লর্ড ভলডেমর্টের কাছ থেকে কি বার্তা এনেছে। স্নেপ নিজের জন্য একটি অনুরোধ জানিয়ে উত্তর দেয়। সে স্বীকার করে যে, ট্রেলাউনির কাছ থেকে ভবিষ্যদ্বাণী সম্পর্কে যা কিছু সে শুনেছে, তার সবকিছুই সে ভলডেমর্টকে জানিয়েছে এবং ভলডেমর্ট বিশ্বাস করে যে নির্বাচিত শিশুটি লিলির ছেলে। সে প্রকাশ করে যে, ভলডেমর্ট পুরো পরিবারটিকে খুঁজে বের করে হত্যা করার পরিকল্পনা করছে। স্নেপ যে লিলির স্বামী ও ছেলের কথা চিন্তা না করে শুধুমাত্র লিলির জীবন রক্ষা করার জন্য ভলডেমর্টকে অনুরোধ করেছেন, তাতে ডাম্বলডোর বিরক্ত হন। তিরস্কৃত হয়ে লজ্জিত স্নেপ তখন ডাম্বলডোরের কাছে পুরো পরিবারকে লুকিয়ে রাখার জন্য মিনতি করে। স্নেপকে অবাক করে দিয়ে ডাম্বলডোর জিজ্ঞাসা করেন, এর বিনিময়ে স্নেপ কি দেবে। দীর্ঘ বিরতির পর স্নেপ উত্তর দেয়, "যে কোনো কিছু।"

দৃশ্যটি ডাম্বলডোরের অফিসে চলে যায়। শোকে মুহ্যমান স্নেপ একটি চেয়ারে এলিয়ে বসে আছে, আর তার সামনে গম্ভীর চেহারার ডাম্বলডোর দাঁড়িয়ে আছেন। স্নেপ জিজ্ঞেস করে, ডাম্বলডোর কেন লিলি এবং তার পরিবারকে সুরক্ষিত রাখতে ব্যর্থ হলেন। ডাম্বলডোর উত্তর দেন যে, তারা ভুল ব্যক্তির উপর বিশ্বাস রেখেছিল, ঠিক যেমন স্নেপ লিলির জীবন বাঁচানোর জন্য ভলডেমর্টের ওপর বিশ্বাস করে ভুল করেছিল। তিনি বলেন যে, লিলির ছেলে হ্যারি বেঁচে গেছে। স্নেপ লিলির সাথে মরে যেতে চায়, এবং ডাম্বলডোর তাকে বলেন যে, যদি সে সত্যিই লিলিকে ভালোবেসেছিল, তবে ভলডেমর্ট ফিরে এলে সে হ্যারিকে রক্ষা করতে সাহায্য করবে। স্নেপ অনিচ্ছাসত্ত্বেও রাজি হয়। সে ডাম্বলডোরের কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নেয় যে, সে জেমস পটারের ছেলেকে রক্ষা করছে—এই কথা তিনি যেন কাউকে কখনো না বলেন।

দৃশ্যটি আবার পরিবর্তিত হয় এবং দেখা যায় স্নেপ ডাম্বলডোরের কাছে হ্যারির সমালোচনা ক'রে বলছে যে সে জেমস পটারের মতো। ডাম্বলডোর উত্তর দেন যে স্নেপ ছেলেটির মধ্যে তাই দেখে যা সে দেখতে চায়, অন্যদিকে অন্য শিক্ষকরা হ্যারিকে একজন বিনয়ী, প্রিয় এবং যথেষ্ট প্রতিভাবান ছেলে বলে বর্ণনা করেছেন। ব্যক্তিগতভাবে, ডাম্বলডোর বলেন যে তার কাছে হ্যারিকে একজন আকর্ষণীয় শিশু বলে মনে হয়। তিনি স্নেপকে অধ্যাপক কুইরেলের ওপর নজর রাখতে বলেন।

রঙের এক ঝলকানিতে সবকিছু আবার বদলে যায় এবং ইউল বল যখন শেষ হচ্ছে, তখন স্নেপ ও ডাম্বলডোর প্রবেশকক্ষে দাঁড়িয়ে আছেন। স্নেপ ডাম্বলডোরকে বলে যে কারকারফের চিহ্নটি আরও গাঢ় হচ্ছে এবং চিহ্নটি পুড়ে গেলে সে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। ডাম্বলডোর যখন জিজ্ঞাসা করেন যে স্নেপও একই কাজ করতে প্রলুব্ধ হচ্ছে কিনা, তখন স্নেপ তা অস্বীকার করে বলে যে সে কাপুরুষ নয়। তখন ডাম্বলডোর ভাবেন যে সম্ভবত ছাত্রদের খুব তাড়াতাড়ি সর্টিং করা হয়, যা শুনে স্নেপ হতবাক হয়ে যায়।

