মাগলস গাইড টু হ্যারি পটার/জাদু/অপ্রাপ্তবয়স্ক জাদুচর্চা
| মাগলস গাইড টু হ্যারি পটার - জাদু | |
| নাবালক জাদুচর্চার যৌক্তিক সীমাবদ্ধতা অধ্যাদেশ | |
|---|---|
| ধরণ | আইনগত কাঠামো (আইন) |
| বৈশিষ্ট্য | নাবালকদের জাদুকরদের জাদু প্রয়োগ করা থাকে বিরত রাখে |
| প্রথম উপস্থিতি | হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন (ব্যাপারটি সম্পর্কে বলা হয়েছে), হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস (নাম জানানো হয়েছে) |
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]নাবালক জাদুচর্চার যৌক্তিক সীমাবদ্ধতা অধ্যাদেশ হলো এমন একটি আইন যা অপ্রাপ্তবয়স্ক জাদুকরদের জাদু ব্যবহারের সুযোগকে সীমিত করে। এর স্পষ্ট উদ্দেশ্য হলো অল্পবয়সী এবং অপ্রশিক্ষিত জাদুকররা যাতে তাদের জাদুদণ্ড নিয়ে যেখানে-সেখানে বিশৃঙ্খলা বা মাগলদের মধ্যে কোনো আতঙ্কের সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করা।
বিস্তারিত বিবরণ
[সম্পাদনা]এই বিধিমালার সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে প্রতিটি শিক্ষাবর্ষের শেষে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া একটি নোটের মাধ্যমে। হ্যারি প্রথমবারের মতো এই নোটটি পায় হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বইয়ের শেষ দিকে। ফ্রেড ও জর্জ মন্তব্য করেছিল যে তারা সবসময় আশা করে কোনো এক বছর হয়তো নোটটি দিতে কর্তৃপক্ষ ভুলে যাবে, কিন্তু তা কখনো হয় না। এতে সরাসরি আইনের নামটি উল্লেখ না করা হলেও, নোটে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয় যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে স্কুলের বাইরে তাদের জাদুবিদ্যা চর্চা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
হ্যারি প্রথমবারের মতো এই আইনের বেড়াজালে পড়ে হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অব সিক্রেটস বইয়ে। যখন ডবি ডার্সলিদের রান্নাঘরে একটি মিষ্টি নষ্ট করার জন্য হোভার চার্ম ব্যবহার করে। স্বাভাবিকভাবেই জাদু মন্ত্রণালয় ধরে নেয় যে হ্যারিই এই জাদুটি করেছে। যার ফলে মাফাল্ডা হপকার্ক নামের একজন চিঠি পাঠিয়ে তাকে এই কাজের পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করে।
হ্যারি একবার দুর্ঘটনাক্রমে তার আন্টি মার্জকে জাদু করে বেলুনের মতো ফুলিয়ে ফেলে। তখন সে মারাত্মকভাবে ভয় পেয়ে যায় যে এই বিধিমালা লঙ্ঘন করার কারণে হয়তো তাকে হগওয়ার্টস (এবং সম্ভবত জাদুজগত) থেকে বহিষ্কার করা হবে। সে সিদ্ধান্ত নেয় যে তার একমাত্র উপায় হলো ফেরার হয়ে যাওয়া। কিন্তু যখন সে তার জমানো টাকা তুলতে ডায়াগন অ্যালির দিকে যাচ্ছিল, তখন জাদুমন্ত্রী কর্নেলিয়াস ফাজ তাকে মাঝপথে আটকে দেন। ফাজ কোনো এক অজ্ঞাত কারণে মার্জকে ফুলিয়ে ফেলার ঘটনাটি স্রেফ এড়িয়ে যান। তিনি হ্যারিকে কোনো শাস্তি দেন না।
