মাগলস গাইড টু হ্যারি পটার/প্রধান ঘটনাবলী/অর্ডার অব দ্য ফিনিক্স
| মাগলস গাইড টু হ্যারি পটার - প্রধান ঘটনাবলী | |
| অর্ডার অব দ্য ফিনিক্স | |
|---|---|
| স্থান | কতিপয়, তবে প্রাথমিকভাবে ১২ নম্বর, গ্রিমল্ড প্লেস, সিরিয়াস ব্ল্যাকের বাল্যগৃহ |
| সময়কাল | হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার (ভলডেমর্টের প্রত্যাবর্তনের ক্ষণকাল পরেই) - হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ |
| গুরুত্বপূর্ণ চরিত্র | অ্যালবাস ডাম্বলডোর, হ্যারি পটার, হারমায়োনি গ্রেঞ্জার, রন উইজলি এবং আরও অনেকে |
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]অর্ডার অব দ্য ফিনিক্স হলো একটি গোপন সংগঠন যা একটি সাধারণ লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল। তাদের লক্ষ্য হলো লর্ড ভলডেমর্টের পরাজয় নিশ্চিত করতে সাহায্য করা। সংগঠনটি স্পষ্টতই প্রফেসর ডাম্বলডোরের নেতৃত্বে পরিচালিত হয়। কারণ ভলডেমর্টের ফিরে আসার পর তিনিই অবশিষ্ট সদস্যদের এই অর্ডার পুনর্গঠন করার নির্দেশ দেন। তবে কেন এটিকে অর্ডার অব দ্য ফিনিক্স বলা হয়, তা জানা যায়নি।
ঘটনার বিবরণ
[সম্পাদনা]হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার বইয়ের একদম শেষ দিকে আমরা এটিকে পুনর্গঠিত হতে দেখি। যদিও তখন পর্যন্ত অর্ডারের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। কর্নিলিয়াস ফাজ ভলডেমর্টের ফিরে আসার সত্যতা অস্বীকার করে চলে যায়। তখন প্রফেসর ডাম্বলডোর সিরিয়াস ব্ল্যাককে তার তৎকালীন অ্যানিমেগাস তথা একটি বড় কালো কুকুরের রূপ থেকে মানব রূপে ফিরে আসার অনুরোধ করেন। এরপর তিনি সিরিয়াসকে "পুরোনো দলের সদস্য মুনডাঙ্গাস ফ্লেচার, অ্যারাবেলা ফিগ, রেমাস লুপিনকে" জড়ো করার নির্দেশ দেন। তারপর লুপিনের বাড়িতে লুকিয়ে থেকে পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলেন। সিরিয়াস পুনরায় তার অ্যানিমেগাস রূপ ধারণ করে সেই উদ্দেশ্যে রওনা হয়।
ডিমেন্টরদের আক্রমণের পর হ্যারিকে লন্ডনে নিয়ে আসার জন্য যখন অ্যাডভান্স গার্ড এসে পৌঁছায় তখনই আমরা প্রথমবার অর্ডারের নাম শুনতে পাই। লন্ডনে পৌঁছানোর পর হ্যারির হাতে একটি চিরকুট দেওয়া হয়। চিরকুটে লেখা ছিল অর্ডার অব দ্য ফিনিক্সের সদর দফতরের ঠিকানা হলো ১২ নম্বর, গ্রিমল্ড প্লেস। ডাম্বলডোরের হাতে লেখা সেই চিরকুটটি পড়া মাত্রই হ্যারির সামনে একটি বাড়ি দৃশ্যমান হয়ে ওঠে।
বাড়ির ভেতরে প্রবেশ করার পর হ্যারিকে ওপরের তলায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার হারমায়োনি ও রনের সথে দেখা হয়। তারা কৈফিয়ত দেয় তারা হ্যারিকে সবকিছু জানাতে চেয়েছিল। কিন্তু প্রফেসর ডাম্বলডোর তাদের এ বিষয়ে কথা বলতে নিষেধ করেছিলেন। এরপর তাদের সাথে ফ্রেড, জর্জ ও জিনি যোগ দেয়। অতঃপর তারা সবাই মিলে যা জানতে পেরেছে তা ব্যাখ্যা করে। তাদের ভাষ্য মতে অর্ডার হলো একটি গোপন সংগঠন। এটি গোপন রাখার কারণ হলো হ্যারির মতোই ডাম্বলডোরও ভলডেমর্টের ফিরে আসার কথা বলার সাহস দেখানোর কারণে সংবাদমাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছিল। সদর দফতরে থাকা সত্ত্বেও তারা খুব কম তথ্যই জানতে পেরেছে। কারণ অর্ডারের বৈঠকগুলো সবসময় রুদ্ধদ্বার কক্ষে হতো। তারা কেবল এটুকু বুঝতে পেরেছে যে কোনো একটি জিনিসকে সেখানে পাহারা দেওয়া হচ্ছে। হ্যারি তখন উল্লেখ করে এই জিনিসটি খুব সম্ভবত সে নিজেই।
