বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার

উইকিবই থেকে

অধ্যায় ১০ : হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ: ক্রিচারের গল্প← অধ্যায় ৯ | অধ্যায় ১১ →

সারমর্ম

[সম্পাদনা]
সতর্কীকরণ: কাহিনির অংশ এবং/অথবা সমাপ্তির গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রকাশ করা হয়েছে।

ভোরবেলা হ্যারি ঘুম ভাঙে। সে অ্যালবাস ডাম্বলডোরের দেওয়া কঠিন দায়িত্ব এবং অ্যালবাসের তরুণ বয়সের গল্পগুলো নিয়ে ভাবতে থাকে। একঘেয়েমি লাগায় সে প্রাসাদটি ঘুরে দেখতে থাকে। দোতলায় রন ও হ্যারি আগে যে ঘরটি ব্যবহার করত, সেটি সম্ভবত ডেথ ইটাররা তল্লাশি করেছে। ওপরের তলায় সিরিয়াস ব্ল্যাকের ঘরটিও তল্লাশি করা হয়েছে; সেই জঞ্জালের মধ্যে তার মায়ের হাতে সিরিয়াসকে লেখা একটি চিঠি পাওয়া যায়, যেখানে তিনি হ্যারির প্রথম জন্মদিনে দেওয়া খেলনা ঝাড়ুর জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। একটি আধছেঁড়া ছবিতে শিশু হ্যারিকে ঝাড়ুর ওপর চড়ে থাকতে দেখা যায়। চিঠিটির দ্বিতীয় পাতাও নেই, কিন্তু প্রথম পাতায় বাথিল্ডা ব্যাগশটের উল্লেখ আছে, তিনি একজন বিখ্যাত জাদুকর ইতিহাসবিদ এবং প্রায়ই আসেন। আরও বলা হয়েছে যে, ডাম্বলডোর জেমস পটারের ইনভিজিবিলিটি ক্লোকটি ধার নিয়েছিলেন। লিলির এই বাক্যটির মাঝপথেই চিঠিটি শেষ হয়ে গেছে, যেখানে তিনি বলেছেন, "আমি অবাক যে ডাম্বলডোর..."। হ্যারি দ্বিতীয় পাতাটি খুঁজলেও সেটি পায়নি।

হ্যারি হারমায়োনিকে তার খুঁজে পাওয়া জিনিসটা দেখায় এবং সাথে সাথেই বাথিল্ডা ব্যাগশটের সাথে দেখা করতে ও তার বাবা-মা এবং ডাম্বলডোর পরিবারের ব্যাপারে খোঁজ নিতে গড্রিক'স হলোতে যেতে চায়। হারমায়োনির মতে, এটা খুবই বিপজ্জনক এবং তাদের অভিযানের সাথে সম্পর্কহীন। এরপর হ্যারি একটি দরজার উপর রেগুলাস ব্ল্যাকের পুরো নাম লেখা দেখতে পায়; নকল লকেট হরক্রাক্সের ভেতরে পাওয়া চিরকুটে থাকা আর.এ.বি. আদ্যক্ষরের সাথে এটি মিলে যায়। হারমায়োনি রনকে ফোন ক'রে দরজাটা খোলে। ভেতরে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে স্লিদারিনের লকেটটা খোঁজে, কিন্তু কিছুই খুঁজে পায় না। হারমায়োনির মনে পড়ে একটা লকেট ছিল যেটা কেউ খুলতে পারেনি এবং সেটা ফেলে দেওয়া হয়েছিল। হ্যারির সন্দেহ হয় যে ব্ল্যাক পরিবারের হাউস-এলফ ক্রিচার, যে ক্রমাগত ফেলে দেওয়া জিনিসপত্র কুড়িয়ে আনত, সে হয়তো লকেটটা লুকিয়ে রেখেছে।

