মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/রেমাস লুপিন
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| রেমাস জন লুপিন | |
|---|---|
| লিঙ্গ | পুরুষ |
| চুল | হালকা বাদামী / ধূসর |
| চোখ | অজানা |
| পরিবার | স্পয়লার সতর্কতার পরে |
| আনুগত্য | অ্যালবাস ডাম্বলডোর দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স |
পরিদর্শন
[সম্পাদনা]রেমাস জন লুপিন একজন জাদুকর, যে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান উপন্যাসে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা বিষয়ের নতুন শিক্ষক হিসেবে উপন্যাসের চরিত্রদের দলে যোগ দেয়।
লেখকের মতে, লুপিনের জন্মদিন হলো ১০ই মার্চ।
ব্যুৎপত্তি
[সম্পাদনা]চরিত্রটির নামের ব্যুৎপত্তি হলো:
- রেমাস: রোমান কিংবদন্তী অনুসারে, রোমুলাস এবং রেমাস ছিলেন রোমের প্রতিষ্ঠাতা, যাদের একটি নেকড়ে লালন-পালন করেছিল।
- লুপিন: ল্যাটিন শব্দ "লুপিনাস" অর্থাৎ নেকড়ের থেকে উদ্ভূত।
এটি লেখকের সম্ভবত অতিরিক্ত উপযুক্ত নামকরণ ব্যবহারের একটি উদাহরণ। যে ঘটনাগুলোর জন্য লুপিনের এই নামটি এত উপযুক্ত হয়েছিল, সেগুলো অবশ্যই তার নামকরণের কিছু সময় পরে ঘটেছিল। যদিও এটি প্রাপ্তবয়স্ক পাঠকদের ভ্রু কুঁচকে দিতে পারে, আমরা শিক্ষার্থীদের মনে করিয়ে দিই যে এটি মূলত শিশুদের জন্য একটি বইয়ের সিরিজ, এবং সেই হিসেবে, নামধারী চরিত্রগুলোর বৈশিষ্ট্যের সাথে সরাসরি সম্পর্কিত নাম থাকাটা যথাযথ।
বইগুলিতে ভূমিকা
[সম্পাদনা]হগওয়ার্টস এক্সপ্রেসে রেমাস জে. লুপিনের সাথে প্রথম পরিচয় হয়, যেখানে সে প্রায় পুরো যাত্রাপথ ঘুমিয়েই কাটায়[১]। তবে, ঘুমন্ত অবস্থাতেও সে হ্যারি এবং তার বন্ধুদের সাহায্য করে; তার উপস্থিতি ড্রাকো ম্যালফয়কে কোনো রকম দুষ্টুমি করা থেকে বিরত রাখে। যখন পলাতক সিরিয়াস ব্ল্যাককে শিকার করতে আসা একটি ডিমেন্টর কামরায় প্রবেশ করে, তখন লুপিন জেগে ওঠে এবং একটি মন্ত্রের সাহায্যে সেটিকে বিতাড়িত করে। এরপর সে ভীত ছাত্রদের চাঙ্গা করার জন্য চকোলেট দেয় এবং স্কুলের নার্সকে খবর দেওয়ার জন্য একটি পেঁচাকে এই ব'লে আগে পাঠিয়ে দেয় যে হ্যারির চিকিৎসার প্রয়োজন হতে পারে। ম্যাডাম পমফ্রে পরে তার এই কাজের প্রশংসা করে বলে যে, অবশেষে তারা এমন একজন কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার শিক্ষক পেয়েছে যে চিকিৎসা পদ্ধতি জানে।