দৃশ্যটি দ্বাদশবারের মতো মিলিয়ে যায় এবং আবার প্রধান শিক্ষকের দপ্তরে ফিরে আসে। ডাম্বলডোর অর্ধচেতন, তাঁর ডান হাতটি কালো হয়ে ডেস্কের পাশ থেকে ঝুলছে। স্নেপ মন্ত্র উচ্চারণ করছে এবং ডাম্বলডোরের গলায় একটি সোনালী তরল ঢেলে দিচ্ছে। ডাম্বলডোরের জ্ঞান ফিরলে, স্নেপ জিজ্ঞেস করে ডাম্বলডোর কেন আংটিটি পরার চেষ্টা করেছিলেন। ডাম্বলডোর বলেন যে তিনি একজন মূর্খ ছিলেন। মারভোলো গাউন্টের ভাঙা আংটিটি ডেস্কের ওপর পড়ে আছে, তার পাশে গ্রিফিণ্ডরের তলোয়ারটিও রয়েছে। স্নেপ বলে যে তার এখানে পৌঁছানোটা একটা অলৌকিক ঘটনা এবং অভিশাপটি অত্যন্ত শক্তিশালী। স্নেপের বিশ্বাস, ডাম্বলডোর হয়তো আর মাত্র এক বছর বাঁচবেন, কারণ তিনি এই অভিশাপটিকে কেবল নিয়ন্ত্রণ করতে পারেন, থামাতে পারেন না। ডাম্বলডোর উত্তর দেন যে এতে সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায় এবং ড্রাকো ম্যালফয়কে দিয়ে ডাম্বলডোরকে হত্যার জন্য ভলডেমর্টের পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেন। স্নেপ বলে যে এটা শুধুমাত্র ম্যালফয়দের শাস্তি দেওয়ার জন্য করা হয়েছে এবং আশা করা হচ্ছে ড্রাকো ব্যর্থ হবে। ডাম্বলডোর সঠিকভাবে অনুমান করেন যে ম্যালফয় ব্যর্থ হলে, ভলডেমর্ট চায় স্নেপ যেন ডাম্বলডোরকে শেষ করে দেয়। তিনি বলেন যে ভলডেমর্ট মনে করে শীঘ্রই হগওয়ার্টসে তার আর কোনো গুপ্তচরের প্রয়োজন হবে না, কারণ এটি তার নিয়ন্ত্রণে চলে আসবে। ডাম্বলডোর স্নেপকে দিয়ে প্রতিজ্ঞা করান যে সেই পরিস্থিতিতে সে ছাত্রদের ওপর নজর রাখবে এবং তাঁকে (ডাম্বলডোরকে) হত্যা করবে। স্নেপ এতে প্রশ্ন তোলে এবং ডাম্বলডোর বলেন যে এটা একজন বৃদ্ধকে মরতে সাহায্য করার মতো হবে। তিনি ডেথ ইটার বেলাট্রিক্স এবং ফেনরির গ্রেব্যাকের মতো শত্রুদের হাতে মরার চেয়ে বরং স্নেপের হাতে নিজের শর্তে মরতে চান। স্নেপ অনিচ্ছাসত্ত্বেও রাজি হয় এবং দৃশ্যটি শেষ হয়।

পরের দৃশ্যে, স্নেপ এবং ডাম্বলডোর রাতে দুর্গের চত্বরে হাঁটছিলেন। স্নেপ জিজ্ঞাসা করে যে ডাম্বলডোর এতগুলো সন্ধ্যা হ্যারির সাথে একা কি করছিলেন, এবং ডাম্বলডোর উত্তর দেন যে খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাঁর কাছে যে তথ্য রয়েছে তা হ্যারিকে দেওয়া আবশ্যক। স্নেপ ডাম্বলডোরকে চ্যালেঞ্জ করে জানতে চায় যে কেন তাকে একই তথ্য দেওয়া হয়নি, যার উত্তরে ডাম্বলডোর বলেন যে তিনি নিজের সমস্ত গোপনীয়তা এক জায়গায় রাখতে পছন্দ করেন না। ডাম্বলডোরের আদেশে স্নেপকে দ্বৈত গুপ্তচর হিসেবে কাজ করতে হচ্ছে এবং হ্যারিও স্নেপের চেয়ে বেশি বিশ্বাসযোগ্য নয়—এই বিষয়গুলো নিয়ে তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। ডাম্বলডোর স্নেপের কাছে তাঁর পরিকল্পনা বলতে শুরু করেন, কিন্তু ডাম্বলডোর হ্যারিকে কি বলেছেন তা বলতে অস্বীকার করায় স্নেপ রেগে যায় এবং হুমকি দেয় যে সে ডাম্বলডোরকে হত্যা করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ডাম্বলডোর তাকে মনে করিয়ে দেন যে সে তাঁকে কথা দিয়েছিল এবং তাকে ড্রাকোর ওপরও নজর রাখতে হবে। স্নেপকে অসন্তুষ্ট দেখে ডাম্বলডোর সেই রাতে তাকে নিজের অফিসে আমন্ত্রণ জানান।

