বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার

অধ্যায় ১৬ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: গড্রিক'স হলো← অধ্যায় ১৫ | অধ্যায় ১৭ →

সারমর্ম

[সম্পাদনা]
সতর্কীকরণ: কাহিনির অংশ এবং/অথবা সমাপ্তির গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রকাশ করা হয়েছে।

পরদিন সকালে হ্যারি ঘুম থেকে ওঠে, সে আশা করছিল রন তার নিজের বিছানায় থাকবে, কিন্তু সে বিছানাটা খালি পায়। হ্যারি আর হারমায়োনি জিনিসপত্র গোছাতে দেরি করে, কারণ তারা জানে যে একবার বেরিয়ে পড়লে রন তাদের খুঁজে পাবে না। কিন্তু আর অপেক্ষা করতে না পেরে, তারা একটি ঝোড়ো হাওয়ায় ভরা পাহাড়ের ঢালে অদৃশ্য হয়ে যায়। হারমায়োনি কান্নায় ভেঙে পড়ে, আর হ্যারি তাদের তাঁবুর চারপাশে সুরক্ষামূলক মন্ত্র প্রয়োগ করে দেয়। পরের কয়েকদিন ধরে, হ্যারি তার ম্যারাউডারের মানচিত্রের ওপর রনের স্থানাঙ্ক বিন্দুটির জন্য অপেক্ষা করতে থাকে, সে নিশ্চিত ছিল যে রন হগওয়ার্টসে ফিরে গেছে, কিন্তু রনের অবস্থান আর দেখা যায় নি। রাতে, হ্যারি আর হারমায়োনি ঘণ্টার পর ঘণ্টা ধরে আলোচনা করে যে ডাম্বলডোর গ্রিফিণ্ডরের তলোয়ারটি কোথায় লুকিয়ে রাখতে পারেন। হ্যারি ঠিক বুঝতে পারছিল না যে সে রনের চলে যাওয়ার জন্য তার ওপর রেগে আছে, নাকি তাকে আরও তথ্য না দেওয়ার জন্য ডাম্বলডোরের ওপর বেশি রেগে আছে। রনের কথাগুলো তাকে তাড়া করে ফেরে: "আমরা ভেবেছিলাম তুমি জানো তুমি কি করছো... আমরা ভেবেছিলাম ডাম্বলডোর তোমাকে বলে দিয়েছেন কি করতে হবে... আমরা ভেবেছিলাম তোমার সত্যিকারের একটা পরিকল্পনা আছে!" রন ঠিকই বলেছিল; ডাম্বলডোর তাকে কার্যত কিছুই দেননি, এবং বাকি হরক্রাক্সগুলো এখনও আগের মতোই অধরা।

রাতে, হারমায়োনি ফিনিয়াস নাইজেলাসের প্রতিকৃতিটি বের করে আনে। ফিনিয়াস সেখানে আর কখনও না আসার হুমকি দেওয়া সত্ত্বেও, তথ্যের জন্য কৌতূহলী হয়ে সে কয়েকদিন পরপর চোখে পট্টি বেঁধে হাজির হতে রাজি হয়। সে হগওয়ার্টস সম্পর্কে কেবল মাঝে মাঝে তথ্য ফাঁস করে, যদিও হ্যারি ও হারমায়োনি সেখানকার সাধারণ স্তরের শিক্ষার্থীদের বিদ্রোহ সম্পর্কে জানতে পারে। ডলোরেস আমব্রিজের সেই আদেশটি স্নেপ পুনর্বহাল করেছে, যে আদেশবলে তিন বা ততোধিক ছাত্রের সমাবেশ বা কোনো অনানুষ্ঠানিক ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, যদিও হ্যারির ধারণা যে জিনি, লুনা এবং নেভিল সম্ভবত ডাম্বলডোরের সেনাবাহিনীকে পুনরুজ্জীবিত করেছে। হ্যারি ক্ষণিকের জন্য হগওয়ার্টসের আরাম-আয়েশের জন্য আকুল হয়, কিন্তু তার মনে পড়ে যায় যে সে "এক নম্বর অনাকাঙ্ক্ষিত ব্যক্তি"।

