মাগলস গাইড টু হ্যারি পটার
অধ্যায় ২৯ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: হারানো ডায়াডেম
সারাংশ
[সম্পাদনা]নেভিল তাদের দেখে অত্যন্ত আনন্দিত হয়, কিন্তু তার বিধ্বস্ত চেহারা দেখে হ্যারি, রন এবং হারমায়োনি আতঙ্কিত হয়ে পড়ে। নেভিল বলে এটা কিছুই না, শেমাসকে দেখলে ওরা অবাক হয়ে যাবে। নেভিল হতাশ অ্যাবারফোর্থকে জানায় যে আরও লোক অ্যাপারেট করে আসবে। ত্রয়ীকে দীর্ঘ, অন্ধকার সুড়ঙ্গ দিয়ে নিয়ে যেতে যেতে নেভিল ব্যাখ্যা করে যে হগওয়ার্টসে প্রবেশের সাতটি পরিচিত গোপন পথ জাদুবলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ডেথ ইটাররা বেরোনোর পথগুলো পাহারা দিচ্ছে। সবাই বলছে যে ত্রয়ী গ্রিংগটসে ঢুকে ড্রাগনের পিঠে চড়ে পালিয়ে গিয়েছিল। হ্যারি নিশ্চিত করে যে এটা সত্যি।
ত্রয়ী চলে যাওয়ার পর থেকে হগওয়ার্টস আমূল বদলে গেছে। দুই ডেথ ইটার অধ্যাপক, ক্যারো দম্পতি, এখন সমস্ত ছাত্রছাত্রীদের শাস্তির দায়িত্ব সামলায়, যদিও অন্য শিক্ষকরা যথাসম্ভব চেষ্টা করে কাউকে তাদের কাছে না পাঠাতে। অ্যামিকাস ক্যারো ডার্ক আর্টসের বিরুদ্ধে প্রতিরক্ষা শেখায়, যা এখন শুধু "ডার্ক আর্টস" নামে পরিচিত। শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে যাতে তারা শাস্তিপাপ্ত শিক্ষার্থীদের ওপর ক্রুসিয়াটাস অভিশাপ প্রয়োগ করার অনুশীলন করে। কাউকে অভিশাপ দিতে নেভিল অস্বীকার করায় তাকে মার খেতে হয়েছিল, যদিও সে হল বিশুদ্ধ রক্তের। কিছু ছাত্রছাত্রী, বিশেষ করে ক্র্যাব এবং গয়েল, ডার্ক আর্টসে বেশ পারদর্শী প্রমাণিত হয়েছে এবং এর চর্চা করতে ভালোবাসে। মাগল স্টাডিজের শিক্ষক অ্যালেক্টো ক্যারো জোর দিয়ে বলে যে মাগলরা পশুর মতো নোংরা এবং বোকা। তার নিজের শরীরে কতটা মাগল রক্ত আছে তা জিজ্ঞাসা করার পর শাস্তিস্বরূপ নেভিলের শরীরে একটি ক্ষতচিহ্ন তৈরি হয়। নেভিল এবং ডাম্বলডোরের সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা কৌতুক করছিল এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছিল, কিন্তু লুনা ও জিনি স্কুল ছেড়ে যাওয়ার পর এবং শাস্তি আরও কঠোর হওয়ার পর বিদ্রোহ কিছুটা স্তিমিত হয়ে যায়। যখন নেভিলকে মূল হোতা হিসেবে চিহ্নিত করা হয়, তখন ডেথ ইটাররা তার তার পিতামহীর পিছু নেয়। সে ডলিশকে সেন্ট মুঙ্গো'সে রেখেছিল এবং এখন সে পলাতক। নেভিল "উধাও" হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
