বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার

অধ্যায় ১৮ : হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস: ডবির পুরস্কার← অধ্যায় ১৭ |

সারমর্ম

[সম্পাদনা]
সতর্কীকরণ: কাহিনির অংশ এবং/অথবা সমাপ্তির গুরুত্বপূর্ণ তথ্য নিচে প্রকাশ করা হয়েছে।

অধ্যাপক ম্যাকগোনাগালের অফিসের ভেতরে, শ্রী এবং শ্রীমতি উইজলি সঙ্গে সঙ্গে জিনিকে জড়িয়ে ধরলেন। তাঁরা, এবং সেই সাথে অধ্যাপক ডাম্বলডোর ও অধ্যাপক ম্যাকগোনাগালও তখন হ্যারির বর্ণনা শুনছিলেন, যা ঘটেছিল তা বর্ণনা করতে গিয়ে হ্যারি যথাসম্ভব জিনি ও ডায়েরির ভূমিকা বাদ দিচ্ছিল। অধ্যাপক ডাম্বলডোর ভাবছিলেন লর্ড ভলডেমোর্ট কিভাবে জিনিকে বশ করেছেন, কারণ মনে করা হচ্ছে তিনি বর্তমানে আলবেনিয়ায় লুকিয়ে আছেন। ডাম্বলডোর পরিষ্কারভাবে জানেন যে জিনি দোষী ছিল না এবং তিনি ব্যাখ্যা করেন কিভাবে রিডলের ডায়েরি জিনিকে নিয়ন্ত্রণ করছিল, এই সব শুনে হ্যারি স্বস্তি পায়। হ্যারি ডায়েরিটার সাথে তলোয়ার আর সর্টিং হ্যাটও নিয়ে এসেছে। ডাম্বলডোর নিশ্চিত করেন যে রিডল এবং ভলডেমোর্ট একই ব্যক্তি, এই তথ্যটি অনেক লোকই জানেনা। শ্রীযুক্ত উইজলি জিনিকে তিরস্কার করে বলেন: "যে বস্তু নিজে নিজে চিন্তা করতে পারে, তাকে কখনো বিশ্বাস করো না, তুমি তো দেখতেই পাচ্ছনা যে সে তার মস্তিষ্কটা কোথায় রাখে!" ডাম্বলডোর বলেন, জিনিকে কোনো শাস্তি দেওয়া হবে না। "তার চেয়েও বয়স্ক ও জ্ঞানী জাদুকররা লর্ড ভলডেমোর্টের দ্বারা প্রতারিত হয়েছেন।" তিনি তাকে হসপিটাল উইংয়ে পাঠিয়ে দেন এবং বলেন যে ম্যাডাম পমফ্রে সেখানেই থাকবেন এবং প্রস্তরীভূত ছাত্রছাত্রীদের ম্যানড্রেকের রস বিতরণ করবেন। তিনি গিনিকে বিছানায় শুয়ে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন এবং গরম চকোলেট খাওয়ারও পরামর্শ দেন, এটি জিনিকে সবসময় উৎফুল্ল করে তোলে। হারমায়োনির কোনো স্থায়ী ক্ষতি হবে না এটা শুনে রন স্বস্তি পায়। শ্রী ও শ্রীমতি উইজলি জিনিকে নিয়ে চলে যাওয়ার সময়, ডাম্বলডোর অধ্যাপক ম্যাকগোনাগলকে রান্নাঘরে খবর দিতে পাঠান ভোজের আয়োজন করার জন্য।