স্বাগত ভোজসভায় ডাম্বলডোর ঘোষণা করে যে অধ্যাপক লুপিন হল কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার নতুন শিক্ষক। হ্যারি, রন, এবং হারমায়োনি এই বিষয়টি আগেই অনুমান করেছিল। হ্যারির ক্লাসে তার প্রথম পাঠেই, লুপিন পিভসকে বশ করার এক অপ্রত্যাশিত ক্ষমতা প্রদর্শন করে। সে নেভিল লংবটমকে একটি বগার্টকে তাড়ানোর অনুশীলন করিয়ে তার আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়, যা ছিল অত্যন্ত প্রয়োজনীয়। লুপিনের বাস্তবসম্মত ও হাতে-কলমে শেখানোর পদ্ধতি ছাত্রদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, যা তাকে তাৎক্ষণিকভাবে সবার প্রিয় করে তোলে।
পরে যখন হ্যারি জিজ্ঞাসা করে কেন লুপিন তাকে তার নিজের বগার্টের মোকাবিলা করতে বারণ করেছে, তখন লুপিন বলে যে সে ভয় পেয়েছিল সেটি লর্ড ভলডেমর্টে রূপান্তরিত হয়ে ক্লাসকে ভয় পাইয়ে দেবে। হ্যারির সবচেয়ে বড় ভয় ভলডেমর্ট নয়, বরং ডিমেন্টর — এটা জেনে লুপিন অভিভূত হয়। এর কিছুক্ষণ পরেই, সেভেরাস স্নেপ লুপিনকে একটি পোশন এনে দিয়ে চলে যায়। হ্যারি ধারণা করে যে স্নেপ হয়তো পানীয়টিতে বিষ মিশিয়ে এনেছ, কারণ সে দীর্ঘদিন ধরে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার চাকরিটা পেতে চেয়েছে এবং দৃশ্যত সে লুপিনকে ঘৃণা করে। কিন্তু লুপিন বিনা দ্বিধায় পোশনটি পান করে।
কুইডিচ ম্যাচের সময় ডিমেন্টরদের কারণে হ্যারি অজ্ঞান হয়ে তার ঝাড়ু থেকে পড়ে গেলে, সে লুপিনকে তাদের তাড়ানোর উপায় শেখাতে বলে। লুপিন হ্যারিকে প্যাট্রোনাস মন্ত্রটি শেখায়। এই পাঠের সময়, হ্যারি জানতে পারে যে লুপিন, সিরিয়াস ব্ল্যাক, এবং তার বাবা সহপাঠী ছিল। পরের কুইডিচ ম্যাচে, হ্যারি সফলভাবে ডিমেন্টরদের তাড়ানোর জন্য মন্ত্রটি প্রয়োগ করে, যদিও আসলে তারা ছিল ছদ্মবেশে ম্যালফয় এবং তার সাঙ্গপাঙ্গরা। লুপিন হ্যারিকে তার প্যাট্রোনাসের জন্য অভিনন্দন জানায়, কিন্তু এটির আকৃতি দেখে সে বেশ বিচলিত হয়।
শ্রিকিং শ্যাকের দৃশ্যে লুপিন একটি প্রধান ভূমিকা পালন করে। কুঁড়েঘরে প্রবেশ করেই সে হ্যারি, রন এবং হারমায়োনিকে নিরস্ত্র করে, কারণ তারা সিসিয়াস ব্ল্যাককে কাবু করে ফেলেছিল। ব্ল্যাক যে নির্দোষ, সে বিষয়ে নিশ্চিত হয়ে লুপিন ত্রয়ীর জাদুদণ্ডগুলো ফিরিয়ে দেয় এবং সবাইকে আশ্বস্ত করার জন্য নিজের জাদুদণ্ডটি খাপে ভরে নেয়। সেখানেই হারমায়োনি সবার কাছে প্রকাশ করে যে লুপিন একজন নেকড়েমানব। যাইহোক, সে সত্য কথাই বলে যে সে কারও ক্ষতি করতে চায়নি, এবং কিছুক্ষণ পরে তারা তাকে বিশ্বাস করে কিন্তু সিরিয়াসকে নয়। লুপিন তার বন্ধুকে রক্ষা করে এবং তাদের কাছে তার, জেমস পটার, সিরিয়াস ব্ল্যাক এবং পিটার পেটিগ্রুয়ের মধ্যেকার