মাগলস গাইড টু হ্যারি পটার
অধ্যায় ৩ : হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস: দ্য বারো
সারমর্ম
[সম্পাদনা]রন উইজলি ও তার দুই দাদা, ফ্রেড ও জর্জ, একটি উড়ুক্কু ফোর্ড অ্যাংলিয়া গাড়িতে চড়ে হ্যারির জানালার বাইরে অবস্থান করছে। হ্যারিকে উদ্ধার করার উদ্দেশ্যে তারা গাড়িটির সাহায্যে জানালার শিকগুলো উপড়ে ফেলে। ফ্রেড ও জর্জ সিঁড়ির নিচের আলমারিতে তালাবদ্ধ অবস্থায় রাখা হ্যারির হগওয়ার্টসের জিনিসপত্রগুলো সংগ্রহ করে গাড়িতে তুলে নেয়।
হ্যারির পোষা প্যাঁচা হেডউইগ তীক্ষ্ণ চিৎকার করে হ্যারিকে মনে করিয়ে দেয় যে, তাকে পেছনে ফেলে যাওয়া হচ্ছে। এই শব্দে ভার্ননকাকার ঘুম ভেঙে যায়; হ্যারি যখন জানালার অর্ধেকটা দিয়ে বেরিয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে তিনি হ্যারির ঘরে ঢুকে পড়েন। হ্যারির গোড়ালি খপ করে ধরে তিনি তাকে ভেতরে টেনে আনার চেষ্টা করেন; কিন্তু হ্যারি সজোরে নিজেকে ছাড়িয়ে নেয়, যার ফলে ভার্নন কাকা জানালা দিয়ে ছিটকে বাইরে পড়ে যান এবং স্তূপীকৃত মরা পাতার ওপর গিয়ে আছড়ে পড়েন। ভার্নন পড়ে যাওয়ার সুযোগে হ্যারি, রন, ফ্রেড এবং জর্জ উইজলিদের বাড়ি দ্য বারোর উদ্দেশ্যে রওনা দেয়।
হ্যারি রন, ফ্রেড এবং জর্জকে ডবির কথা জানায়; তারা জল্পনা-কল্পনা করতে থাকে যে ডবির মালিক কে, এবং শেষমেশ এই সিদ্ধান্তে পৌঁছায় যে ববির মালিক সম্ভবত ম্যালফয়রাই। হ্যারি জানতে পারে যে, ড্র্যাকো ম্যালফয়ের বাবা, লুসিয়াস ম্যালফয়, একসময় লর্ড ভোলডেমর্টের সমর্থক ছিলেন।
হ্যারিরা সবাই দ্য বারো নামের অদ্ভুত এক বাড়িতে এসে পৌঁছায়। মলি উইজলি তাদের জন্য অপেক্ষা করছিলেন, গাড়িটা 'ধার' করার কারণে তিনি প্রচণ্ড রেগে ছিলেন। ফ্রেড, জর্জ আর রনকে বকাঝকা করার পর, মিসেস উইজলি উষ্ণভাবে হ্যারিকে স্বাগত জানান। প্রাতরাশের সময়, হ্যারি রনের ছোট বোন গিনের্ভাকে (জিনি) এক ঝলক দেখতে পায়, যে কিনা আপাতদৃষ্টিতে খুবই লাজুক।
শাস্তি হিসেবে মলি ঠিক করেন ফ্রেড, জর্জ ও রনকে গিল্ডেরয় লকহার্টের বইয়ে থাকা 'গৃহস্থালীর কীটপতঙ্গের নির্দেশিকা' পদ্ধতি ব্যবহার করে বাগানটি যক্ষমুক্ত করতে হবে। কোনো প্রয়োজন না থাকলেও কৌতূহলী হ্যারি তাদের সাহায্য করতে যায়। সে চামড়ার মতো দেখতে যক্ষগুলোকে আলতো করে বেড়ার ওপরে ফেলার চেষ্টা করে, কিন্তু একটা যক্ষ তাকে কামড়ে দেয়। এরপর সে উইজলিদের দেখাদেখি যক্ষগুলোকে হাওয়ায় কিছুক্ষণ ঘুরিয়ে তারপর ছুঁড়ে ফেলে। এরকম করলে যক্ষদের মাথা ঘুরে যাওয়ার কারণে তারা আর ফিরে আসার পথ খুঁজে পায় না।
