বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/প্রসারণযোগ্য কান

উইকিবই থেকে
মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
প্রসারণযোগ্য কান
ধরণ জাদু যন্ত্র
বৈশিষ্ট্য দূর থেকে শোনার সুযোগ দেয়
প্রথম উপস্থিতি হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অব দ্য ফিনিক্স

সারাংশ

[সম্পাদনা]

প্রসারণযোগ্য কান হলো ফ্রেড এবং জর্জ উইজলির আবিষ্কার। এগুলো দেখতে লম্বা, গায়ের রঙের সুতোর মতো; সুতোর একটা মাথা কানের ভেতর ঢোকালে সুতোর অন্য মাথায় কি ঘটছে তা শোনা যায়।

সম্প্রসারিত বিবরণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

আমরা প্রথমে জানতে পারি যে ফ্রেড এবং জর্জ প্রসারণযোগ্য কান ব্যবহার ক'রে অর্ডার অব দ্য ফিনিক্সের সভার কথাবার্তা শোনার চেষ্টা করছিল, কিন্তু খুব একটা সফল হচ্ছিল না; তাদের মা তাদের সমস্ত মজুত নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু কয়েকটি বাদ পড়ে গিয়েছিল, এবং সম্প্রতি সে সভাকক্ষের দরজায় ইমপার্টারবেবল চার্ম প্রয়োগ করেছিল, যাতে কানের প্রান্তগুলো ভেতরে ঢুকতে না পারে। আমরা দেখি যমজ ভাইয়েরা একটি সভার পর বেরিয়ে যাওয়া অর্ডারের কিছু সদস্যের কথা আড়ি পেতে শোনার চেষ্টা করছে, কিন্তু সেই সদস্যরা প্রবেশকক্ষটি খুব দ্রুত ছেড়ে চলে যায়।

সাপের আক্রমণের পর যখন মিস্টার উইজলি হাসপাতালে ছিল, তখন সে, মিসেস উইজলি, ম্যাড-আই মুডি, এবং টঙ্কস একটি সংক্ষিপ্ত সভা করে। সেখানে তারা বোঝার চেষ্টা করে যে হ্যারি কিভাবে আক্রমণটি টের পেয়েছিল। হ্যারি, ফ্রেড, জর্জ, রন, এবং জিনি প্রসারণযোগ্য কান ব্যবহার ক'রে এই আলোচনাটি আড়ি পেতে শোনে এবং শুনতে পায় যে অর্ডার বিশ্বাস করে যে ভলডেমর্ট হয়তো হ্যারির ওপর ভর করেছে।

হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসে, হ্যারি, রন এবং হারমায়োনি ড্রাকো ম্যালফয়কে অনুসরণ ক'রে নকটার্ন অ্যালির একটি কালো জাদুর দোকান বোরগিন অ্যাণ্ড বার্কসে যায়। সেখানে, ড্রেকো দোকানের কর্মচারীকে কি বলছে তা শোনার জন্য তারা প্রসারণযোগ্য কান ব্যবহার করে।

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ উপন্যাসে, যখন হ্যারি, রন এবং হারমায়োনি গ্রামাঞ্চলের এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল, তখন তারা ঘটনাক্রমে জাদুকর শরণার্থীদের আরেকটি দলের কাছাকাছি এসে পড়ে। হারমায়োনির নিজেদের তাঁবুর চারপাশে সুরক্ষামূলক মন্ত্র প্রয়োগ করার কারণে তারা অন্য দলটি কি বলছে তা শুনতে পায় নি, কিন্তু হারমায়োনি তাদের প্রসারণযোগ্য কান দেয়, এবং তার ফলে তারা সবাই অন্য দলটির কথোপকথন শুনতে পায়। সম্ভবত, কানের সক্রিয় প্রান্তটি সুরক্ষামূলক মন্ত্রের এলাকার বাইরে ছিল।

বিশ্লেষণ

[সম্পাদনা]

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ উপন্যাসে একটি আকর্ষণীয় বিষয় হলো, কানের শ্রবণকারী প্রান্তগুলো কোনো রকম শারীরিক ধাক্কা ছাড়াই সুরক্ষা মন্ত্রের বাইরের এলাকায় যেতে পারে – মনে হয়, হারমায়োনিকে তাঁবু থেকেও বের হতে হয় না। দেখে মনে হয় যে, এগুলি সাধারণ সুতোর মতো নয় এবং কানের বাইরের প্রান্তগুলো সচল; আপনি যা শুনতে আগ্রহী, তা খুঁজে বের করার জন্য কোন দিকে যেতে হবে, তা এদেরকে নির্দেশ দেওয়ার কোনো একটা উপায় রয়েছে।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।