বিদ্যালয়ের প্রতি সেবার জন্য অধ্যাপক ডাম্বলডোর রন ও হ্যারিকে বিশেষ পুরস্কার এবং সেই সাথে প্রত্যেককে দু'শো হাউস পয়েন্ট প্রদান করেন। অধ্যাপক লকহার্টের শূন্য দৃষ্টি লক্ষ্য করে, ডাম্বলডোর রনকে বলেন লকহার্টকে হাসপাতাল উইংয়ে নিয়ে যেতে। যখন প্রফেসর ডাম্বলডোর এবং হ্যারি একা ছিল, সেইসময় হ্যারি স্বীকার করে যে সে রিডলের কারণে বিচলিত, এবং তাদের মধ্যেকার মিলগুলোর কথা সে উল্লেখ করে: দুজনেই অনাথ, কালো চুলের অধিকারী এবং পার্সেলটং ভাষায় কথা বলে। ডাম্বলডোর বিশ্বাস করেন যে, এক বছর বয়সী হ্যারির ওপর ভলডেমোর্টের অভিশাপ ব্যর্থ হওয়ার পর, পার্সেলটং ভাষায় কথা বলার ক্ষমতাসহ তার কিছু শক্তি হ্যারির মধ্যে সঞ্চারিত হয়েছিল। হ্যারি বলে যে সর্টিং হ্যাট তার মধ্যে স্লিদারিনের শক্তি দেখতে পেয়েছিল এবং তাকে স্লিদারিন হাউসে রাখতে চেয়েছিল। যখন ডাম্বলডোর উল্লেখ করেন যে হ্যাটটি তাকে পরিবর্তে গ্রিফিণ্ডরেই রেখেছে তখন হ্যারি বলে যে তার কারণ সে হ্যাটের কাছে সেইরকমই অনুরোধ করেছিল। ডাম্বলডোর উত্তর দেন, "হ্যারি, আমাদের যোগ্যতার চেয়েও আমাদের সিদ্ধান্তগুলোই বেশি প্রকাশ করে যে আমরা প্রকৃতপক্ষে কেমন।" এরপর তিনি হ্যারিকে তলোয়ার দেখান। সেটির ফলকে গড্রিক গ্রিফিণ্ডর লেখা ছিল। "হ্যারি, একমাত্র একজন সত্যিকারের গ্রিফিণ্ডরই হ্যাট থেকে সেটি বের করতে পারত।"

সশব্দে দরজাটা খুলে গেল এবং লুসিয়াস ম্যালফয় লম্বা পা ফেলে এগিয়ে এলেন, তাঁর সঙ্গে ছিল ডবি, যা দেখে হ্যারি অবাক হয়ে গেল। বরখাস্ত থাকার পর ডাম্বলডোর ফিরে আসায় ম্যালফয় প্রচণ্ড ক্ষুব্ধ। ডাম্বলডোর উত্তর দেন যে, মিস্টার উইজলির মেয়ে আক্রান্ত হওয়ার পর অন্য গভর্নররা তাঁকে ফিরে আসতে বলেছিলেন। তাঁদের মধ্যে কয়েকজনের ধারণা ছিল যে, ডাম্বলডোরকে বহিষ্কার করতে অস্বীকার করলে ম্যালফয় তাঁদের পরিবারকে অভিশাপ দেবেন। ম্যালফয় জানতে চান অপরাধীকে খুঁজে পাওয়া গেছে কিনা। ডাম্বলডোর উত্তর দেন যে, এবারও আগেরবারের মতোই ডায়েরির মাধ্যমে এবং অত্যন্ত চতুরতার সাথে কাজটি করা হয়েছে। যদি এই চক্রান্ত সফল হতো, তবে জিনি উইজলিকে দোষারোপ করা হতো, যা আর্থার উইজলি এবং তাঁর মাগল সুরক্ষা আইনের ওপর খারাপ প্রভাব ফেলত। শ্রীযুক্ত ম্যালফয়ের অগোচরে ডবি একটি মূকাভিনয় করে দেখাচ্ছিল, যা হ্যারি হঠাৎ বুঝতে পারে: ম্যালফয় ডায়েরিটা জিনিকে ফ্লারিশ অ্যাণ্ড ব্লটসে দিয়েছিল। ম্যালফয় এই অভিযোগ প্রমাণ করার দাবি জানান। ডাম্বলডোর বলেন, ডায়েরিটি নষ্ট হয়ে যাওয়ায় তা অসম্ভব, কিন্তু যদি এই ধরনের অন্য কোনো প্রত্নবস্তু কারও হাতে যায়, তবে আর্থার উইজলি ঠিকই তার সূত্র ধরে লুসিয়াস ম্যালফয়কে খুঁজে বের করবেন। ম্যালফয় রাগে গটগট করে চলে যান এবং যাওয়ার পথে ডবিকে লাথি মারেন। হ্যারি রিডলের ডায়েরিটা নিয়ে তার নিজের একটা মোজার মধ্যে সেটি মুড়ে ম্যালফয়কে ফেরত দিতে দৌড়ে যায়। ম্যালফয় রাগে মোজাটা খুলে পাশে ছুঁড়ে ফেলে দেন। ডবি সেটা ধরে নেয় এবং তার মালিকের কাছ থেকে পোশাক পেয়ে অবশেষে মুক্ত হয়। ক্ষিপ্ত হয়ে ম্যালফয় হ্যারির দিকে ঝাঁপিয়ে পড়েন, কিন্তু ডবি জাদুবলে ম্যালফয়কে পেছনে ছুঁড়ে ফেলে দেয়। সর্বতোভাবে পরাজিত হয়ে লুসিয়াস ম্যালফয় হগওয়ার্টস ছেড়ে চলে যান। ডবি যখন জিজ্ঞেস করে সে কিভাবে এর প্রতিদান দেবে, হ্যারি উত্তর দেয় যে সে চায় ডবি যেন আর কখনো তার জীবন বাঁচানোর চেষ্টা না করে।