ঠিক এই সময়ে অর্ডারের চলতি বৈঠকটি শেষ হয়। প্রফেসর স্নেপকে সদর দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। হ্যারি, হারমায়োনি ও উইজলিদের রাতের খাবারের জন্য নিচে ডেকে পাঠানো হয়। ডিনার টেবিলে হ্যারি জানতে পারে অর্ডারের সদস্যদের মধ্যে রয়েছেন অ্যালাস্টর মুডি, কিংসলে শ্যাকলবোল্ট, টঙ্কস, রেমাস লুপিন এবং এমেলিন ভ্যান্স। এরা তাকে গ্রিমল্ড প্লেসে নিয়ে আসা অ্যাডভান্স গার্ড দলের অংশ ছিলেন। দলের অন্যান্য সদস্যরা ছিলেন সিরিয়াস ব্ল্যাক (যিনি গ্রিমল্ড প্লেসের এই বাড়ির মালিক। ব্ল্যাক এটিকে সদর দফতর হিসেবে ব্যবহারের জন্য দান করেছেন), মিস্টার ও মিসেস উইজলি, তাদের ছেলে বিল ও চার্লি এবং মুনডাঙ্গাস ফ্লেচার। যদিও চার্লি সেখানে উপস্থিত ছিল না। অর্ডার তাকে রোমানিয়ায় জাদুকরদের দলে টানার কাজে নিয়োজিত করেছে। বিল গ্রিনগটসে কেরানির চাকরি নিয়েছে। হ্যারির সাথে এর আগেই মুনডাঙ্গাস ফ্লেচারের দেখা হয়েছিল। তাই সে জানতে পারে যে অদ্ভুত বুড়ি মিসেস ফিগও অর্ডারের হয়ে কাজ করছে। আর আমরা তো এইমাত্রই স্নেপকে অর্ডারের বৈঠক থেকে চলে যেতে দেখেছি।
রাতের খাবার শেষ হওয়ার পর সিরিয়াস মন্তব্য করে অর্ডারের ব্যাপারে হ্যারির কিছু প্রশ্ন থাকতে পারে। মিসেস উইজলি তৎক্ষণাৎ এতে আপত্তি জানিয়ে বলে সে এখনও বয়সে অনেক ছোট। কিন্তু লুপিন, সিরিয়াস এবং তার নিজের স্বামীর মতামতের কাছে তার আপত্তি টেকেনি। হারমায়োনি, রন, ফ্রেড ও জর্জকে বৈঠক থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও সে একইভাবে ব্যর্থ হয়। তাই পরিশেষে সে স্রেফ জিনিকে নিয়ে ঘুমাতে চলে যায়। হ্যারির প্রশ্নের জবাবে অর্ডারের সদস্যরা হ্যারি ও অন্যদের কাছে প্রকাশ করে অর্ডার হলো ডাম্বলডোরের নেতৃত্বে গঠিত জাদুকরদের একটি দল। যারা হ্যারি ও ডাম্বলডোরের এই বিষয়ের সাথে একমত যে ভলডেমর্ট ফিরে এসেছে। ভলডেমর্ট কেন এখনো সবার সামনে আসছে না হ্যারির এই প্রশ্নের জবাবে আমরা জানতে পারি ভলডেমর্ট নিজেকে লুকিয়ে রেখে তার পূর্ণ প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে শক্তি সঞ্চয় করছে। লুপিন আরও বলে ভলডেমর্টের একটি মস্ত বড় অসুবিধায় পড়েছে। কারণ সে আশা করেছিল তার ফিরে আসার খবরটি কেবল তার ডেথ ইটারদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবে হ্যারির কল্যাণে তার ফিরে আসার এক ঘণ্টার মধ্যেই সেই তথ্যটি এমন এক ব্যক্তির কাছে পৌঁছে গেছে, যাকে ভলডেমর্ট কোনোভাবেই এটি জানাতে চায়নি। আর সেই ব্যক্তি হলেন ডাম্বলডোর।
লুপিন এটিও প্রকাশ করে যে এবার তারা নিশ্চিত যে ভলডেমর্ট কোনো একটি জিনিসের পেছনে লেগেছে। আর সেই জিনিসটি হলো একটি অস্ত্র। কিন্তু ঠিক সেই মুহূর্তে মিসেস উইজলি আবারও বাধা দিয়ে বলে যে এবার সত্যিই যথেষ্ট হয়েছে। ফলে বৈঠকটি ভেঙে যায়। পরবর্তীতে যমজ ভাইয়েরা হ্যারি ও রনের কাছে উল্লেখ করে অস্ত্রের এই বিষয়টিই কেবল একমাত্র তথ্য ছিল যা তারা আগে থেকে জানত না।