রনের বাবা আর্থার উইজলি জাদুমন্ত্রকে কাজ করেন। তিনি অবৈধ ও কালো জাদুর জিনিসপত্র খোঁজার নৈশকালীন কাজ শেষে বাড়ি এসে পৌঁছান। মিস্টার উইজলি মাগলদের প্রযুক্তি ও যন্ত্রপাতি ভালোবাসেন, এবং গাড়িতে তার ছেলেদের অভিযান দেখে তিনি স্পষ্টতই উৎসাহিত হয়ে ওঠেন। শেষে মিসেস উইজলি এসে তাকে কঠোরভাবে তিরস্কার করেন। রন হ্যারিকে তার শোবার ঘর দেখায়, যা কুইডিচের পোস্টারে ঠাসা। সে তার বাড়ির অগোছালো অবস্থার জন্য ক্ষমা চায়, কিন্তু হ্যারির সবকিছুই চমৎকার মনে হতে থাকে। যক্ষদের বাগানে ফিরে যেতে দেখতে দেখতে সে উইজলিদের সাথে গ্রীষ্মেকালের বাকি সময়টুকু কাটানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে।
বিশ্লেষণ
[সম্পাদনা]গত অধ্যায়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম: রন কীভাবে হ্যারিকে সাহায্য করতে পারে? রন অপ্রাপ্তবয়স্ক, ফ্রেড এবং জর্জও তাই, এবং তারা সক্ষম হলেও, হ্যারিকে মুক্ত করার জন্য জাদু ব্যবহার করা থেকে তাদের বিরত রাখা হয়। তবে, উড়ুক্কু গাড়িটি ছাড়া, যা আপাতদৃষ্টিতে অপ্রাপ্তবয়স্কদের জাদু ব্যবহারের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে না, হ্যারিকে মুক্ত করার জন্য আর কোনো জাদু ব্যবহার করা হয় না। পরিবর্তে, গাড়িটির সাহায্যে জানালার শিক খুলে ফেলা হয়, এবং ফ্রেড ও জর্জ সাধারণ মাগল হেয়ারপিন দিয়ে শোবার ঘর এবং সিঁড়ির নিচের আলমারির তালা খোলে। সেই একই হেয়ারপিন হেডউইগের খাঁচা খোলার জন্য ব্যবহার করা হয়। হেডউইগ ঐ গ্রীষ্মে প্রথমবারের মতো মুক্তি লাভ করে। মন্ত্রোচ্চারণ করলে নিষেধাজ্ঞার চিহ্ন সক্রিয় হয়, কিন্তু উড়ন্ত গাড়ির মতো জাদুমন্ত্রে আচ্ছন্ন বস্তু ব্যবহার করলে তা হয় না; এই বিষয়টি লেখিকা স্পষ্ট করে ব্যাখ্যা করেননি। এবিষয়ে কিছু জল্পনা-কল্পনার জন্য, অনুগ্রহ করে অপ্রাপ্তবয়স্কদের জাদুচর্চার ওপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতার অধ্যাদেশ শীর্ষক নিবন্ধটি দেখুন।