দৃশ্যটি ডাম্বলডোরের অফিসে স্থানান্তরিত হয়। ডাম্বলডোর স্নেপকে বলেন যে, শেষ মুহূর্ত পর্যন্ত হ্যারিকে তার করণীয় সম্পর্কে জানতে দেওয়া যাবে না, এবং ডাম্বলডোরের মৃত্যুর পর এমন এক সময় আসবে যখন ভলডেমর্ট নাগিনির জীবন নিয়ে শঙ্কিত হবে। তিনি স্নেপকে নির্দেশ দেন যে, যদি কখনও এমন সময় আসে যখন ভলডেমর্ট নাগিনিকে জাদুকরীভাবে সুরক্ষিত রাখছে এবং সর্বদা তার নজরে রাখছে, তাহলে স্নেপকে অবশ্যই হ্যারিকে বলতে হবে যে সে একটি সপ্তম হরক্রাক্স, সেটি ভলডেমর্ট অনিচ্ছাকৃতভাবে তৈরি করেছে এবং ভলডেমর্টকে হত্যা করার জন্য হ্যারির মৃত্যু আবশ্যক। স্নেপ নিজেকে প্রতারিত মনে করে এবং হতাশ হয় যে ডাম্বলডোর তাকে লিলির ছেলেকে রক্ষা করতে বাধ্য করেছিলেন শুধুমাত্র তার মৃত্যুর জন্য। ডাম্বলডোর জিজ্ঞাসা করেন যে স্নেপ হ্যারির প্রতি স্নেহশীল হয়েছে কিনা, কিন্তু স্নেপ সেই সম্ভাবনা নাকচ করে দেয় এবং তার প্যাট্রোনাস, যেটি একটি রূপালী-সাদা হরিণী, তাকে নিক্ষেপ করে। ডাম্বলডোর হতবাক হয়ে স্নেপকে জিজ্ঞাসা করেন, "এতদিন পরেও?", যার উত্তরে স্নেইপ বলে, "সর্বদা।"

দৃশ্যটি পরিবর্তিত হয়ে ডাম্বলডোরের প্রতিকৃতির সাথে স্নেপের কথোপকথনে চলে যায়। ডাম্বলডোর বলেন, ভলডেমর্ট যদি স্নেপকে বিশ্বাস করতে চায়, তবে তাকে হ্যারির চলে যাওয়ার সঠিক তারিখটি জানাতেই হবে। স্নেপ মুনডাঙ্গাসকে পরামর্শও দেবে, পলিজুস পোশন ব্যবহার করে পটারদের নকল চরিত্রগুলোকে তৈরি করার, যাতে হ্যারি সত্যিই নিরাপদ থাকে।।

দৃশ্যটি পরিবর্তিত হয়ে একটি পানশালায় মুনডাঙ্গাসের মুখোমুখি হয়ে বসা স্নেপের দিকে চলে যায়। স্নেপ তাকে মন্ত্রের মাধ্যমে বিভ্রান্ত করে যাতে সে একাধিক পটারকে ব্যবহার করার পরামর্শ দেয় এবং স্নেপকে দেখার কথা বা এই বুদ্ধিটি যে সে তার কাছ থেকে পেয়েছে তা ভুলে যায়

দৃশ্যটি আবার পরিবর্তিত হয়, রাতে স্নেপকে একটি ঝাড়ুর ওপর চড়ে উড়ে যেতে দেখা যায়। সামনে হ্যারির ছদ্মবেশে লুপিন এবং জর্জ রয়েছে। লুপিনকে অভিশাপ দেওয়া থেকে বিরত রাখতে স্নেপ একজন ডেথ ইটারেরর ওপর সেক্টামসেম্প্রা মন্ত্র প্রয়োগ করে, কিন্তু মন্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে জর্জের গায়ে লাগে এবং তার কান কেটে যায়।

দৃশ্যটি আবার গ্রিমল্ড প্লেসে সিরিয়াসের ঘরে চলে যায়। স্নেপ সিরিয়াসকে লেখা লিলির চিঠিটি পড়তে পড়তে কাঁদছে। সে লিলির স্বাক্ষরযুক্ত দ্বিতীয় পৃষ্ঠাটি নেয় এবং হ্যারির সাথে তার ছবি থেকে লিলির ছবিটি ছিঁড়ে নেয়, তারপর চলে যায়।

দৃশ্য আবার বদলায় এবং দেখা যায় স্নেপ প্রধান শিক্ষকের অফিসে আছে। ফিনিয়াস নাইজেলাসের প্রতিকৃতিতে লেখা আছে যে হারমায়োনি ও হ্যারি ডিনের ফরেস্টে আছে। ডাম্বলডোরের প্রতিকৃতিটি, যাকে দেখে খুশি মনে হচ্ছে, সেটি স্নেপকে নির্দেশ দেয় যাতে সে কাউকে না জানিয়ে সেখানে গ্রিফিণ্ডরের তলোয়ারটি রেখে আসে। স্ন্যাপ বলে যে তার কাছে একটি পরিকল্পনা আছে, তারপর সে ডাম্বলডোরের প্রতিকৃতির পেছন থেকে তলোয়ারটি বের করে নিয়ে প্রস্থান করে।

হ্যারি জ্ঞান ফিরে পায় এবং দেখে সে সেই একই ঘরের কার্পেটের ওপর শুয়ে আছে, যেখান থেকে সে একটু আগেই স্নেপকে বেরিয়ে যেতে দেখেছিল।

বিশ্লেষণ

[সম্পাদনা]