আবহাওয়া ঠাণ্ডা হতে থাকে, এবং তারা দুজনে সারাদেশে ক্রমাগত নতুন নতুন জায়গায় চলে যেতে থাকে। বসার ঘরের জানালায় ক্রিসমাস ট্রি দেখা যেতে শুরু করে। হারমায়োনি দ্য টেলস অফ বিডল দ্য বার্ড-এ হাতে আঁকা একটি অদ্ভুত প্রতীক হ্যারিকে দেখায়। সে এর অর্থ উদ্ধার করতে পারে না, কিন্তু এটা বুঝতে পারে যে এটি চোখের প্রতীক বা সিলেবারির (অক্ষরলিপি) কোনো প্রাচীন রুনের (অক্ষর বা সংকেত) চেয়ে ভিন্ন কিছু। হ্যারি এটাকে সেই একই ত্রিভুজাকার প্রতীক হিসেবে চিনতে পারে, যেটি বিবাহের অনুষ্ঠানে জেনোফিলিয়াস পরেছিল। ক্রাম দাবি করেছিল যে এটা গ্রিণ্ডেলওয়াল্ডের চিহ্ন। বাচ্চাদের বইয়ে কেউ ডার্ক মার্ক আঁকছে, এই ব্যাপারটা হারমায়োনির কাছে বেশ ধাঁধার মতো মনে হয়। এদিকে, নিজের ইতিহাস সম্পর্কে কৌতূহলী হ্যারি গড্রিক'স হলোতে যাওয়ার প্রস্তাব দেয়; আশ্চর্যজনকভাবে, হারমায়োনি রাজি হয়ে যায় এই ভেবে যে, ডাম্বলডোর হয়তো তরবারিটি গড্রিক গ্রিফিণ্ডরের জন্মস্থানে লুকিয়ে রেখেছেন। সে বাথিল্ডা ব্যাগশটের লেখা এ হিস্ট্রি অফ ম্যাজিক বইটি বের করে গডরিক গ্রিফিণ্ডর সম্পর্কে একটি অংশ পড়তে শুরু করে। হ্যারির মনে পড়ে যায়, বিয়ের অনুষ্ঠানে জিনির মাসি আন্টি মুরিয়েল তাকে বলেছিলেন যে বাথিল্ডা ব্যাগশট এখনও গড্রিক'স হলোতে থাকেন। দুজনেই নীরবে লক্ষ্য করে যে হ্যারি ইচ্ছে করেই মুরিয়েলকে রনের মাসি হিসেবে উল্লেখ করা এড়িয়ে গেছে। হঠাৎ হারমায়োনির মাথায় একটি চিন্তা আসে—হয়তো ডাম্বলডোর তরবারিটি বাথিল্ডার কাছেই গচ্ছিত রেখেছিলেন।

