মাগলস গাইড টু হ্যারি পটার
অধ্যায় ১৩ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: মাগল-বর্ন রেজিস্ট্রেশন কমিশন
সারমর্ম
[সম্পাদনা]ডলোরেস আমব্রিজ ধারণা ক'রে নেন যে, হারমায়োনিকে ট্র্যাভার্স পাঠিয়েছে শুনানির রেকর্ড করার জন্য (যেহেতু তাকে মাফালদা হপকির্ক বলে মনে হচ্ছে)। তিনি মন্ত্রীকে বলেন যে, যেহেতু মাফালদা রেকর্ড করছে, তারা এখনই কাজ শুরু করতে পারে। মিনিস্ট্রির একজন কর্মচারীর স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হ্যারি দেখে যে হারমায়োনি আমব্রিজের সাথে লিফটে করে নিচে নামছে। যখন থিকনেস জিজ্ঞাসা করে যে "আলবার্ট" প্রথম তলায় কী কারণে এসেছে, হ্যারি জোর দিয়ে বলে যে তার আর্থার উইজলির সাথে কথা বলা প্রয়োজন।
একা হওয়ার পর, হ্যারি ইনভিজিবিলিটি ক্লোক গায়ে জড়িয়ে আমব্রিজের অফিস খুঁজতে থাকে। এত নিখুঁতভাবে পরিকল্পনা করা সত্ত্বেও, ত্রয়ী সম্ভবত এটা ভাবতে ব্যর্থ হয়েছিল যে মিনিস্ট্রির ভেতরে গেলে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এখন হারমায়োনি আদালতের কার্যক্রমে আটকে আছে, আর রন ইয়াক্সলির অফিসে বৃষ্টি থামানোর চেষ্টা করছে। হ্যারি হোঁচট খেতে খেতে একটি খোলা জায়গায় এসে পড়ে, যেখানে কর্মচারীরা "মাডব্লাড" বিরোধী প্রচারপত্র তৈরি করছে। হ্যারি একটি দরজায় মুডির জাদুকরী চোখটি দেখতে পায়। নিচে পিতলের ফলকে লেখা আছে, ডলোরেস আমব্রিজ, মন্ত্রীর বরিষ্ঠ অধস্তন সচিব এবং মাগল-বর্ন রেজিস্ট্রেশন কমিশনের প্রধান।
মনোযোগ অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য, হ্যারি একটি ডিকয় ডেটোনেটর ছেড়ে দেয়। সেটি বিস্ফোরিত হয়ে একটি বিশাল কালো ধোঁয়ার মেঘ তৈরি করে। এই বিশৃঙ্খলার সুযোগে, হ্যারি আমব্রিজের অফিসে প্রবেশ করে এবং দেখে যে সেটি হুবহু আমব্রিজের হগওয়ার্টস অফিসের মতোই সাজানো; দেয়ালে রয়েছে ভীষণ সুন্দর বিড়ালছানার ছবি আঁকা প্লেট আর ডেস্কের ওপর লেসের ডয়লি (টেবিল ম্যাট)। দরজার ছোট টেলিস্কোপ দিয়ে উঁকি মেরে সে দেখে, সবাই ডিকয় ডেটোনেটরের ধ্বংসাবশেষের চারপাশে জড়ো হয়েছে। সে মুডির চোখটি বের করে পকেটে রাখে, তারপর লকেটটিকে ডেকে আনার করার ব্যর্থ চেষ্টা করে।
আর্থার উইজলি সম্বন্ধে একটি ফাইলে তাকে একজন বিশুদ্ধ রক্তের জাদুকর হিসেবে উল্লেখ করা হয়েছে, যার সাথে সম্ভবত "এক নম্বর অবাঞ্ছিত" অর্থাৎ স্বয়ং হ্যারি যোগাযোগ করবে। শ্রীযুক্ত উইজলিকেও ট্র্যাক করা হচ্ছে। হ্যারি রিতা স্কেটারের লেখা অ্যালবাস ডাম্বলডোরের জীবন ও মিথ্যাচার বইটিও খুঁজে পায়। বইটির ভেতরে দুজন কিশোর-কিশোরীর একটি ছবি আছে, কিন্তু হ্যারি শিরোলিপিটি পড়ার আগেই পায়াস থিকনেস