বলা হয়ে থাকে যে, রাউলিং "সেট-আপ অ্যাণ্ড পে-অফ" (চরিত্রের বৈশিষ্ট্য অত্যন্ত সূক্ষ্মভাবে পাঠকের সামনে তুলে ধরা এবং চূড়ান্ত পরিণতি দেওয়া) নামক লেখনী শৈলীতে অত্যন্ত দক্ষ। এখানে আমরা এর একটি উৎকৃষ্ট উদাহরণ দেখতে পাই। পূর্ববর্তী ছয়টি বই একটি দীর্ঘ প্রেক্ষাপট তৈরি করেছে, যা প্রথম উপন্যাসে স্নেপের আবির্ভাব থেকে শুরু হয়ে পুরো সিরিজ জুড়েই চলেছে, যেখানে বারবার স্নেপের ভেতরের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। পাঠকরা স্নেপের অবিশ্বস্ততা নিয়ে হ্যারির বিশ্বাসকে মেনে নিলেও, প্রমাণে দেখা যায় যে স্নেপ প্রথম বই থেকেই হ্যারিকে রক্ষা করে আসছিল। এখানেই তার চূড়ান্ত পরিণতি প্রকাশ পায়: এটা প্রকাশ পায় যে, হ্যারির বাবাকে ঘৃণা করা সত্ত্বেও স্নেপ হ্যারির অন্যতম একনিষ্ঠ রক্ষক ছিল, কারণ সে হ্যারির মায়ের প্রতি ভালোবাসা থেকে একটি প্রতিজ্ঞা করেছিল।

স্নেপের অবিরাম অন্তর্দ্বন্দ্ব তাকে এক আকর্ষণীয় চরিত্রে পরিণত করতে সাহায্য করেছে। লিলির প্রতি তার ভালোবাসা কখনো ম্লান হয়নি, এবং হ্যারির অজ্ঞাতসারে, একারণেই স্নেপ তাকে সর্বদা রক্ষা করত। হ্যারির প্রতি স্নেপের আপাত বিদ্বেষের আসল কারণ ছিল জেমস পটারের প্রতি তার দীর্ঘস্থায়ী ঘৃণা ও ক্ষোভ; হ্যারি ছিল কেবলই এক দুর্ভাগ্যজনক স্মারক এবং এক সুবিধাজনক লক্ষ্যবস্তু। মৃত্যুর ঠিক আগে স্নেপ হ্যারির চোখের দিকে তাকাতে চেয়েছিল, সম্ভবত কারণ তার চোখগুলো দেখতে হুবহু লিলির চোখের মতো ছিল, যে কথাটা হ্যারিকে বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে।

আমরা আরও জানতে পারি কেন পেটুনিয়া লিলিকে এবং সেই সূত্রে লিলির ছেলে হ্যারিকেও ঘৃণা করত। কোনো জাদুকরী ক্ষমতা ছাড়াই জন্ম নেওয়ার কারণে পেটুনিয়া জাদু এবং জাদুকরদের জগতের সাথে সম্পর্কিত সবকিছুকে ঘৃণা করত। যেহেতু পেটুনিয়া হগওয়ার্টসে পড়ার অনুমতি চেয়েছিল এবং তা প্রত্যাখ্যান করা হয়েছিল, তাই এটা স্পষ্ট যে জাদুর জগৎকে তার প্রত্যাখ্যান করাটা ছিল নিছক ঈর্ষা এবং প্রতিশোধ, কারণ সেই জগৎ তাকে কখনো গ্রহণ করেনি, এটি এক অতি মানবিক বৈশিষ্ট্য। আমরা অনুমান করতে পারি যে সে ভার্নন ডার্সলিকে বিয়ে করেছিল কারণ তার মধ্যে এক অত্যন্ত দৃঢ়, জাদুবিহীন স্বভাব ছিল, এবং এটা স্পষ্ট যে হ্যারির প্রতি তার দুর্ব্যবহারও ছিল সেই একই অনুভূতিরই অংশ।

উপরোক্ত বিষয়গুলো বিচার করলে দেখা যায় যে, স্নেপ এবং পেটুনিয়ার ব্যক্তিত্বে কিছু সাদৃশ্য ছিল। দুজনেই তাদের সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটি থেকে বঞ্চিত হয়েছিল এবং প্রত্যেকেই তাদের ঈর্ষা ও হতাশাকে হ্যারির প্রতি ঘৃণারূপে প্রকাশ করেছিল। পেটুনিয়ার ক্ষেত্রে, তার বোনের জাদুকরী ক্ষমতার প্রতি ঈর্ষা থেকে এই ঘৃণার জন্ম হয়েছিল, অন্যদিকে জেমস পটারের প্রতি বিদ্বেষ এবং লিলিকে হারানোর যন্ত্রণায় স্নেপ আচ্ছন্ন ছিল। পেটুনিয়া কখনোই এই অনুভূতিগুলো ত্যাগ করতে পারেনি এবং সারাজীবন হ্যারিকে ঘৃণা করা থেকে বিরত থাকেনি। স্নেপও জেমস পটারের প্রতি তিক্ত মনোভাব পোষণ করত এবং এই তিক্ততা মনোভাবই সে জেমসের ছেলে হ্যারির প্রতি পোষণ করে যেত; হ্যারির নিজেরও স্নেপের প্রতি অপছন্দ ও অশ্রদ্ধা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। তবে, হ্যারির প্রতি স্নেপের এই বাহ্যিক আচরণও ছিল তার মুখোশেরই একটি অংশ, যা তাকে ভলডেমর্টের আস্থাভাজন থাকতে সাহায্য করেছিল; কারণ সরাসরি হ্যারিকে রক্ষা করতে দেখা গেলে ভলডেমর্ট তাকে সঙ্গে সঙ্গে হত্যা করত।