এই ভোজটি বেশ অদ্ভুত, এমনকি হগওয়ার্টসের জন্যও। সেখানে সবাই পায়জামা পরে আছে এবং ভোজ সারারাত ধরে চলছে। পাথরে পরিণত হওয়া ছাত্রছাত্রী ও হ্যাগ্রিডের প্রত্যাবর্তনে সেটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। হারমায়োনি ছাড়া বাকি সবাই আরও বেশি উল্লসিত হয় যখন ঘোষণা করা হয় যে পরীক্ষা বাতিল করা হয়েছে।

বছরের বাকি অংশটা শান্তিপূর্ণ। একমাত্র ড্রাকো ম্যালফয়ের মুখটাই বিষণ্ণ, কারণ লুসিয়াস ম্যালফয়কে স্কুলের পরিচালনা পর্ষদ থেকে বরখাস্ত করা হয়েছিল। বাড়ি ফেরার ট্রেনে, হ্যারি জিনিকে জিজ্ঞেস করে যে পার্সি তাকে কি বলতে বারণ করেছিল। জিনি জানায় যে পার্সির একজন প্রেমিকা আছে, সে হলো পেনেলোপ ক্লিয়ারওয়াটার যে হারমায়োনির সাথেই পাথরে পরিণত হয়েছিল। সে পার্সি ও পেনেলোপকে গভীর চুম্বনে লিপ্ত হতে দেখেছিল। ফ্রেড ও জর্জ গ্রীষ্মের ছুটিতে এই বিষয়টি নিয়ে পার্সির সাথে মজা করার পরিকল্পনা করে, অন্যদিকে হ্যারি, কোনোরকম মজার আশা করেনি, সে হারমায়োনি ও রনকে বলে তাকে ফোন করতে যাতে তারা দেখা করার ব্যবস্থা করতে পারে। এবং তারপর ট্রেনটি নাইন অ্যাণ্ড থ্রি কোয়ার্টার্স প্ল্যাটফর্মে এসে থামে।

বিশ্লেষণ

[সম্পাদনা]

