বিষয়বস্তুতে চলুন

মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/গ্রিফিন্ডরের তলোয়ার

মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু
গ্রিফিন্ডরের তলোয়ার
ধরণ জাদুকরী বস্তু (অনন্য)
বৈশিষ্ট্য গডরিক গ্রিফিন্ডরের বংশানুক্রমিক তলোয়ার
প্রথম উপস্থিতি হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

গ্রিফিন্ডরের তলোয়ার হলো ওই দুটি বস্তুর একটি যা একসময় গডরিক গ্রিফিন্ডরের মালিকানাধীন ছিল বলে জানা যায়। তার অন্য বস্তুটি হলো সর্টিং হ্যাট। এটি অন্যান্য সাধারণ বস্তুর বিপরীতে অনেকটা একটি চরিত্রের মতোই আচরণ করে। কারণ গ্রিফিন্ডর এটিকে সীমিত মাত্রায় চেতনা দান করেছিলেন।

বিস্তারিত বিবরণ

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি নতুন পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

চেম্বার অব সিক্রেটসের ভেতরে সর্টিং হ্যাটের মধ্য থেকে আবির্ভূত হওয়ার সময় গ্রিফিন্ডরের তলোয়ারটি প্রথম দেখা যায়। হ্যারি তখন একটি ব্যাসিলিস্ককে মারার জন্য এটি ব্যবহার করে। এরপর থেকে হ্যারির ষষ্ঠ বর্ষের আগের গ্রীষ্মকাল পর্যন্ত এটি প্রধান শিক্ষকের অফিসের একটি কাঁচের বাক্সে রক্ষিত ছিল।

হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ে আমরা জানতে পারি এই তলোয়ারটি গবলিনদের দ্বারা তৈরি হয়েছিল। অস্ত্রটি ডাম্বলডোর শেষবারের মতো বাক্স থেকে বের করেছিলেন। তিনি একটি আংটি ধ্বংস করার জন্য এটি ব্যবহার করেছিলেন। তলোয়ারটি কখনো পরিষ্কার করার জন্য বাক্স থেকে বের করা হয়েছিল কি না এমন প্রশ্নের জবাবে ফিনিয়াস নাইজেলাসের প্রতিকৃতি জানায় যে গবলিনদের তৈরি অস্ত্র পরিষ্কার করার কোনো প্রয়োজন পড়ে না। এগুলো তাদের ওপর প্রয়োগ করা যেকোনো উপাদানকে নিজেদের মধ্যে শুষে নেয় যা তাদের আরও শক্তিশালী করে তোলে। আর বাকি অংশ স্রেফ ঝরে পড়ে যায়। হ্যারি ও হারমায়োনি বুঝতে পারে যে হরক্রাক্স আংটিটি কেবল এই কারণেই ধ্বংস করা সম্ভব হয়েছিল কারণ তলোয়ারটি ব্যাসিলিস্কের বিষ শুষে নিয়েছিল। আমরা আরও জানতে পারি জিনি উইজলি সহ একদল শিক্ষার্থী তলোয়ারটি চুরি করার চেষ্টা করার পর সুরক্ষার জন্য তলোয়ারটির একটি নকল সংস্করণ গ্রিংগটসে স্থানান্তরিত করা হয়েছিল। তবে এই পর্যায়ে আসল তলোয়ারটি কোথায় আছে তা আমরা জানি না।

পরবর্তীতে হ্যারি এটিকে ফরেস্ট অব ডিনের একটি পুকুরের মধ্যে খুঁজে পায়। সে যখন এটি উদ্ধার করতে যায়, তখন লকেট হরক্রাক্সটি তাকে প্রায় শ্বাসরোধ করে মারার উপক্রম করেছিল। কিন্তু রন তাকে উদ্ধার করে। এটিই যে আসল তলোয়ার তা প্রমাণ করার জন্য হ্যারি রনকে সেটি দিয়ে হরক্রাক্সটি ধ্বংস করার চেষ্টা করতে বলে। রনের প্রচেষ্টা সফল হয়। যা প্রমাণ করে তারা আসল তলোয়ারটি খুঁজে পেয়েছে। অর্থাৎ এটি হরক্রাক্স ধ্বংস করার কাজে ব্যবহার করা যেতে পারে। এটিই তাদের কাছে হরক্রাক্স ধ্বংস করার একমাত্র নিশ্চিত উপায় ছিল। তাই তারা তাদের ভ্রমণের সময় তলোয়ারটি নিজেদের কাছেই রেখে দেয়।