প্রবেশ করে এবং আমব্রিজের জন্য একটি নোট রেখে যায়। লকেটটি এখানে থাকার সম্ভাবনা কম মনে হওয়ায় হ্যারি অলক্ষ্যে লিফটে ফিরে আসে। এখন তাকে রনকে খুঁজে বের করতে হবে এবং আদালতকক্ষ থেকে হারমায়োনিকে নিয়ে আসতে হবে। ভাগ্যক্রমে, রন দ্বিতীয় তলায় লিফটে উঠে পড়ে। লিফটটি আবার থামে এবং মিস্টার উইজলি উঠে পড়েন। পরের তলায় রন নেমে যায়, কিন্তু হ্যারিকে পার্সি উইজলি আটকে দেয় এবং দাবি করে যে রানকর্ন ডার্ক ক্রেসওয়েল সম্পর্কে তথ্য ফাঁস করেছে। হ্যারি যখন শ্রীযুক্ত উইজলিকে সতর্ক ক'রে বলে যে তাকে ট্র্যাক করা হচ্ছে, তখন সে এটিকে একটি হুমকি বলে মনে করে।
ইনভিজিবিলিটি ক্লোক দিয়ে নিজেকে ঢেকে হ্যারি হারমায়োনিকে উদ্ধার করতে আদালত কক্ষের দিকে রওনা দেয়, এদিকে রন ইয়াক্সলির অফিসে কাজ করতে থাকে। হ্যারি এক অস্বাভাবিক শীতলতা টের পায়। ডিমেন্টরেরা জিজ্ঞাসাবাদের অপেক্ষায় থাকা মাগল-বংশীয় ডাইনি ও জাদুকরদের পাহারা দিচ্ছে। মেরি ক্যাটারমোলকে ডাকা হয়। আদালত কক্ষের ভেতরে, প্যাট্রোনাস নামে একটি বিড়াল দুটি ডিমেন্টরকে দূরে সরিয়ে রাখে। আমব্রিজ, হারমায়োনি (মাফালদা রূপে) ও ইয়াক্সলি ক্যাটারমোলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে, জানতে চায় সে কার জাদুদণ্ড চুরি করেছে। আমব্রিজের গলায় লকেটটি দেখে হারমায়োনি তার প্রশংসা করে। আমব্রিজ দাবি করে যে 'এস' অক্ষরটি সেলউইনকে বোঝাচ্ছে, যা একটি প্রাচীন জাদুকর পরিবার এবং যার সাথে সম্পর্কিত হতে পেরে সে সম্মানিত। এই কথাটি হ্যারির কাছে অসহনীয় হয়ে ওঠে, তাই সে আমব্রিজকে এবং তার কিছু বুঝে ওঠার আগেই ইয়াক্সলিকে স্তব্ধ করে দেয়। হ্যারি মেরিকে বেঁধে রাখা শিকলগুলো খুলে দেয়, আর এদিকে হারমায়োনি আসলটির বদলে একটি একটি নকল লকেট তৈরি করে। হ্যারি এবং হারমাইনির প্যাট্রোনাসের পাহারায় তারা তিনজন আদালতকক্ষ থেকে বেরিয়ে আসে। অন্য মাগল-বর্নদের জড়ো ক'রে হ্যারি বলে যে, নতুন দাপ্তরিক নির্দেশ হলো ছদ্মবেশ ধারণ ক'রে দেশ ছেড়ে চলে যাওয়া, অথবা অন্ততপক্ষে মিনিস্ট্রিকে এড়িয়ে চলা।
লিফটের কাছে, রন তাদের সতর্ক ক'রে বলে যে মিনিস্ট্রি তাদের উপস্থিতির কথা জেনে গেছে এবং ফায়ারপ্লেসগুলো বন্ধ করে দিচ্ছে। তাদের অবশ্যই দ্রুত পালাতে হবে। হ্যারি বাকি খোলা ফায়ারপ্লেসগুলোর ভেতর দিয়ে মাগল-বর্নদের পাঠিয়ে দেয়। এইসব বিশৃঙ্খলার মধ্যে, ইয়াক্সলি এসে পৌঁছোয় এবং কর্মীদের সব ফায়ারপ্লেস বন্ধ করে দেওয়ার আদেশ দেয়। রন মেরি ক্যাটারমোলের সাথে পালিয়ে যায়। হ্যারি হারমায়োনিকে নিয়ে বের হওয়ার সময় ইয়াক্সলি তার দিকে একটি অভিশাপ ছুঁড়ে দেয়। হ্যারি ও হারমায়োনি শৌচাগারে ফিরে আসে, হ্যারির পেছনের কিউবিকলে ইয়াক্সলি এসে উপস্থিত হয়। হারমায়োনি ও রনকে ধরে নিয়ে হ্যারি ডিস-অ্যাপারেট করে। সে ক্ষণিকের জন্য গ্রিমল্ড প্লেসের সামনের দরজা দেখতে পায়, তারপর একটি বিকট শব্দ শুনতে পায় এবং তারা অ্যাপারেট করে অদৃশ্য হয়ে যায়।