বন্ধুত্বের কথা বলে — এই চারজন ম্যারাউডার্সই ম্যারাউডার্স ম্যাপ তৈরি করেছিল। সেভেরাস স্নেপ সেখানে প্রবেশ ক'রে ব্ল্যাককে সাহায্য করার জন্য লুপিনকে অভিযুক্ত করে, কিন্তু ত্রয়ী একটি সম্মিলিত মন্ত্র দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। লুপিন এবং ব্ল্যাক উভয়েই তখন রনের ইঁদুর, স্ক্যাবার্সের মুখোশ খুলে দেয় এবং দেখায় যে সে আসলে অ্যানিমেগাস রূপে পিটার পেটিগ্রু। জেমসও একজন অ্যানিমেগাস ছিল, যেমনটা সিরিয়াসও। পেটিগ্রুই জেমস ও লিলিকে ভলডেমর্টের কাছে ধরিয়ে দিয়েছিল। যখন তারা পেটিগ্রুকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন হ্যারি হস্তক্ষেপ করে এবং বলে যে তার বাবা চাইত না তার দুই সেরা বন্ধু খুনি হয়ে উঠুক; বরং ডিমেন্টররা তাকে নিয়ে যাক। দুর্গের দিকে যাওয়ার পথে পূর্ণিমার চাঁদ ওঠে। লুপিন নিজের ঔষধের কথা ভুলে গিয়েছিল, তাই সে এক ভয়ংকর নেকড়ে-মানবে রূপান্তরিত হয়ে যায়। ব্ল্যাক, তার অ্যানিমেগাস কুকুরের রূপে, লুপিনকে বশে আনতে না পারলেও তাকে তাড়িয়ে নিষিদ্ধ বনে নিয়ে যায়। ব্ল্যাক স্নেপের হাতে ধরা পড়ে এবং দুর্গে বন্দী হয়; হ্যারি ও হারমায়োনি তাকে উদ্ধার করে, এবং সে বাকবিক নামের এক হিপোগ্রিফের পিঠে চড়ে পালিয়ে যায়, এই বাকবিককে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ব্ল্যাকের ধরা পড়ার ফলে যে খ্যাতি সে পেত, তা থেকে বঞ্চিত হয়ে স্নেপ তুচ্ছ প্রতিশোধ হিসেবে পুরো স্কুলের কাছে প্রকাশ করে দেয় যে লুপিন একজন নেকড়েমানব। লুপিন তার পদ থেকে পদত্যাগ করে, কারণ সে জানে যে অভিভাবকরা এমন একজনকে তাদের সন্তানদের শিক্ষক হিসেবে পেতে আপত্তি জানাবে। যাওয়ার জন্য জিনিসপত্র গোছানোর সময় লুপিন হ্যারিকে বলে যে তার বাবার অ্যানিমেগাস রূপটি ছিল একটি হরিণ, ঠিক হ্যারির প্যাট্রোনাসের মতোই। আর একারণেই কুইডিচ ম্যাচে ওটা দেখে লুপিন এতটা প্রভাবিত হয়েছিল।
চতুর্থ বইতে লুপিন সরাসরি উপস্থিত না থাকলেও, মুডি যখন নেভিলকে উৎসাহিত করার চেষ্টা করছিল তখন তা দেখে হ্যারির লুপিনের কথা মনে পড়ে। ভলডেমর্টের ক্ষমতায় ফিরে আসা এবং কর্নেলিয়াস ফাজের প্রস্থানের পর, ডাম্বলডোর সিরিয়াস ব্ল্যাককে নির্দেশ দেয় "পুরানো দলটিকে" সতর্ক করার জন্য এবং লুপিনকে সে তাদেরই একজন হিসেবে উল্লেখ করে। সে সিরিয়াসকে নির্দেশ দেয় যে, ডাম্বলডোর পুনরায় তার সাথে যোগাযোগ না করা পর্যন্ত সে যেন রেমাসের বাড়িতে আত্মগোপন করে থাকে।
হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে লুপিন ফিরে আসে যখন সে হ্যারিকে অর্ডার অফ দ্য ফিনিক্সের সদর দপ্তর, বারো নম্বর, গ্রিমল্ড প্লেসের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ডার্সলিদের বাড়িতে আসে। লুপিন সিরিয়াস ব্ল্যাকের সাথে গ্রিমল্ড প্লেসে থাকে এবং অর্ডারের জন্য অজানা কাজ করতে মাঝে মাঝে সেখান থেকে বের হয়। হ্যারি তাকে গ্রিমল্ডে কেবল স্কুলের ছুটির সময় অথবা ফ্লু নেটওয়ার্কের মাধ্যমে তার ও সিরিয়াসের সাথে যোগাযোগ করার সময়ই দেখতে পায়। হ্যারি যখন একটি পেনসিভে সেভেরাস স্নেপের স্মৃতি দেখে, তখন সে তার বাবা এবং সিরিয়াসকে দেখে স্নেপকে নির্যাতন করতে। জেমসের উৎপীড়নে বিরক্ত হয়ে, সে গোপনে ডলোরেস আমব্রিজের অফিসের ফায়ারপ্লেস ব্যবহার ক'রে সিরিয়াস ও লুপিনের সাথে যোগাযোগ করে এবং তাদের কাছে তার বাবার আচরণ সম্পর্কে জানতে চায়। লুপিন বলে যে তরুণ জেমস (এবং সিরিয়াসও) একজন উৎপীড়ক ছিল, কিন্তু অবশেষে সে তা কাটিয়ে ওঠে।
বইটির শেষে রহস্য বিভাগে ডেথ ইটারদের বিরুদ্ধে যুদ্ধে লুপিন অংশগ্রহণ করে। হ্যারি আহত সিরিয়াসকে অনুসরণ করতে দৌড়োয়, সিরিয়াসের শরীর এক রহস্যময় অবরুদ্ধ ধনুকাকৃতির প্রাচীরের মধ্য দিয়ে ভেসে যাচ্ছিল মৃত্যুর দিকে, ঠিক সেইসময় লুপিনই জোর করে হ্যারিকে বাধা দেয়, এবং তাকেও একই পরিণতি থেকে বাঁচায়।
ষষ্ঠ বইতে, লুপিন অর্ডার অফ দ্য ফিনিক্সের গুপ্তচর হিসেবে কাজ করে এবং ভলডেমর্টের নিয়োগ করা ফেনরির গ্রেব্যাকের নেতৃত্বাধীন একটি বিপজ্জনক নেকড়েমানব দলে অনুপ্রবেশ করে। শেষে, লুপিন সেই ডেথ ইটারদের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যারা ডাম্বলডোরকে হত্যা করার জন্য হগওয়ার্টস আক্রমণ করেছিল। এটাও প্রকাশ পায় যে অর্ডার অফ দ্য ফিনিক্সের সদস্য নিম্ফাডোরা টঙ্কস রেমাস লুপিনের প্রেমে পড়েছে। কিন্তু, টঙ্কসকে রেমাস লুপিন বলে যে একজন নেকড়েমানবের সাথে প্রেমের সম্পর্কে জড়ানো খুব বিপজ্জনক, সে তার জন্য যথেষ্ট বেশি বয়স্ক। টঙ্কস আরও ভালো কাউকে পাওয়ার যোগ্য। তবে, পরে লুপিন এবং টঙ্কসকে হাত ধরে থাকতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় যে তারা এই বাধাগুলো অতিক্রম করেছে এবং একটি সতর্ক সম্পর্ক শুরু করেছে।
যে রক্ষীরা হ্যারি এবং হ্যারি পটারের ছদ্মবেশীদের ডার্সলি বাসভবন থেকে একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাচ্ছিল, লুপিন সেই রক্ষীদের মধ্যে ছিল। ডার্সলিদের রান্নাঘরে যখন পালানোর পরিকল্পনা তৈরি করা হচ্ছিল, তখন টঙ্কসকে একটি আংটি পরা অবস্থায় দেখা যায়; আমরা জানতে পারি যে সে এবং লুপিন বিবাহিত। হ্যারিকে সরিয়ে