হ্যারি ডিমেন্টরদের হাত থেকে ডাডলিকে রক্ষা করার জন্য প্যাট্রোনাম চার্ম ব্যবহার করে। তখন তাকে আবারও বলা হয় যে সে আবার এই অধ্যাদেশ লঙ্ঘন করেছে আর তাই তার ছড়িটি ধ্বংস করে দেওয়া হবে। এর ফলশ্রুতিতে অবশেষে একটি শুনানির আয়োজন করা হয়। শুনানিতে এই সিদ্ধান্ত হয় যে জাদুকরী হুমকির বিরুদ্ধে নিজেকে এবং একজন মাগল পথচারীকে রক্ষা করার জন্য হ্যারির জাদু ব্যবহার করা সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায়সঙ্গত ছিল।
হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ের শুরুতে একদল ডেথ ইটারের হাত থেকে পালিয়ে যাওয়ার সময় হ্যারি প্রচুর পরিমাণে প্রতিরক্ষামূলক জাদু ব্যবহার করে। যদিও তখনও সে অপ্রাপ্তবয়স্ক ছিল। জাদু মন্ত্রণালয় এই বিষয়ে সচেতন ছিল বলে মনে হয় না। এর জন্য হ্যারিকে সতর্ক করে কোনো নোটিশও পাঠানো হয়নি।
হ্যারি তার ১৭তম জন্মদিনে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠে। কারণ এখন থেকে সে কোনো বাধা ছাড়াই নিজের ইচ্ছামতো যেকোনো জাদু ব্যবহার করার জন্য সম্পূর্ণ স্বাধীন।
বিশ্লেষণ
[সম্পাদনা]হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ে আমরা জানতে পারি যে কোনো জাদুকর শিশু জাদু ব্যবহার করেছে কি না তা নির্ধারণ করার পদ্ধতিটিকে বলা হয় ট্রেস। এটি মূলত শিশুর জাদু ব্যবহারের বিষয়টি সনাক্ত করে মন্ত্রণালয়ের ভেতরে একটি সতর্কবার্তা পাঠিয়ে দেয়। সম্ভবত ছোটখাটো মন্ত্র ব্যবহারের বিষয়গুলোও যাতে সঠিকভাবে ধরা পড়ে সেজন্য এটি এতখানি সংবেদনশীল করা হয়েছে যেন এটি আশেপাশে ব্যবহৃত অন্যান্য জাদুকেও সনাক্ত করে ফেলে। আমাদের জানানো হয়েছে জাদুকর পরিবারে তাদের শিশুদের জাদু ব্যবহারের বিষয়টি তদারকি করার দায়িত্ব মূলত মা-বাবার। কারণ শিশুর আশেপাশে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি জাদু ব্যবহার করলে তা দুর্ঘটনাক্রমে ট্রেসকে সক্রিয় করে তুলতে পারে। তবে মাগল-জাত জাদুকরদের সরাসরি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারিতে রাখা হয়। কারণ ধরে নেওয়া হয় যে তাদের আশেপাশে যে জাদুই ব্যবহৃত হোক না কেন, তা কেবল তাদের নিজেদের দ্বারাই সম্ভব। সম্ভবত এই কারণেই ডবির করা হোভার চার্মটির দায় হ্যারির ওপর চাপানো হয়েছিল।
তবে এই ট্রেসের নিখুঁত কার্যকারিতা নিয়ে মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক। হ্যারি যখন প্রিভেট ড্রাইভ ত্যাগ করছিল তখন আন্টি মার্জের গ্লাসটি জাদুকরী উপায়ে ভেঙে যাওয়া কিংবা সিঁড়ির নিচের আলমারিটি জাদুকরী উপায়ে খুলে যাওয়ার ঘটনায় কোনো নোটিশ পাঠানো হয়নি। তাছাড়া হ্যারি যখন দ্য বারো, গ্রিমল্ড প্লেস কিংবা ডায়াগন অ্যালিতে অবস্থান করছিল, তখন তার আশেপাশে জাদু ব্যবহৃত হলেও কোনো নোটিশ আসেনি। প্রথম বইয়ে হ্যাগ্রিড যখন তাকে দ্বীপ থেকে তীরে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল কিংবা প্রিভেট ড্রাইভে যখন আর্থার উইজলি, অ্যাডভান্স গার্ড বা প্রফেসর ডাম্বলডোর তার সাথে দেখা করতে আসছিলেন, তখনও তার আশেপাশে ব্যবহৃত হওয়া জাদুর জন্য কোনো নোটিশ দেওয়া হয়নি। তদুপরি হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বইয়ে গুহার ভেতরে ডাম্বলডোরকে সুস্থ করার জন্য হ্যারির মন্ত্র উচ্চারণ বা তাকে হগওয়ার্টসে অ্যাপারেট (জাদুকরী স্থানান্তর) করার সময়ে কিংবা হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ বইয়ে ডেথ ইটারদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক জাদু ব্যবহারের সময়েও ট্রেস সক্রিয় হয়নি। আমরা যদি ধরে নিই ট্রেস কোনো প্রাপ্তবয়স্ক জাদুকরকে সনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী তার প্রতিক্রিয়াকে নিষ্ক্রিয় করে রাখে, তবে তারপরও কিছু পরিস্থিতি অব্যাখ্যাত থেকে যায়। এই পরিস্থিতিগুলো হলো প্রিভেট ড্রাইভে আন্টি মার্জের অবস্থানের সময় সুরাপাত্র ভেঙে যাওয়া ও আলমারি খুলে যাওয়া এবং সম্ভবত নাইট বাসকে ডেকে পাঠানো। এই ব্যাপারগুলো হয়তো আন্টি মার্জের ফুলে ওঠার ঘটনার সাথে মিলিয়ে কর্নেলিয়াস ফাজ ক্ষমা করে দিয়েছিলেন। ডেথ ইটারদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক জাদুর ব্যবহার একটি ব্যতিক্রমী ঘটনা হতে পারে। হ্যাগ্রিড সম্ভবত ততদিনে একজন আইনি জাদুকর হিসেবে পুনর্বহাল হয়েছিলেন, তাই হ্যারির খুব কাছাকাছি তার উপস্থিতি ট্রেসের প্রতিক্রিয়াকে স্তিমিত করে দিয়ে থাকতে পারে। তবে প্রথম বইয়ে হ্যাগ্রিড যখন হ্যারিকে তীরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় জাদু ব্যবহার করেছিলেন তখনও ট্রেস সক্রিয় না হওয়ায় আমাদের সন্দেহ হয় যে হ্যাগ্রিডের জাদু ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ট্রেস তাকে একজন প্রাপ্তবয়স্ক জাদুকর হিসেবেই সনাক্ত করেছিল। পরবর্তী ঘটনায় আক্রমণকারী ডেথ ইটারদের মতো অন্যান্য প্রাপ্তবয়স্ক জাদুকরদের উপস্থিতিও ট্রেসকে শান্ত রাখতে সাহায্য করে থাকতে পারে। এটিও সম্ভব যে রুফাস স্ক্রিমজোর হয়তো ডেথ ইটারদের আক্রমণের ব্যাপকতা গোপন করার চেষ্টা করছিলেন, যাতে ভলডেমর্ট কতটা শক্তিশালী হয়ে উঠেছে তা প্রকাশ না পায়।
এটিও সত্য যে হ্যারি এগারো বছর বয়সে পদার্পণ করার এবং তার জাদুদণ্ড পাওয়ার আগে যে সমস্ত জাদু ব্যবহার করেছিল সে সম্পর্কে মন্ত্রণালয় মোটেও সচেতন ছিল বলে মনে হয় না। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন বইয়ের প্রথম অধ্যায়গুলোতে হ্যারি অজান্তেই একটি কুৎসিত সোয়েটারকে পুতুলের আকারে ছোট করে ফেলেছিল যাতে তাকে সেটি পরতে না হয়। এছাড়াও হ্যারি ডাডলি ও তার দলের মারধর থেকে বাঁচতে একটি ছাদে উড়ে গিয়ে আশ্রয় নিয়েছিল, রাতারাতি তার চুল গজিয়ে ফেলেছিল এবং একটি সাপের খাঁচার কাচ অদৃশ্য করে দিয়েছিল। কিন্তু এর জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সম্ভবত ট্রেস কেবল তখনই সক্রিয় হয় যখন একটি শিশু ১১ বছর বয়সে পৌঁছায়। এরপর থেকে ধরে নেওয়া হয় যে সে সচেতনভাবে নিজের জাদুকে পরিচালনা করতে সক্ষম। এই আইনটি কি ১১ বছরের কম বয়সী শিশুদের কাছে জাদুদণ্ড বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করে?