বিশ্লেষণ
[সম্পাদনা]মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশ করার পর, ত্রয়ী দেখতে পায় যে ভলডেমর্টের দুর্নীতি ও বিকৃতি কতটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এবং "জাতিগতভাবে অশুদ্ধ" ও "বিশুদ্ধ রক্তের" জাদুকর সমাজকে আলাদা করার জন্য কি ধরনের চরম ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা সরাসরি ভলডেমর্টের অধীনে কাজ করে না, তাদের তার অনুচররা প্রধানত হুমকি ও সহিংসতার মাধ্যমে নিয়ন্ত্রণ করছে। মনে হচ্ছে প্রতিরোধ প্রায় নেই বললেই চলে এবং ভলডেমর্ট যত বেশি ক্ষমতা অর্জন করছে, ততই অনেক জাদুকর নিজেদের এবং / অথবা তাদের প্রিয়জনদের নিয়ে শঙ্কিত, তাদের হয়তো বিশ্বাসঘাতক বা "অবাঞ্ছিত" হিসেবে চিহ্নিত করে কারারুদ্ধ করা হতে পারে। সাধারণ জাদুকর সম্প্রদায়ের মধ্যে এখনও অনেকেই আছে, যারা যা ঘটছে সে সম্পর্কে একেবারেই অজ্ঞ, আবার অন্যরা ভীত এবং / অথবা অনিশ্চিত যে কি বিশ্বাস করবে বা কাকে বিশ্বাস করবে। ভলডেমর্ট ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তি তৈরি করেছে, সে নীরবে ও গোপনে মিনিস্ট্রি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ দখল করেছে এবং একই সাথে সে মাগল-বিরোধী প্রচারণা চালিয়েছে। সে অদৃশ্যই থেকে যায়; যদিও তার ফিরে আসার খবরটি এক বছর ধরেই সবার জানা। সে আড়ালে থাকার ফলে গুজব তার নিজের কাজ করে যায়, ভয় ও সন্দেহ ছড়িয়ে পড়ে এবং জনগণ কারুর বিরুদ্ধে একত্রিত হতে পারার জন্য কখনোই কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু পায়না। আমরা পরে দেখব যে ভলডেমর্টকে একই সাথে বেশ কয়েকটি জায়গায় দেখা যাচ্ছে বলে খবর পাওয়া যায়। এদিকে, পুরোপুরি দুর্নীতিগ্রস্ত ও ঘৃণ্য ডলোরেস আমব্রিজ মাগল-বর্ন রেজিস্ট্রেশন কমিটির প্রধান পদে অভিষিক্ত থেকে আমোদপ্রমোদ করছে। ক্ষমতার দম্ভে সে জাদুকরদের জগৎ থেকে "অশুদ্ধি" নির্মূল করার জন্য নিজেকে উৎসর্গ করেছে, ঠিক যেমনটা সে হগওয়ার্টসে থাকাকালীন করত, এবং যাদের অযোগ্য মনে করা হয় তাদের নিপীড়ন করার জন্য সে সহজেই তার ক্ষমতার অপব্যবহার করে। আমব্রিজের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে যা দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সমস্ত মাগল-বর্নদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে, সম্ভবত নির্বাসন বা তার চেয়েও খারাপ, নির্মূল করার জন্য জাদুকর-শৈলীর কোনো বন্দিশিবিরে পাঠানোর উদ্দেশ্যে। যদিও তাদের ব্লাড স্ট্যাটাসের কারণে তারা কিছুটা সুরক্ষিত, তবুও "ব্লাড ট্রেইটরদের" ওপরও আরও কড়া নজর রাখা হচ্ছে।