হগওয়ার্টসে পৌঁছে, তারা একটি অপরিচিত ঘরে প্রবেশ করে, যেখানে ভেতরে উল্লাসিত বন্ধুদের ভিড় ছিল। পুরনো বন্ধুদের দেখে ত্রয়ী অত্যন্ত আনন্দিত হয়, বন্ধুদের মধ্যে আছে—শেমাস ফিনিগান, টেরি বুট, মাইকেল কর্নার, ল্যাভেণ্ডার ব্রাউন, আর্নি ম্যাকমিলান, অ্যান্থনি গোল্ডস্টাইন, পার্বতী এবং পদ্মা পাটিল ও আরও অনেকে। মেঝে থেকে ছাদ পর্যন্ত হ্যামক ঝোলানো আছে, এবং ঘরটি গ্রিফিণ্ডর, হাফেলপাফ ও র্যাভেনক্লয়ের রঙ ও প্রতীক দিয়ে সজ্জিত; শুধু স্লিদারিন অনুপস্থিত। হ্যারি অবাক হয়ে দেখল যে তারা রিকোয়্যারমেন্ট কক্ষে রয়েছে। নেভিল এখন কয়েক সপ্তাহ ধরে সেখানে লুকিয়ে আছে, এবং ডি.এ.-এর আরও সদস্য আসায় ঘরটি ক্রমাগত বড় হতে থেকেছে। শেমাসের মুখ ফুলে থাকার কারণে হ্যারি প্রথমে তাকে চিনতে পারেনি, সে বলে যে যতক্ষণ অন্তত একজন ডি.এ. সদস্য ভেতরে থাকবে, ততক্ষণ ঘরটি নিরাপদ। এখানে কেবল খাবার সরবরাহ করা যায় না। যখন নেভিলের খুব খিদে পেয়েছিল, তখন হগ'স হেডের দিকে যাওয়ার সুড়ঙ্গটি খুলে গিয়েছিল, এবং তখন থেকেই অ্যাবারফোর্থ রসদ পাঠিয়ে আসছে।
সবাই ত্রয়ীর কীর্তিকলাপ সম্পর্কে জানতে চায়। তারা রেডিওতে "পটারওয়াচ" শুনছিল, কিন্তু অনেক ভিত্তিহীন গুজবও রয়েছে। হ্যারি কিছু বলার আগেই, তার ক্ষতচিহ্নের মধ্যে দিয়ে এক তীব্র যন্ত্রণার ঢেউ বয়ে গেল; সে এক মুহূর্তের জন্য দেখল যে ক্ষিপ্ত ডার্ক লর্ড আবিষ্কার করছে যে আংটির হরক্রাক্সটি সেখানে নেই। হাতে সময় খুব কম, এবং সবাই সাহায্য করতে চায়, কারণ তারা বিশ্বাস করে যে হ্যারি ক্যারো পরিবার ও স্নেপকে ক্ষমতাচ্যুত করতে ফিরে এসেছে। হ্যারি ব্যাখ্যা করে যে তারা কেবল ভলডেমর্টকে ধ্বংস করতে সাহায্য করার একটি কাজ সম্পন্ন করতে এসেছে, এবং সবাইকে না এগোনোর ওপর জোর দেয়। হগ'স হেড থেকে আরও লোকজন আসতে শুরু করলে সে আতঙ্কিত হয়ে পড়ে। লুনা, ডিন, জিনি, ফ্রেড, জর্জ, লি জর্ডান এবং চো চ্যাং হামাগুড়ি দিয়ে ভেতরে আসে। রনের প্রস্তাবে হারমায়োনি রাজি হয় যে বাকিরা তাদের খুঁজতে সাহায্য করুক। হ্যারির সবকিছু একা করার দরকার নেই, সময় ফুরিয়ে আসছে, এবং তারা কি খুঁজছে তা প্রকাশ করারও কোনো প্রয়োজন নেই। হ্যারি অবশেষে রাজি হয় এবং বলে যে তারা রোয়েনা র্যাভেনক্লয়ের কোনো জিনিস খুঁজছে। লুনার ধারণা, এটি হয়তো হারিয়ে যাওয়া ডায়াডেম, যা এক ধরনের মুকুট। ইনভিজিবিলিটি ক্লোকের নিচে লুকিয়ে লুনা হ্যারিকে র্যাভেনক্ল কমন রুমে নিয়ে যায় এবং তাকে রোয়েনা র্যাভেনক্লর মূর্তিটি দেখায়। হ্যারি ক্লোকের নিচ থেকে বেরিয়ে আসতেই অ্যালেক্টো ক্যারো আবির্ভূত হয় এবং তৎক্ষণাৎ তার বাহুতে থাকা ডার্ক মার্কটি স্পর্শ করে।