নেওয়ার অর্ডারের পরিকল্পনা ফাঁস হয়ে যায়, এবং লুপিন আহত জর্জ উইজলিকে সঙ্গে নিয়ে দ্য বারোতে এসে পৌঁছোয়। মিসেস উইজলি যখন জর্জের ক্ষতের শুশ্রূষা করছিল, তখন লুপিন হ্যারির পরিচয় নিশ্চিত করার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করে। হ্যারির অন্য ছদ্মবেশী ও রক্ষীরা এসে পৌঁছানোর পর, লুপিন বিল উইজলির সাথে অ্যালাস্টর মুডির খোঁজে বেরিয়ে পড়ে, মুডি নিখোঁজ হয়ে গেছে এবং তাকে মৃত বলে ধরে নেওয়া হচ্ছে।
লুপিন এবং টঙ্কস হ্যারির জন্মদিনে দ্য বারোতে ছিল, কিন্তু আর্থার উইজলিরর প্যাট্রোনাস তাদের সতর্ক করে দিয়ে বলে যে যে সে রুফাস স্ক্রিমজিওরকে নিয়ে শীঘ্রই আসছে, আর তখনই তারা দ্রুত সেখান থেকে চলে যায়। বিল ও ফ্লেউরের বিয়েতে, লুপিন হ্যারিকে বলে যে বর্তমানে মন্ত্রণালয়ের কাছে নেকড়েমানবদের অবস্থান খুবই খারাপ। বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে, যখন মন্ত্রণালয়ের পতন ঘটে এবং ডেথ ইটাররা বুরোকে ঘিরে থাকা বিদ্যমান সুরক্ষা মন্ত্রগুলো ভেঙে দেয়, তখন আমরা লুপিন এবং টঙ্কসকে পিঠাপিঠি দাঁড়িয়ে সুরক্ষা মন্ত্র প্রয়োগ করতে দেখি।
হ্যারি, হারমায়োনি এবং রন গ্রিমল্ড প্লেসে থিতু হওয়ার কয়েকদিন পর লুপিন সেখানে আসে। সে প্রথম নিজের পরিচয় দেওয়ার পরেই, রন ও হারমায়োনি খুব তাড়াতাড়ি অসতর্ক হয়ে পড়ায় সে তাদের তিরস্কার করে। সে জানে যে এই ত্রয়ীর একটি গোপন অভিযান আছে, তাই সে সাহায্যের প্রস্তাব দেয়। টঙ্কসের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, সে জানায় যে টঙ্কস সন্তানসম্ভবা এবং তার বাবা-মায়ের বাড়িতে নিরাপদে আছে। টঙ্কস ও তার অনাগত সন্তানকে বাড়িতে রেখে লুপিন অভিযানে যেতে চাওয়ায় হ্যারি ক্ষুব্ধ হয়। সে বলে, বাবা-মায়ের উচিত নয় তাদের সন্তানদের পরিত্যাগ করা। তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয় এবং একটি অভিশাপ নিক্ষেপ করে হ্যারিকে ভূপাতিত করার পর, লুপিন রাগে গরগর করতে করতে বেরিয়ে যায়।
মার্চ মাসে, রন জলদস্যুদের বেতার অনুষ্ঠান "পটারওয়াচ" শুনতে বসে। লি জর্ডান, "রিভার" চরিত্রে, "রোমুলাস"কে পরিচয় করিয়ে দেয়, তার কণ্ঠস্বর শুনেই তাকে লুপিন হিসেবে সহজেই চেনা যায়। সে হ্যারির সর্বশেষ অবস্থা সম্পর্কে জানায়। লুপিন বলে যে, হ্যারি যে এখনও বেঁচে আছে, সে ব্যাপারে সে নিশ্চিত, কারণ হ্যারির মৃত্যু হলে প্রতিরোধের একটি কেন্দ্রবিন্দু নির্মূল করার উপায় হিসেবে শাসকগোষ্ঠী সেই খবরটি দূর-দূরান্তে ফলাও করে প্রচার করত। লুপিন আরও বলে যে, হ্যারি যদি শুনে