হ্যারি কত দ্রুত উইজলি পরিবারে মানিয়ে নেয় এটা লক্ষণীয়। পাঠকের মনে হতে পারে যে, হ্যারি প্রায় সঙ্গে সঙ্গেই উইজলি পরিবারে স্বচ্ছন্দ বোধ করতে শুরু করে, এমনকি মিসেস উইজলি তার সকালের প্রাতরাশে প্লেটে কয়েকটি অতিরিক্ত সসেজ দেওয়ারও আগে। নিঃসন্দেহে, এর একটা কারণ হলো রনের সাথে তার আগে থেকেই থাকা বন্ধুত্ব, কিন্তু শুধু সেটাই ব্যাখ্যার জন্য যথেষ্ট নয়। আমরা অনুমান করতে পারি যে, দ্য বারোয় হ্যারির এই ক্রমবর্ধমান স্বাচ্ছন্দ্যের একটা অংশ তার জাদুকরী ক্ষমতার স্বীকৃতির কারণে এবং অন্য অংশ উইজলি পরিবারের সদস্যদের পরস্পরের খেয়াল রাখার কারণে। এই ঘনিষ্ট সম্পর্কই হ্যারি ডার্সলিদের বাড়িতে থাকার সময় খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কখনও খুঁজে পায়নি।
লেখিকা প্রায় সব চরিত্রকে বাস্তবে দেখার আগেই তাদের নাম উল্লেখ করেন। গিল্ডেরয় লকহার্ট, যার বইয়ে বড় ভূমিকা রয়েছে, তাকে এখানে শুধুমাত্র নামেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সে আপাতদৃষ্টিতে সুদর্শন ("মা ওকে পছন্দ করে," ফ্রেড বেশ জোরে ফিসফিস করে বলল), এবং সমস্যার সমাধানে তার পদ্ধতিগুলো কাগজে-কলমে ভালো মনে হলেও, প্রয়োগ করলে তা কেবল সাময়িকভাবেই কাজ করে বলে মনে হয়। সূর্যাস্তের সময়, হ্যারি উইজলিদের ঝোপের মধ্য দিয়ে যক্ষদের একে একে বাগানে ফিরে আসতে দেখতে পায়।
জিনি উইজলির আবার আবির্ভাব ঘটে। সে দূর থেকে হ্যারির দিকে শুধু এক ঝলক তাকায়; যতবারই হ্যারিকে দেখে (এই অধ্যায়ে দু'বার), আঁতকে ওঠে এবং দৌড়ে পালায়। রন বলে, "তুমি জানো না ওর এত লাজুক হওয়াটা কত অদ্ভুত, ও তো সাধারণত মুখ বন্ধই করে না..." হয়তো তার সেই চিরাচরিত স্কুলছাত্রীদের মতো হ্যারির প্রতি ভালোলাগা আছে, সে মনে মনে হ্যারিকে বীরের মতো কল্পনা করে, কিন্তু সশরীরে তার সামনে এসে কথা বলতে ভয় পায়।
প্রশ্ন
[সম্পাদনা]
পর্যালোচনা
[সম্পাদনা]- রন এবং তার যমজ দাদারা কেন প্রিভেট ড্রাইভে গিয়েছিল?
- কোন বিষয় দেখে ছেলেগুলো সন্দেহ করতে থাকে যে ডবি ম্যালফয়দের মালিকানাধীন?
- মিসেস উইজলি কেন তার ছেলেদের শাস্তি দেন? হ্যারি কেন স্বেচ্ছায় এতে অংশ নেয়?
আরও অধ্যয়ন
[সম্পাদনা]- গিল্ডেরয় লকহার্টের পদ্ধতিগুলো কেন কেবল সাময়িকভাবে কাজ করত?
- জিনি, যে সাধারণত বেশি কথা বলে, সে কেন লাজুক আচরণ করছে?
- মিসেস উইজলি মিস্টার উইজলির উপর কেন বিরক্ত? মিস্টার উইজলি কি যথাযথ আচরণ করছেন?
- উইজলিদের বাড়ির জীবনের সাথে ডার্সলি পরিবারের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। এই সাদৃশ্য এবং/অথবা বৈসাদৃশ্যগুলো হ্যারিকে কীভাবে প্রভাবিত করে?