পরবর্তী কয়েক সপ্তাহ ধরে সিরিয়াস, হারমায়োনি, হ্যারি, মিসেস উইজলি ও উইজলি পরিবারের ছেলেমেয়েরা গ্রিমল্ড প্লেসকে বসবাসের উপযোগী করার জন্য ঝাড়পোছের কাজে ব্যস্ত থাকে। এই সময় অর্ডারের বেশ কয়েকজন সদস্যকে বাড়িতে আসা-যাওয়া করতে দেখা যায়। তাদের মধ্যে একজনকে হ্যারি চিনতে পারে। তিনি হলেন প্রফেসর ম্যাকগোনাগল। যাকে মাগলদের পোশাকে দেখতে বেশ অদ্ভুত লাগছিল। কাহিনীর কিছুটা পরের দিকে এক পর্যায়ে ডাম্বলডোরও এই বাড়িতে আসেন। তবে তিনি স্পষ্টতই এমন এক সময়ে এসেছিলেন যখন হ্যারি তাকে দেখতে পায়নি।
ডাডলির সামনে জাদু ব্যবহারের কারণে হ্যারিকে মন্ত্রণালয়ে একটি শুনানিতে অংশ নিতে হয়। আর্থারের সাথে মন্ত্রণালয়ের ভেতর দিয়ে হাঁটার সময় হ্যারি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে। আর্থার কিংসলে শ্যাকলবোল্টের সাথে এমন আচরণ করছে যেন তাদের মধ্যে স্রেফ নামমাত্র পরিচয় আছে।
রন ও হারমায়োনি প্রিফেক্ট হিসেবে নিযুক্ত হওয়ার আনন্দে পার্টির আয়োজন করা হয়। এই পার্টি উপলক্ষে অর্ডারের অনেক সদস্য আবারও গ্রিমল্ড প্লেসে আসেন। তাদের মধ্যে একজন ছিলেন আলাস্টর মুডি। তিনি হ্যারিকে অর্ডারের একটি ছবি দেখান যা ভলডেমর্ট যখন গতবার ক্ষমতায় ছিল তখনকার তোলা। অর্ডারের বর্তমান সদস্যদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ফ্রাঙ্ক ও অ্যালিস লংবটমও ছিলেন। যাদের নির্যাতন করে পাগল বানিয়ে দেওয়া হয়েছিল। ছবিটিতে এমন অনেকেও ছিলেন যারা ইতোমধ্যে মারা গেছেন। হ্যারির বাবা ও মা এর মধ্যে অন্যতম।
বইয়ের মূল অংশে অর্ডারের কথা খুব একটা উল্লেখ করা হয়নি। অর্ডারের সদস্যরা ব্যক্তিগতভাবে বেশ বড় ভূমিকা পালন করলেও বইয়ের শেষ দিক পর্যন্ত একটি দল হিসেবে অর্ডারের উল্লেখ খুব কমই পাওয়া যায়। মাঝে মাঝে আমাদের জানানো হয় ঘটে যাওয়া বা ঘটমান কোনো একটি ব্যাপার ছিল অর্ডারের কাজ। অথবা ত্রয়ী যখন অবাক হয়ে ভাবে আর্থার উইজলি কেন মন্ত্রণালয়ে সাপের কামড় খেতে গেলেন তখন আমাদের হ্যারির অনুমান করার ক্ষমতা দেখার সুযোগ দেওয়া হয়।
হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স বইয়ের শেষের দিকে হ্যারি নিশ্চিত হয়ে যায় ভলডেমর্ট জাদু মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব মিস্ট্রিজে সিরিয়াস ব্ল্যাককে বন্দি করে রেখেছে। সে সিদ্ধান্ত নেয় তাকে অর্ডারের এমন একজন সদস্যকে খুঁজে বের করতে হবে যিনি সিরিয়াসের সাথে যোগাযোগ করতে পারবেন। যাতে সিরিয়াসকে আসলেই নির্যাতন করা হচ্ছে কি না তা জানা যায়। প্রফেসর ডাম্বলডোরকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আর প্রফেসর ম্যাকগোনাগল আগের রাতে বেশ কয়েকটি স্টানারের আঘাত খেয়ে সেন্ট মাঙ্গোস হাসপাতালে ভর্তি ছিলেন। হ্যারি ফ্লু নেটওয়ার্কের মাধ্যমে সিরিয়াসের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রফেসর আমব্রিজের ফায়ারপ্লেস ব্যবহার করার চেষ্টা করে। কিন্তু ধরা পড়ে যায়। আমব্রিজ এক ডোজ ভেরিটাসেরামের জন্য স্নেপকে ডেকে পাঠায়। কেবল তখনই হ্যারির মনে পড়ে যে স্নেপও অর্ডারের একজন সদস্য। তবে স্নেপকে হ্যারির দেওয়া বার্তাটি তার কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে মনে হয়। অতঃপর হ্যারি একাই সিরিয়াসকে উদ্ধার করার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়।