যদিও ত্রয়ী সফলভাবে লকেট হরক্রাক্সটি উদ্ধার করেছিল, কিন্তু মন্ত্রণালয়ের ভেতরে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো বিকল্প পরিকল্পনা না থাকাটা বেশ আশ্চর্যজনক। পরিচয় বা পদমর্যাদা না জেনে, কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য তাদের ডাকা হতে পারে—এই বিষয়টি বিবেচনা না করে এলোমেলোভাবে অন্যদের ছদ্মবেশ ধারণ করাও একটি অসতর্ক ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ ছিল। বিশেষ করে হারমায়োনি এই বিষয়টি অনুমান করতে না পারায় বেশ গাফিলতি ক'রে ফেলেছিল বলে মনে হয়, কারণ সে সাধারণত খুঁটিনাটি বিষয়ে সতর্ক থাকে এবং সমস্ত সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে। ত্রয়ীর পক্ষে এটাও অত্যন্ত সৌভাগ্যজনক ছিল যে সেই নির্দিষ্ট দিনে লকেটটি আমব্রিজের কাছে ছিল, যে ঘটনাটি হ্যারি এবং হারমায়োনি উভয়কেই কিছুটা অবাক করেছিল বলে মনে হয়। এই পর্যায়ে আমরা দেখতে পাই যে, অভিযানের উদ্দেশ্যগুলো প্রায় অদ্ভুতভাবে অস্পষ্ট ছিল; যদিও আমব্রিজ আসলে লকেটটি কোথায় রাখতে পারে তারা তা জানার চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু এটি মিনিস্ট্রির বাইরে থাকতে পারে—এই সম্ভাবনার মোকাবিলা করার জন্য কোনো পরিকল্পনা ছিল না। আর তাই, উদাহরণস্বরূপ, আমব্রিজের বাসস্থান খুঁজে বের করে সেখানে লকেটটি খোঁজার কোনো চেষ্টাও করা হয়নি। এটিও মনে হয় যে, পলিজুস মিশ্রণ ব্যবহার ক'রে তিনজনের আলাদা ছদ্মবেশে মন্ত্রণালয়ে প্রবেশের পরিবর্তে একজন ব্যক্তি একাই ইনভিজিবিলিটি ক্লোক ব্যবহার করে এই তথ্যগুলো সংগ্রহ করতে পারত। যদি পরিকল্পনাটি এমনই হয়ে থাকে, তবে এটা বেশ অদ্ভুত যে হ্যারি আমব্রিজের অফিসে থাকার সময় তার বাড়ির ঠিকানা খোঁজেনি। যেহেতু মন্ত্রণালয়ে অনুপ্রবেশের সময়ও লকেটের অবস্থান সম্পর্কে তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ছিল না, তাই এটাও অবিশ্বাস্য যে তারা কেন ঠিক সেই নির্দিষ্ট দিনে তাদের পরিকল্পনাটি কার্যকর করেছিল, যদিও দেখা গেছে হ্যারি কৌশলগত সময়ের চেয়ে কাজ করার জরুরি প্রয়োজনের দ্বারাই বেশি চালিত হয়। এটাও অস্পষ্ট যে, তাদের আক্রমণের পরিকল্পনায় এত সময় ও শ্রম বিনিয়োগ করার আগেই ত্রয়ী কিভাবে "ব্যাঙ-মহিলা"কে ডলোরেস আমব্রিজ হিসেবে নিশ্চিতভাবে শনাক্ত করেছিল, যদিও সৌভাগ্যবশত, তাদের অনুমান সঠিক ছিল।