এর পরও আরেকটি খটকা থেকে যায়। যখন যমজ ভাইয়েরা ও রন আর্থারের উড়ন্ত গাড়িটি নিয়ে বের হয়েছিল এবং হ্যারি তাদের সাথে যোগ দেওয়ার পর হ্যারি ও রন গাড়িটি উড়িয়ে হগওয়ার্টসে নিয়ে গিয়েছিল, তখনও ট্রেস সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। গাড়িটি নিশ্চিতভাবেই একটি জাদুকরী বস্তু তাই এর ফলে ট্রেস সক্রিয় হওয়া উচিত ছিল। কিন্তু এই দুঃসাহসিক অভিযানে জড়িত কোনো অপ্রাপ্তবয়স্ক জাদুকরই কোনো সতর্কবার্তা পায়নি। অন্য একটি সিরিজের একজন লেখক (র্যান্ডাল গ্যারেট, তার লর্ড ডার্সি সিরিজে) সক্রিয় ও নিষ্ক্রিয় জাদুর মধ্যে পার্থক্যরেখা টেনেছেন। তার উল্লেখ মতে কোনো জাদুকরী বস্তু নিজের কাছে রাখা বা ব্যবহার করা এবং সক্রিয়ভাবে একটি নতুন মন্ত্র তৈরি করার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। খুব সম্ভবত ট্রেসের ভেতরেও এই একইরকম পার্থক্য সনাক্তকারী আগে থেকেই যুক্ত করা ছিল। কারণ একটি সাধারণ জাদুকর পরিবারে শিশুদের ব্যবহার্য জাদুকরী বস্তুর সংখ্যা অনেক বেশি থাকে। যেমন একটি শিশু যদি চামচ দিয়ে নিজে নিজে নাড়াচড়া করা কড়াইয়ের গায়ে আঘাত করে, তবে তাকেও একটি জাদুকরী বস্তু ব্যবহারকারী হিসেবে গণ্য করা যেতে পারে। ট্রেস যদি নিজে থেকে এই পার্থক্যটি করতে না পারত, তবে অপ্রাপ্তবয়স্ক জাদুকরদের জাদুকরী বস্তু ব্যবহারের রিপোর্টে জাদুমন্ত্রণালয় পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়ত।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
- স্কুলের বাইরে আইনগতভাবে জাদু ব্যবহার করার জন্য জাদুকর শিশুদের বয়স কত হতে হয়?
বৃহত্তর প্রেক্ষাপট
[সম্পাদনা]প্রাসঙ্গিক বিষয় হিসেবে আমরা লক্ষ্য করি যে ১৭তম জন্মদিনের পর হ্যারির নিজের ইচ্ছামতো জাদু করতে পারার বিষয়টি ট্রেস শেষ হয়ে গেছে ("ভেঙে গেছে") কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করে না। কারণ সেই সময় হ্যারি রনের ঘরে ছিল এবং তার অত্যন্ত কাছাকাছি একজন প্রাপ্তবয়স্ক জাদুকর (রন) অবস্থান করছিল। উপরের পূর্বল্লেখ মতো এই ধরণের পরিস্থিতিতে আশেপাশের এলাকায় জাদু ব্যবহার করা হলেও ট্রেস কোনো সাড়া দেয় না।