হ্যারি ও হারমায়োনি সাথে সাথেই গড্রিক'স হলোতে যাওয়ার পরিকল্পনা করে। হারমায়োনি প্রথমে ইনভিজিবিলিটি ক্লোকের নিচে একসাথে অদৃশ্য হওয়ার অভ্যাস করতে চায়, সাথে আরও কিছু মন্ত্রও শিখতে চায়, কিন্তু হ্যারি শুধু তার জন্মস্থান দেখার কথাই ভাবে। গড্রিক'স হলোর উদ্দেশ্যে রওনা হতে তাদের আরও এক সপ্তাহ সময় লাগে। পলিজুস মিশ্রণের জন্য হারমায়োনির জোগাড় করা কিছু মাগল চুল ব্যবহার ক'রে, তারা এক মধ্যবয়সী দম্পতিতে রূপান্তরিত হয়। তারা ইনভিজিবিলিটি ক্লোকের নিচে অদৃশ্য হয়ে গড্রিক'স হলোতে পৌঁছোয়, কিন্তু সেখানে পৌঁছোনোর পর হ্যারি ক্লোকটি খুলে ফেলার প্রস্তাব দেয়। শহরের চত্বরে থাকা একটি যুদ্ধ স্মারক হঠাৎ করে একটি শিশুকে কোলে নিয়ে থাকা এক পুরুষ ও এক মহিলার মূর্তিতে রূপান্তরিত হয়। বিস্মিত হয়ে হ্যারি মূর্তি দুটিকে তার বাবা-মা এবং শিশুটিকে নিজেকে হিসেবে চিনতে পারে। গির্জার কবরস্থানের ভেতরে খুঁজতে গিয়ে তারা অপ্রত্যাশিতভাবে কেন্দ্রা এবং আরিয়ানা ডাম্বলডোরের কবর খুঁজে পায়; হ্যারি আবারও অবাক হয়ে ভাবে, ডাম্বলডোর কেন তাদের একই বংশপরিচয়ের কথা কখনো বলেননি। কবরের ফলকে লেখা আছে: "যেখানে তোমার ধন, সেখানেই তোমার মন," যদিও এর অর্থ কি, তা নিয়ে হ্যারি নিশ্চিত নয়। পটারদের কবর খোঁজার সময় হারমায়োনি কিছু একটা দেখতে পায়। একটি পুরোনো সমাধিফলকে সেই একই প্রতীক খোদাই করা আছে, যা বইটিতে ছিল এবং যা জেনোফিলিয়াস পরিধান করত। পাথরটির অক্ষরগুলো খুব বেশি ক্ষয়ে গেছে, এবং কেবল প্রথম নামটি পড়া যাচ্ছে- ইগনোটাস।

তারা খুঁজতে থাকে, একসময় হারমায়োনি ডেকে বলে ওঠে, "হ্যারি, ওরা এখানে... ঠিক এখানেই।" কেন্দ্রা আর আরিয়ানার ঠিক দুই সারি পেছনেই পটারদের সাদা মার্বেলের সমাধিফলকটি। জেমস আর লিলির নামের নিচে খোদাই করা আছে: সর্বশেষ যে শত্রুকে ধ্বংস করা হবে, তা হলো মৃত্যু।

বিভ্রান্ত হয়ে হ্যারির মনে হলো এটা ডেথ ইটারদের কোনো ধারণার মতো শোনাচ্ছে, কিন্তু হারমায়োনি বলে যে এর অর্থ হলো মৃত্যুর ঊর্ধ্বে থেকে মৃত্যুকে পরাজিত করা। এই অর্থ হ্যারিকে সামান্যই সান্ত্বনা দেয়, কারণ সে জানে তার বাবা-মায়ের পচনশীল দেহাবশেষ হিমশীতল মাটির নিচে পড়ে আছে। সে একটু ফুঁপিয়ে ওঠে, আর হারমায়োনি তার হাত ধরে। হ্যারির খারাপ লাগে যে সে তার বাবা-মায়ের জন্য কিছু আনতে ভুলে গেছে, কিন্তু হারমায়োনিকে কিছু না বলতেই সে গোলাপের একটি মালা তৈরি করে দেয়। সেটি হ্যারি সমাধিগুলোর ওপর রাখে। তারা নিঃশব্দে সমাধিস্থান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়।

বিশ্লেষণ

[সম্পাদনা]