বিশ্লেষণ
[সম্পাদনা]হ্যারির ইচ্ছার বিরুদ্ধে, তার এবং ভলডেমর্টের মধ্যকার চূড়ান্ত যুদ্ধটি হগওয়ার্টসে সংঘটিত হুতে চলেছে, এবং সম্ভবত ভলডেমর্টের আগমনেই তার সূত্রপাত ঘটবে। হ্যারি এবং ভলডেমর্টের শেষ মুখোমুখি লড়াইটা এখানেই হওয়াটা উপযুক্ত, এমনকি অবশ্যম্ভাবী বলেই মনে হয়; দুর্গ ও তার চারপাশের চত্বর পুরো গল্প জুড়ে একটি প্রধান ভূমিকা পালন করেছে, এবং সিরিজের বেশিরভাগ ঘটনাই এখানে ঘটে। এখানকার অসংখ্য ভূত, কথা বলা প্রতিকৃতি, এবং অন্যান্য জাদুকরী বাসিন্দাদের নিয়ে দুর্গটি প্রায় নিজেই একটি চরিত্র হয়ে উঠেছে। এটি এমন একটি জায়গা যাকে হ্যারি এবং ভলডেমর্ট উভয়েই সবচেয়ে বেশি ক'রে নিজেদের বাড়ি বলে মনে করে, এবং ভলডেমর্টের ক্ষেত্রে, সম্ভবত এটিই একমাত্র জিনিস যার প্রতি তার ভালোবাসার কাছাকাছি অনুভূতি ছিল, যদিও সেই আবেগ সে কখনোই পুরোপুরি অনুভব করতে পারবে না। হ্যারি হগওয়ার্টসকে ভালোবাসে, এবং সে সবসময় এই শ্রদ্ধেয় পুরোনো দুর্গটি থেকে শক্তি ও নিরাপত্তা পেয়েছে, ডার্সলিদের বাড়িতে তার বাধ্যতামূলক গ্রীষ্মকালীন ছুটি সহ্য করে প্রতি সেপ্টেম্বরে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছে। এবার হ্যারির আগমন একজন প্রত্যাবর্তনকারী ছাত্র হিসেবে নয়, বরং একটি বিশেষ অভিযানে আসা একজন সৈনিক হিসেবে। আর হগওয়ার্টস কোনো নিরাপদ আশ্রয়স্থল নয়, বরং এক আসন্ন যুদ্ধক্ষেত্র; যদিও হ্যারির উদ্দেশ্য কখনোই তা ছিল না, আর তার কোনো যুদ্ধ পরিকল্পনাও নেই। তা সত্ত্বেও, অতিরিক্ত সৈন্য আসতে শুরু করে এবং হ্যারি গভীরভাবে হতাশ হয়, কারণ এখন আর চুপিচুপি ঢুকে, হরক্রাক্স খুঁজে, তারপর আবার চুপিচুপি বেরিয়ে এসে তার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হবে না, এর পরিবর্তে, তার উপস্থিতি এমন এক ধারাবাহিক ঘটনার সূত্রপাত করেছে যা এক চূড়ান্ত সমাধানে গিয়ে শেষ হবে। হ্যারির পছন্দ হোক বা না হোক, সে-ই সেই উজ্জ্বল আলোকবর্তিকা যা এই খণ্ডিত বিদ্রোহকে একত্রিত ও ঐক্যবদ্ধ করে, এবং ভলডেমর্ট ও তার ডেথ ইটারদের বিরুদ্ধে চূড়ান্ত সংঘর্ষের নেতৃত্ব দেওয়ার জন্য তাকেই অগ্রভাগে ঠেলে দেওয়া হচ্ছে।