তারা যখন স্ন্যাচারদের হাতে বন্দি হয় তখনও তলোয়ারটি তাদের সাথেই ছিল। স্ন্যাচাররা মনে করে তারা আসল হ্যারি পটারকে ধরেছে। তাই পুরস্কারের আশায় তাকে ও তার দলকে ম্যালফয় ম্যানরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ম্যানরে বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জ তলোয়ারটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। সে বলে যে এটি যদি সত্যিই গ্রিফিন্ডরের আসল তলোয়ার হয় তবে ভলডেমর্ট তাদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হবেন। হারমায়োনিকে সত্য উদঘাটনের জন্য নির্যাতন করা হয়। কিন্তু সে তার এই কথাতেই অনড় থাকে যে তলোয়ারটি নকল। গ্রিপহুক নামের যে গবলিনটি তাদের সাথে বন্দি হয়েছিল সে ঘটনাস্থলে এসে হারমায়োনির কথার সত্যতা নিশ্চিত করে। হ্যারি ও রন ডবির সাহায্যে সমস্ত বন্দিদের উদ্ধার করতে এবং তলোয়ারসহ পালিয়ে যেতে সক্ষম হয়। তারা শেষমেশ শেল কটেজে গিয়ে পৌঁছায়।

হ্যারি জানে স্কুল থেকে একটি নকল তলোয়ার নিয়ে গ্রিংগটসে জমা করা হয়েছিল। যেমনটা আগেই উপরে উল্লেখ করা হয়েছে। বেলাট্রিক্সের প্রতিক্রিয়া দেখে হ্যারি বুঝতে পারে যে নকল তলোয়ারটি তার ভল্টেই রাখা হয়েছিল। এছাড়া সেখানে এমন আরও কিছু রয়েছে যা ভলডেমোর্টের কাছে অত্যন্ত মূল্যবান। হ্যারি নিশ্চিত হয় যে সেটি আসলে একটি হরক্রাক্স। সম্ভবত সেটি হেলগা হাফলপাফের কাপই হবে। গ্রিংগটসে প্রবেশ করে এই বস্তুটি উদ্ধার করার জন্য কী কী প্রয়োজন তা নিয়ে সে গ্রিপহুকের সাথে আলোচনা করে। গ্রিপহুক অবশেষে তাদের সাহায্য করতে রাজি হয়। তবে তার পারিশ্রমিক হিসেবে সে গ্রিফিন্ডরের তলোয়ারটি দাবি করে। সে মনে করে তলোয়ারটি গবলিনদের কাছ থেকে চুরি করা হয়েছিল। তাই এটি তাদের কাছেই ফিরিয়ে দেওয়া উচিত। হ্যারি অনিচ্ছাস্বত্ত্বেও রাজি হয়। তবে সে কখন তলোয়ারটি গ্রিপহুককে দেবে তা সুনির্দিষ্ট করে জানায়নি। তার ইচ্ছা ছিল শেষ হরক্রাক্সটি ধ্বংস না হওয়া পর্যন্ত এটি সে নিজের কাছে রাখবে। তারপর কাজ শেষ হলে সেটি গবলিনটির হাতে তুলে দেবে।

ভল্টের ভেতরে পৌঁছানোর পর হ্যারি একটি তাক থেকে কাপটি তুলে নেওয়ার জন্য তলোয়ারটি ব্যবহার করে। ভল্টের দরজা খোলার ঠিক পরপরই গ্রিপহুক তলোয়ারটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হ্যারি, হারমায়োনি ও রন একটি ড্রাগনের পিঠে চড়ে সেখান থেকে পালিয়ে যায়।

পেনসিভে স্নেপের স্মৃতি দেখার সময় হ্যারি ফিনিয়াস নাইজেলাসের প্রতিকৃতিকে রিপোর্ট করতে দেখে যে হ্যারি ও হারমায়োনি ফরেস্ট অব ডিনে রয়েছে। স্নেপ তখন ডাম্বলডোরের প্রতিকৃতির পেছনের একটি গোপন জায়গা থেকে তলোয়ারটি বের করেন। তারপর হ্যারি যেখানে এটি পেয়েছিল সেই পুকুরের মধ্যে তলোয়ারটি রেখে দেওয়ার জন্য রওনা হন।