ক্রিচার বলে যে মুন্ডুঙ্গাস ফ্লেচার লকেটটি চুরি করেছিল; সে তাদের এও জানায় যে, যখন ভলডেমর্টের একজন হাউজ-এলফের প্রয়োজন হয়েছিল, তখন ক্রিচারের মনিব রেগুলাস ব্ল্যাক তাকে ভলডেমর্টকে দিয়েছিল। গুহার ভেতরের একটি হ্রদের কাছে, ভলডেমর্ট ক্রিচারকে একটি পাত্র থেকে এমন এক পানীয় পান করতে বাধ্য করেছিল যা তার মনে ভয়ংকর সব চিন্তা জাগিয়ে তুলেছিল। ভলডেমর্ট খালি পাত্রটিতে একটি লকেট রেখে দেয় এবং সেটি আরও পানীয় দিয়ে ভরে দেয়। পরিত্যক্ত ও দুর্দশাগ্রস্ত ক্রিচার জল পান করার জন্য হামাগুড়ি দিয়ে জলের দিকে এগিয়ে গেলে, তাকে নিচে টেনে নিয়ে যাওয়া হয়। তবে, আদেশ অনুযায়ী ক্রিচার তার প্রভুর কাছে ফিরে আসে, কারণ, হাউজ-এলফরা গুহা থেকে অ্যাপারেট (জাদুবলে অদৃশ্য হয়ে অন্য স্থানে যাতায়াত) করে বেরিয়ে আসতে পারে, যেটা জাদুকরেরা পারেনা।

রেগুলাস ভলডেমর্টের মতাদর্শ প্রত্যাখ্যান করে, সে সম্ভবত বুঝতে পেরেছিল যে লকেটটি একটি হরক্রাক্স। সে ক্রিচারকে বলে তাকে গুহায় নিয়ে যেতে। ক্রিচারকে আদেশ দেওয়া হয়েছিল রেগুলাসকে সমস্ত পানীয় পান করতে বাধ্য করতে, তারপর আসল লকেটটির বদলে একটি নকল লকেট রাখতে। পানীয়টি পান করার পর, তৃষ্ণার্ত রেগুলাস হ্রদের জল পান করতে গেলে ইনফেরিরা তাকে জলের নিচে টেনে নিয়ে যায়। ক্রিচার আদেশ অনুযায়ী আসল লকেটটি ধ্বংস করতে পারেনি। যেহেতু তাকে কিছুই প্রকাশ না করার আদেশ দেওয়া হয়েছিল, তাই রেগুলাসের পরিণতি কেবল ক্রিচারই জানত। প্রভুকে বাঁচাতে না পেরে ক্রিচার অঝোরে কাঁদতে থাকে।

সিরিয়াসের মৃত্যুতে ক্রিচারের ভূমিকার জন্য হ্যারি এখনও বিচলিত হলেও, ভলডেমর্ট যে ক্রিচারকে ব্যবহার করছে, তা তাকে আরও বেশি বিরক্ত করে। হারমায়োনি ব্যাখ্যা করে যে হাউজ-এলফরা নৃশংস ব্যবহারে অভ্যস্ত, তাই সে ভলডেমর্টের অত্যাচারে কখনও ক্ষুব্ধ হয়নি। এছাড়াও, ক্রিচারের দৃষ্টিকোণ থেকে, সিরিয়াস বাড়ি ছেড়ে গিয়ে ব্ল্যাক পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। এখন এই ত্রয়ীকে অবশ্যই লকেটটি খুঁজে বের করতে হবে। হ্যারি ক্রিচারের আনুগত্য অর্জন করে এবং তাকে বলে যে, রেগুলাসের ইচ্ছা অনুযায়ী তাদের লক্ষ্য হলো লকেটটি ধ্বংস করা। যখন সে ক্রিচারকে নকল লকেটটি দেয়, ব্ল্যাক পরিবারের একটি উত্তরাধিকার পেয়ে ক্রিচার অভিভূত হয়ে পড়ে। এরপর হ্যারি এলফটিকে মুন্ডাঙ্গাসকে নিয়ে আসার আদেশ দেয়। ক্রিচার তাকে খুঁজে বের করার জন্য ডিজ-অ্যাপারেট করে যায়।

