বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/ফিডিলিয়াস

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
ফিডিলিয়াস
ধরণ মন্ত্র (চার্ম)
বৈশিষ্ট্য গোপন তথ্য রক্ষা করে
প্রথম উপস্থিতি হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

ফিডিলিয়াস হলো একটি "অত্যন্ত জটিল মন্ত্র" যা কোনো একটি গোপন তথ্যকে একজন জীবিত মানুষের আত্মার মাঝে লুকিয়ে রাখে। যে ব্যক্তির মধ্যে গোপন তথ্য লুকিয়ে রাখা হয় তাকে বলা হয় "সিক্রেট-কিপার"। শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ফিডেস (যার অর্থ বিশ্বাস) থেকে। মন্ত্রটি সম্পর্কে প্রথম বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান বইয়ে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্সহ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়েও এর উল্লেখ রয়েছে।

বিস্তারিত বিবরণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

ফিডিলিয়াস মন্ত্র তথ্য সুরক্ষার অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম। গোপন তথ্যটি কোনো আত্মার মাঝে অবরুদ্ধ করে দেওয়ার পর সেই গোপন তথ্যটি সরাসরি খোঁজা হলেও তা দৃশ্যমান হয় না। প্রফেসর ফ্লিটউইক এই মন্ত্রের বর্ণনা দিতে গিয়ে বলেন, "যতদিন সিক্রেট-কিপার মুখ না খুলবেন, ততদিন ইউ-নো-হু বছরের পর বছর লিলি ও জেমস যে গ্রামে থাকছেন সেখানে খুঁজলেও তাদের পাবেন না। এমনকি তিনি যদি তাদের বসার ঘরের জানালায় নাক ঠেকিয়ে দাঁড়িয়ে থাকেন তবুও নয়!" (লিলিজেমস পটার সেই সময় আত্মগোপনে চলে গিয়েছিলেন কারণ তারা জানতে পেরেছিলেন ভলডেমোর্ট সুনির্দিষ্টভাবে তাদেরই খুঁজছে।) সেই সময় এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছিল যে সিক্রেট-কিপার নিশ্চই স্বেচ্ছায় ভলডেমোর্টের কাছে সেই গোপন তথ্য প্রকাশ করে ফেলেছিল। সিদ্ধান্তটি প্রকৃতপক্ষে সঠিক ছিল।

অর্ডার অব দ্য ফিনিক্সের সদর দপ্তরের অবস্থানটিও ফিডিলিয়াস মন্ত্র দ্বারা সুরক্ষিত। এই ক্ষেত্রে এর সিক্রেট-কিপার হলেন অ্যালবাস ডাম্বলডোর। গল্পের এই পর্যায়ে ডাম্বলডোর হ্যারির সাথে সরাসরি কথা বলতে ইচ্ছুক ছিলেন না। তবে তিনি একটি চিরকুটে লিখে অর্ডারের সদর দপ্তর কোথায় অবস্থিত সেই তথ্য হ্যারিকে জানাতে সক্ষম হন। হ্যারিকে চিরকুটটি দেখানোর পর অ্যালাস্টর মুডি তাকে এটি উচ্চস্বরে পড়তে বা পুনরাবৃত্তি করতে নিষেধ করেন। তবে এখানে মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন এমন নিষেধ করা হলো। এর কারণ হলো ফিডিলিয়াস মন্ত্র অনুযায়ী সিক্রেট-কিপার ছাড়া অন্য কেউ গোপন তথ্যটি প্রকাশ করতে পারে না... তাই সম্ভবত হ্যারি চাইলেও সেই চিরকুটের তথ্য মুখে উচ্চারণ করতে পারত না।

বিশ্লেষণ

[সম্পাদনা]

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

  1. হ্যারি যদি অর্ডারের অবস্থান সম্পর্কিত চিরকুটটি উচ্চস্বরে পড়ার চেষ্টা করত তবে কী ঘটত?
  2. যদি কোনো সিক্রেট-কিপার অন্য কারও কাছে গোপন তথ্যটি প্রকাশ করার আগেই মারা যান, তবে কী ঘটবে?