হগওয়ার্টসের যুদ্ধের দ্বিতীয় অংশে ভলডেমর্ট সর্টিং হ্যাটটি নেভিলের মাথায় বসিয়ে দেয়। তারপর টুপিতে ও নেভিলের গায়ে আগুন ধরিয়ে দেয়। নেভিল জানে ভলডেমোর্টের অমরত্ব শেষ করতে নাগিনিকে অবশ্যই মারতে হবে। স্পষ্টতই সে হ্যারির মতোই টুপিটির কাছে সাহায্য চেয়েছিল। কারণ টুপিটি আবারও তলোয়ারটি বের করে এবং নেভিল তা ব্যবহার করে নাগিনির মাথা কেটে ফেলে।

প্রশ্নাবলী

[সম্পাদনা]

পাঠ্যসংক্রান্ত প্রশ্নগুলো শিক্ষার্থীদের নিজস্ব অনুশীলনের জন্য রাখা হয়েছে; অনুগ্রহ করে এখানে এগুলোর উত্তর দেবেন না।

  1. আমরা জানি স্নেপ বেলাট্রিক্সের ভল্টে একটি নকল তলোয়ার স্থানান্তরিত করেছিলেন। এর বাইরে কি আরও নকল তলোয়ার থাকতে পারে?

বৃহত্তর প্রেক্ষাপট

[সম্পাদনা]
একটু দাঁড়ান! আপনি যদি মধ্যম পর্যায়ের পাঠক হন, তবে নিচের বিস্তারিত বিবরণ আপনার মূল বই পড়ার আনন্দে বাদ সাধতে পারে।

শুরুতে হ্যারি মনে করেছিল একদল শিক্ষার্থী তলোয়ারটি চুরি করার চেষ্টা করার পর সুরক্ষার জন্য সেভেরাস স্নেপ তলোয়ারটিকে গ্রিংগটসে লেস্ট্র্যাঞ্জের ভল্টে পাঠিয়েছিলেন। সম্ভবত তিনি জানতেন না যে সেটি নকল ছিল। পরবর্তীতে বইয়ে এটি পরিষ্কার হয়ে যায় যে স্নেপ আসলে নিজেই গ্রিংগটসে পাঠানো নকল তলোয়ারটি তৈরি করেছিলেন। বিষয়টি ইঙ্গিত করে যে সম্ভবত ভলডেমর্টই স্নেপকে তলোয়ারটি গ্রিংগটসে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। স্নেপ নকলটি পাঠিয়েছিলেন যাতে ভলডেমর্ট সন্তুষ্ট হন। আর আসলটি ডাম্বলডোরের প্রতিকৃতির পেছনের গোপন কুঠুরিতে সুরক্ষিতভাবে রেখে দেওয়া যায়। এরপর তিনি আসল তলোয়ারটি ফরেস্ট অব ডিনে হ্যারির কাছে পৌঁছে দেন যাতে হ্যারি এটি হরক্রাক্স ধ্বংস করার কাজে ব্যবহার করতে পারে। স্নেপ প্রায় নিশ্চিতভাবেই ডাম্বলডোরের প্রতিকৃতির নির্দেশেই তলোয়ারটি নকল করেছিলেন।

এটি নিশ্চিত নয় যে ডাম্বলডোর অথবা পরবর্তীতে তার প্রতিকৃতি কখনো স্নেপের কাছে পুরোপুরি ব্যাখ্যা করেছিলেন কি না যে হ্যারির আসলে তলোয়ারটি দিয়ে কী করার প্রয়োজন হবে। আমরা কখনো ডাম্বলডোরকে স্নেপের কাছে স্পষ্টভাবে বলতে শুনিনি যে হ্যারিকে হরক্রাক্স সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। আর আমাদের জানা মতে ডাম্বলডোরের গোপন বিষয় অত্যন্ত কঠোরভাবে নিজের মধ্যে চেপে রাখার এক ধরণের অভ্যাস ছিল।