- এই অধ্যায়ে যা দেখা ও শোনা গেছে তার ভিত্তিতে, গিল্ডেরয় লকহার্ট কেমন হতে পারেন তার একটি বর্ণনা দাও।
বৃহত্তর প্রেক্ষাপট
[সম্পাদনা]ছেলেগুলো সঠিকভাবে অনুমান করেছে যে ডবি ম্যালফয়দের, যদিও বইয়ের শেষ পর্যন্ত হ্যারি এ বিষয়ে নিশ্চিত হতে পারবে না। যেহেতু ডবি ম্যালফয়দের সম্পত্তি, তাই তার কার্যকলাপ আপাতদৃষ্টিতে হ্যারিকে রক্ষা করার উদ্দেশ্যে পরিচালিত বলে মনে হলেও, প্রকৃতপক্ষে বেশ সন্দেহজনক ঠেকে; মনে হয় যেন কোনো এক অশুভ উদ্দেশ্যে ম্যালফয় পরিবার তাকে দিয়ে এসব করিয়ে নিচ্ছে। অবশ্য, হগওয়ার্টসে ফিরে গেলে হ্যারি যে চরম বিপদের সম্মুখীন হতে পারে, সে বিষয়ে সতর্ক করতে গিয়ে ডবি নিজের জীবনকেও ঝুঁকির মুখে ফেলে দেয়। যেহেতু ডবি ম্যালফয়দের দাস, তাই সে জানতে পারে যে, হগওয়ার্টসের ভেতরে রাক্ষস লেলিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, তার নেপথ্যে রয়েছেন ড্রাকোর বাবা, লুসিয়াস ম্যালফয়। ম্যালফয় পরিবারের গোপনতা রক্ষা করার জন্য ডবি জাদুদ্বারা আবদ্ধ, তাই হ্যারিকে দেওয়া তার সতর্কবার্তাটি এতটাই অস্পষ্ট হয়ে পড়ে যে, হ্যারি তা খুব একটা আমলে নেয়নি। অবশ্য ডবি যদি আরও স্পষ্টভাবে কথা বলতে পারত, যা হলেও হ্যারিকে হগওয়ার্টসে ফিরে যাওয়া থেকে বিরত রাখা কারো পক্ষেই সম্ভব হতো না। কারণ হ্যারি মনে করে, এই হগওয়ার্টস-ই হলো একমাত্র জায়গা, যেখানে সে যথার্থভাবে মানিয়ে চলতে পারে।
হ্যারিকে দেখে জিনি যেভাবে প্রতিক্রিয়া দেখায়, তা দেখে মনে হয় না যে তাদের মধ্যে কখনো কোনো গভীর সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা আছে। অনেক সময়ই দেখা যায়, স্কুলপড়ুয়া মেয়েদের মনে কারো প্রতি যে ভালোলাগা তৈরি হয়, তা সময়ের সাথে সাথে ফিকে হয়ে যায়; আর জিনির অনুভূতিগুলোকেও রোম্যান্টিক আকর্ষণের পরিবর্তে হ্যারির প্রতি এক ধরণের কৃত্রিম বীর-পূজা বলেই মনে হয়। তবে জিনিকে এমন বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে যেতে হয়, যা তাকে দ্রুত পরিপক্ক হয়ে উঠতে বাধ্য করে; আর হ্যারি আসলে কেমন মানুষ, তা ধীরে ধীরে বুঝতে পারার সাথে সাথে হ্যারির প্রতি তার অনুভূতিগুলোও ক্রমশ গভীর হতে থাকে। এমনকি এই অধ্যায় শুরু হওয়ারও আগে থেকে জিনির চরিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করাটা বেশ ফলপ্রসূ হবে; কারণ লেখিকা চরিত্রটির বিকাশের বিষয়টি অত্যন্ত বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলেছেন, যার চূড়ান্ত পরিণতি ঘটে হ্যারির সাথে তার প্রকৃত রোম্যান্টিক সম্পর্কের মধ্য দিয়ে।