বিশ্লেষণ

[সম্পাদনা]

যদিও এই ত্রয়ীর হরক্রাক্স অনুসন্ধানের বিষয়ে অনেক তথ্য প্রকাশিত হয়েছে, হ্যারির সাথে ১২ নম্বর গ্রিমল্ড প্লেসের বাড়ির সম্পর্কটিও খতিয়ে দেখা উচিত—যে বাড়িটি সে সিরিয়াস ব্ল্যাকের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে। বাড়িটি দেখে মনে হয় অতীত এখানে থমকে গেছে, বাড়িটি এই ত্রয়ীকে একটি নিরাপদ আশ্রয় দেয়। সিরিয়াসের সাথে সংক্ষিপ্ত সাক্ষাতের সময় হ্যারি এখানে সুখী ছিল, কিন্তু সে এটিকে আর নিজের বাড়ি বলে মনে করে না, এমনকি এখন আর এটি তার কাছে স্বস্তিদায়কও নয়। বরং, এর ঘোলাটে, ক্ষয়িষ্ণু অন্দরমহল হ্যারির হারানো ধর্মপিতার দুঃখজনক স্মৃতিতে পূর্ণ, যিনি সেখানেই তাঁর অসুখী শৈশব কাটিয়েছিলেন। পলাতক সিরিয়াস দীর্ঘকাল এর ভেতরে বন্দি ছিল কারণ মিনিস্ট্রি তাকে হন্যে হয়ে খুঁজছিল। হ্যারির কাছেও এই বাসস্থানটি যতটা না সুরক্ষার আশ্রয়, তার চেয়েও অনেক বেশি একটি নিরানন্দ কারাগারের মতো মনে হয়েছিল। এমনকি এর নামটিও এর ভয়াবহতাকে প্রতিফলিত করে। হ্যারির উত্তরাধিকারসূত্রে পাওয়া যুদ্ধবাজ হাউজ-এলফ ক্রিচারের সাথে এই ত্রয়ীকে আরও মোকাবিলা করতে হবে, সেইসঙ্গে উগ্র স্বভাবের শ্রীমতি ব্ল্যাকের চিৎকার করা প্রতিকৃতির সঙ্গেও। গ্রিমল্ড প্লেস যতই হতাশাজনক হোক না কেন, আপাতত এটি নিরাপদ ও আরামদায়ক, এবং ক্রিচার, হ্যারির সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকায়, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, যদিও সুযোগ পেলে সে সম্ভবত তা-ই করত। বাড়িটি একটি অপ্রত্যাশিত হলেও সৌভাগ্যজনক ফলও দিয়েছে: একটি হরক্রাক্স খুঁজে পাওয়ার সূত্র।

সিরিজের অন্যতম আকর্ষণীয় রহস্য, আর.এ.বি.-এর পরিচয়, অবশেষে চূড়ান্তভাবে তার সমাধান করা হয়েছে, অনেক পাঠকও উত্তরটি সঠিকভাবে অনুমান করেছিলেন। রেগুলাস আর্কটারাস ব্ল্যাক সম্ভবত সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অদৃশ্য চরিত্র। ড্রাকো ম্যালফয়ের মতো রেগুলাসও দ্রুতই বুঝতে পারল যে, একজন ডেথ ইটার হওয়ার জন্য তার কল্পনার চেয়েও অনেক বেশি অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যা সে কখনো ভাবতেও পারেনি বা যার সাথে মানিয়ে নেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। এছাড়াও একবার নিয়োগ পেলে, ডার্ক লর্ডের সেবা থেকে জীবিত বেরিয়ে আসার কোনো উপায় নেই। জীবন নিয়ে পালাতে না পেরে, রেগুলাস তার পরিবর্তে ভলডেমর্টের একমাত্র হরক্রাক্সটি চুরি করার পরিকল্পনা করে, যেটিকে সে স্পষ্টতই ভলডেমর্টের বলেই বিশ্বাস করত। সে নিশ্চিত ছিল যে এই প্রক্রিয়ায় সে মারা যাবে, কিন্তু এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে সে ডার্ক লর্ডকে প্রতিহত করতে সাহায্য করেছে।