প্রকৃতপক্ষে, হারমায়োনির পুরো পরিকল্পনাটাই অযোগ্য বলে মনে হয়, কারণ একটি সহজ কৌশল আরও নিরাপদ ও কার্যকর হতে পারত এবং তাদের সুরক্ষিত গোপন স্থানটিকেও রক্ষা করতে পারত, কিন্তু তার বদলে সে একটি বিপজ্জনকভাবে বিস্তৃত ও অতিরিক্ত জটিল কৌশল বেছে নিয়েছে। অত্যন্ত সুরক্ষিত মিনিস্ট্রিতে অনুপ্রবেশ করার পরিবর্তে, ত্রয়ী হয়তো আমব্রিজকে মিনিস্ট্রিতে প্রবেশের আগে বা বের হওয়ার ঠিক পরেই আটকাতে পারত (সম্ভবত ইম্পেরিয়াস অভিশাপ ব্যবহার করে)। এছাড়াও, আমব্রিজ যে লকেটটি পরে কাজে আসে তা নিশ্চিত হওয়ার পর, হারমায়োনির মতোই একজন একাই ইনভিজিবল ক্লোকের নিচে তার অফিসে ঢুকে, তাকে অচেতন ক'রে, স্মৃতিভ্রংশকারী মন্ত্র প্রয়োগ ক'রে, এবং তারপর আসল লকেটটি সরিয়ে একটি নকল লকেট রেখে দিতে পারত। শত্রুদের বিরুদ্ধে চরম প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারে ত্রয়ীর অনীহার মতোই, তাদের অপরিশীলিত পরিকল্পনা এবং বেশ এলোমেলো কার্যকলাপ তাদের সাধারণ অনভিজ্ঞতা এবং এখনও বেড়ে না ওঠা অপরিপক্কতাকেই প্রতিফলিত করে: তারা হয়তো এখনও অর্ডার অফ দ্য ফিনিক্সের পূর্ণাঙ্গ সদস্য হওয়ার জন্য প্রস্তুত নয়। এবং যদিও অর্ডারের পক্ষে ত্রয়ীকে কখনো এমন একটি বিপজ্জনক অভিযানে যাওয়ার অনুমতি দেওয়া অসম্ভব হত, তবুও ডাম্বলডোর স্পষ্টতই অনুভব করেছিলেন যে কেবল তারাই এটি সম্পন্ন করতে পারবে। মন্ত্রণালয়ের এই অভিযানটি যতই ভ্রান্তিপূর্ণ, বিশৃঙ্খল এবং প্রায় বিপর্যয়কর হোক না কেন, এটি শেষ পর্যন্ত সফল হয়েছিল এবং সৌভাগ্যবশত এর ফলে অনেক নিরীহ মানুষ উদ্ধার পেয়েছিল। এখান থেকে এটাও দেখা গেছে যে ত্রয়ী একসাথে ভালোভাবে কাজ করে এবং দ্রুত ও শান্তভাবে পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নিতে পারে।
আমব্রিজের দরজা থেকে ম্যাড আই মুডির জাদুকরী চোখটি উদ্ধার করা হ্যারির জন্য একটি ঝুঁকিপূর্ণ ও হঠকারী সিদ্ধান্ত ছিল, কিন্তু তার আবেগ যুক্তিকে ছাপিয়ে গিয়েছিল, এবং সে মুডির কোনো অংশই আমব্রিজের দখলে রেখে আসতে পারছিল না। এটি হ্যারির জন্য একটি প্রয়োজনীয় পরিসমাপ্তিও এনে দেয়, যা তাকে পরে ম্যাড আইয়ের অন্তত একটি ক্ষুদ্র অংশ পুঁতে ফেলার সুযোগ করে দেয়। এটা বোঝা যায় যে, আমব্রিজের দরজার বাইরের দিক থেকে চোখটি হারিয়ে যাওয়ার পরেও অধস্তনদের ওপর গুপ্তচরবৃত্তি করতে তার কোনো বাধার সৃষ্টি হবে না; স্থিরভাবে তাকিয়ে থাকা চোখটি কেবল অফিসের দরজার ভেতরের ছোট টেলিস্কোপটির জন্য একটি ছদ্মবেশ হিসেবে কাজ করে বলে মনে হয়।
