বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/ডেথলি হ্যালোজ

মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
ডেথলি হ্যালোজ
ধরণ কিংবদন্তি জাদুকরী বস্তু
বৈশিষ্ট্য
প্রথম উপস্থিতি হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ

সারমর্ম

[সম্পাদনা]

ডেথলি হ্যালোজ হলো অত্যন্ত শক্তিশালী কিংবদন্তীমূলক জাদুকরী নিদর্শন, কথিত আছে এর প্রকৃত মালিককে এটি "মৃত্যুর অধিপতি" হওয়ার ক্ষমতা দেয়।

বর্ধিত বিবরণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন উপন্যাসে, তিনটি হ্যালোর মধ্যে একটিকে আমাদের এই গল্পে প্রথম দেখা যায়, যদিও ছয় বছর পর্যন্ত এটিকে হ্যালো হিসেবে চিহ্নিত করা হয় না। দ্বিতীয়টি দেখা যায় হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসে, যদিও এক বছরেরও বেশি সময় ধরে এটিকে হ্যালো হিসেবে চিহ্নিত করা হয় না। তৃতীয় হ্যালোটি যদিও পুরো সিরিজ জুড়েই দেখা যায়, কিন্তু হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ উপন্যাসে এটিকে হ্যালো হিসেবে চিহ্নিত করার আগে পর্যন্ত এর কোনো বিশেষ উল্লেখ করা হয় না।

ডেথলি হ্যালোস সম্পর্কে আমাদের কাছে প্রথম বর্ণনা করা হয় দ্য টেল অফ দ্য থ্রি ব্রাদার্স বইটিতে, যা বিডল দ্য বার্ড কর্তৃক সংগৃহীত জাদুকরী রূপকথাগুলোর মধ্যে অন্যতম।অ্যালবাস ডাম্বলডোরের ইচ্ছাপত্রে হারমায়োনি এই বইটির একটি অগ্রিম সংস্করণ পায়, যেখানে দেখা যায় ডাম্বলডোর দ্য টেল অফ দ্য থ্রি ব্রাদার্স বইটিতে এমন একটি চিহ্ন দিয়ে রেখেছেন যা পরবর্তীতে ডেথলি হ্যালোজের চিহ্ন বলে প্রমাণিত হয়।

গল্প অনুসারে, তিন ভাইয়ের কাছে স্বয়ং মৃত্যু কৌশলে পরাজিত হওয়ার পর পুরস্কার হিসেবে তিন ভাইকে এই প্রত্নবস্তুগুলো দিয়েছিল। ডাম্বলডোর অবশ্য এ বিষয়ে ততটা নিশ্চিত নন; তিনি মনে করেন যে তিন ভাই, অর্থাৎ পেভেরেলরা, ছিল শক্তিশালী ও বিপজ্জনক জাদুকর এবং তারাই এই প্রত্নবস্তুগুলো তৈরি করেছিল। আমরা জানতে পারি যে তিন ভাইয়ের মধ্যে একজন, ইগনোটাস, গড্রিক'স হলোতে ডেথলি হ্যালোর প্রতীক খোদাই করা একটি পাথরের নিচে সমাধিস্থ আছে; বাকি দুটি, অ্যান্টিওক ও ক্যাডমাস সম্পর্কে তাদের নাম ছাড়া আমরা বিশেষ কিছুই জানি না।

ডেথলি হ্যালোগুলি হলো:

  1. এল্ডার ওয়ান্ড - "লড়াকু ভাই"কে দেওয়া একটি অপরাজেয় জাদুদণ্ড। যতক্ষণ পর্যন্ত এটি তার ধারক জাদুকরকে নিজের প্রভু হিসেবে মেনে নেয়, ততক্ষণ এটি দ্বন্দ্বে যেকোনো জাদুকরকে পরাজিত করতে পারে। যুদ্ধ ছাড়াও এটি আশ্চর্যজনক মাত্রায় জাদু করতে পারে, যেমন হ্যারির জাদুদণ্ডটি ঠিক করে দেওয়া, যখন এমনকি জাদুদণ্ড নির্মাতা শ্রীযুক্ত অলিভান্ডারও বলে যে এটি ঠিক করা সম্ভব নয়। কথিত আছে, এটি তৈরি হয়েছিল যখন মৃত্যুদেবতা কাছের একটি এল্ডার গাছ থেকে একটি ডাল ছিঁড়ে নিয়ে জাদুবলে একটি জাদুদণ্ড তৈরি করেছিল। জাদুদণ্ড-নির্মাতা গ্রেগোরোভিচ দাবি করে যে সে এটি খুঁজে পেয়েছে এবং এর রহস্য উদ্ঘাটন করছে যাতে সে এটি নকল করতে পারে; কিন্তু সে তা করার আগেই, গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ড এটি তার কাছ থেকে চুরি করে নেয়। গ্রিন্ডেলওয়াল্ড ইউরোপের জাদুকর সরকারের বিরুদ্ধে তার যুদ্ধে এটিকে মূল অস্ত্র হিসেবে ব্যবহার করে এবং অবশেষে ১৯৪৫ সালে ডাম্বলডোরের কাছে পরাজিত হয়। এরপর ডাম্বলডোর জাদুদণ্ডটি বহন করতে থাকেন যতক্ষণ না ড্রাকো ম্যালফয় এটি তাঁর কাছ থেকে দখল করে নেয়। ড্রাকো অবশ্য জাদুদণ্ডটির ইতিহাস জানে না, এবং এটি যে তার প্রতি আনুগত্য পরিবর্তন করেছে সে বিষয়েও সে অবগত নয়। ডাম্বলডোরকে তাঁর জাদুদণ্ডসহ সমাহিত করা হয়, এবং ভলডেমর্ট অবশেষে তাঁর সমাধিতে এর সন্ধান পায়, এবং তারপর এটি চুরি করে এই ভেবে যে এটি তাকে এর মালিক করে তুলবে। তবে, হ্যারি ম্যালফয়কে নিরস্ত্র ক'রে ইতিমধ্যেই এর মালিকানা অর্জন করেছে; জাদুদণ্ডটি হয়তো এ বিষয়ে অবগত নয়, যতক্ষণ না সেটি হ্যারির হাতে থাকা ম্যালফয়ের জাদুদণ্ডটির মুখোমুখি হয় —যে দণ্ডটির কারণে ডাম্বলডোরকে নিজের দণ্ডটি ছেড়ে দিতে হয়েছিল, আর যা এখন হ্যারির হাতে রয়েছে। পরিশেষে, চূড়ান্ত যুদ্ধে জাদুদণ্ডটি হ্যারির পক্ষ নেয়, এবং হ্যারি তা ডাম্বলডোরের সমাধিতে ফিরিয়ে দেয়। লেখক ইঙ্গিত দিয়েছেন যে এল্ডার ওয়ান্ডের মূল উপাদান হলো একটি থেস্ট্রালের চুল, এটি "একটি শক্তিশালী এবং জটিল পদার্থ যা কেবল মৃত্যুকে বরণ করতে সক্ষম কোনো ডাইনি বা জাদুকরই আয়ত্ত করতে পারে।" এল্ডার ওয়ান্ড এবং থেস্ট্রালের সাথে মৃত্যুর যোগসূত্র বিবেচনা করলে এটি সম্পূর্ণ যথাযথ বলে মনে হয়।