রেগুলাস ও ক্রিচারের চরিত্র, তাদের পারস্পরিক সম্পর্ক, ভলডেমর্টের সাথে তাদের সম্পর্ক এবং তাদের প্রেরণা সম্পর্কেও আরও অনেক কিছু জানা যায়। এখনও পর্যন্ত, ব্ল্যাক পরিবারের এই গোঁড়া অনুগত হাউজ-এলফ ক্রিচারকে কেবল একজন বেশ জঘন্য ও অপ্রীতিকর ভৃত্য হিসেবেই দেখা হয়েছে, যে পরিস্থিতির চাপে হ্যারির সেবা করতে বাধ্য হয়েছে এবং সুযোগ পেলে সম্ভবত যে কোন উপায়েই হ্যারিকে ভলডেমর্টের সামনে প্রকাশ করে দিত। ক্রিচারের গল্পটি যে শুধু রেগুলাসের লকেট হরক্রাক্সটি উদ্ধারের ব্যাখ্যাই করে তা নয়, বরং এটি জাদুকর বিশ্বে ক্রীতদাস হাউজ-এলফদের প্রতি নিষ্ঠুর আচরণ এবং তাদের কল্যাণ বা ব্যক্তিগত অধিকারের প্রতি সামান্যতম শ্রদ্ধাবোধের অভাবকেও তুলে ধরে।

ক্রিচারকে নিয়ে হ্যারি দ্বিধাদ্বন্দ্বে ভোগে; সে যে ভলডেমর্টের কাছে সিরিয়াসকে নিয়ে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জন্য হ্যারি বিতৃষ্ণ ও ক্রুদ্ধ, কিন্তু ডার্ক লর্ড যেভাবে ওই হাউজ-এলফকে শোষণ করেছিল, তার জন্য তার সহানুভূতিও জন্মায়। হারমায়োনি ব্যাখ্যা করে যে হাউজ-এলফরা দুর্ব্যবহারের শিকার হবে এটাই আশা করে, এবং হ্যারি বুঝতে পারে যে তারা অসহায় ঘুঁটির মতো, যাদের প্রায়শই তাদের মালিকের ইচ্ছানুসারে নির্যাতন ও অপব্যবহার করা হয়। এমনকি "ক্রিচার" (প্রাণী) নামটিই ইঙ্গিত দেয় যে তাকে এবং অন্যান্য হাউজ-এলফদের পোষ্য জন্তুর চেয়ে সামান্যই বেশি কিছু বলে মনে করা হয়। যদিও তারা বুদ্ধিমান ও কথা বলতে পারা প্রাণী, তাদের একমাত্র উদ্দেশ্য ও পরিচয় হলো তাদের জাদুকর প্রভুদের সেবা করা। যদিও ক্রিচারকে দেখতে একজন ঘৃণ্য, সান্ত্বনাহীন (এবং অর্ধ-উন্মাদ) হতভাগা বলে মনে হয়, কিন্তু তার চরিত্রটি বছরের পর বছর ধরে তার ওপর হওয়া দুর্ব্যবহার এবং রেগুলাসের পরিণতি গোপন করার যন্ত্রণার ফলেই গঠিত হয়েছে; সম্ভবত এর সাথে জড়িত থাকার অনুশোচনা এবং তার প্রভুর শেষ আদেশ পালনে ব্যর্থতার বিষয়টিও যুক্ত ছিল। অনেক জাদুকরের মতোই, সিরিয়াসও সেই হাউজ-এলফটির সাথে খারাপ বা উদাসীন আচরণ করত, যদিও তাদের পারস্পরিক বিতৃষ্ণা এক্ষেত্রে একটি সহায়ক কারণ ছিল। তবে, হ্যারির ক্রমাগত সদয় ও কোমল আচরণে ক্রিচারের পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে; এমনকি এই অধ্যায়ের শেষে, হ্যারির সাথে খুব অল্প সময়ের কথোপকথনের পরেই, তাকে হ্যারির আদেশ পালনে আগের যে কোন সময়ের চেয়ে অনেক বেশি ইচ্ছুক বলে মনে হচ্ছে।