সিরিয়াস উদ্ধার অভিযান গুপ্তফাঁদে পতিত হয়। এই পর্যায়ে হ্যারির ভাগ্য সম্পূর্ণ নিরাশাজনক বলে মনে হতে থাকে। কিন্তু ঠিক তখনই দশজন ডেথ ইটারের মোকাবিলা করতে অর্ডারের ছয়জন সদস্য সেখানে এসে পৌঁছান। এর ফলে ঘটে যাওয়া যুদ্ধটি মন্ত্রণালয়ের সামনে এই সত্যটি উন্মোচন করে যে ভলডেমর্ট সত্যিই ফিরে এসেছে। যা অর্ডারকে আবারও সবার সামনে বৈধ করে তোলে।
ডাম্বলডোর পরবর্তীতে হ্যারিকে বলেন যে স্নেপই আসলে সিরিয়াসের খোঁজখবর নিয়েছিল। এছাড়া হ্যারি আমব্রিজের সাথে নিষিদ্ধ বনে প্রবেশ করে আর ফিরে না আসায় স্নেপই হ্যারিকে উদ্ধার করার জন্য অর্ডারকে ডেকে পাঠিয়েছিল।
সিরিয়াসের মৃত্যুর পর গ্রিমল্ড প্লেসের বাড়ির মালিকানা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সিরিয়াস তার উইলে বাড়িটি হ্যারির নামে লিখে দিয়ে গেছে। কিন্তু ডাম্বলডোর সন্দেহ করেন সেখানে হয়তো এমন কোনো জাদুকরী শর্ত থাকতে পারে যার ফলে ব্ল্যাক পরিবারের সন্তানদের বংশানুক্রম অনুযায়ীই মালিকানা নির্ধারিত হবে। তাহলে এর অর্থ দাঁড়াবে এই যে বাড়িটির মালিকানা ব্ল্যাক পরিবারের পরবর্তী উত্তরাধিকারী বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জের কাছে চলে গেছে। এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত বাড়িটিকে অর্ডারের সদর দফতর হিসেবে ব্যবহার করা যাবে না। ডাম্বলডোর বিষয়টি পরীক্ষার জন্য একটি উপায় বের করেন। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে বাড়ির মালিকানা হ্যারির কাছেই এসেছে। আমরা ধরে নিই এরপর হয়তো বাড়িটি সদর দফতর হিসেবে ব্যবহার করা হয়েছিল। যদিও সেই বছর আমরা আর সেখানে যাইনি। এর পরিবর্তে আমরা অর্ডারের বেশ কয়েকজন সদস্যকে দ্য বারোতে যাতায়াত করতে দেখি।
আমরা জানতে পারি অর্ডার হগওয়ার্টসের ওপর কড়া নজর রাখছে। যা মূলত একই কর্মের জন্য মন্ত্রণালয় থেকে পূর্বনিযুক্ত জাদুকরদের কাজ এবং স্কুলের সুরক্ষায় বসানো প্রতিরক্ষামূলক ব্যবস্থার একটি সম্পূরক অংশ ছিল। মাঝে মাঝে আমরা অর্ডারের সদস্যদের, বিশেষ করে টঙ্কসকে করিডোরে টহল দিতে দেখি। বইয়ের চূড়ান্ত যুদ্ধে আমরা দেখতে পাই হগওয়ার্টসের রক্ষকদের মধ্যে মন্ত্রণালয়ের কেউ ছিল না। তবে টঙ্কস এর ব্যতিক্রম হতে পারে। যেহেতু সে একই সাথে একজন অরোরও। এই যুদ্ধে হগওয়ার্টসের পক্ষে থাকা প্রত্যেকেই হয় ডাম্বলডোরস আর্মির সদস্য, একজন শিক্ষক অথবা অর্ডারের কোনো সদস্য ছিল।
ভলডেমর্টের পরিষদের বৈঠক থেকে আমরা জানতে পারি মন্ত্রণালয়ের নির্ধারিত তারিখের আগেই হ্যারিকে প্রিভেট ড্রাইভ থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে অর্ডারের। স্নেপ ভলডেমর্টকে জানায় অর্ডার বিশ্বাস করে জাদু মন্ত্রণালয় পুরোপুরি ভলডেমর্টের সংগঠনের লোক দিয়ে ছেয়ে গেছে। তাই এই পলায়ন পর্বটি পরিচালনার জন্য তারা মন্ত্রণালয়ের ওপর ভরসা করছে না। দৃশ্যত বর্তমানে ভলডেমর্টের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী স্নেপ কোনোভাবে অর্ডারের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