পূর্ববর্তী অধ্যায়ে, লেখক সেই চিরাচরিত কৌশলটি ব্যবহার করেছেন যেখানে খলনায়ক ব্যাখ্যা ক'রে নায়ককে শোনায় ঠিক কি ঘটেছিল। এবার তিনি ঘটনাপ্রবাহে অন্যান্য চরিত্রদের ভূমিকা তুলে ধরে গল্পটি সম্পূর্ণ করেছেন। আমরা এখানে জানতে পারি যে ডায়েরিটির উৎস ছিল লুসিয়াস ম্যালফয়, এবং যেমনটা সন্দেহ করা হয়েছিল, ডবি ছিল তার হাউজ-এলফ। আমাদের এও সন্দেহ হয় যে, যা কিছু ঘটছিল সে সম্পর্কে ডাম্বলডোর হয়তো অনেক কিছুই জানতেন, কিন্তু সম্ভবত আমাদের অজানা থাকা কোনো শক্তির কারণে তিনি পদক্ষেপ নিতে পারেননি। পরিশেষে, আমরা প্রায় ঝড়ের গতিতে দেখতে পাই ব্যাসিলিস্কের শিকারদের আরোগ্যলাভ, হ্যাগ্রিডের প্রত্যাবর্তন, শিক্ষাবর্ষের সমাপ্তির দিনগুলো এবং হগওয়ার্টস এক্সপ্রেসে করে লন্ডনে প্রত্যাবর্তন। টম রিডলকে সাহায্য করার ক্ষেত্রে নিজের ভূমিকার জন্য জিনি স্বাভাবিকভাবেই বেশ বিচলিত, যদিও রিডলের ডায়েরি দ্বারা আবিষ্ট থাকার কারণে সে সম্পূর্ণ নির্দোষ ছিল। এটা অজানা যে লুসিয়াস ম্যালফয় তাঁর পরিকল্পনা কার্যকর করার আগে বিশেষভাবে তাকেই বেছে নিয়েছিলেন, নাকি ডায়াগন অ্যালির ফ্লারিশ অ্যান্ড ব্লটসে থাকাকালীন জিনিকে ডায়েরিটি ধরিয়ে দেওয়ার জন্য তিনি কেবল একটি উপযুক্ত মুহূর্ত পেয়েছিলেন। ডায়েরিটি হস্তান্তর করার জন্য সুবিধাজনক সময় হওয়া ছাড়াও, উইজলি পরিবারের প্রতি তাঁর সাধারণ ঘৃণা এবং বিশেষ করে শ্রীযুক্ত উইজলির প্রতি তাঁর অপছন্দের কারণেও তিনি জিনিকে ব্যবহার করতে অনুপ্রাণিত হয়ে থাকতে পারেন। সামগ্রিকভাবে, উইজলি পরিবারের সঙ্গে হ্যারি কতটা ঘনিষ্ঠ হয়ে উঠেছে তা বিবেচনা করলে ম্যালফয়ের এই সিদ্ধান্তটি ভুল বলেই মনে হয়; উইজলি পরিবারের কোনো এক সন্তানের মধ্যে অস্বাভাবিকতা টের পাওয়ার পর, হ্যারির পক্ষে এর উৎস হিসেবে ভলডেমর্টকে চিহ্নিত করা আরও সহজ হয়ে গিয়েছিল।

এটা লক্ষণীয় যে, চেম্বার অফ সিক্রেটস বন্ধ করার জন্য টম রিডল, রন এবং হ্যারি সকলেই বিদ্যালয়ের প্রতি সেবার জন্য বিশেষ পুরস্কার পেয়েছিল। পঞ্চাশ বছর পর, অন্যান্য ছাত্রছাত্রীরা হয়তো ভাবছে যে রোনাল্ড উইজলি এই পুরস্কার পাওয়ার মতো কি করেছিল। হ্যারির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা কম: সর্বোপরি, সে-ই তো সেই 'বিখ্যাত' হ্যারি পটার।