আরও অনেক ছোট-বড় তথ্য প্রকাশ পেয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স বইতে পেটুনিয়া ডার্সলি বলে, "আমি শুনেছি — সেই জঘন্য ছেলেটা — বহু বছর আগে তাকে ওদের কথা বলছিল।" "তাকে" বলতে অবশ্যই লিলি, তার বোনকে বোঝানো হয়েছে, এবং "ওদের" বলতে ডিমেন্টরদের বোঝানো হয়েছে, যাদেরকে পেটুনিয়া এইমাত্র আজকাবানের রক্ষী হিসেবে চিহ্নিত করেছে। মজার ব্যাপার হলো, "সেই জঘন্য ছেলেটা" আসলে ছিল সেভেরাস স্নেপ। পেটুনিয়াকে চিনে আমরা ভেবেছিলাম, এখানে জেমস পটারের কথা বলা হচ্ছে।

স্নেপের স্মৃতিগুলো আরও একটি অপ্রত্যাশিত বিষয় প্রকাশ করে। এর আগে, হ্যারি ডার্ক আর্ট প্রতিরোধ (ও.ডব্লিউ.এল.) পরীক্ষার পরের সেই স্মৃতিটি "স্নেপের সবচেয়ে খারাপ স্মৃতি" নামক একটি অধ্যায়ে দেখেছিল। জেমস পটারের হাতে স্নেপের চরম অপমানের কথা বিবেচনা করলে, এটিকে তার "সবচেয়ে খারাপ স্মৃতি" বলার জন্য সেটাই যথেষ্ট কারণ বলে মনে হতে পারে। তবে, লিলির প্রতি স্নেপের তীব্র অনুভূতির কথা জানলে, স্মৃতিটি একটি ভিন্ন অর্থ লাভ করে: এটি সবচেয়ে খারাপ কারণ এতে বলা একটি শব্দ লিলি ইভান্সের সাথে তার বন্ধুত্ব চিরতরে শেষ করে দিয়েছিল, যে লিলি পরে জেমস পটারকে বিয়ে করে এবং হ্যারির জন্ম দেয়।

যদিও কারণটি কখনও স্পষ্টভাবে বলা হয়নি, তবে এটা স্পষ্ট যে যখন ডাম্বলডোর ইউল বল থেকে ছাত্রদের ফিরতে দেখে মন্তব্য করেন যে সম্ভবত তাদের খুব তাড়াতাড়ি সর্টিং করা হয়েছে, তখন স্নেপ এই ভেবে হতবাক হয়ে যায় যে, যদি সর্টিং প্রক্রিয়াটি তার নিজের আকাঙ্ক্ষাগুলো আরও ভালোভাবে বোঝার আগে পর্যন্ত বিলম্বিত করা হতো, তাহলে ছেলেবেলায় হগওয়ার্টসে তার প্রকৃত অবস্থান এবং তার পরবর্তী পুরো জীবনটাই অন্যরকম হতে পারত।

দুর্গ প্রাঙ্গণে স্নেপ ও ডাম্বলডোরের মধ্যকার কথোপকথনটি, যা স্নেপের চতুর্দশ স্মৃতি হিসেবে প্রদর্শিত হয়, তার কিছু অংশ আমরা পূর্ববর্তী বছরে শুনেছি। দৃশ্যত এই আলোচনাটি গত বছর, রনের সেই বিপর্যয়কর জন্মদিনের ঠিক আগে হয়েছিল। হ্যাগ্রিড এর কিছু অংশ শুনে ফেলেছিল, এবং স্বভাবসুলভভাবে গোপন রাখতে না পারার কারণে সে যা শুনেছিল, তা হ্যারি ও হারমায়োনিকে বলে দেয়।

ডাম্বলডোরের অফিসে হওয়া নিম্নলিখিত কথোপকথনটি সম্ভবত পুরো সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য উদ্ঘাটনগুলোর মধ্যে একটি। ডাম্বলডোর অবশেষে স্নেপকে ব্যাখ্যা করে কেন হ্যারির সাথে ভলডেমর্টের সংযোগ রয়েছে, কেন হ্যারি ভলডেমর্টের মন দেখতে পায় (এবং উল্টোটাও), এবং কেন হ্যারি সাপের সাথে কথা বলতে পারে। জানা যায় যে, অভিশাপটি প্রতিহত হওয়ার সময় ভলডেমর্টের আত্মার একটি অংশ হ্যারির সাথে সংযুক্ত হয়ে যায় এবং তখন থেকেই তা তার ভেতরে বাস করে। হ্যারিই ছিল সেই হরক্রাক্স যা ভলডেমর্ট তৈরি করতে চায়নি, এবং হ্যারিকে হত্যা না করা পর্যন্ত ভলডেমর্টও মরতে পারত না। এই কথা জানতে পেরে স্নেপ আতঙ্কিত হয়ে পড়ে এবং তার চরিত্রের এমন একটি দিক প্রকাশ করে যা আমরা এর আগে দেখিনি। সে ডাম্বলডোরকে অভিযুক্ত করে হ্যারির জীবনকে প্রভাবিত করার জন্য, যাতে হ্যারিকে বড় করে তোলা যায় এবং রক্ষা করা যায়, যার ফলে সঠিক সময়ে হ্যারি স্বেচ্ছায় ভলডেমর্টের সন্ধান করতে বাধ্য হয় এবং নিজেকে হত্যা করতে দেয়। যখন ডাম্বলডোর দেখেন যে হ্যারির মৃত্যুতে স্নেপ এতটাই ক্ষুব্ধ, তখন তিনি জিজ্ঞাসা করেন যে স্নেপ কি হ্যারির প্রতি স্নেহশীল হয়ে উঠেছিল। আমরা জানতে পারি যে স্নেপ এখনও লিলির প্রেমে পড়ে আছে, এবং সে যে প্যাট্রোনাসটি প্রদর্শন করে সেটি একটি হরিণীর রূপ নেয়। আমাদের বিশ্বাস, এবং ডাম্বলডোরও বুঝতে পারেন, এই রূপটি কোনোভাবে লিলির কথা মনে করিয়ে দেয়। স্নেপের প্যাট্রোনাসের আকৃতি থেকে পাঠক বুঝতে পারেন যে, আসলে স্নেপই গ্রিফিণ্ডরের তলোয়ারটি জঙ্গলে রেখেছিল এবং হ্যারিকে সেটির দিকে পথ দেখিয়েছিল; স্নেপের স্মৃতির শেষ দৃশ্যে এই বিষয়টি অবশ্যই নিশ্চিত হয়।