থাকে, তবে তার উচিত নিজের সহজাত প্রবৃত্তিকে অনুসরণ করা, যা প্রায় সবসময়ই সঠিক। এই পুনর্মিলনের ঘোষণায় হ্যারি এবং হারমায়োনি দুজনেই কেঁদে ফেলে। লুপিন এরপর বলে যে, জেনোফিলিয়াস লাভগুডকে গ্রেপ্তার করা হয়েছে এবং রুবিয়াস হ্যাগ্রিড, যে তার বাড়িতে "সাপোর্ট হ্যারি পটার" পার্টির আয়োজন করেছিল, সে গ্রেপ্তার এড়িয়ে পালিয়ে গেছে এবং এখন পলাতক।
হ্যারি যখন ম্যালফয় ম্যানর থেকে পালিয়ে শেল কটেজে আশ্রয় নেয়, তখন লুপিন সেখানে গিয়ে জানায় যে টঙ্কস একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছে, তারা শিশুর নাম রেখেছে টেডি। আশ্চর্যজনকভাবে, তাদের পূর্বের তিক্ততাপূর্ণ বিচ্ছেদের কথা বিবেচনা করলে, লুপিন হ্যারিকে দেখে খুশি হয় এবং তাকে টেডির ধর্মপিতা হতে বলে, যা হ্যারি মেনে নেয়।
হগওয়ার্টসে ভলডেমর্টের সাথে চূড়ান্ত যুদ্ধের ঠিক আগে, রিকোয়ারমেন্ট কক্ষে উত্তেজনা চরমে ওঠে যখন জিনি উইজলি যুদ্ধে যোগ দেওয়ার জন্য জেদ ধরে এবং পার্সি উইজলি তার পরিবারের সাথে মিটমাট করার জন্য অপ্রত্যাশিতভাবে সেখানে এসে হাজির হয়। ফ্লেউর লুপিনকে নতুন শিশুটির ব্যাপারে জিজ্ঞাসা ক'রে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে; লুপিন একটি ছবি বের করে, যদিও সেটি দেখতে কেউ আগ্রহী বলে মনে হয় না। অবশেষে, পার্সিকে ক্ষমা করে দেওয়ার পর এবং জিনিকে রিকোয়ারমেন্ট কক্ষের ভেতরেই থাকার নির্দেশ দেওয়ার পর, লুপিন স্কুলের মাঠ রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়ার জন্য গ্রেট হলে যায়। যদিও টঙ্কস সেখানে এসে পৌঁছায় এবং আমরা তাকে যুদ্ধে অংশ নেওয়ার সময় লুপিনকে খুঁজতে দেখি, কিন্তু যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লুপিনকে আর দেখা যায় না, এবং তারপর মৃতদের মধ্যে তার ও টঙ্কসের দেহ পড়ে থাকতে দেখা যায়।
পেনসিভে স্নেপের স্মৃতিগুলো পুনরায় অনুভব করার পর, হ্যারি বুঝতে পারে যে ভলডেমর্টের মুখোমুখি হওয়া এবং তার হাতে নিহত হওয়াই তার নিয়তি ছিল। এই পরিস্থিতির জন্য নিজের সাহস যথেষ্ট না হওয়ায় এবং নিষিদ্ধ অরণ্যে ডিমেন্টরদের পার করার জন্য প্যাট্রোনাস তৈরি করতে না পেরে, হ্যারি লুপিনের আত্মার সাথে সিরিয়াস ব্ল্যাক, জেমস পটার, এবং লিলি পটারকেও ডেকে পাঠায়। প্যাট্রোনাস হিসেবে কাজ ক'রে, এই চারটি আত্মা অরণ্যের মধ্য দিয়ে ভলডেমর্টের শিবিরে যাওয়ার পথে হ্যারিকে রক্ষা করে। হ্যারি যখন ডেথ ইটারদের কাছে পৌঁছায়, তখন সে প্রেতাত্মাদের ডেকে আনা পুনরুত্থান পাথরটি ফেলে দেয়, যার ফলে তারা অদৃশ্য হয়ে যায়।