এই সিরিজের একটি মূলনীতি ডাম্বলডোরের মুখে উচ্চারিত হয়েছে: "হ্যারি, আমাদের যোগ্যতার চেয়েও আমাদের সিদ্ধান্তগুলোই বেশি প্রকাশ করে যে আমরা প্রকৃতপক্ষে কেমন।" যদিও পার্সি উইজলির মতো অন্য কোনো চরিত্রের মুখে এই কথাগুলো বাড়াবাড়ি রকমের নীতিবাক্য বলে মনে হতো, ডাম্বলডোর কোনো রকম গুরুগম্ভীর ভাব না দেখিয়েই এই কথাটি বলতে পারেন, সম্ভবত এর একটি কারণ হলো, তাঁকে অদ্ভুতস্বভাবের বলেই গণ্য করা হয়। হ্যারিকে ঠিক কি কি বিকল্প দেওয়া হয়েছিল এবং সে কোন সিদ্ধান্তগুলো নিয়েছিল, তা পর্যালোচনা করা হয়তো সার্থক হবে। হ্যারি খুব কমই সহজ পথ বেছে নিয়েছে, বরং প্রায়শই কঠিন পথ বেছে নিয়েছে কারণ সে বিশ্বাস করত সেটাই সঠিক। হ্যারি এই অভ্যাসটি বজায় রাখে কি না, তা দেখা শিক্ষণীয় হবে।

এই বিশেষ ঘটনাটি অন্য একটি দিক থেকেও আকর্ষণীয়। এই বই জুড়ে আমরা দেখেছি, গ্রিফিণ্ডর হাউসে তার স্থান পাওয়া উচিত ছিল কি না, সে বিষয়ে হ্যারির সন্দেহ ক্রমশ বাড়ছিল। যখন সে টম রিডলের সাথে দেখা করে, তখন এই সন্দেহটি আবার জেগে ওঠে, যদিও তা তার কর্মপন্থার ওপর কোনো প্রভাব ফেলে নি। সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে ডাম্বলডোরের ঘোষণা এবং সেই সাথে তরবারিটি গ্রিফিণ্ডরের হওয়ার বিষয়টিই অবশেষে সর্টিং হ্যাটের সিদ্ধান্ত সম্পর্কে হ্যারির অনিশ্চয়তা দূর করে। আমরা নিশ্চিন্তে ধরে নিতে পারি যে, এই বিষয়টি নিয়ে হ্যারিকে আর কখনও বিচলিত হতে হবে না।

অনেক ছাত্রছাত্রীই সম্ভবত একাধিক হাউসের জন্য উপযুক্ত। উদাহরণস্বরূপ, হারমায়োনিকে দেখে মনে হতো সে র‍্যাভেনক্ল হাউসের জন্যই জন্মেছে। কিন্তু সর্টিং হ্যাট, সম্ভবত তার দৃঢ় ব্যক্তিত্ব এবং নিজের বিশ্বাসের ওপর কাজ করার ইচ্ছাকে উপলব্ধি ক'রে, তাকে গ্রিফিণ্ডরে স্থান দেয়, যেখানে তার হাউসমেটদের প্রভাবে সে এমন সব দক্ষতার বিকাশ ঘটাচ্ছে যা সে হয়তো অন্যথায় কাজে লাগাতো না বা পুরোপুরি উপেক্ষা করত। এরকমই আরেকজন ছাত্র হলো নেভিল লংবটম, যে সম্ভবত হগওয়ার্টসের সবচেয়ে লাজুক ও ভীতু ছাত্র। যদিও তাকে কেন গ্রিফিণ্ডরে স্থান দেওয়া হয়েছিল সে সম্পর্কে আমাদের এখনও কোনো ধারণা নেই, তবে এটা ধরে নেওয়া যেতে পারে যে আমাদের অদেখা কোনো ক্ষমতা তার রয়েছে, যার মধ্যে অ-জাদুকরী ক্ষমতাও অন্তর্ভুক্ত। সাহস যে বিভিন্ন রূপে প্রকাশ পেতে পারে এই উপলব্ধি থাকা বিচক্ষণতার পরিচায়ক; আমরা গত বছরের শেষে ডাম্বলডোরের সেই উক্তিটি স্মরণ করতে পারি, যেখানে তিনি বিশেষত নেভিলের কার্যকলাপের প্রসঙ্গে বলেছিলেন, "বন্ধুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহসের প্রয়োজন হয়।"