আরেকটি আকর্ষণীয় তথ্য প্রকাশ পায় সেই দৃশ্যে, যেখানে ডাম্বলডোর হাতে আঘাত পাওয়ার পর স্নেপ তাঁর শুশ্রূষা করছে। আমরা জানি যে এই আঘাতটি অবশ্যই নার্সিসা ম্যালফয় এবং বেলাট্রিক্স লেস্ট্রেঞ্জের স্নেপের সাথে দেখা হওয়ার আগেই ঘটেছিল, কারণ স্নেপ তখন ক্ষতির ইঙ্গিত দিয়েছিল। স্নেপ যখন ডাম্বলডোরের শুশ্রূষা শেষ করে, তখন ডাম্বলডোর ড্রাকো ম্যালফয়কে দিয়ে তাঁকে হত্যা করানোর ভলডেমর্টের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করেন। স্নেপ এই পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল কি না, তা জানা না গেলেও, ডাম্বলডোর যে এটি জানেন, তা তার কাছে অবশ্যই একটি নতুন খবর ছিল। যদিও আমরা কখনই জানতে পারি না যে ডাম্বলডোর কিভাবে এটি জানতে পারেন, তবে এটি স্নেপের জন্য একটি ধাক্কা ছিল এবং পাঠকের কাছে একটি ছোট তথ্য ছিল যে, ভলডেমর্টের ঘনিষ্ঠ মহলে স্নেপই ডাম্বলডোরের একমাত্র তথ্যদাতা নয়।

এমনটা ধারণা করা হয় যে, কোনো তথ্যদাতার মাধ্যমে নয়, বরং ড্রেকোর অভিযান সম্পর্কে ডাম্বলডোরের কাছে তথ্যটি ডেলুমিনেটরের মাধ্যমেই এসেছে। রনের অভিজ্ঞতা থেকে দেখা যায় যে, এটি এর মালিককে বিশেষ কিছু পরিস্থিতিতে এমন কথোপকথন শোনার সুযোগ করে দেয়,যেখানে তার নাম নেওয়া হচ্ছে, এবং সেই সাথে যেখানে কথোপকথনটি ঘটছে সেই স্থানে যাওয়ার ক্ষমতাও প্রদান করে। অবশ্যই, ডাম্বলডোরের ক্ষেত্রে এটি আরও কঠিন হতো; যে কোনো নির্দিষ্ট সময়ে রনের কথা সম্ভবত একটিমাত্র দলেই আলোচিত হবে; কিন্তু ডাম্বলডোর অত্যন্ত বিখ্যাত হওয়ায়, তিনি যখনই চেষ্টা করবেন লোকে তাঁকে নিয়ে কি বলছে তা শোনার জন্য, তখনই সম্ভবত তাঁকে একসাথে অনেকগুলো কথোপকথনের মুখোমুখি হতে হবে। যদি ডাম্বলডোর ডেলুমিনেটরটি পর্যবেক্ষণ করতেন, এবং যদি তার কাছে তাঁর সম্পর্কে হওয়া অন্যান্য কথোপকথনগুলো ছেঁকে ফেলার কোনো পদ্ধতি থাকত, তাহলে এটা সম্ভব যে তিনি ভলডেমর্টকে হয় ড্রেকোকে তার অভিযানটি দিতে, অথবা স্নেপের সাথে ড্রেকো ও তার অভিযান নিয়ে আলোচনা করতে শুনে ফেলতেন।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

পর্যালোচনা

[সম্পাদনা]
  1. হ্যারি কিভাবে প্রধান শিক্ষকের অফিসে ঢুকতে পারল, যেখানে প্রবেশ করতে পাসওয়ার্ড লাগে?
  2. এইমাত্র যা জানতে পেরেছে, তার ভিত্তিতে হ্যারি এরপর কি করতে পারে?