যদিও হ্যারি এই অভিযানে একাই এগোতে চেয়েছিল, এখন সে রনের অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করছে এবং বুঝতে পারছে যে সে তার সাহায্য ও বন্ধুত্বের ওপর কতটা নির্ভরশীল ছিল। অন্যদের বিশ্বাস করতে ও তাদের সাহায্য গ্রহণ করতে শেখার ক্ষেত্রে এটি হ্যারির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হতে পারে। বর্তমানে সহায়তার জন্য তার কেবল হারমায়োনিই আছে, কিন্তু এটি তার ওপর আরও বড় বোঝা চাপিয়ে দিতে পারে। রনের বেদনাদায়ক অনুপস্থিতি হারমায়োনির অটল আনুগত্যের সাথে একটি সুস্পষ্ট বৈপরীত্যও তুলে ধরে, এবং তার সাহায্য ছাড়া হ্যারি যে এতদূর আসতে পারত তা নিয়ে সন্দেহ আছে। অতীতে, কোনো নির্দিষ্ট তথ্যের প্রয়োজন ছাড়া, হ্যারি ও রন হারমায়োনির অবদান ও সামর্থ্যকে উপেক্ষা করার প্রবণতা দেখিয়েছে। তার সতর্ক পরিকল্পনা এবং দূরদর্শিতা ত্রয়ীকে তাদের হরক্রাক্স অনুসন্ধানের সময় দেশজুড়ে তুলনামূলকভাবে দক্ষতার সাথে এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে সাহায্য করেছে। তার অধ্যবসায়ী গবেষণা পদ্ধতি এবং শান্ত, যৌক্তিক মন এই অভিযানের জন্য একটি মূল্যবান সম্পদ হিসেবে কাজ করে যাবে। তবে, নিজের বুদ্ধিমত্তার ওপর নির্ভর ক'রে এবং জীবন-হুমকির পরিস্থিতিতে প্রতিদিন টিকে থাকার ফলে তার ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতাও ব্যাপকভাবে উন্নত হয়েছে, যা তাকে পদক্ষেপ নেওয়ার আগে চূড়ান্ত উত্তরের জন্য সর্বদা বই ঘাঁটার পরিবর্তে স্বজ্ঞা, অনুমান এবং তাৎক্ষণিক পদক্ষেপের ওপরও নির্ভর করতে বাধ্য করেছে। তার ক্ষিপ্র ও প্রখর প্রতিবর্ত ক্রিয়া বারবার ত্রয়ীকে বিপর্যয় থেকে বাঁচিয়েছে, যেমনটা ঘটেছিল যখন সে বিল ও ফ্লেউরের বিয়ের অনুষ্ঠান থেকে এবং গ্রিমল্ড প্লেস থেকে তাদেরকে অদৃশ্য করে সরিয়ে নিয়েছিল। ভবিষ্যতের অধ্যায়গুলোতেও হয়তো সে আবারও এমনটা করতে পারে।

কেন্দ্রা ও আরিয়ানার সমাধিফলক দেখে হ্যারি প্রায় ততটাই বিচলিত হয়, যতটা তার নিজের বাবা-মায়ের কবর দেখে হতো। ডাম্বলডোরের একটি গোপন অতীত ছিল, অথবা হ্যারি যে কখনো সে সম্পর্কে জিজ্ঞাসা করেনি এই বিষয়টি মনে করে, ডাম্বলডোরের রহস্যময় পরিকল্পনা নিয়ে হ্যারির রাগ ও বিভ্রান্তি আবার জেগে ওঠে। সমাধিফলকের ওপর খোদাই করা লেখাটি, "যেখানে তোমার ধন, সেখানেই তোমার মন," হ্যারিকে আরও হতাশ করে, কারণ সে বুঝতে পারে না যে ডাম্বলডোর তার মা ও বোনকে কতটা গভীরভাবে ভালোবাসতেন। হ্যারি আবার ভাবতে থাকে, ডাম্বলডোর কেন তাদের অভিন্ন পরিচয় কখনো প্রকাশ করেননি, যদিও স্কিটারের বই থেকে আমরা জানতে পারি যে, ডাম্বলডোর পরিবার আরিয়ানার অসুস্থতা গোপন রাখার জন্যই গড্রিক'স হলোতে চলে এসেছিল। এছাড়াও, আরিয়ানার অস্তিত্ব আবিষ্কার করার পর হ্যারি ভাবতে শুরু করে যে রিতা স্কেটারের বইয়ের পেছনে আসলে কতটা সত্যতা থাকতে পারে।