এরপর আমরা ডার্সলি পরিবার ও হ্যারির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অর্ডারের পরিকল্পনা সম্পর্কে জানতে পারি। আঙ্কেল ভার্নন, অ্যান্টি পেটুনিয়া ও কাজিন ডাডলি অর্ডারের দুজন জাদুকর ডেডালাস ডিগল ও হেস্টিয়া জোন্সের সাথে গাড়িতে করে চলে যায়। এদিকে অর্ডারের তেরোজন সদস্য সেখানে এসে পৌঁছায়। তাদের পরিকল্পনা ছিল তাদের মধ্যে সাতজন সুরক্ষাকারী হবে এবং প্রত্যেকের সাথে পলিজুস পোশনের মাধ্যমে হ্যারির রূপ ধারণ করা একজন করে নকল হ্যারি থাকবে। প্রত্যেক জোড়া অর্ডারের আলাদা আলাদা নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হবে। হ্যারি শেষ পর্যন্ত টেড টঙ্কসের বাড়িতে গিয়ে পৌঁছায়। এই যুদ্ধে অর্ডারের দুজন সদস্য হতাহত হয়। প্রথমত অ্যালাস্টর মুডি মারা যায়। তার সাথে থাকা নকল হ্যারি তথা মুনডাঙ্গাস ফ্লেচার ভলডেমর্টের ছুড়ে দেওয়া মারণ অভিশাপের পথ থেকে ডিসঅ্যাপারেট (জাদুকরী উপায়ে উধাও হওয়া) করে পালিয়ে যায়। দ্বিতীয়ত স্নেপের ছুড়ে দেওয়া সেক্টুমসেম্প্রা অভিশাপের আঘাতে জর্জ উইজলি তার একটি কান হারায়। হ্যারি ও তার রক্ষক হ্যাগ্রিড তাদের মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার শিকার হলেও, তাদের পোর্টকি সক্রিয় হওয়ার আগেই তারা সুস্থ হয়ে ওঠে।
ডাম্বলডোর অর্ডারের সিক্রেট-কিপার ছিলেন। তাই তার মৃত্যুর পর অর্ডারের প্রত্যেক সদস্যই অর্ডার সম্পর্কিত সেই সমস্ত গোপন তথ্যের একেকজন সিক্রেট-কিপার হয়ে ওঠেন যার অংশীদার তারা নিজেরা ছিলেন। বিশেষভাবে এর অর্থ এই দাঁড়ায় যে অর্ডারের সদর দফতরের অবস্থানটি সম্ভবত আর কোনো গোপন বিষয় নয়। কারণ স্পষ্টতই ডেথ ইটার বলে প্রমাণিত হওয়া স্নেপ সদর দফতরের ঠিকানা জানত। আমরা জানতে পারি দ্য বারো এখন অর্ডারের এক রকম সদর দফতরে পরিণত হয়েছে। সেখানে প্রায়শই অর্ডারের প্রচুর সদস্য রাতের খাবারের জন্য সমবেত হতেন।
দ্য বারো ছেড়ে যাওয়ার পর, রনের প্রত্যাবর্তনের আগ পর্যন্ত দল হিসেবে অর্ডারের উল্লেখ খুব একটা পাওয়া যায় না। সেই সময়ে রন ভলডেমর্টের নামের ওপর থাকা নিষেধাজ্ঞা জাদুর কথা উল্লেখ করে। এই নিষেধাজ্ঞার প্রভাব হলো এটি প্রতিরক্ষামূলক জাদু ভেঙে ফেলে এবং কেউ এই নাম উচ্চারণ করলে সেই জায়গায় স্ন্যাচারদের ডেকে নিয়ে আসে। জাদুটি মূলত সরাসরি অর্ডারের সদস্যদের লক্ষ্য করেই তৈরি করা হয়েছিল। কারণ কেবল তারাই ভলডেমর্টের নাম মুখে নেওয়ার সাহস দেখাত।
হগওয়ার্টসে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু হওয়ার সাথে সাথে হ্যারি এটি দেখে বেশ শঙ্কিত হয়ে পড়ে যে নেভিল কেবল প্রতিরোধ গড়ে তোলার জন্য ডাম্বলডোরস আর্মিকেই ডেকে পাঠায়নি বরং অর্ডারের সদস্যরাও একে একে সেখানে হাজির হচ্ছেন। হ্যারির মনে হতে থাকে সে নিজের অজান্তেই তার প্রিয় এই মানুষগুলোকে এক স্পষ্ট ও আসন্ন বিপদের মুখে টেনে আনছে। সে নিজেকে এর জন্য দায়ী বলে মনে করে। তা সত্ত্বেও অর্ডার সিদ্ধান্ত নেয় যে এটিই হবে সেই জায়গা যেখানে তারা তাদের চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলবে। অতঃপর অর্ডারের বেশ কয়েকজন সদস্য স্কুলের প্রতিরক্ষায় সক্রিয় ও নেতৃত্বমূলক ভূমিকা নিতে শুরু করেন।