এখানে একটি ছোট প্রাসঙ্গিক বিষয় হিসেবে, আমাদের ক্রিচারের তার প্রভুর কাছে ফিরে আসার বিষয়টি লক্ষ্য করা উচিত। ইনফেরিরা ক্রিচারকে হ্রদের নিচে টেনে নিয়ে যাওয়ার পর, সে "ফিরে এসেছিল"। সে এর কোনো ব্যাখ্যা দেয় না, শুধু বলে যে সে তার প্রভুর কাছে ফিরে এসেছে। এটা অনুমান করা যুক্তিসঙ্গত যে, সে এমনটা করার জন্য হাউস-এলফদের অ্যাপারেট পদ্ধতিটি ব্যবহার করেছিল, এবং সম্ভবত এটা এমন একটা কাজ যা সে স্বাভাবিকভাবেই করে এবং তাই এর কোনো নাম নেই। আমরা ইতিমধ্যেই দেখেছি যে হাউস-এলফরা হগওয়ার্টসের ভেতরে অ্যাপারেট করতে পারে, যদিও সেখানে স্কুলের সুরক্ষামূলক মন্ত্রগুলি সাধারণত অ্যাপারেট করতে বাধা দেয়। ধারণা করা হয়, ভলডেমর্ট হরক্রাক্স গুহায় অ্যাপারিশন বন্ধ করে দিয়েছে, যাতে কোনো সম্ভাব্য চোরকে হ্রদ ও ইনফেরির কঠিন পরীক্ষার সম্মুখীন হতে বাধ্য করা যায়। একইভাবে, এটাও স্পষ্ট যে সে গুহার ভেতরে হাউজ-এলফদের অ্যাপারিশন আটকাতে ব্যর্থ হয়েছে। পাঠকদের বিশ্বাস ভলডেমর্ট অ-মানবীয় জাদুকে গুরুত্ব দিত না বলে অসাবধান হয়েছিল, এটা কি তাই! নাকি মানব জাদুকরদের পক্ষে এলফদের অ্যাপারিশন থামানো একেবারেই অসম্ভব, সে সম্বন্ধে জানা যায় না।

সিরিয়াস ব্ল্যাককে লেখা লিলির চিঠিটি একটি সাধারণ ধন্যবাদ জ্ঞাপক চিঠি এবং এতে এমন কিছু থাকার সম্ভাবনা কম যা ডেথ ইটাররা গুরুত্বপূর্ণ বলে মনে করবে। এ কারণেই চিঠিটির শুধু দ্বিতীয়ার্ধটি কেন অনুপস্থিত, তা আরও বেশি রহস্যজনক। তবে, চিঠির থেকে যাওয়া অংশটুকু হ্যারির জন্য দরকারি তথ্য সরবরাহ করে। গড্রিক'স হলোতে বসবাসকারী বৃদ্ধা বাথিল্ডা ব্যাগশটের কথা লিলি উল্লেখ করেছেন, বাথিল্ডা একজন বিখ্যাত জাদুকর-ইতিহাসবিদ। লিলির সাথে তাঁর পরিচয় ছিল বলে মনে হয় এবং তিনি ডাম্বলডোর বংশ সম্পর্কে অনেক কিছু জানতে পারেন। হ্যারি সাথে সাথে গড্রিক'স হলোতে যেতে চায়। তার উদ্দেশ্য শুধু বাথিল্ডার সাথে দেখা করে তার কাছ থেকে ডাম্বলডোর ও তার পরিবার সম্পর্কে আরও তথ্য জানাই নয়, বরং নিজের জন্মস্থানটিও দেখাও। হারমায়োনি এতে নিষেধ করে, সে বলে যে এটি তাদের অভিযানের সাথে সম্পর্কহীন, খুব বিপজ্জনক, এবং তার সন্দেহ হয় যে ভলডেমর্ট সেখানে একটি ফাঁদ পেতে রেখেছে। এর পরিবর্তে হারমায়োনি হ্যারিকে উৎসাহিত করে রনের আন্টি মুরিয়েল, রিতা স্কেটার এবং অন্যদের দ্বারা ছড়ানো বিদ্বেষপূর্ণ গুজব ও ভিত্তিহীন ইঙ্গিতে বিশ্বাস না করে ডাম্বলডোর সম্পর্কে তার নিজের অনুভূতি এবং স্মৃতির ওপর বিশ্বাস রাখতে।

চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে ডাম্বলডোর জেমসের ইনভিজিবিলিটি ক্লোকটি ধার নিয়েছিলেন, যদিও কি উদ্দেশ্যে নিয়েছিলেন তা এখনও অজানা। এটি আমাদের মনে করিয়ে দেয় যে জেমসের মৃত্যুর সময় ক্লোকটি ডাম্বলডোরের কাছেই ছিল, এবং সম্ভবত এর উদ্দেশ্য হলো পাঠকের মনে এই কৌতূহল জাগানো যে তিনি কেন এটি চেয়েছিলেন। চিঠিটি এই কারণেও তাৎপর্যপূর্ণ যে, সম্ভবত এই প্রথম হ্যারি তার মায়ের হাতের লেখা দেখেছে বা তাঁর নিজের লেখা পড়েছে। হ্যারি তার মায়ের চেয়ে বাবার সঙ্গেই বেশি একাত্ম বোধ করত, তাই এই চিঠিটি তার মধ্যে নতুন এক অনুভূতির জন্ম দেয় যা তাকে তার মায়ের আরও কাছে নিয়ে আসে। এটি আরও একটি উপায় দেখায় যার মাধ্যমে মৃতরা সমাধির ওপার থেকে কথা বলতে এবং জীবিতদের প্রভাবিত করতে সক্ষম।

ছেঁড়া ছবিটি রহস্যকে আরও ঘনীভূত করেছে। সম্ভবত এর হারানো অর্ধাংশে জেমস বা লিলির ছবি ছিল, যেখানে তাঁরা গর্বের সাথে তাঁদের ছোট ছেলেকে তার প্রথম খেলনা ঝাড়ুতে চড়ে উড়তে দেখছেন। ঠিক কি কারণে কেউ ছেঁড়া অর্ধাংশটি নেবে তা অজানা, এবং নিঃসন্দেহে কৌতূহলোদ্দীপক।

প্রশ্ন

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

পর্যালোচনা

[সম্পাদনা]
  1. হ্যারি ডাম্বলডোর সম্পর্কে আরও জানতে বাথিল্ডা ব্যাগশটের সাথে দেখা করতে চায়। আর কারা তার সম্পর্কে বাথিল্ডার সাথে কথা বলতে আগ্রহী হতে পারত এবং কেন?
  2. হারমায়োনি কেন হ্যারিকে অন্যদের কথার উপর নির্ভর না করে ডাম্বলডোর সম্পর্কে তার নিজের স্মৃতির উপর নির্ভর করতে বলে?
  3. হ্যারিকে নিয়ে ক্রিচারের আচরণ কিভাবে বদলে গেছে? এর কারণ কি হতে পারে?
  4. ক্রিচার কেন লকেট হরক্রাক্সটি ধ্বংস করেনি? হরক্রাক্স এবং এলফদের জাদু সম্পর্কে যা জানা যায়, তাতে সে কি এটি ধ্বংস করতে পারত?
  5. হ্যারি কেন ক্রিচারের প্রতি একাধারে বিচারপ্রবণ এবং সহানুভূতিশীল? হারমায়োনির ব্যাখ্যা কি এবং রন ও হ্যারি কি তাতে একমত?