এটা লক্ষণীয় যে পটারদের মূর্তিটি (যথাযথভাবেই) একটি যুদ্ধ স্মারক হিসেবে ছদ্মবেশে রাখা হয়েছে। জেমস এবং লিলি শুধু জীবদ্দশাতেই ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই করেননি, বরং মৃত্যুর পরেও তাঁদের পুত্র হ্যারির মাধ্যমে সেই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

পর্যালোচনা

[সম্পাদনা]
  1. হ্যারি ও হারমায়োনি কেন রনের নাম উল্লেখ করা এড়িয়ে চলে?

আরও পড়া

[সম্পাদনা]
  1. গড্রিক'স হলো হ্যারির বাবা-মায়ের স্মৃতির প্রতি উৎসর্গীকৃত একটি স্মৃতিস্তম্ভ হওয়া সত্ত্বেও, তাকে কেন সেখানে কখনো নিয়ে যাওয়া হয়নি?
  2. ইগনোটাস কে হতে পারে?
  3. ইগনোটাসের সমাধিফলকের প্রতীকটি দেখতে অনেকটা সেই প্রতীকের মতোই, যা জেনো লাভগুড বিয়ের অনুষ্ঠানে পরেছিল, যা গ্রিণ্ডেলওয়াল্ড ব্যবহার করেছিল এবং যা ডাম্বলডোরের দ্য টেলস অফ বিডল দ্য বার্ড বইটিতে আঁকা ছিল। এগুলোর মধ্যে কি যোগসূত্র থাকতে পারে?
  4. ফিনিয়াস নাইজেলাস ব্ল্যাক কেন হ্যারি এবং হারমায়োনিকে হগওয়ার্টস সম্পর্কে ক্রমাগত খবর দেয়? এই তথ্য কি বিশ্বাসযোগ্য? কেন বা কেন নয়, তা ব্যাখ্যা করো।
  5. “যেখানে তোমার ধন, সেখানেই তোমার মন,” এই শিলালিপির অর্থ কি হতে পারে? আরিয়ানা এবং কেন্দ্রার সমাধির জন্য সম্ভবত কারা এই কথাগুলো বেছে নিয়েছিল এবং কেন?
  6. পটারদের সমাধির জন্য শিলালিপিটি কারা বেছে নিয়ে থাকতে পারে? হারমায়োনির ব্যাখ্যা কি সঠিক, নাকি এর অর্থ সম্পূর্ণ ভিন্ন কিছু হতে পারে? ব্যাখ্যা করো।
  7. হ্যারি ম্যারাডারের মানচিত্রে রনকে খোঁজে কিন্তু হগওয়ার্টসে তাকে খুঁজে পায় না। রন কোথায় থাকতে পারে এবং সে কি করছে?
  8. গ্রিফিণ্ডরের তলোয়ারটি কোথায় খুঁজতে হবে সে সম্পর্কে হ্যারির কোনো ধারণা নেই, যদিও এমন কিছু একটা আছে যা তাকে একবার এটি পেতে সাহায্য করেছিল। সেই জিনিসটি কি, এবং কেন হ্যারির মাথায় তা আসছে না? এই জিনিসটি পাওয়া কতটা কঠিন হবে?

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

যদিও হ্যারি তার মৃত বাবা-মায়ের সাথে পুনর্মিলনের স্বপ্ন ত্যাগ করেছে, কিন্তু যখন সে ডেথলি হ্যালোজ (এবং রেসারেকশন স্টোন) সম্পর্কে জানতে পারবে, তখন এই সম্ভাবনাটি পুনরুজ্জীবিত হবে।