হ্যারি এটাও বিবেচনা করতে ব্যর্থ হয়েছিল যে, সে স্লিদারিনের বংশধর ঠিকই, তবে তার পরিবারের অর্ধেকই তাই, অথচ তার বাবা-মা দুজনকেই গ্রিফিণ্ডরে স্থান দেওয়া হয়েছিল। সর্টিং হ্যাট ঠিক কিভাবে এবং কেন একজন ছাত্রকে কোন হাউসে স্থান দেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, তা পুরোপুরি বোঝা যায় না, যদিও ছাত্রদের ব্যক্তিগত পছন্দ এবং পারিবারিক ঐতিহ্যকে দৃশ্যত বিবেচনা করা হয়। মনে হয়, বেশিরভাগ ছাত্রই সর্টিং হ্যাটের সিদ্ধান্তে সাধারণত সন্তুষ্ট থাকে। স্থান পাওয়ার পর কোনো ছাত্র হাউস পরিবর্তনের জন্য অনুরোধ করতে পারে কি না, তা জানা নেই, তবে বিষয়টি বিবেচনা করার মতো।

প্রশ্ন

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

পর্যালোচনা

[সম্পাদনা]
  1. জিনি কেন মনে করে যে তাকে বহিষ্কার করা হবে? তার কাজ কি এর যোগ্য ছিল?
  2. ডাম্বলডোর কেন ভোর ৩টের সময় ভোজের ডাক দেন?

আরও পড়া

[সম্পাদনা]
  1. ডাম্বলডোর যখন হ্যারিকে বলেন যে ক্ষমতা নয়, বরং পছন্দই একজন মানুষকে তার স্বরূপে গড়ে তোলে, তখন তিনি কি বোঝাতে চান? উদাহরণ দাও।
  2. টম রিডল এবং হ্যারির ব্যক্তিত্ব, প্রেক্ষাপট, ক্ষমতা এবং তাদের প্রত্যেকের বেছে নেওয়া সিদ্ধান্তগুলির মধ্যে তুলনা ও বৈসাদৃশ্য দেখাও।
  3. কারো সাথে একই রকম বৈশিষ্ট্য থাকলেই কি তুমি স্বয়ংক্রিয়ভাবে সেই ব্যক্তির মতো হুবহু হয়ে যাবে? ব্যাখ্যা করো।
  4. কিভাবে নিয়ারলি হেডলেস নিককে একটি পুনরুদ্ধারকারী ওষুধ দেওয়া যেতে পারে, যে একজন ভূত? এটা তার ওপর কিভাবে কোনো প্রভাব ফেলতে পারে?
  5. সর্টিং হ্যাট হ্যারিকে স্লিদারিন হাউসে রাখতে চাওয়ায় সে কেন তখনও এত বিচলিত ছিল? সে কি নিশ্চিত যে সে একজন সত্যিকারের গ্রিফিণ্ডর?
  6. ডাম্বলডোর কিভাবে জানতে পারলেন, বা বিশ্বাস করলেন, যে ভলডেমর্ট আলবেনিয়ায় আছে?
  7. কিসের ভিত্তিতে ডাম্বলডোর সন্দেহ করেছিলেন যে জিনিকে ডায়েরিটি দেওয়ার জন্য লুসিয়াস ম্যালফয় দায়ী? এটি প্রমাণ বা অপ্রমাণ করার জন্য নির্দিষ্ট উদাহরণ দাও।
  8. ডবি হস্তক্ষেপ না করলে লুসিয়াস ম্যালফয় হ্যারির সাথে কি করতে পারত?
  9. হাউজ-এলফরা যদি জাদুকরীভাবে এতই শক্তিশালী হয়, তবে জাদুকররা কিভাবে তাদের দাস বানিয়েছিল?