রন ও হারমায়োনি দুজনেই হ্যারির আগেই প্রাপ্তবয়স্ক হয়েছিল। তাই ট্রেস বহাল থাকলেও হ্যারি যতদিন তাদের সান্নিধ্যে থাকত, ততদিন সেটি সম্ভবত নিষ্ক্রিয়ই থাকত। সুতরাং জন্মদিনে দ্য বারোতে হ্যারির জাদু ব্যবহারের কারণে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো সতর্কবার্তা না আসার বিষয়টি ট্রেসের বিলুপ্তি ঘটার কোনো স্পষ্ট নির্দেশক নয়। ঘটনাচক্রে দেখা যায় গ্রিমল্ড প্লেসে আশ্রয় নেওয়ার আগ পর্যন্ত হ্যারি এমন কোনো স্থানে ছিল না যেখানে সে নামেমাত্র-প্রাপ্তবয়স্ক জাদুকরদের সান্নিধ্য থেকে সম্পূর্ণ বাইরে ছিল। সেখানে থিতু হওয়ার পর ত্রয়ী যখন মন্ত্রণালয়ে অনুপ্রবেশের পরিকল্পনা করছিল তখন হ্যারি জাদু মন্ত্রণালয়ের প্রবেশপথের কাছাকাছি এলাকায় অ্যাপারেট করে বাইরে বের হয়েছিল। গল্পের এই অংশেই হ্যারি প্রথমবারের মতো প্রাপ্তবয়স্ক জাদুকরদের থেকে দূরে থেকে নিজে জাদু ব্যবহার করছিল। আমরা ধারণা করি মুনডাঙ্গাসকে গ্রিমল্ড প্লেসে ফিরিয়ে আনার পর থেকে আগস্ট মাসের বেশিরভাগ সময় জুড়ে মন্ত্রণালয়ের এই নজরদারি বজায় ছিল। উল্লেখ্য, মুনডাঙ্গাসকে সম্ভবত হ্যারির জন্মদিনের এক সপ্তাহ পরে আনা হয়েছিল। ট্রেস ঠিক কখন ভেঙে গিয়েছিল সে সম্পর্কে আমরা নিশ্চিত হতে না পারলেও এটি মোটামুটি নিশ্চিত যে ঘটনাটি আগস্টের শুরুর দিকের পরেই ঘটেছিল। খুব সম্ভবত হ্যারির জন্মদিনেই প্রত্যাশামত এটি শেষ হয়েছিল।
আরেকটি বিষয় উল্লেখ করা প্রয়োজন। কারণ গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড় এর ওপর নির্ভর করছে। জাদু মন্ত্রণালয়ের পতন হওয়ার খবর পৌঁছানোর সাথে সাথেই ত্রয়ী দ্য বারো ত্যাগ করে। পরবর্তীতে টটেনহ্যাম কোর্ট রোডের একটি ক্যাফেতে ডেথ ইটারদের দ্বারা আক্রান্ত হয়। ডেথ ইটারদের সেই আক্রমণের পর হ্যারি ভাবছিল যে তারা হয়তো ট্রেসের মাধ্যমেই ত্রয়ীকে খুঁজে বের করেছে। রন এই ধারণাটি নাকচ করে দিয়ে বলে আগের দিন ট্রেস ভেঙে যাওয়ার পর এটিকে পুনরায় চালু করা অসম্ভব। কারণ এই সময়ের মধ্যে হ্যারির কাছে মন্ত্রণালয়ের কোনো জাদুকর আসেনি। রনের এই আশ্বাস সত্ত্বেও পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে যে ট্রেস তখনও সক্রিয় ছিল কি না। কারণ হ্যারি যখন জাদু করছিল তখন সে প্রাপ্তবয়স্ক জাদুকরদের সান্নিধ্যের বাইরে ছিল না। পরবর্তীতে জানা যায় তাদের খুঁজে পাওয়ার মূল কারণ ছিল ভলডেমর্টের নাম উচ্চারণ করা। ভলডেমর্ট তার নামের ওপর একটি নিষেধাজ্ঞা বসিয়েছিলেন যাতে কেউ তার নাম উচ্চারণ করার সাহস করলেই তাকে ধ্বংস করার জন্য ডেথ ইটারদের সেখানে পাঠানো যায়। হ্যারির মনে ট্রেস সক্রিয় থাকার এই সম্ভাবনা জেগে ওঠার বিষয়টি আসল কারণটিকে আড়ালে রেখেছিল। যা বড়দিনের পর রনের মাধ্যমে উন্মোচিত হয়।