আমব্রিজের অফিসে হ্যারি যেটিকে ক্ষণিকের জন্য আয়না বলে মনে করেছিল, তাতে ডাম্বলডোরের প্রতিবিম্ব দেখতে পাওয়াটা সম্ভবত আয়নার ভাঙা টুকরোটির মধ্যে দেখা সেই পরিচিত নীল চোখটির একটি সূক্ষ্ম ইঙ্গিত, যদিও চোখটি আসলে কার তা এখনও জানা যায়নি। আসল জাদুর আয়নাটি, ভাঙার আগে, একটি ছোট বইয়ের আকারের বলে বর্ণনা করা হয়েছিল। সম্ভবত এর আকার এবং আয়নার ভাঙা টুকরোটির মধ্যে থাকা চোখটি ডাম্বলডোরের—হ্যারির এই অর্ধ-বিশ্বাসের সম্মিলিত প্রভাবেই সে ক্ষণিকের জন্য বইটিকে আয়না বলে ভুল করে।
রোলিংয়ের এই বর্ণনা যে, আমব্রিজের অতিরিক্ত মিষ্টি বিড়ালছানার সাজসজ্জা ঠিক হগওয়ার্টসের মতোই দেখা যাচ্ছে, তা একটি সূক্ষ্ম ইঙ্গিত হতে পারে যে, সেন্টরদের সাথে আমব্রিজের সেই ভয়াবহ অভিজ্ঞতার পরেও পাঠকরা তাকে ঠিক তেমনি নীচ ও জঘন্য নারী হিসেবেই দেখতে পাবেন, যেমনটি তাকে হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্সে দেখা গিয়েছিল।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য: যদিও আমব্রিজ একজন ডেথ ইটার নন, মিনিস্ট্রিতে তাঁর উচ্চ পদের কারণে মাঝে মাঝে ভলডেমর্টের সাথে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ হতে পারে। পাঠকরা কেবল কল্পনা করতে পারেন, তাঁর গলায় ঝুলন্ত আসল বা নকল লকেট হরক্রাক্সটি যদি ভলডেমর্ট লক্ষ্য করতে, তাহলে তার প্রতিক্রিয়া কেমন হতো, বিশেষ করে আমব্রিজ যদি সেটিকে নিজের পরিবারের উত্তরাধিকার বলে দাবি করতেন। "বিশুদ্ধ রক্তের" সমর্থক এবং মিনিস্ট্রির প্রতি (এবং ফলস্বরূপ পরোক্ষভাবে, যদিও অজান্তেই ডার্ক লর্ডের) অটলভাবে অনুগত হওয়া সত্ত্বেও, সম্ভবত তাঁর জীবন কেড়ে নেওয়া হতো। ভলডেমর্ট যখন জানতে পারবে যে আমব্রিজের কাছে থাকা বিকল্প লকেটটি নকল, তখন সে সম্ভবত মিনিস্ট্রিতে চালানো অভিযানের সাথে সংযোগ স্থাপন করে এর সূত্র ধরে হ্যারিকে খুঁজে বের করতে পারবে। আমব্রিজের স্মৃতি থেকে ভলডেমর্ট অনেক তথ্য বের করে নিতে পারবে, যা তাকে প্রথমে মান্ডুঙ্গাস ফ্লেচারের কাছে এবং সেখান থেকে গ্রিমল্ড প্লেসে নিয়ে যাবে, যেখান থেকে লকেটটি চুরি হয়েছিল। এর ফলস্বরূপ সে হ্যারির কাছে পৌঁছোবে। এরপর ভলডেমর্ট অনুমান করতে পারবে যে হ্যারি তার অন্যান্য হরক্রাক্সগুলো খুঁজছে এবং ডায়েরি হরক্রাক্সটির পাশাপাশি আসল লকেট হরক্রাক্সটিও (এবং সম্ভবত অন্যগুলোও) ধ্বংস হয়ে গেছে। যেহেতু এটি হ্যারির অভিযানকে বিপন্ন করবে, তাই আমরা কেবল আশা করতে পারি যে ভলডেমর্ট তার মিনিস্ট্রির দৈনন্দিন কার্যক্রম তার অনুচরদের হাতেই ছেড়ে দেবে।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
পর্যালোচনা
[সম্পাদনা]- হ্যারি কেন আমব্রিজের অফিস থেকে ম্যাড-আই মুডির জাদুকরী চোখটি সরিয়ে নিয়েছিল? এটি কি ত্রয়ীর অভিযানে সাহায্য করেছিল নাকি বিপদে ফেলেছিল?