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।


মজার ব্যাপার হলো, ভলডেমর্ট বর্তমানে আলবেনিয়ায় লুকিয়ে আছেন বলে যে ধারণা করা হচ্ছে, তা গল্পের মূল ধারার জন্য প্রাসঙ্গিক প্রমাণিত হবে। ভলডেমর্ট সেখানে একটি প্রত্নবস্তু খুঁজে পেয়েছিলেন যা তিনি একটি হরক্রাক্স তৈরি করতে ব্যবহার করেন, এবং হ্যারির সাথে তাঁর প্রথম সাক্ষাতের পর দৃশ্যত এক অশরীরী আত্মা হিসেবে সেখানে ফিরে গিয়েছিলেন। সম্ভবত এখানেই অধ্যাপক কুইরেলের সাথে তাঁর দেখা হয়েছিল, এবং তৃতীয় ও চতুর্থ বইয়ের মাঝে পিটার পেটিগ্রু সেখানেই তাঁর সাথে পুনরায় মিলিত হবে। প্রশ্ন জাগে, কি কারণে ভলডেমর্ট আলবেনিয়ার প্রতি আকৃষ্ট হয়েছিলেন, অথবা লেখক সেখানে তাঁর জন্য কি পাওয়ার পরিকল্পনা করেছিলেন।

ষষ্ঠ বইতে আমরা জানতে পারি যে "টম রিডলের স্মৃতি" আসলে একটি হরক্রাক্স, যা আবিষ্কার করার পর ডাম্বলডোর ভীষণভাবে বিচলিত হয়েছিলেন, যদিও এখানে তা দেখা যায় না: এই গল্প জুড়ে ডাম্বলডোরকে আগের মতোই অবিচলিত মনে হয়। তবে, পরে ডাম্বলডোর হ্যারিকে বলেন যে ডায়েরির হরক্রাক্সটির আবিষ্কার তাঁকে চিন্তিত করেছিল। যতক্ষণ একটি হরক্রাক্স অক্ষত থাকে, ততক্ষণ তার স্রষ্টাও জীবিত থাকেন, হরক্রাক্সটি তাঁর আত্মাকে এই জীবন্ত জগতের সাথে বেঁধে রাখে। সুতরাং, একটি হরক্রাক্সের প্রধান উদ্দেশ্য হলো অমরত্ব, এবং যে জাদুকররা এগুলো তৈরি করেন, তাঁরা এগুলোকে নিজেদের জীবনের মতোই রক্ষা করেন। তবুও ডায়েরিটি দৃশ্যত একটি অস্ত্র হিসেবেও তৈরি করা হয়েছিল, এবং একজন অসতর্ক সহযোগীর হাতে তুলে দেওয়ার জন্যই তৈরি করা হয়েছিল—এই ক্ষেত্রে একজন সরল স্কুলছাত্রী। ডাম্বলডোর এই সিদ্ধান্তে আসেন যে এটি ভলডেমর্টের একমাত্র হরক্রাক্স নয়, এবং তিনি এর সংখ্যা কত হতে পারে তা নির্ধারণ করার চেষ্টা করেন। হ্যারি এমন একটি স্মৃতি উদ্ধার করে যা থেকে বোঝা যায় যে টম রিডল সাতকে সবচেয়ে জাদুকরী সংখ্যা হিসেবে দেখত, এবং তাই ডাম্বলডোর সঠিকভাবে এই সিদ্ধান্তে আসেন যে, ভলডেমর্ট সাতটি আত্মার খণ্ড রাখতে চেয়েছিলেন: একটি তাঁর নিজের ভেতরে, এবং ছয়টি হরক্রাক্সে সংরক্ষিত।


আমরা শুরুতেই দেখতে পাই যে, হ্যারির ডবিকে দাসত্ব থেকে মুক্ত করা এবং তার জন্য ডবির কৃতজ্ঞতা, হ্যারির ভবিষ্যৎকে প্রভাবিত করবে, যখন চতুর্থ বইতে ডবি গল্পে পুনরায় ফিরে এসে হ্যারিকে তার সামনে আসা একটি বড় সমস্যা সমাধানে সাহায্য করবে। হ্যারির অনুরোধ অনুযায়ী, সপ্তম বইয়ের শেষের দিকে অন্য কোনো ব্যক্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত ডবি আর কখনো হ্যারির জীবন বাঁচানোর চেষ্টা করবে না; কিন্তু এর মধ্যে, ডবি হ্যারি পটার অ্যাণ্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স বইতে ডাম্বলডোরের সেনাবাহিনীর সাথে হ্যারির কাজে, এবং হ্যারি পটার অ্যাণ্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বইতে ড্রাকোর উদ্দেশ্য নির্ধারণের চেষ্টায় তাকে সহায়তা করবে।