এই অধ্যায়ে আরও বেশ কিছু ছোটখাটো ঘটনা ঘটে। শীঘ্রই গিলডেরয় লকহার্টের আবির্ভাব ঘটে, ঠিক আমাদের প্রত্যাশা মতোই: শারীরিকভাবে আকর্ষণীয়, অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী এবং আপাতদৃষ্টিতে বিশ্বাসযোগ্য, কিন্তু শেষাবধি সম্পূর্ণ অবিশ্বস্ত। কাউকে কেবল তার কিছু কাঙ্ক্ষিত গুণাবলির কারণে অন্ধভাবে বিশ্বাস করার এই প্রবণতাটি অন্যান্য চরিত্রের মাধ্যমেও ফুটিয়ে তোলা হয়েছে; বিশেষ করে টম রিডলের ক্ষেত্রে, যে ছিল স্লিদারিনের একজন প্রাক্তন ছাত্র। সে পঞ্চাশ বছর আগে ‘চেম্বার অফ সিক্রেটস’ উন্মুক্ত করা ও রাক্ষস লেলিয়ে দেওয়ার ঘটনায় হ্যাগ্রিডকে মিথ্যাভাবে ফাঁসিয়েছিল। ওই আক্রমণগুলোর নেপথ্যে রিডল থাকলেও তাকে বিশ্বাসযোগ্য মনে করা হয়েছিল তার সুদর্শন চেহারা, প্রখর বুদ্ধিমত্তা, অমায়িক ব্যক্তিত্ব এবং সর্বোপরি পূর্ণ মানুষ হওয়ার কারণে। (আমরা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অফ ফায়ার’ বইটিতে জানতে পারব যে, হ্যাগ্রিড আসলে অর্ধ-দানব।)
যক্ষদের বাগানে ফিরে আসার ঘটনাটি আসলে লকহার্টের চরিত্র বোঝার একটি গুরুত্বপূর্ণ দিক। যদিও আমরা এখনও তার সাথে পরিচিত হইনি, তাও এই ছোট ঘটনাটি লকহার্টের কাজকর্মের উৎকৃষ্ট উদাহরণ: জমকালো, বিশ্বাসযোগ্য, যা প্রথমে সফল বলে মনে হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এই বইয়ের পরবর্তী অংশে আমরা খোদ মানুষটির মধ্যে এবং তার জাদুর মধ্যেও একই জিনিস দেখতে পাব।
উড়ুক্কু ফোর্ড অ্যাংলিয়া আরও কয়েকবার আবির্ভূত হবে; বিশেষ করে, যখন রন ও হ্যারি দেখবে যে তারা পৌনে দশ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারছে না, তখন এই গাড়িটিই তাদের স্কুলে পৌঁছে দেবে; বইয়ের পরবর্তী অংশে যখন হ্যারি ও রন নিষিদ্ধ অরণ্যে গিয়ে বিপদে পড়বে, তখন এই গাড়িই আবার তাদের উদ্ধার করবে।
আর্থার উইজলি জনৈক মুন্ডাঙ্গাস ফ্লেচারের কথা উল্লেখ করেন, যে তার অলক্ষ্যে তাকে অভিশাপ দেওয়ার চেষ্টা করেছিল। এই সংক্ষিপ্ত উল্লেখ থেকে যা আশা করা যায়, মুন্ডাঙ্গাস চতুর্থ বইতে এবং তার পরের প্রতিটি বইতে পুনরায় আবির্ভূত হয়। আমরা তাকে কখনোই বিশ্বাসযোগ্য বলে মনে করি না, যদিও সে অর্ডার অফ দ্য ফিনিক্সের সদস্য এবং আপাতদৃষ্টিতে ডাম্বলডোর ও অর্ডারের প্রতি অনুগত।
মন্ত্রকে মিস্টার উইজলির চাকরিটিও গুরুত্বপূর্ণ প্রমাণিত হবে, কারণ চাকরিটি শুধু তাকে কালো জাদুর জন্য অন্যান্য চরিত্রদের তদন্ত করার কর্তৃত্ব দেয় না, সেই সাথে তার আপাত উচ্চাকাঙ্ক্ষাহীন স্বভাবকে তুলে ধরে। কারণ তিনি যা করেন তা আসলে উপভোগ করেন এবং তাতেই লেগে থাকেন, মন্ত্রণালয়ের অন্যান্য কর্মচারীদের মতো মর্যাদা ও আরও বেশি অর্থ অর্জনের জন্য প্রচলিত পেশাগত উন্নতির পথ পরিহার করেন। এই অস্বাভাবিক বৈশিষ্ট্য লুসিয়াস ম্যালফয়ের মতো লোকেদের কাছ থেকে অবাঞ্ছিত মনোযোগ আকর্ষণ করে।