আরও পড়া

[সম্পাদনা]
  1. লিলির চিঠির শুধু দ্বিতীয় পাতা এবং ছবি থেকে তার প্রতিচ্ছবিটি কেন অনুপস্থিত থাকবে? কারা এগুলো নিয়ে থাকতে পারে?
  2. বাথিল্ডা ব্যাগশটের সাথে কথা বলে হ্যারি তার বাবা-মা এবং ডাম্বলডোর সম্পর্কে কি জানতে পারত? তার দেওয়া তথ্যগুলো কি অন্য কারো তথ্যের চেয়ে বেশি সত্য, নির্ভুল বা নিরপেক্ষ হতো?
  3. হারমাইনি কেন হ্যারিকে গড্রিক'স হলোতে যেতে বা বাথিল্ডা ব্যাগশটের সাথে কথা বলতে বারণ করে? হ্যারির কি তার পরামর্শ শোনা উচিত? ব্যাখ্যা করো।
  4. হ্যারি সন্দেহ করে যে ডেথ ইটাররা গ্রিমল্ড প্লেসে তল্লাশি চালিয়েছিল। এই ধারণাটি কেন ভুল হতে পারে? কারা এবং কেন তল্লাশি চালিয়ে থাকতে পারে?
  5. রেগুলাস ব্ল্যাক কিভাবে জানত যে লকেটটি একটি হরক্রাক্স? কেন সে এটি ধ্বংস করার জন্য নিজের জীবন উৎসর্গ করতে ইচ্ছুক ছিল?
  6. ক্রিচার বলে যে তাকে জোর করে পান করানো পানীয়টি তার মনে ভয়ঙ্কর চিন্তা এনে দিয়েছিল। তার চরিত্র সম্পর্কে যা জানা যায়, তার ওপর ভিত্তি করে সেই চিন্তাগুলো কি হতে পারত? রেগুলাস কেন ক্রিচার বা অন্য কোনো হাউজ-এলফকে আদেশ না দিয়ে, সম্ভাব্য ক্ষতিকর জেনেও নিজে সেই পানীয়টি পান করল?

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

লিলির চিঠির অনুপস্থিত অর্ধেক অংশ এবং ছেঁড়া ছবিটি তাৎপর্যপূর্ণ, যদিও পাঠকরা যেভাবে আশা করতে পারেন সেভাবে নয়। স্নেপ চিঠিটি এবং ছবিটি (লিলির ছবিসহ) নিয়েছিল, দৃশ্যত ব্যক্তিগত কারণে, এই কারণে নয় যে সেগুলোতে ভলডেমর্ট, ডাম্বলডোর বা অর্ডার অফ দ্য ফিনিক্স সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য ছিল।

চিঠিতে ডাম্বলডোর যে জেমসের ইনভিজিবিলিটি ক্লোকটি ধার নিয়েছিলেন, তার উল্লেখটিও তাৎপর্যপূর্ণ। জানা যাবে যে, ক্লোকটি তিনটি ডেথলি হ্যালোর মধ্যে একটি। ডাম্বলডোরের জাদুদণ্ডটিও আরেকটি হ্যালো, এবং তিনি তৃতীয়টির সন্ধান করছিলেন; সম্ভবত এই আশায় যে, মৃত্যুকে জয় করার তিনটি ডেথলি হ্যালোর কিংবদন্তিতুল্য ক্ষমতা তাঁকে তাঁর হারানো পরিবারের সঙ্গে পুনরায় মিলিত করবে।