স্নেপের স্মৃতিতে আমরা জানতে পারি যে স্নেপ তার মৃত্যু পর্যন্ত অর্ডারের প্রতি বিশ্বস্ত ছিল। সে এ পর্যন্ত একজন ডাবল এজেন্ট হিসেবে কাজ করে গেছে। প্রিভেট ড্রাইভ থেকে পালানোর সময় নকল হ্যারি রাখার ধারণাটি মূলত ডাম্বলডোরের প্রতিকৃতির মাথা থেকে আসলেও, সেই ধারণাটি অর্ডারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল স্নেপের। সম্ভবত সে জানত যে হ্যারির চলে যাওয়ার তারিখটি ফাঁস করার পেছনে মুনডাঙ্গাস ফ্লেচারকেই অর্ডারের সদস্যরা সবচেয়ে বেশি সন্দেহ করতে পারে। তাই পরিকল্পনার এই অংশটি সম্পর্কে ভলডেমর্ট অজ্ঞ থাকলে তা ফ্লেচারকে নির্দোষ প্রমাণ করবে। সেজন্যই স্নেপ ফ্লেচারের মাথায় নকল হ্যারিদের এই আইডিয়াটি ঢুকিয়ে দিয়েছিল।
উল্লেখযোগ্য ফলাফল
[সম্পাদনা]হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স বইয়ের পুরো ঘটনাক্রম জুড়ে মন্ত্রণালয়ের দাপ্তরিক অবস্থান ছিল এই যে ভলডেমর্ট ফিরে আসেনি। এই কারণেই অর্ডারকে গোপনে কাজ করতে হয়। তবে গোপনে হলেও অর্ডার এমন একটি দল হিসেবে ভূমিকা রাখে যা ভলডেমর্টের পুনরুত্থানের পর তার মোকাবেলা করার জন্য পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে রেখেছিল। অর্ডার এমন কিছু অভিজ্ঞ ব্যক্তির একটি শক্তিশালী কেন্দ্র তৈরি করেছিল যারা ভলডেমর্ট গোপনে কাজ করলেও তার পরিকল্পনাগুলোকে কিছুটা হলেও নস্যাৎ করতে পেরেছিল। ভলডেমর্ট যখন দৃশ্যমান রূপ ধারণ করে তখন তারা ইতোমধ্যেই একটি সংগঠিত ও কার্যকর দল হিসেবে প্রস্তুত ছিল।
এই সংগঠনটি একটি কেন্দ্রীয় তথ্য আদান-প্রদান কেন্দ্র হিসেবে কাজ করেছিল। যার মাধ্যমে মন্ত্রণালয়ে হ্যারির অভিযানের অগ্রগতির তথ্য রাখা সম্ভব হয়েছিল। এই দলটি ছিল বলেই হ্যারি শেষ পর্যন্ত গুপ্তফাঁদ থেকে উদ্ধার হতে পেরেছিল।
পরের বছর হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বইয়ে অর্ডারকে এমন কয়েকটি দলের মধ্যে অন্যতম বলে মনে হয় যারা সক্রিয় ও কার্যকরভাবে ভলডেমর্টের বিরুদ্ধে লড়াই করছিল। মন্ত্রণালয় ভলডেমর্টের ফিরে আসার বিষয়টি মেনে নিলেও তাদের কর্মকাণ্ডের বেশিরভাগই "নিরাপত্তার ভণ্ডামি" বলে গণ্য করা যায়। কারণ মন্ত্রণালয় কর্তৃক প্রকৃত নিরাপত্তার ক্ষেত্রে তেমন কোনো অবদান না রেখেই জাদুকর দুনিয়াকে আপাতদৃষ্টিতে নিরাপদ বোধ করানোর জন্য কিছু কর্মকাণ্ড চালানো হচ্ছিল।
হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ে মন্ত্রণালয় পুরোপুরি ভলডেমর্টের নিয়ন্ত্রণে চলে যায়। তখন অর্ডার অব দ্য ফিনিক্সই একমাত্র সংগঠন হিসেবে তার বিরুদ্ধে সক্রিয়ভাবে লড়াই চালিয়ে যায়। যদিও এখানে-সেখানে আরও কিছু ছোটখাটো প্রতিরোধমূলক দলও ছিল। যার মধ্যে পুনরুজ্জীবিত হওয়া ডাম্বলডোরস আর্মিও অন্তর্ভুক্ত। তবে মূল সক্রিয় প্রতিরোধ ব্যবস্থাটি অর্ডারকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল।