আরও পড়া

[সম্পাদনা]
  1. যে হ্যারি স্নেপকে অবিশ্বাস করত এবং ঘৃণা করত, সে কিভাবে এই বাস্তবতার সাথে মানিয়ে নেবে যে স্নেপ ডাম্বলডোরের প্রতি অনুগত ছিল এবং সর্বদা নিজের জীবনের ঝুঁকি নিয়ে হ্যারিকে রক্ষা করেছিল?
  2. এটা কি সম্ভব যে লিলি কখনো স্নেপের জন্য বন্ধুত্বের চেয়ে বেশি কিছু অনুভব করেছিল? সে কি জেমসের চেয়ে স্নেপের জন্য বেশি কিছু অনুভব করতে পারত?
  3. যে লিলি প্রথমে জেমস পটারকে ঘৃণা করত, সে কেন এবং কিভাবে তার প্রেমে পড়েছিল?
  4. স্নেপকে পক্ষ পরিবর্তনে রাজি করানোর চেষ্টা করার সময় ডাম্বলডোর কেন হ্যারির মাকে "লিলি পটার" না বলে "লিলি ইভান্স" বলে ডেকেছিলেন? এটা লিলির জেমস পটারকে বিয়ে করার পরে এবং হ্যারির জন্মের ঠিক আগেকার ঘটনা।
  5. এখন যেহেতু হ্যারি তার প্রতি আন্টি পেটুনিয়ার তিক্ততা এবং বিদ্বেষের কারণ জানে, এটা কি তাদের সম্পর্কের পরিবর্তন ঘটাতে পারে? ব্যাখ্যা করো।

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

এটা লক্ষণীয় যে, ডাম্বলডোর তাঁর আশেপাশের মানুষদের মধ্যে সবচেয়ে বেশি স্নেপের কাছেই মনের কথা বলতেন, অথচ এই অধ্যায় পর্যন্ত মিনার্ভা ম্যাকগোনাগলকেই তাঁর সবচেয়ে কাছের বিশ্বস্ত বলে মনে হতো। আগে, স্নেপকে সবসময়ই প্রান্তিক বলে মনে হতো এবং তাঁর প্রকৃত আনুগত্য ছিল প্রশ্নবিদ্ধ। এখন প্রকাশ পায় যে, ডাম্বলডোর ও স্নেপের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা একটি অভিন্ন লক্ষ্যের দ্বারা গড়ে উঠেছিল। অন্যরা যখন তাঁকে জিজ্ঞেস করত কেন তিনি স্নেপকে বিশ্বাস করেন, ডাম্বলডোর সবসময় একটি অস্পষ্ট ঘটনার ইঙ্গিত দিতেন, কিন্তু কখনও বিস্তারিত বলতেন না। এখন, আমরা শুধু এটাই দেখতে পাই না যে তিনি কিসের কথা বলছিলেন — লিলির প্রতি স্নেপের অমর ও একতরফা ভালোবাসা — বরং এটাও দেখতে পাই কেন ডাম্বলডোর তা নির্দিষ্ট করে বলতে অস্বীকার করেছিলেন: স্নেপই তাঁর কাছ থেকে সেই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিল। অবশেষে, আমরা বুঝতে পারি কেন ডাম্বলডোর নিঃশর্তভাবে স্নেপকে বিশ্বাস করতেন এবং স্নেপও তাঁকে বিশ্বাস করত, এবং এর ফলে ডাম্বলডোরের প্রতি আমাদের ও হ্যারির আস্থা পুনরায় দৃঢ় হয়।

আরও উল্লেখযোগ্য বিষয় হলো, এই অধ্যায়ে পুরোপুরি ব্যাখ্যা করা হয়েছে কেন স্নেপ সিরিয়াস ব্ল্যাককে ডিমেন্টরদের হাতে তুলে দেওয়ার জন্য এত উদগ্রীব ছিল, এবং কেন তারা দুজনেই একই পক্ষে আছে বুঝতে পারার পরেও সে সিরিয়াসের প্রতি নিজ্রর ঘৃণা ধরে রেখেছিল। লিলির হত্যাকাণ্ডে সিরিয়াস ব্ল্যাককে সহযোগী হিসেবে ফাঁসানো হয়েছিল। অর্ডার অফ দ্য ফিনিক্স জাদু মিনিস্ট্রির এই বিশ্বাসে অংশীদার ছিল যে সিরিয়াস লিলি এবং জেমসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। স্নেপ তার হারানো ভালোবাসার হত্যার জন্য সিরিয়াসের ওপর প্রতিশোধ নিতে চেয়েছিল। সিরিয়াসের নির্দোষিতা প্রমাণিত হওয়ার পরেও স্নেপ তাকে ঘৃণা করতে থাকে, যদিও হগওয়ার্টসে তাদের বৈরী স্কুলজীবনের দীর্ঘস্থায়ী ক্ষোভও সম্ভবত তার এই আবেগকে আরও উস্কে দিয়েছিল। স্নেপ হয়তো জেমসকে পিটার পেটিগ্রিউকে বিশ্বাস করতে দেওয়ার জন্যও সিরিয়াসকে দায়ী করেছিল, যার ফলে অনিচ্ছাকৃতভাবে লিলির মৃত্যু ঘটেছিল।