  2. রেজারেকশন পাথর - কথিত আছে, এই পাথরটি মৃতদেরকে পুনরুজ্জীবিত করে। পৌরাণিক কাহিনী অনুসারে, পেভেরেল ভাইদের একজনের জন্য মৃত্যুদেবতা নদীর ধার থেকে নেওয়া একটি পাথরকে জাদু করে এটি তৈরি করেছিল। হ্যারি পটার সিরিজের সাতটি বই জুড়ে আমাদের বারবার দেখানো হয়েছে যে মৃতরা কোনো না কোনো রূপে ফিরে আসতে পারে; যেমন ভূত, এবং প্রতিকৃতি। এগুলো তাদের স্রষ্টার কিছু বৈশিষ্ট্য ধারণ করে, যার মধ্যে থাকতে পারে: আকৃতি, স্মৃতি, এবং সম্ভবত চিন্তাভাবনা। ভলডেমর্টের হাতে যারা নিহত হয়েছিল, কবরস্থানে প্রাইওরি ইনক্যানটাটেম জাদুর প্রভাবে ভলডেমর্টের জাদুদণ্ড থেকে সেই সব মানুষদের প্রতিধ্বনিগুলো বের হতে বাধ্য হয়েছিল; যারা সেই মৃত মানুষদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য বহন করছিল, যদিও ডাম্বলডোর পরে বলেছিলেন যে তারা আসলে সেই মানুষগুলো নিজেরা ছিল না। স্বয়ং ভলডেমর্টও রয়েছে, যার আত্মা হরক্রাক্সগুলোর মাধ্যমে পৃথিবীতে নোঙর করে আছে। এবং রয়েছে রেজারেকশন পাথর, যা আসলে মানুষকে পুনরুজ্জীবিত করে না, বরং এমন কিছুকে জাগিয়ে তোলে যাকে "ছায়া" বলা যেতে পারে — আহ্বান করা মানুষগুলোর বৈশিষ্ট্য, স্মৃতি এবং চেহারা সহ তাদের প্রতিচ্ছবি। এই প্রত্নবস্তুটি একটি আংটিতে রাখা হয়েছিল, যা পেভেরেল পরিবারে বংশ পরম্পরায় হস্তান্তরিত হতে থাকে এবং পরবর্তীতে বিশুদ্ধ রক্তের গর্বের প্রতীক ছাড়া আর কিছুই ছিল না। ভলডেমর্ট, বিলুপ্ত পেভেরেল পরিবারের একটি স্মৃতিচিহ্ন হিসেবেই কেবল এর মূল্য জানত এবং ডেথলি হ্যালোগুলির সাথে এর সংযোগ সম্পর্কে অজ্ঞাত ছিল। তাই সে এটিকে একটি হরক্রাক্সে পরিণত ক'রে গন্টদের কুঁড়েঘরে লুকিয়ে রেখেছিল। হ্যারির পঞ্চম শিক্ষাবর্ষের পরের গ্রীষ্মের মধ্যে, লকেট ও আংটির কথা শুনে এবং ডায়েরিটি ধ্বংস হতে দেখে ডাম্বলডোর হরক্রাক্সের সন্ধানে বেরিয়ে পড়েন। তিনি আংটিটির সূত্র ধরে গন্টদের কাছে পৌঁছে যান এবং সেটি খুঁজে পান; যদিও তিনি হরক্রাক্সটি ধ্বংস করেছিলেন, কিন্তু সেই প্রক্রিয়ায় তিনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে আংটিটির মধ্যেই একটি অভিশাপ সক্রিয় করে ফেলেন, যার ফলে সেই বছরের মধ্যেই তাঁর নিজের জীবনের অবসান ঘটে। হ্যারি হগওয়ার্টসে তার জীবনের প্রথম কুইডিচ ম্যাচ জেতার জন্য যে গোল্ডেন স্নিচটি ধরেছিল, তার মধ্যে পাথরটি লুকিয়ে রেখে ডাম্বলডোর সেটি হ্যারির হাতে তুলে দেন।