- হ্যারি কর্তৃক চোখটি সরিয়ে নেওয়া আমব্রিজের কাজে কিভাবে প্রভাব ফেলবে?
- আর্থার উইজলিকে কেন অনুসরণ করা হচ্ছে? হ্যারি তাকে বলার আগে কেন সে এটি সন্দেহ করে থাকতে পারে বা না করে থাকতে পারে?
- আমব্রিজ কেন লকেটটি পরেন?
আরও পড়া
[সম্পাদনা]- মিনিস্ট্রির ভেতরে থাকাকালীন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কায় ত্রয়ীর কেন কোনো বিকল্প পরিকল্পনা ছিল না? তাদের আর কি বিকল্প পরিকল্পনা থাকতে পারত?
- মিনিস্ট্রিতে অনুপ্রবেশের জন্য হারমায়োনির পরিকল্পনাটি অপরিকল্পিত বলে মনে হয়। লকেটটি খুঁজে বের করে উদ্ধার করার জন্য নিজের একটি পদ্ধতি তৈরি করো।
- যদি আমব্রিজ সেই নির্দিষ্ট দিনে লকেটটি না পরতেন, তাহলে ত্রয়ী কি করত? একই পরিকল্পনা ব্যবহার ক'রে জাদু মিনিস্ট্রিতে অনুপ্রবেশের জন্য তারা কি আরেকটি সুযোগ পেত? ব্যাখ্যা করো।
- ডলোরেস আমব্রিজ কি জানেন লকেটটি আসলে কি? এর পক্ষে এবং বিপক্ষে উভয় কারণ দাও।
- ভলডেমর্ট এবং তার ডেথ ইটাররা কিভাবে এত দ্রুত এবং সহজে জাদু মিনিস্ট্রি, হগওয়ার্টস এবং অন্যান্য জাদুকরী প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল? কেন এত কম প্রতিরোধ হয়েছিল?
- ভলডেমর্ট যে জীবিত এবং মিনিস্ট্রি ও অন্যান্য প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, তা ব্যাপকভাবে জানা থাকা সত্ত্বেও কেন সে সাধারণ মানুষের কাছে অদৃশ্য থাকে?
- মিনিস্ট্রি কর্তৃক আটক হওয়ার পর মাগল-বংশীয় জাদুকরদের কি হতে পারে? বিংশ শতাব্দীর মধ্যভাগের ইউরোপের ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে এর তুলনা কিভাবে করা যায়?