বিশ্লেষণ
[সম্পাদনা]হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স বইয়ের পুরো ঘটনাক্রম জুড়ে মন্ত্রণালয় ভলডেমর্টের ফিরে আসার সম্ভাবনাকে দৃঢ়ভাবে অস্বীকার করে। এই ঘটনাটির ১৯৩০-এর দশকের শেষের দিকে নেভিল চেম্বারলেইনের অধীনে থাকা ব্রিটিশ সরকারের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্য রয়েছে। ভলডেমর্ট যে ফিরে আসেনি জনগণের কাছে এই বিশ্বাস টিকিয়ে রাখার জন্য সরকার এমন যে কাউকেই অবমাননা করতে বাধ্য ছিল যারা তাদের ভুল প্রমাণ করার চেষ্টা করত। ডাম্বলডোর এমনই একজন প্রতিবাদী কণ্ঠস্বর হওয়ায় মন্ত্রণালয়কে তাকে স্তব্ধ করতে হতো, অথবা অন্তত তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে হতো, যাতে তার বার্তা সরকারের অবস্থানকে দুর্বল করতে না পারে। এই কারণে অর্ডার অব দ্য ফিনিক্সকে ভলডেমর্টের মতোই অত্যন্ত গোপনে কাজ করতে হয়েছিল। আর এই জন্যই উইজলি পরিবার বিভক্ত হয়ে পড়েছিল। এই সময় পার্সি তার চাকরি টিকিয়ে রাখা এবং সম্ভবত পদোন্নতি পাওয়ার একমাত্র উপায় হিসেবে মন্ত্রণালয়ের অবস্থানকে আঁকড়ে ধরেছিল। অন্যদিকে তার পরিবারের বাকি সদস্যরা ডাম্বলডোরের বলা কাহিনীর ওপর বিশ্বাস রাখার সিদ্ধান্ত নেয়। ভলডেমর্টের গোপনীয়তার অবসান ঘটার সাথে সাথেই অর্ডারের গোপনীয়তারও ইতি ঘটে। ভলডেমর্ট যখন প্রকাশ্যে ফিরে আসে তখন অর্ডারকেও আর লুকিয়ে থাকতে হয়নি। তবে শেষ পর্যন্ত তারা মন্ত্রণালয় থেকে আলাদাই রয়ে গিয়েছিল। তবুও হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ের শুরুর অধ্যায়গুলোতে মন্ত্রণালয়ের পতন হওয়ার আগে পর্যন্ত তারা তুলনামূলকভাবে বেশ সুশৃঙ্খলভাবেই একই লক্ষ্যের দিকে কাজ করে গেছে।
অর্ডার অব দ্য ফিনিক্সের যেসব সদস্যদের কথা আমাদের জানানো হয়েছে তারা হলো:
- সিরিয়াস ব্ল্যাক
- এডগার বোনস
- ক্যারাডক ডিয়ারবর্ন
- ডেডালাস ডিগল
- এলফিয়াস ডোগ
- অ্যাবারফোর্থ ডাম্বলডোর
- অ্যালবাস ডাম্বলডোর
- বেঞ্জি ফেনউইক
- অ্যারাবেলা ফিগ
- মুনডাঙ্গাস ফ্লেচার
- রুবিয়াস হ্যাগ্রিড
- হেস্টিয়া জোন্স
- অ্যালিস লংবটম
- ফ্রাঙ্ক লংবটম
- রেমাস লুপিন
- ডরকাস মেডোউজ
- মিনার্ভা ম্যাকগোনাগল
- মার্লিন ম্যাককিনন
- অ্যালাস্টর "ম্যাড-আই" মুডি
- স্টার্গিস পডমোর
- জেমস পটার
- লিলি পটার (বিবাহপূর্ব নাম ইভান্স)
- ফ্যাবিয়ান প্রিওয়েট
- গিডিয়ন প্রিওয়েট
- কিংসলে শ্যাকলবোল্ট
- সেভেরাস স্নেপ
- নিমফ্যাডোরা টঙ্কস
- এমেলিন ভ্যান্স
- আর্থার উইজলি
- বিল উইজলি
- চার্লি উইজলি
- মলি উইজলি
পূর্বল্লেখ মতো সিরিজে অর্ডারের এমন নামকরণের কারণ কখনো সরাসরি বলা হয়নি। তবে আমরা অনুমান করতে পারি যে এর সাথে ডাম্বলডোরের পোষা পাখি ফোকসের কোনো সম্পর্ক থাকতে পারে। আমরা লক্ষ্য করি ডাম্বলডোরের প্যাট্রোনাসও একটি ফিনিক্সের রূপ ধারণ করে। যেহেতু ডাম্বলডোর নিজেই এই অর্ডারের প্রতিষ্ঠাতা তাই আমাদের বিশ্বাস যে ফিনিক্সের প্রতি তার গভীর শ্রদ্ধাবোধ থেকেই সে সম্ভবত এই নামটি নির্বাচন করেছিল।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
বৃহত্তর প্রেক্ষাপট