  3. অদৃশ্য হওয়ার আলখাল্লা - কিংবদন্তী অনুসারে, এটি মানুষের হাতে তৈরি, বিভ্রম বা সম্মোহনের জাদু দ্বারা প্রভাবিত, অথবা ডেমিগাইজের চুল দিয়ে বোনা কোনো অদৃশ্য হওয়ার চাদর নয়, বরং এটি স্বয়ং মৃত্যুর আলখাল্লা, যা অন্য আলখাল্লাগুলোর মতো নয়, বরং সমস্ত জাদু, অভিশাপ, এমনকি যে কোনো ধরনের শারীরিক ক্ষতি থেকেও সুরক্ষিত। কথিত আছে, এটি এতটাই শক্তিশালী যে এটি পরিধানকারীকে স্বয়ং মৃত্যুর কাছ থেকেও আড়াল ক'রে রাখে। কিংবদন্তী বলে যে, এটি পেভেরেল পরিবারের বংশ পরম্পরায় পিতা থেকে পুত্রের কাছে হস্তান্তরিত হবে। হ্যারি, রন, এবং হারমায়োনিকে যখন বলা হয় যে এই বর্ণনার সাথে মেলে এমন আলখাল্লা তারা কেবল একবারই দেখেছে তখন তারা এটা বুঝতে পেরে হতবাক হয়ে যায় যে, হ্যারির বহন করা আলখাল্লাটিই সেই আলখাল্লা। পরে ডাম্বলডোর হ্যারির কাছে বিষয়টি নিশ্চিত করেন; আলখাল্লাটি ইগনোটাস পেভেরেলের শেষ বংশধর, জেমস পটার, এবং তার পুত্র হ্যারির কাছে হস্তান্তরিত হয়েছিল, কারণ ইগনোটাসের মতোই গড্রিক'স হলোতে জন্মগ্রহণ করেছিল। শুধুমাত্র দুটি উপায়ে অদৃশ্য হওয়ার আলখাল্লার ছদ্মবেশ ভেদ করা সম্ভব হয়েছে; অ্যালাস্টর মুডির জাদুকরী চোখ এর ভেতর দিয়ে দেখতে সক্ষম ছিল, এবং মারাউডার্স ম্যাপও একইভাবে আলখাল্লার নিচে থাকা ব্যক্তিকে দেখিয়ে দিত। আলখাল্লাটি জাদু থেকে সুরক্ষা দেয় কিনা তা অনিশ্চিত; তবে এটা নিশ্চিত যে এটিকে নিজে থেকে তলব করা যায় না, কারণ ডেথ ইটাররা একসময় তা চেষ্টা করেছিল, তাই কোনো জাদুকরী উপায়ে এর ওপর প্রভাব পড়ার সম্ভাবনা কম। দুর্ভাগ্যবশত, আলখাল্লাটি এর ওপর নিক্ষিপ্ত মন্ত্র থেকে সুরক্ষিত থাকলেও, যারা এটি ব্যবহার করে তাদের একই সুরক্ষা দেয় না। এটা সত্যি যে টটেনহ্যাম কোর্ট রোডে ডেথ ইটারদের সাথে যুদ্ধের সময় যখন হ্যারির (যে আলখাল্লার নিচে ছিল) দিকে একটি অভিশাপ ছোঁড়া হয়, তখন তার পেছনের একটি টেবিল বিস্ফোরিত হলেও সে অক্ষত অবস্থায় রক্ষা পায়, কিন্তু অভিশাপটি সঠিকভাবে হ্যারিকে লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল কিনা তা অনিশ্চিত। তবে, যখন হগওয়ার্টস এক্সপ্রেসে ড্রাকোর কামরায় হ্যারি লুকিয়ে পড়ে, তখন অদৃশ্য হওয়ার আলখাল্লা পরা অবস্থাতেই তাকে সফলভাবে পাথরে পরিণত করা হয়।