হ্যারি এটাও দেখে যে নেভিল লংবটম সহ হগওয়ার্টস কতটা বদলে গেছে। নেভিলের ক্ষতবিক্ষত চেহারাটা যেমন চমকপ্রদ, তার চেয়েও বেশি চমকপ্রদ মনে হয় এই বিষয়ে তার হাসিখুশি ভাব। পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে, হগওয়ার্টসে প্রথম আসা সেই অকার্যকর, ভীতু ছেলেটি থেকে নেভিল কতটা পরিণত হয়েছে; সে তার ক্ষতচিহ্নগুলোকে সম্মানের প্রতীক হিসেবে ধারণ করে। সর্টিং হ্যাট নেভিলকে গ্রিফিণ্ডর হাউসে রাখার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা সবসময়ই প্রশ্নের জন্ম দিয়েছিল, এবং অনেক পাঠক সম্ভবত, অন্তত প্রথমদিকে, বিশ্বাস করতেন যে সাহস ও আভিজাত্যের জন্য পরিচিত একটি হাউসের চেয়ে হাফেলপাফের জন্যই সে বেশি উপযুক্ত হতো। কিন্তু সাহস এবং আভিজাত্য বিভিন্ন রূপে প্রকাশ পায়, এবং নেভিল, তার জাদুর সীমাবদ্ধতা ও ভীরু স্বভাব সত্ত্বেও, সবসময় তার জীবনের প্রতিকূলতার বিরুদ্ধে সরাসরি মোকাবিলা করেছে, এবং প্রথম বইতেই সে দৃঢ়তার পরিচয় দিয়েছিল, যখন সে ত্রয়ীর প্রশ্নবিদ্ধ কাজের প্রতিবাদ করে তাদের চ্যালেঞ্জ করেছিল। এই শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এবং প্রধানত হ্যারির ধৈর্যশীল পথনির্দেশনার কারণে নেভিল একজন লাজুক, আত্মবিশ্বাসহীন ও প্রায় অযোগ্য ছাত্র থেকে একজন শক্তিশালী ও সক্ষম জাদুকরে রূপান্তরিত হয়েছে।
আশ্চর্যজনকভাবে এবং সঙ্গত কারণেই, যদিও হ্যারির প্রভাব নেভিলের চরিত্র ও জাদুকরী ক্ষমতা বিকাশে সাহায্য করেছিল, সত্যিকারের মহাকাব্যিক নায়কদের ঐতিহ্য অনুসারে, হ্যারির অনুপস্থিতিতে নেভিলের আরও বেশি বিকাশ ঘটেছে, ঠিক যেমন ডাম্বলডোরের মৃত্যুর পর হ্যারির আরও বিকাশ হয়েছে। হ্যারির প্রস্থানের পর নেভিল, জিনি ও লুনার সাথে মিলে, ক্যারো ও স্নেপের বিরুদ্ধে বিদ্রোহ করে ডাম্বলডোরের সেনাবাহিনীকে দক্ষতার সাথে পথ দেখিয়ে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছে। নেভিল দেখিয়েছে যে, সঠিক পরিস্থিতিতে সে একজন সহজাত নেতা এবং একজন সত্যিকারের গ্রিফিণ্ডর; সে এবং ডি.এ.-এর অন্য সদস্যরা ভলডেমোর্টের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে হ্যারির সাথে যোগ দিতে প্রস্তুত ও সক্ষম।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
পর্যালোচনা
[সম্পাদনা]- হ্যারি কেন রিকোয়্যারমেন্ট কক্ষ চিনতে পারে না?
- হ্যারি কেন চায় না যে অন্য ছাত্ররা তাকে অভিযানে সাহায্য করুক, বা স্নেপ ও ক্যারোদের উৎখাত করার ব্যাপারে তাকে অনুসরণ করুক? কি তার মন পরিবর্তন করে?
- রুম অফ রিকোয়ারমেন্টে কেন স্লিদারিনের কোনো রঙ বা প্রতীক নেই?
আরও পড়া
[সম্পাদনা]- গ্রিংগটস থেকে ত্রয়ীর পালানোর খবর এত দ্রুত হগওয়ার্টসে কিভাবে পৌঁছালো?
- বিধ্বস্ত চেহারা নিয়েও নেভিল এত হাসিখুশি কেন?
- হগওয়ার্টসে নেভিলের প্রথম বছরের পর থেকে তার কি পরিবর্তন হয়েছে? এই পরিবর্তনের কারণ কি?