রেগুলাস কিভাবে জানতে পারল যে লকেটটি একটি হরক্রাক্স, তা কখনোই ব্যাখ্যা করা হয়নি। স্পষ্টতই সে এটাও কখনো বোঝেনি যে কিভাবে একটি হরক্রাক্স ধ্বংস করতে হয়, কারণ সে কেবল ক্রিচারকে সেটি নিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছিল, সম্ভবত সে এই ভেবেছিল যে কোন শক্তিশালী জাদুমন্ত্রই কাজটা করে দেবে। প্রচলিত জাদু দিয়ে ধ্বংস করতে না পেরে ক্রিচার কেবল সেটি নিজের কাছেই রেখে দিয়েছিল। হ্যারি ইতিমধ্যে হারমায়োনির গবেষণার মাধ্যমে জেনে গেছে যে এই অন্ধকার জাদুর বস্তুগুলো ধ্বংস করার মাত্র কয়েকটি পদ্ধতি আছে, এবং ভলডেমর্টের হরক্রাক্সগুলো নির্মূল করার জন্য তাকে অবশ্যই কোনো বিকল্প উপায় খুঁজে বের করতে হবে। রেগুলাসের মতোই, হগওয়ার্টসের যুদ্ধের সময় যদি সে, রন বা হারমাইনি শেষ হরক্রাক্সটি ধ্বংস করতে ব্যর্থ হয়, তবে হ্যারিও একইভাবে কাউকে (নেভিল লংবটম) সেই দায়িত্ব দেবে। দুর্ভাগ্যবশত, হ্যারি নেভিলকে এই কাজটি ঠিক কিভাবে সম্পন্ন করতে হবে সে বিষয়ে নির্দেশ দিতে অবহেলা করে, এবং নেভিলকে তার নিজের মতো করে কাজ করতে ছেড়ে দেয়।

ভলডেমর্টের অত্যন্ত সুরক্ষিত সমুদ্র-গুহায় ক্রিচারের সহজে অ্যাপারেট করে প্রবেশ ও প্রস্থান করার ক্ষমতা এটাই প্রমাণ করে যে, এলফদের জাদু জাদুকরদের জাদু থেকে কিভাবে আলাদা। এই ক্ষমতাটি, যা আমরা হগওয়ার্টসে ইতিমধ্যেই বেশ কয়েকবার দেখেছি, পরবর্তী একটি অধ্যায়ে আবার দেখা যাবে যখন ডবি একটি জাদুকরীভাবে সুরক্ষিত স্থানে অ্যাপারেট করে বন্দী ত্রয়ী এবং আরও কয়েকজনকে উদ্ধার করবে। এই ক্ষমতাটি ভলডেমর্টের একটি বড় দুর্বলতাকেও তুলে ধরে, সে এই বিষয়টি বিবেচনা করতে পারেনি যে, যাকে সে নিকৃষ্ট মনে করে, সে আসলে জাদুকরীভাবে আরও বেশি শক্তিশালী হতে পারে।

এছাড়াও, গড্রিক'স হলো নিয়ে হারমায়োনির ভয় যে অমূলক ছিল না, তা পরে প্রমাণিত হবে, যদিও সেখানে যাওয়ার পরিকল্পনাটি পরে তারই ছিল।

সংযোগ

[সম্পাদনা]

এই অধ্যায়ে যেমন উল্লেখ করা হয়েছে, হ্যারির প্রথম জন্মদিনে সিরিয়াসের তাকে একটি ঝাড়ু পাঠানোর ঘটনাটি, হগওয়ার্টসে হ্যারির তৃতীয় বছরের বড়দিনে তার জন্য একটি ফায়ারবোল্ট রেসিং ঝাড়ু কিনে দেওয়ার পরবর্তী ঘটনার প্রতিধ্বনি। অবশ্য, সেই সময়ে এটি কে পাঠিয়েছিল তা অজানা ছিল; সিরিয়াস সেই বইটির প্রায় শেষের দিকে তার ভূমিকা প্রকাশ করে।