গ্রিফিণ্ডরের তলোয়ারটি কোথায় খুঁজতে হবে সে সম্পর্কে হ্যারি ও হারমায়োনির কোনো ধারণা নেই, এবং তারা এই আশায় এক বিরাট ঝুঁকি নিচ্ছে ও মূল্যবান সময় নষ্ট করছে যে ডাম্বলডোর হয়তো এটি গড্রিক'স হলোতে লুকিয়ে রেখেছেন। তবে, তলোয়ারটি উদ্ধার করার অন্য কোনো উপায়ও থাকতে পারে। পাঠকদের সম্ভবত মনে থাকবে যে, হ্যারি পটার অ্যাণ্ড দ্য চেম্বার অফ সিক্রেটস পর্বে, হ্যারি ব্যাসিলিস্কর সাথে লড়াই করার সময় সর্টিং হ্যাট থেকে গ্রিফিণ্ডরের তলোয়ারটি বের করে এনেছিল। যদিও এটি তলোয়ারটি পাওয়ার একটি সম্ভাব্য উপায় হতে পারে, কিন্তু হ্যারি বা হারমায়োনি কেউই এই বিষয়টি বিবেচনা করছে না। এর কোনো নিশ্চয়তা নেই যে সর্টিং হ্যাট চাইলেই তলোয়ারটি দিতে পারবে বা দেবে, অথবা হগওয়ার্টসের প্রধান শিক্ষকের দপ্তরে নিরাপদে রাখা হ্যাটটি আদৌ পাওয়া সম্ভব কি না। হগওয়ার্টসের ভেতরে হ্যারির মিত্ররা সেটা উদ্ধার করার চেষ্টা করলেও, দুর্গটির কড়া নিরাপত্তার কারণে যে কোন ছাত্রের পক্ষেই, এমনকি ডাম্বলডোরের সেনাবাহিনীর চৌকস সদস্যদের পক্ষেও, প্রধান শিক্ষকের দপ্তরে প্রবেশ করাটা এক কঠিন কাজ হতে পারে, বিশেষ করে এখন যখন স্নেপ সেখানেই থাকছে। আর জিনি, লুনা এবং নেভিলের গ্রিফিণ্ডরের তলোয়ার চুরি করার পূর্ববর্তী ব্যর্থ চেষ্টার কথা মাথায় রাখলে, দ্বিতীয়বার একই অপরাধ করলে তাদের শাস্তি সম্ভবত আরও অনেক বেশি কঠোর হতে পারে। যাইহোক, যেহেতু সর্টিং হ্যাটকে সাধারণত একটি নিরীহ জাদুকরী বস্তু হিসেবে বিবেচনা করা যেতে পারে যা হ্যারি খুঁজবে না, তাই এটা সম্ভব যে প্রধান শিক্ষকের অফিস থেকে, সম্ভবত অধ্যাপক ম্যাকগোনাগালের সাহায্যে, এটি সরিয়ে ফেলা হতে পারে। এছাড়াও, হারমায়োনি যেভাবে অনায়াসে ডাম্বলডোরের পড়ার ঘর থেকে নিষিদ্ধ বইগুলোকে ডেকে আনতে পেরেছিল, তাতে সর্টিং হ্যাটও একইভাবে উদ্ধার করা যেতে পারে। তবে, স্নেপ, সম্ভবত সর্টিং হ্যাটের এই ক্ষমতা সম্পর্কে অবগত থাকায়, এটিকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিয়ে থাকতে পারে।

হ্যারি অবশেষে গ্রিফিণ্ডরের তলোয়ারটি পাবে, সর্টিং হ্যাটের সাহায্যে নয়, বরং এক অজ্ঞাত মিত্রের সহায়তায়। তবে, গল্পের পরবর্তী অংশে সর্টিং হ্যাট আবারও গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে, যখন এটি গ্রিফিণ্ডরের তলোয়ারটি নেভিল লংবটমকে প্রদান করে। হ্যারি নেভিলকে একটি অবশিষ্ট হরক্রাক্স ধ্বংস করার দায়িত্ব দেয়, যদি সে, রন বা হারমায়োনি তা করতে না করতে পারে।