[সম্পাদনা]হ্যারি এই গল্পের নায়ক। কিন্তু একজন নায়ক কখনো শূন্যতার মধ্যে কাজ করতে পারে না। শেষ পর্যন্ত হ্যারিকে ভলডেমর্টের বিরুদ্ধে একাই দাঁড়াতে হবে ঠিকই, কিন্তু ভলডেমর্টের যেমন তার ডেথ ইটাররা রয়েছে, তেমনি তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য কমবেশি সমকক্ষ শক্তিশালী একটি সংগঠনও থাকতে হবে। এই সংগঠনটি স্বয়ং সরকার হবে এমন ভাবাটা অবশ্য ছেলেমানুষি হবে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ ভালো করেই জানেন যে সরকারের প্রধান কাজই হলো নিজেকে টিকিয়ে রাখা। এই প্রবণতাটি কর্নিলিয়াস ফাজ এবং তার নিয়ন্ত্রণে থাকা মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সামনে একাধিকবার প্রদর্শিত হয়েছে। ফাজের উত্তরসূরি রুফাস স্ক্রিমজোরের অধীনে মন্ত্রণালয় যে আরও বেশি কার্যকর হবে, তেমন ভাবাও আগের মতোই অপরিপক্বতার পরিচয় হবে। প্রকৃতপক্ষে আমরা দেখতে পাই মন্ত্রণালয় হ্যারির কাছ থেকে এমন কোনো অনুমোদনের চিহ্ন খুঁজছে যা তারা জনগণের সামনে প্রচার করতে পারে। যাতে তাদের অন্যায্য ও কষ্টদায়ক কাজগুলোকে মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা যায়। যেহেতু মন্ত্রণালয়কে এখানে অকার্যকর হিসেবে দেখানো হয়েছে, তাই এমন একটি দল থাকতেই হতো যা হ্যারির জয়গান গেয়ে ভলডেমর্টের ডেথ ইটারদের বিরুদ্ধে লড়াই করতে তাকে সাহায্য করতে পারে। হগওয়ার্টসে অবশ্যই ডাম্বলডোরস আর্মি রয়েছে। কিন্তু তাদের কারও মধ্যেই ব্যক্তিগতভাবে এমন কোনো বিশেষ দক্ষতা থাকতে পারে না যা হ্যারির নেই। কারণ সে নিজেই তাদের প্রশিক্ষণ দিচ্ছে। অন্যদিকে অর্ডার অব দ্য ফিনিক্স হলো ভলডেমর্টের পরাজয়ের একমাত্র লক্ষ্য নিয়ে গঠিত পরিপক্ব ও শক্তিশালী জাদুকরদের একটি দল। যা ভলডেমর্টের বিরুদ্ধে এমন এক নেপথ্য প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে যা মন্ত্রণালয় দিতে পারছিল না। অর্ডার বা এই জাতীয় কিছু না থাকলে হ্যারির কাজ পরিমাপহীনভাবে কঠিন হয়ে পড়ত।
এবাদেও হ্যারির উপর অর্ডারের আরও অনেক বেশি প্রত্যক্ষ প্রভাব রয়েছে। যদিও হ্যারি বিষয়টি বুঝতে কিছুটা সময় নেয়। হ্যারি ও ভলডেমর্টকে জড়িয়ে থাকা ভবিষ্যদ্বাণীটি শোনার পর হ্যারি হঠাৎ এই সিদ্ধান্তে পৌঁছায় যে ভলডেমর্টের বিরুদ্ধে পুরো লড়াইয়ের দায়ভার একমাত্র তার ওপরই বর্তায়। ফলস্বরূপ অন্যরা যেসব ঝুঁকি গ্রহণ করে তার জন্য সে নিজের ওপর প্রয়োজনাতিরিক্ত রকম বেশি দায় চাপিয়ে দেয়। বিশেষ করে ভলডেমর্ট কেন হগওয়ার্টস আক্রমণ করার সিদ্ধান্ত নিল এবং ভেতরের সবার জীবন বিপন্ন করে তুলল সেটিকে ভলডেমর্টের স্রেফ নিজের চাল হিসেবে দেখার পরিবর্তে সে মনে করে এটি তার নিজেরই ভুল। অর্ডার তার অস্তিত্বের মাধ্যমে এবং হ্যারির জন্ম নেওয়ার আগে থেকেই এর অস্তিত্ব থাকার বাস্তবতার মাধ্যমে হ্যারিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দিতে সাহায্য করে। আর তা হলো এমন অনেক জাদুকর আছেন যারা হ্যারি থেকে সম্পূর্ণ আলাদা একেবারে নিজেদের ব্যক্তিগত কারণেই ভলডেমর্টের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের জীবন বাজি রাখতে পুরোপুরি প্রস্তুত।