বৃহত্তর প্রেক্ষাপট

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

জে. কে. রাউলিং ইঙ্গিত করেছিলেন যখন একজন সিক্রেট-কিপার মারা যান, তখন গোপন তথ্যটি প্রকাশ করার ক্ষমতাও তার সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায়। ফিডিলিয়াস মন্ত্র সিক্রেট-কিপার ছাড়া অন্য কাউকে গোপন তথ্য ফাঁস করতে দেয় না। তিনি যাদের কাছে গোপন তথ্যটি প্রকাশ করেন তারা অবশ্যই তা জানতে পারেন, কিন্তু অন্য কারও কাছে তা বলতে পারেন না। ফলে একজন সিক্রেট-কিপারের মৃত্যু হলে যারা ইতোমধ্যে গোপন তথ্যটি জানতেন তাদের মনে সেই জ্ঞান রয়ে যাবে; কিন্তু এর অর্থ ছিল আগের মতোই তারা তা অন্যের কাছে প্রকাশ করতে পারতেন না, তাই গোপন বিষয়টি আর ছড়িয়ে পড়ত না।

যদি বিষয়টি আসলেই তেমন হতো, তবে ডাম্বলডোরের মৃত্যুর পর অর্ডারের সদর দপ্তর স্থানান্তর করা বেশ কঠিন প্রমাণিত হতো। ডাম্বলডোর যে গোপন তথ্যটি রক্ষা করছিলেন তা হলো অর্ডার অব দ্য ফিনিক্সের সদর দপ্তরের অবস্থান। যদি সেই গোপন তথ্যটি হস্তান্তরের ক্ষমতা সিক্রেট-কিপারের মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যেত, তবে নতুন সদর দপ্তর কোথায় তা কাউকে জানানো সম্ভব হতো না, এমনকি বর্তমান সিক্রেট-কিপারদেরও না। অর্ডার বিলুপ্ত হয়ে গেলে সম্ভবত গোপন তথ্যটি তার গুরুত্ব হারাত এবং মন্ত্রটির কার্যকারিতাও নষ্ট হয়ে যেত, কিন্তু ভলডেমোর্টের চূড়ান্ত পরাজয়ের পর কিছু কাল অতিবাহিত আগে তেমন কিছু ঘটার সম্ভাবনা ছিল না।

অধিকন্তু এটি ৭ম বইয়ে হ্যারির জন্য কিছু সমস্যার সৃষ্টি করত। গডরিক্স হলো গ্রামে তার পিতামাতার বাড়ি পরিদর্শনে যাওয়ার একটি ঘোষিত ইচ্ছা তার ছিল। কিন্তু যেহেতু সিক্রেট-কিপার পিটার পেটিগ্রু তখনও পর্যন্ত সেই গোপন তথ্য রক্ষা করে চলেছেন বলে মনে করা হচ্ছিল, তাই হ্যারির পক্ষে বাড়িটি খুঁজে পাওয়া কঠিন হতে পারত। বাস্তবে অবশ্য এই ঘটনার পরপরই রুবিয়াস হ্যাগ্রিডের পক্ষে বাড়িটি খুঁজে পাওয়া খুব একটা কঠিন ছিল না। যদিও সিরিয়াস ব্ল্যাকও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন, তবে তাকে প্রায় নিশ্চিতভাবেই পেটিগ্রু আগেই গোপন তথ্যটি জানিয়েছিলেন।

বিভিন্ন ভক্ত সাইটে "হারিয়ে যাওয়া দিনটি" নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। হ্যাগ্রিড হ্যারিকে নিয়ে প্রিভেট ড্রাইভে উপস্থিত হওয়ার পুরো এক দিন আগেই ভলডেমোর্ট মারা গিয়েছিলেন। অনেক ভক্তই বিশ্বাস করেন যে সেই দিনটিতে ঘটে যাওয়া ঘটনাগুলো সপ্তম বইয়ের ঘটনাপ্রবাহের জন্য গুরুত্বপূর্ণ, এমনকি ভীষণভাবে মোড় পরিবর্তনকারীও হতে পারত। এটি পুরোপুরি সম্ভব যে যদি ফিডিলিয়াস মন্ত্র তখনও সক্রিয় থাকত, তবে সিক্রেট-কিপারদের কেউ একজন সেখানে উপস্থিত না হওয়া পর্যন্ত হ্যাগ্রিড জায়গাটি খুঁজে পেতেন না। আমরা নিরাপদে ধরে নিতে পারি সিরিয়াস মারাউডার্সদের একজন হওয়ায় পটারদের অবস্থান সম্পর্কে জানতেন। তিনি মূলত হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান বইয়ে বলেন তিনি "বাড়িটির ধ্বংসস্তূপ এবং মরদেহগুলো" দেখেছিলেন। তাই তিনি নিশ্চয়ই গোপন তথ্যটি জানতেন। হয় ফিডিলিয়াস মন্ত্র প্রয়োগ করার আগে, অথবা পরে পিটার তাকে এ সম্পর্কে জানিয়েছিলেন। যদি ফিডিলিয়াস মন্ত্র তখনও সক্রিয় থেকে থাকে তবে সিরিয়াস সেখানে উপস্থিত হওয়ার আগে হ্যাগ্রিড হ্যারিকে উদ্ধার করার জন্য ধ্বংসপ্রাপ্ত বাড়িতে প্রবেশ করতে পারতেন না। সিরিয়াসই মূলত ধ্বংসস্তূপ থেকে হ্যারিকে বের করে এনেছিলেন এবং হ্যাগ্রিডের কাছে হস্তান্তর করেছিলেন লিটল হুইঙ্গিংয়ে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য এর বিপরীতে হ্যাগ্রিডের নিজস্ব বক্তব্য রয়েছে যে তিনি নিজেই ছোট হ্যারিকে ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে বের করে এনেছিলেন। যা জোরালোভাবে ইঙ্গিত করে হয় হ্যাগ্রিডকে গোপন তথ্যটি জানানো হয়েছিল অথবা পটারদের মৃত্যুর সাথে সাথেই ফিডিলিয়াস মন্ত্রের প্রভাব শেষ হয়ে গিয়েছিল।