বিশ্লেষণ

[সম্পাদনা]

উপরোক্ত আলোচনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে, যদিও ডেথলি হ্যালোর নাম শুধুমাত্র সপ্তম বইয়ে উল্লেখ করা হয়েছে, তবুও পুরো সিরিজটিতে এগুলোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকৃতপক্ষে, তিনটি হ্যালোর মধ্যে দুটির ভূমিকা চলমান: একটি হলো এল্ডার ওয়ান্ড, ডাম্বলডোরকে আমরা যখন প্রথম দেখি তখন এটি তাঁর কাছে ছিল, এবং দ্বিতীয়টি অদৃশ্য হওয়ার আলখাল্লা, যেটি জেমসের ছিল এবং পরে হ্যারির কাছে হস্তান্তরিত হয়। তবে এর চেয়েও বড় কথা হলো: ডাম্বলডোরের যৌবনের একটি বড় অংশ হ্যালোর অনুসন্ধান এবং মৃত্যুকে বশে আনার উপায় খোঁজার কাজেই কেটেছিল।

ডাম্বলডোর আশা করেছিলেন যে, এল্ডার ওয়ান্ডটি তাঁর সমাধিতে তাঁর সাথে রাখলে, ওয়ান্ডটির ক্ষমতার অবসান ঘটবে; ওয়ান্ডটিকে সর্বশেষ যে ব্যক্তি দখল করবে, সেটির আনুগত্য তার কাছেই স্থানান্তরিত হবে, এবং যেহেতু স্নেপ ডাম্বলডোরকে হত্যা করেছিল, তাই ওয়ান্ডটির আনুগত্য স্নেপের কাছেই থাকবে। স্নেপ, সম্ভবত ডেথলি হ্যালোতে বিশ্বাস করত না এবং এই দণ্ডটিই যে সেগুলোর একটি তাও জানত না। আর যেহেতু সে প্রতিশ্রুতি দিয়েছিল যে ডাম্বলডোরকে তাঁর হাতে সেই ছড়ি রেখেই সমাধিস্থ করা হবে, তাই, শেষ পর্যন্ত স্নেপ মারা গেলেও তার কাছ থেকে দণ্ডটি জোরপূর্বক কেড়ে নেওয়ার ঘটনা ঘটত না। তবে, দণ্ড-সংক্রান্ত বিদ্যায় পারদর্শী না হওয়ায়, ডাম্বলডোর জানতেন না যে ড্রাকো তাঁকে নিরস্ত্র করার ফলেই দণ্ডটির আনুগত্য স্থানান্তরিত হবে। হ্যারি এই বিষয়টি শ্রীযুক্ত অলিভান্ডারের কাছে যাচাই করে দেখেছিল; বর্তমান ধারকের মৃত্যুর কারণ না হয়ে, বরং বর্তমান ধারকের ইচ্ছার বিরুদ্ধে দণ্ডটির নিয়ন্ত্রণ লাভ করার ফলেই আনুগত্য স্থানান্তরিত হয়। ভলডেমর্টেরও একই ভুল ধারণা ছিল, যার কারণে সে স্নেপকে হত্যা করেছিল। হ্যারি বিশ্বাস করত যে, ড্রাকোর কাছ থেকে তার জাদুদণ্ডটি এবং তারপর ভলডেমর্টের কাছ থেকে এল্ডার ওয়ান্ডটি দখল করার মাধ্যমে সে এল্ডার ওয়ান্ডের আনুগত্য নিজের দিকে নিয়ে এসেছে। তাই সে জাদুদণ্ডটি ডাম্বলডোরের দেহের সাথে পুনরায় সমাহিত করিয়েছিল। হ্যারির মৃত্যুর পর, যদি জাদুদণ্ডটি ডাম্বলডোরের সমাধিতে থেকে যায়, তবে কারও পক্ষেই এর শক্তি অর্জন করা অসম্ভব হবে, কারণ হ্যারি তখন তা ঠেকানোর চেষ্টা করার জন্য সেখানে থাকবে না।

যদিও ডাম্বলডোর রেজারেকশন পাথর ব্যবহার ক'রে নিজের প্রিয়জনদের ফিরিয়ে আনতে পারতেন বলে মনে করা হয়, তিনি প্রথমে আংটির মধ্যে থাকা হরক্রাক্স দ্বারা বিভ্রান্ত হয়েছিলেন এবং পরে এই বিশ্বাসে উপনীত হন যে এতে কোনো লাভ হবে না। কিংবদন্তি অনুসারে, যে ভাই পাথরটি পেয়েছিল, সে তার প্রেমিকাকে পুনরুজ্জীবিত করেছিল, কিন্তু সে দেখতে পায় যে এর ফলে প্রেমিকার সৃষ্ট প্রতিরূপটি তার মৃত্যুর ফলে ঘটিত অনুপস্থিতির দুঃখের চেয়েও খারাপ ছিল, এবং অবশেষে তার সাথে সঠিকভাবে পুনর্মিলিত হওয়ার জন্য সে আত্মহত্যা করেছিল। ডাম্বলডোর সঠিকভাবে সিদ্ধান্ত নেন যে তিনিও সম্ভবত একই দুঃখ ভোগ করবেন; পুনরুজ্জীবিত পার্সিভাল, কেন্দ্রা, এবং আরিয়ানা তাদের প্রত্যাবর্তনে তাঁকে আনন্দ দেবে না, বরং তাদের অসম্পূর্ণতার কারণে কেবল দুঃখই দেবে। অন্যদিকে, হ্যারি পাথরটি ব্যবহার করে তার হারানো প্রিয়জনদের ফিরিয়ে আনার জন্য নয়, বরং তার করণীয় কাজে তাদের সমর্থন পাওয়ার জন্য। সে মানুষগুলোকে চায় না, বরং তাদের আধ্যাত্মিক সমর্থন চায়, যা আত্মা হিসেবে তারাই একমাত্র প্রদান করতে সক্ষম। তাদের কাছ থেকে সেই সমর্থন পাওয়ার পর, হ্যারি ইচ্ছাকৃতভাবে পাথরটি তার আংটির মধ্যে ফেলে দেয় এবং সেটি আর না খোঁজার সিদ্ধান্ত নেয়।