এখান থেকে হ্যারি যে মূল বিষয়টি উপলব্ধি করে, তা হলো সেই বার্তা যা ডাম্বলডোর স্নেপকে হ্যারির কাছে পৌঁছে দিতে বলেছিলেন: শেষ হরক্রাক্সটি ধ্বংস করার জন্য হ্যারিকে অবশ্যই নিজেকে হত্যা করতে দিতে হবে। গল্পের জন্য এটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে স্নেপ হ্যারিকে তার এই সমস্ত স্মৃতিগুলো জানায়। স্নেপের হাতে সময় ছিল না, এবং সে এতটাই বিচক্ষণ ছিল যে স্নেপ ও তার উদ্দেশ্যের প্রতি হ্যারির গভীর অবিশ্বাস বুঝতে পেরেছিল। এমনকি তার হাতে আরও সময় থাকলেও, স্নেপ জানত যে হ্যারিকে এটা বোঝানো তার পক্ষে কঠিন হবে যে ডাম্বলডোর চেয়েছিলেন হ্যারি যেন নিজেকে ভলডেমর্টের হাতে সঁপে দেয়। হ্যারি ও তার বাবা-মায়ের সাথে স্নেপের অতীত জীবনের সম্পূর্ণ কাহিনী এমনভাবে তুলে ধরাই একমাত্র উপায় যার মাধ্যমে হ্যারি স্নেপের আনুগত্যের সত্যতা মেনে নিতে পারবে, সেটি স্নেপের জন্য যতই অসম্মানজনক হোক না কেন, হ্যারির কাছে পুরোপুরি বিশ্বাসযোগ্য হবে। বস্তুত, একজন অক্লুমেন্স হিসেবে স্নেপের ক্ষমতার কথা বিবেচনা করলে, কেবল স্নেপ চরম সংকটাপন্ন অবস্থায় থাকলেই হ্যারির পক্ষে এই স্মৃতিগুলোকে সত্য বলে মেনে নেওয়ার সম্ভাবনা বেশি। স্নেপ যদি তার জীবনের অন্তিম মুহূর্তে না থাকত, তাহলে হ্যারি সম্ভবত মনে করত স্নেপের স্মৃতিগুলো সম্পাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অবশ্যই, এখানে শব্দচয়নের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে; লক্ষ্য করুন যে, স্নেপ আত্মার খণ্ডটিকে হরক্রাক্স বললেও ডাম্বলডোর তা বলেননি। দেখা যায়, এটাই হ্যারির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ; একটি হরক্রাক্স জাদুকরীভাবে তার আধারের সাথে আবদ্ধ থাকে, এবং হরক্রাক্সটিকে ধ্বংস করার জন্য সেই আধারটিকেও ধ্বংস করতে হয়। হ্যারির ভেতরের আত্মার খণ্ডটি, ভলডেমর্টের ছিন্ন আত্মাকে পৃথিবীতে নোঙর করে রাখার দিক থেকে হরক্রাক্সের মতোই কাজ করলেও, এটি হ্যারির সাথে আবদ্ধ নয়, বরং কেবল তাকে আঁকড়ে ধরে আছে, এবং হ্যারির জন্য কম ধ্বংসাত্মক উপায়ে এটিকে হ্যারি থেকে আলাদা করে ধ্বংস করা সম্ভব।

তবে, এই কথোপকথনের অন্যান্য তাৎপর্যের কারণে হ্যারি এতটাই বিচলিত যে সে এই ধরনের সূক্ষ্ম বিষয়গুলো অনুধাবন করতে পারছে না; সে এইমাত্র জানতে পেরেছে যে ভলডেমর্টকে চূড়ান্তভাবে পরাজিত করতে হলে, হ্যারিকে অবশ্যই ভলডেমর্টকে সুযোগ দিতে হবে তাকে হত্যা করার জন্য। এই অধ্যায়ের শুরুতে ভলডেমর্টের ঘোষণার পরিপ্রেক্ষিতে, হ্যারি বিশ্বাস করে যে লিলির মৃত্যুর পর যে জাদু তাকে রক্ষা করেছিল, সেই একই জাদু তার নিজের মৃত্যুর মাধ্যমে হগওয়ার্টসের রক্ষকদের ভলডেমর্টের হাত থেকে রক্ষা করার জন্য সক্রিয় হতে পারে। তা সত্ত্বেও, তাকে যে ভলডেমর্টকে হত্যা করার সুযোগ দিতে হবে, এই উপলব্ধি তার পক্ষে প্রায় অসহনীয় হয়ে ওঠে।

যদিও হ্যারি বর্তমানে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহ নিয়ে এতটাই ব্যস্ত যে এই অধ্যায়ের প্রধান তথ্যগুলো নিয়ে ভাবার সময় তার নেই, আমরা দেখব যে সে এটা মেনে নেয় যে স্নেপ তাকে রক্ষা করার জন্যই কাজ করছিল। উপসংহারে আমরা জানতে পারব যে, হ্যারি তার দ্বিতীয় ছেলের নাম হগওয়ার্টসের দুজন প্রধান শিক্ষকের নামে অ্যালবাস সেভেরাস রেখেছিল এবং তার মনে হতো যে স্লিদারিনের প্রধান শিক্ষকটি (সেভেরাস স্নেপ) তার দেখা অন্যতম সাহসী একজন মানুষ ছিল।