তবে পরবর্তীতে দেখা যায় লেখিকার পূর্বের বক্তব্যটি বেশ বিভ্রান্তিকর ছিল। ম্যাড-আই মুডি ব্যাখ্যা করেন ডাম্বলডোরের মৃত্যুর সাথে সাথে যারা আগে থেকেই এই গোপন তথ্যের জ্ঞাতা ছিলেন, তারা প্রত্যেকেই এখন নিজে এক একজন সিক্রেট-কিপার হয়ে উঠেছেন। ফলস্বরূপ হারমায়োনি যখন অসাবধানতাবশত ইয়াক্সলিকে (একজন ডেথ ইটার) সাইড-অ্যালং-অ্যাপারেট করে গ্রিমল্ড প্লেসের সামনের সিঁড়িতে নিয়ে আসে, তখন সে ধরে নেয় সে তার কাছে গোপন তথ্যটি ফাঁস করে দিয়েছে।

ফিডিলিয়াস মন্ত্র এমন কয়েকটি মন্ত্রের মধ্যে একটি যেগুলোর কার্যকারিতা গল্পের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে লেখিকার ইচ্ছানুযায়ী পরিবর্তিত হয়েছে বলে মনে হয়। প্রথমত সিক্রেট-কিপার মারা গেলে গোপন তথ্যের কী হয় তা নিয়ে প্রশ্ন রয়েছে। লেখিকার ওয়েবসাইটে যা লেখা ছিল এবং বাস্তবে যা ঘটেছে তার মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল। এই বিষয়ে উপরে উল্লেখ করা হয়েছে। মনে হয় লেখিকা এই নিয়মটি পরিবর্তন করেছেন যাতে সমস্ত গোপন তথ্য জ্ঞাতাগণই সিক্রেট-কিপার হয়ে যান। কারণ হ্যারি, রন ও হারমায়োনিকে গ্রিমল্ড প্লেস থেকে বের করার জন্য এটি প্রয়োজন ছিল। পরবর্তীতে আবারও শেষ বইটিতে দেখা যায় ডবির সহায়তায় হ্যারি নিরাপদ আশ্রয়স্থল শেল কটেজে পালিয়ে যায়। আমাদের বলা হয়েছে এই বাড়িটিও ফিডিলিয়াস মন্ত্র দ্বারা সুরক্ষিত। কিন্তু হ্যারি সিক্রেট-কিপার বিল উইজলি কর্তৃক এর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়া সত্ত্বেও পৌঁছানোর সাথে সাথেই কটেজটি দেখতে পায়। এটা ঠিক যে আমাদের বলা হয়েছে ডবি এর আগেই মানুষকে শেল কটেজে নিয়ে যেতে পারত, যদিও বিল উইজলি তাকে সেই গোপন তথ্য সম্পর্কে জানিয়েছিলেন এমন সম্ভাবনা কম। এটি সম্ভব যে ডবির হাউজ-এলফ জাদু তাকে ফিডিলিয়াস মন্ত্র এড়িয়ে যাওয়ার ক্ষমতা দিয়েছিল। কিন্তু সেই ক্ষমতা হ্যারি, হারমায়োনি, মিস্টার অলিভান্ডার, লুনা লাভগুড কিংবা ডিন থমাসের থাকার কথা নয়। যারা সেই সময় হ্যারি ও রনের সাথে শেল কটেজে এসেছিলেন। তাদের কেউই বিল উইজলির কাছ থেকে গোপন তথ্যটি সম্পর্কে জানার কোনো সুযোগ পাননি।