সংযোগ

[সম্পাদনা]
  • আলবেনিয়ার প্রতি ভলডেমোর্টের অনুরাগ প্রথম এখানেই দেখা যায়, এবং হ্যারি পটার অ্যাণ্ড দ্য গবলেট অফ ফায়ার বইতে, এবং আবার হ্যারি পটার অ্যাণ্ড দ্য ডেথলি হ্যালোজ বইতে এর পুনরাবৃত্তি ঘটে। শেষ বইটিতে আমরা জানতে পারি যে, রোয়েনা র‍্যাভেনক্লয়ের হারানো মুকুটটি তার কন্যা চুরি করে আলবেনিয়ার একটি গাছে লুকিয়ে রেখেছিল; এবং ভলডেমর্ট সেখান থেকেই সেটি উদ্ধার করেছিল। সম্ভবত হগওয়ার্টসের প্রতিষ্ঠাতাদের অবশিষ্ট কয়েকটি নিদর্শনের অন্যতম সেই মুকুটটি খুঁজে পাওয়ার কারণেই আলবেনিয়ার প্রতি তার এই অনুরাগ জন্মেছিল। উল্লেখ্য যে, হগওয়ার্টস প্রায় এক হাজার বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল; কিন্তু আলবেনিয়ার মতো জায়গায়ও ঠিক কোন ধরনের গাছ এক হাজার বছর ধরে একটি নিদর্শন লুকিয়ে রাখার মতো যথেষ্ট মজবুত থাকতে পারে, সে বিষয়ে কোনো আলোচনা নেই।
  • রিডলের ডায়েরিই হলো প্রথম হরক্রাক্স যা আমরা দেখি, এবং এখানেই আমরা এই আত্মার খণ্ডাংশগুলোর কিছু ক্ষমতা সম্পর্কে জানতে পারি। হ্যারি পটার অ্যাণ্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স এবং হ্যারি পটার অ্যাণ্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ের কাহিনিতে হরক্রাক্স একটি প্রধান অংশ গঠন করবে।
  • পেনেলোপকে লেখা পার্সির চিঠিগুলো গত গ্রীষ্মকাল জুড়ে পার্সির পেঁচা হার্মিসকে ব্যস্ত রেখেছিল। তাদের দুজনের মধ্যে চলমান প্রেমকাহিনী হয়তো কেবল পরবর্তী বই পর্যন্তই চলবে; সেই বইটির শুরুর দিকে এর উল্লেখ থাকলেও, এরপর আর এর কোনো উল্লেখ নেই।
  • হ্যারি পটার অ্যাণ্ড দ্য গবলেট অফ ফায়ার বইতে ডবির মুক্ত এলফ হয়ে ওঠাটা গল্পের একটি গৌণ অংশ হবে, এবং ম্যালফয়দের হাত থেকে উদ্ধার পাওয়ার প্রতি তার চলমান কৃতজ্ঞতার ফলস্বরূপ ডবি সেই বই এবং এর পরবর্তী সমস্ত বইতে হ্যারি ও ট্রায়োকে সাহায্য করবে। ডবির স্বাধীনতা সাধারণভাবে হাউজ এলফদের দাসত্ব থেকে মুক্ত করার জন্য হারমায়োনির প্রচেষ্টাকেও শক্তিশালী করবে; এই লক্ষ্যে তার প্রথম প্রচেষ্টাগুলোর মধ্যে রয়েছে সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ এলফিশ ওয়েলফেয়ার নামক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করা।