অবশ্যই, সেই আলখাল্লাটিই হ্যারির কাছে আছে। যে রাতে জেমস নিহত হয়েছিল, সেই রাতে ডাম্বলডোরের কাছে আলখাল্লাটি ছিল এবং তিনি সেটি পরীক্ষা করছিলেন; ততদিনে তিনি হ্যালোগুলিকে খোঁজা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু এইবার তাঁর কাছে তিনটির মধ্যে দুটিকে একসাথে হাতে ধরে দেখার সুযোগ এসেছিল। শেষ পর্যন্ত, জেমসের ইচ্ছানুযায়ী ডাম্বলডোর সেটি হ্যারির হাতে তুলে দিয়েছিলেন; হ্যারিও এটি তার নিজের বংশধরদের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়, যেমনটা তার কাছেও করা হয়েছিল। ডাম্বলডোরের মতে এটাই সঠিক ও যথাযথ। আলখাল্লাটি যে সাধারণের চেয়ে আলাদা, এই ধারণাটি হ্যারি ও হারমায়োনিকে নতুন করে ভাবতে হয়, যেমনটা আমাদের, অর্থাৎ পাঠকদেরও লাগে, যখন হ্যারির কাছে ডেথলি হ্যালোর গল্পটি বলা হয়; হ্যারির আলখাল্লাটি, যতই ব্যতিক্রমী হোক না কেন, একমাত্র সেটিই যা আমরা পরীক্ষা করার সুযোগ পেয়েছি। রন হয়তো বুঝতে পারে যে এটি সাধারণের চেয়ে আলাদা, কিন্তু রন তুলনামূলকভাবে অপরিণত; জেনো লাভগুড তাদের কাছে বিষয়টি পরিষ্কার করে না বলা পর্যন্ত সে হয়তো এর মধ্যে সংযোগটি খুঁজে পাবে না।

এটা উল্লেখ করা যেতে পারে যে, ভলডেমর্ট সম্ভবত তিন ভাইয়ের গল্পটি কখনও শোনেনি। রূপকথার গল্প সাধারণত ছোটদেরই শোনানো হয়, এবং যে বয়সে তার এই গল্পগুলো শোনার কথা, সেই বয়সে সে মাগল অনাথ আশ্রমে থাকত। ফলে, সে সম্ভবত সিণ্ডারেলার গল্প শুনেছিল, যা জাদুকররা কখনও শোনেনি; কিন্তু বার্ড বিডলের গল্পগুলো তার কাছে একটি বন্ধ বইয়ের মতোই ছিল, কারণ বইগুলির পরিপক্কতা তুলনায় তার বয়স বেশি ছিল এবং তাই যখন সে অবশেষে জাদুকরের জগতে প্রবেশ করে, তখন এই বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। এর থেকে ব্যাখ্যা পাওয়া যেতে পারে যে কেন সে হরক্রাক্সের প্রতি এত আগ্রহী ছিল এবং হ্যালোগুলির প্রতি কোনো মনোযোগ দেয়নি; সে হ্যালোর অস্তিত্ব সম্পর্কে এতটাই অজ্ঞ ছিল যে, সে সেগুলোর একটিকে হরক্রাক্সে রূপান্তরিত করে ফেলে। এটা সত্যি যে সে এল্ডার ওয়ান্ড খুঁজছে; তবে, জেনো লাভগুড আমাদের বলে যে ডেথস্টিক (এল্ডার ওয়ান্ড এই নামেও পরিচিত) ইতিহাসের মধ্য দিয়ে এক বিস্তৃত ও রক্তাক্ত পথ রেখে গেছে, এবং তাই ভলডেমর্টের জন্য এর অস্তিত্ব অন্য দুটি হ্যালো থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে, যেগুলো জাদুকরের ইতিহাসে কম গুরুত্বপূর্ণ।