বৃহত্তর চিত্র
[সম্পাদনা]পরবর্তী কয়েকটি অধ্যায়ে, লকেট হরক্রাক্সটি ত্রয়ীর প্রত্যেক সদস্যকে প্রভাবিত করতে শুরু করে যখন তারা একে একে এটি গলায় পরে; এটি তাদের শারীরিক, মানসিক এবং আবেগগতভাবে শিকার করে। যখন রন লকেটটিতে কান পাতে, সে এর ভেতরে একটি "হৃদস্পন্দনের" মতো স্পন্দন অনুভব করতে পারে, যা ইঙ্গিত দেয় যে এটি হয়তো ভলডেমর্টের কিছু প্রাণশক্তি ধারণ ক'রে আছে। হরক্রাক্সটি আসলে কিছুটা চেতনাসম্পন্নও হতে পারে, কারণ যখন হ্যারি লকেটটি ধ্বংস করার জন্য গ্রিফিণ্ডরের তলোয়ারটি উদ্ধার করার চেষ্টা করে, তখন হরক্রাক্সটি বিপদ আঁচ করে তাকে শ্বাসরোধ করার চেষ্টার মাধ্যমে নিজেকে রক্ষা করে। এছাড়াও, একবার খোলা হলে, এটি নিজেকে বাঁচানোর আশায় একটি ছায়া-নাটক উপস্থাপন করে, যার উদ্দেশ্য ছিল রনকে (যে তখন তলোয়ারটি ধরে ছিল) হ্যারি এবং হারমায়োনির বিরুদ্ধে দাঁড় করানো। এর বিপরীতে, ডলোরেস আমব্রিজের ওপর লকেটটি পরার কারণে কোন প্রভাব ছিল না বলে মনে হয়, সম্ভবত কারণ লকেটটি বুঝতে পারে যে আমব্রিজ তার অস্তিত্বের জন্য কোনো হুমকি নয়, এবং সে হয়তো এর অন্ধকার প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত।
জাদু মিনিস্ট্রিতে ত্রয়ীর অভিযানটি শেষ পর্যন্ত সফল হলেও প্রায় বিপর্যয়কর ছিল, কারণ তারা সমস্ত পরিস্থিতি বিবেচনা করতে ব্যর্থ হয়েছিল এবং এমনকি সবচেয়ে সহজ ও সম্ভাব্য ঘটনাটি মোকাবিলা করার জন্য তাদের কোনো বিকল্প পরিকল্পনা ছিল না: আর তা হলো, মন্ত্রণালয়ের যে কর্মচারীদের ছদ্মবেশে তারা ছিল, তাদের দায়িত্ব পালনের জন্য তাদের ডাকা হতে পারে এবং এর ফলে তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। এর চেয়ে অনেক বেশি বিচক্ষণ পরিকল্পনা হবে, প্রথমে শনাক্ত করা যে তারা কার ছদ্মবেশ সবচেয়ে ভালোভাবে ধারণ করতে পারবে, তারপর তাদের কর্তব্য ও অভ্যাস পর্যবেক্ষণ করা। পরবর্তী একটি অধ্যায়ে, তারা আরেকটি উচ্চ-নিরাপত্তাসম্পন্ন জাদুকরী প্রতিষ্ঠান, গ্রিংগটস ব্যাংকে অনুপ্রবেশ করবে। যদিও সেই অভিযানটি সফল হবে, কিন্তু সেটিও প্রায় বিপর্যয়ে পর্যবসিত হতে চলেছিল এবং তারা আবারও একটি বিকল্প পরিকল্পনা করতে ব্যর্থ হয়। পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, তখন তাদের দ্রুত একটি বিকল্প পালানোর পথ উদ্ভাবন করতে হয়।
রিটা স্কেটারের বইতে হ্যারি যে দুই যুবকের ছবি ক্ষণিকের জন্য দেখেছিল, তারা হলো কিশোর অ্যালবাস ডাম্বলডোর এবং গেলার্ট গ্রিণ্ডেলওয়াল্ড। হ্যারি পরবর্তী একটি অধ্যায়ে ছবিটি আবার দেখবে এবং শুধু শিরোলেখাটিই নয়, স্কেটারের সেই কেলেঙ্কারি-সন্ধানী বইটির সংশ্লিষ্ট অধ্যায়টিও পড়বে। এর ফলে, ডাম্বলডোরের প্রতি হ্যারির ইতিমধ্যেই নড়বড়ে হয়ে যাওয়া বিশ্বাস আরও ক্ষয়ে যাবে।