এছাড়াও, লেখিকা যেমনটা সাধারণত সিরিজে কোনো বস্তু বা ব্যাক্তিকে ভূমিকা রাখার অনেক আগেই পরিচয় করিয়ে দেন, তেমনই এখানেও উল্লেখ করা হয়েছে যে উইজলিদের চিলেকোঠায় একটি পিশাচ আছে। এই পিশাচটি সিরিজের শেষ বইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যদিও তার আগে পর্যন্ত পাঠকদের কাছে এই পিশাচ অদৃশ্যই থেকে যায়।
সংযোগ
[সম্পাদনা]- উইজলিদের চিলেকোঠার পিশাচকে স্পাটারগ্রয়েটে আক্রান্ত রনের মতো সাজানো হবে, যাতে হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোসে রন যখন হ্যারির সাথে বারো ছেড়ে চলে যায়, তখন হগওয়ার্টসে তার অনুপস্থিতির ব্যাখ্যা দেওয়া যায়।
- আর্থার উইজলির উচ্চাকাঙ্ক্ষার অভাব তার বড়ো ছেলে পার্সির সাথে বিরোধের কারণ হয়ে উঠবে। পার্সিও জাদুমন্ত্রকে কাজ করে এবং অত্যন্ত উচ্চাভিলাষী। সে কিছুতেই মেনে নিতে পারে না যে তার বাবা একটি অগ্রগতিহীন চাকরি নিয়ে সুখী আছেন। যে বিষয়টি শেষ পর্যন্ত পার্সির পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণ হয়, তা আংশিকভাবে এই বিষয়ের উপরই ভিত্তি করে গড়ে উঠেছে। হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ারের শেষে মন্ত্রকের আনুষ্ঠানিক অবস্থান হয় যে ডাম্বলডোর এবং হ্যারি ভোলডেমর্টের প্রত্যাবর্তন সম্পর্কে মিথ্যা বলছেন, এবং আর্থার তার মন্ত্রণালয়ের পদোন্নতির সুযোগের জন্য ডাম্বলডোরের প্রতি তার বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করে। পার্সি ডাম্বলডোরের প্রতি পারিবারিক সমর্থন থেকে নিজ কর্মজীবনে যে বাধা আসতে পারে তা এড়াতে পরিবারের সাথে সব সম্পর্ক ছিন্ন করে।
- আমরা সাধারণত সংযোগ বিভাগে চরিত্রদের উল্লেখ করি না, কিন্তু এই অধ্যায়ে মুন্ডাঙ্গাস ফ্লেচারের উল্লেখটি বিশেষভাবে লক্ষণীয়। ফ্লেচার, যে পরবর্তীতে হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ারে আবার আবির্ভূত হবে এবং পরবর্তী বইগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সে উল্লেখযোগ্য কারণ এতে ইঙ্গিত পাওয়া যায় যে লেখিকা ইতোমধ্যেই জাদুকরি আন্ডারওয়ার্ল্ডের পরিকল্পনা শুরু করেছিলেন, যারা মূল দ্বন্দ্বের কোনো পক্ষের সাথেই জড়িত নয়, বরং নিজেদের সুবিধার জন্য যা সম্ভব তাই করতে উদ্যত। ফ্লেচার ছোটখাটো প্রতারক, চোর এবং নিষিদ্ধ ও চুরির মালের ব্যবসায়ী হয়ে উঠবে, কিন্তু সম্মানের প্রান্তসীমায় তার অবস্থানের কারণে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরের বার আমরা যখন তাকে দেখব, তখন সে একটি বারো-কক্ষওলা তাঁবুর ক্ষতির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করছে, যেটি সে আদৌ কখনো কেনেইনে।