যে ধারণার কথা বারবার বলা হয়, তা হলো এই যে, তিনটি হ্যালোর অধিকারীই হবে মৃত্যুর প্রকৃত অধিপতি। সরলমনা জাদুকর ভাববে যে এর অর্থ হলো, মৃত্যুর ওপর তার ক্ষমতা থাকবে, সে নির্বিঘ্নে অন্যদের হত্যা করতে ও পুনরুজ্জীবিত করতে পারবে এবং নিজেও মৃত্যুর হাত থেকে পালিয়ে থাকতে পারবে। হ্যালোগুলোর প্রকৃত প্রভাব দেখলে এটা স্পষ্ট যে, আসলে এমনটা ঘটে না। যদিও জাদুদণ্ডের অধিকারীকে যুদ্ধে পরাজিত করা যায় না, তবুও বলপূর্বক তার কাছ থেকে জাদুদণ্ডটি কেড়ে নেওয়া যেতে পারে এবং তাকে অ-জাদুকরী উপায়েও হত্যা করা সম্ভব। পাথরটি প্রকৃত অর্থে পুনরুজ্জীবিত করবে না, বরং এটি কেবল ভূতের মতো জীবনের এক ফ্যাকাশে অনুকরণ প্রদান করবে। আর এই আবরণের নিচে কেবল সীমিত সময়ের জন্যই লুকিয়ে থাকা যায়। মৃত্যুর ওপর আধিপত্য অর্জনের একমাত্র উপায় হলো একে বোঝা এবং এর জন্য প্রস্তুত থাকা। ডাম্বলডোরও এ বিষয়ে কিছু বলেছেন: প্রথম বইয়ের শুরুতেই ডাম্বলডোর বলেছিলেন, "সুসংগঠিত মনের কাছে মৃত্যু হলো পরবর্তী এক মহান অভিযান মাত্র।" মৃত্যুকে বিলম্বিত করা যেতে পারে, যেমনটা নিকোলাস ফ্লামেল দেখিয়েছেন, কিন্তু একে এড়ানো যায় না; মৃত্যুকে বশে আনতে হলে, তোমাকে তা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এবং এর ভয় ত্যাগ করতে হবে।

একটি বিষয় যা ফুটে ওঠে তা হলো, হ্যালোগুলো জাদুকরের ব্যক্তিত্বের এক প্রকার অগ্নিপরীক্ষা হিসেবে কাজ করে। যখন হ্যারি, রন এবং হারমায়োনি এগুলো নিয়ে আলোচনা করছিল, তখন তারা প্রত্যেকেই সঙ্গে সঙ্গে তিনটির মধ্যে কোনটি সবচেয়ে মূল্যবান তা বেছে নেয়। হারমায়োনি বেছে নেয় আলখাল্লাটি, রন জাদুদণ্ডটি এবং হ্যারি পাথরটি। আমরা সঙ্গে সঙ্গেই দেখতে পাই যে, রন একটি অপরাজেয় জাদুদণ্ডের কথা ভেবে নিজেকে একদল অনুগামীর সর্দার হিসেবে দেখছে; হ্যারি তখনও তার ক্ষতির জন্য শোক করছে, যদিও সম্ভবত সক্রিয়তার চেয়ে বেশি বিষণ্ণভাবে; এবং হারমায়োনি, তাদের কাছে থাকা আলখাল্লাটির মূল্য সম্পর্কে সচেতন হয়ে ভাবছে যে এর আড়ালে থেকে তারা কত কিছু করতে পেরেছে। তরুণ ডাম্বলডোর এবং গ্রিন্ডেলওয়াল্ডও একইভাবে একই কারণে জাদুদণ্ড এবং পাথরটি বেছে নেয়।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

বৃহত্তর চিত্র

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।