বৃহত্তর চিত্র
[সম্পাদনা]নিজের ইচ্ছার বিরুদ্ধে, হগওয়ার্টসকে রক্ষা করার জন্য হ্যারিই হয়ে ওঠে সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। অন্তত পরবর্তী কিছু সময়ের জন্য, আমরা দেখি হ্যারি এই অবস্থানটি এড়িয়ে চলার চেষ্টা করছে। হ্যারি স্পষ্টতই আসন্ন যুদ্ধ এড়াতে চায়, তবে তার কারণ এই নয় যে সে যুদ্ধ করতে অনিচ্ছুক, বরং সম্ভাব্য সমস্ত মৃত্যু ও আহতদের জন্য সে নিজেকে ব্যক্তিগতভাবে দায়ী মনে করে। সে এটিকে নিজের যুদ্ধ হিসেবেও দেখে এবং অন্যদের এতে জড়াতে অত্যন্ত অনিচ্ছুক। অন্যরা যে তৎপরতার সাথে তার পক্ষ নিচ্ছে, তা দেখে সে স্পষ্টতই হতবাক; তারা হয়তো বুঝতেই পারছে না যে আরও অনেক জাদুকর একইভাবে নিপীড়িত এবং একত্রিত হওয়ার জন্য একটি পতাকার সন্ধান করছে। নিষিদ্ধ বনের সেই ঘটনার পরেই, যখন হ্যারি অনুভব করে যে সে ভলডেমর্টের বিরুদ্ধে তার বন্ধুদের রক্ষা করার জন্য কাজ করেছে, তখনই সে ডার্ক লর্ড এবং তার ডেথ ইটার সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের নেতা হিসেবে নিজেকে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়।
ওপরে যেমন উল্লেখ করা হয়েছে, এই আকস্মিক আগমনে নেভিলকে দেখে মনে হচ্ছে সে প্রায় বিস্ময়করভাবে বদলে গেছে। যদি আমরা পূর্ববর্তী ছয়টি বইয়ে তার পরিবর্তন পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে, এই পরিবর্তনটি আসলে একটি ধীরগতির প্রক্রিয়া ছিল। পরবর্তী কয়েকটি অধ্যায়ে, দুর্গ রক্ষায় সাহায্য করা এবং আহতদের উদ্ধার করার মাধ্যমে নেভিল তার চারিত্রিক দৃঢ়তা ও জাদুকরী শক্তির প্রদর্শন অব্যাহত রাখবে। নেভিলের ক্ষমতার ওপর হ্যারির বিশ্বাস এতটাই দৃঢ় হয় যে, সে নেভিলকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করবে: যদি সে, রন বা হারমায়োনি কাজটি করতে ব্যর্থ হয়, তবে নেভিলকে ভলডেমর্টের পোষা সাপ নাগিনির মধ্যে থাকা শেষ হরক্রাক্সটি ধ্বংস করতে হবে। নেভিল প্রমাণ করবে যে সে এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।
হ্যারি এখানে স্থির করে যে সে যে হরক্রাক্সটি খুঁজছে, যেটি শেষটির আগেরটি, সেটি রোয়েনা র্যাভেনক্লর হারিয়ে যাওয়া ডায়াডেমের মধ্যে লুকোনো আছে। সে এই অনুমানটি করে ভলডেমর্টের একটি প্রবণতার উপর ভিত্তি করে, যেখানে ভলডেমর্ট হগওয়ার্টসের প্রতিষ্ঠাতাদের জিনিসপত্রকে তার অন্যান্য হরক্রাক্সের আধার হিসেবে ব্যবহার করত। যদিও তার অনুমানটি অনিশ্চিতই থেকে যায়, তবে বেশ কিছু ঘটনা এই বিশ্বাসকে আরও দৃঢ় করে, যার মধ্যে র্যাভেনক্ল কমন রুমে অ্যালেক্টো ক্যারোর উপস্থিতি অন্যতম; অ্যালেক্টো সেখানে ছিল কারণ ভলডেমর্ট বিশ্বাস করত যে হ্যারি হগওয়ার্টসে ফিরে এলে সেই কক্ষে প্রবেশ করবে, এবং এটি হ্যারির এই বিশ্বাসকে সমর্থন করে যে ভলডেমর্ট র্যাভেনক্লর কোনো জিনিসপত্র ব্যবহার করেছিল। পরবর্তী কয়েকটি অধ্যায়ে, হ্যারি জানতে পারবে যে সেই ডায়াডেমটি অদৃশ্য হয়ে যাওয়ার পর কি হয়েছিল এবং কিভাবে সেটি স্কুলে ফিরে এসেছিল। সে আরও জানতে পারবে যে, এক বছর আগে সে আসলে অজান্তেই সেটি হাতে ধরেছিল।