লিলি ও জেমসের সমাধির ওপরের লিপিটি হ্যারির কাছে ডেথ ইটারদের মানসিকতার প্রতিফলন বলে মনে হয়, এবং হারমায়োনির পাল্টা ব্যাখ্যা তার কাছে দুর্বল মনে হয়, যেমনটা আমাদের কাছেও। এই লিপিটি নিয়ে ভাবলে আমাদের মনে প্রশ্ন জাগে, এটি কে লিখেছিল। এটি অবশ্যই বাইবেল থেকে নেওয়া (১ করিন্থীয় ১৫:২৬), যদিও প্রশ্ন জাগে যে রাউলিং তাঁর পাঠকদের কাছ থেকে এই বিষয়টি বোঝার আশা করেন কিনা। এটি জেমস বা লিলির লেখা হওয়ার সম্ভাবনা কম, কারণ তারা বেশ ছোট ছিল এবং তাদের মৃত্যুর পর কি হবে তা নিয়ে সম্ভবত খুব কমই ভেবেছিল। যেহেতু ডাম্বলডোর তাদের একজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই এটি ডাম্বলডোরের লেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি তাই হয়, তবে আমরা দেখতে পাই যে শিলালিপিটি ডেথলি হ্যালোরকাহিনী এবং এই বিশ্বাস থেকে উদ্ভূত হয়েছে যে, যিনি তিনটি হ্যালোকেই নিয়ন্ত্রণ করেন, তিনি মৃত্যুকে জয় করতে পারেন। সেই মুহূর্তে ডাম্বলডোরের মনে হ্যালোগুলোর চিন্তা বেশ জোরালোভাবেই ঘুরপাক খাচ্ছিল। নিজের কাছে থাকা হ্যালোটি ছাড়াও, তিনি তিনটি হ্যালোর মধ্যে একটি, ইনভিজিবিলিটি ক্লোকটিও পরীক্ষা করছিলেন, এটি তিনি জেমসের কাছ থেকে ধার নিয়েছিলেন। ডাম্বলডোর হয়তো কিছুটা অপরাধবোধে ভুগছিলেন, এই ভেবে যে ওই ক্লোকটির সাহায্যেই হ্যারির বাবা-মা হয়তো ভলডেমর্টের হাত থেকে বাঁচতে পারত। তবে, যে কারণেই হোক না কেন, এর লিপিটি হারমায়োনি বা হ্যারির ধারণার চেয়ে, হ্যালোর শক্তি সম্পর্কে পরবর্তীকালের একটি ঘোষণার সাথে বেশি মিলে যায় বলে মনে হয়।

এছাড়াও, কেন্দ্রা ও আরিয়ানার সমাধির ওপরের লিপিটিকে একটি পূর্বভাস হিসেবে দেখা যেতে পারে। ডাম্বলডোর এটি লেখেন, যা তাঁর বোনের জন্য তাঁর আজীবনের শোকের ইঙ্গিত দেয়, এবং যে অন্ধকার শক্তিগুলো তাঁর বোনের জীবন কেড়ে নিয়েছিল, তাদের দমন করতে গিয়েই তিনি মৃত্যুবরণ করেন। একইভাবে, হ্যারির পুরো চরিত্রটিই তার হারানো বাবা-মায়ের প্রতি ভালোবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, যা ভলডেমর্টের প্রতি তার অটল বিরোধিতার প্রধান চালিকাশক্তি।

আমরা লক্ষ্য করি যে, সুস্পষ্ট সুযোগ থাকা সত্ত্বেও রনের নাম উচ্চারণ করতে হ্যারি ও হারমায়োনি অনিচ্ছুক থাকায় তার ফিরে আসতে দেরি হয়; পরে এটা স্পষ্ট হয় যে, সে যত তাড়াতাড়ি সম্ভব তাদের সাথে পুনরায় যোগ দিতে চেয়েছিল। তবে সে তার নাম উচ্চারিত হওয়ার পরেই কেবল তাদের অবস্থান সম্পর্কে তথ্য পেয়েছিল।