শক্তিসমূহ
[সম্পাদনা]রেমাস লুপিন একজন প্রতিভাবান ও শক্তিশালী জাদুকর এবং সেই সাথে অত্যন্ত বুদ্ধিমান। সে চিন্তাশীল এবং কোনো কাজ করার আগে পরিস্থিতি ভালোভাবে ভেবে দেখে। সে প্রায়শই অসাধারণ আত্মসংযম প্রদর্শন করে এবং চাপপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থাকে। যদিও লুপিনকে একজন সমাজচ্যুত হিসেবে চিত্রিত করা হয়েছে, কিন্তু সে তার বন্ধু এবং মিত্রদের, বিশেষ করে হ্যারি এবং নেভিলের প্রতি দয়ালু এবং অসাধারণভাবে বিশ্বস্ত।
সিরিজ চলাকালীন বেশিরভাগ ছাত্রছাত্রী ও শিক্ষকের কাছে লুপিন হগওয়ার্টসের সেরা কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার শিক্ষক হিসেবে বিবেচিত হত। সে ক্লাসে ধৈর্য, সহানুভূতি ও হাস্যরস নিয়ে আসত এবং তার ছাত্রদের, বিশেষ করে হ্যারি ও নেভিলকে ব্যাপকভাবে উৎসাহিত করত।
লুপিন একজন সত্যিকারের গ্রিফিন্ডর। সে ডাম্বলডোরের গুপ্তচর হিসেবে কাজ করার জন্য সাহসিকতার সাথে নিজের জীবন বিপন্ন ক'রে ফেনরির গ্রেব্যাকের নেকড়ে দলে অনুপ্রবেশ করে এবং বিশ্বস্ততার সাথে অর্ডার অফ ফিনিক্সের সেবা করে। সিরিয়াস ব্ল্যাক নির্দোষ জানার পর, সে অবিলম্বে শ্রিকিং শ্যাকে তার সাহায্যে এগিয়ে যায়, যেখানে পেটিগ্রু আসল বিশ্বাসঘাতক হিসেবে উন্মোচিত হয়।
দুর্বলতা
[সম্পাদনা]চার বছর বয়সে, নেকড়ে-মানব ফেনরির গ্রেব্যাকের কামড়ের পর লুপিন লাইক্যানথ্রপিতে আক্রান্ত হয়। প্রতি পূর্ণিমায় আক্রান্ত ব্যক্তি একটি নেকড়ের মতো প্রাণীতে রূপান্তরিত হয় এবং জলাতঙ্কগ্রস্ত কুকুরের মতো নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে না। রূপান্তরিত নেকড়ে-মানবেরা কমবেশি নির্বোধের মতো কামড় দিয়ে সংক্রামিত করার জন্য সুস্থ মানুষদের খুঁজে বেড়ায়। যদিও এর কোনো প্রতিকার নেই, সম্প্রতি এমন একটি পোশন আবিষ্কৃত হয়েছে যা রূপান্তরের সময় তাদের মানসিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে। এই ঔষধটি গ্রহণ ক'রে লুপিন নিষিদ্ধ অরণ্যে তাণ্ডব চালানোর পরিবর্তে তার অফিসে শান্তভাবে গুটিসুটি মেরে বিশ্রাম নিতে পারে। তবে, পূর্ণিমার প্রায় এক সপ্তাহ আগে থেকে প্রতিদিন এই পানীয়টি গ্রহণ করতে হয়, এবং এটি শুধুমাত্র একটি চন্দ্রচক্রের জন্য কার্যকর থাকে; যদি পানীয়টি গ্রহণ করা না হয়, তবে নেকড়ে-মানবটি আবার বিপজ্জনক হয়ে ওঠে।
অত্যন্ত বিপজ্জনক হওয়ার কারণে, জাদুকর সম্প্রদায় সাধারণত নেকড়ে-মানবদের ভয় পায় এবং এড়িয়ে চলে, তাই তারা প্রকৃতপক্ষে সমাজচ্যুত হয়ে থাকে। তা সত্ত্বেও, অ্যালবাস ডাম্বলডোর তরুণ রেমাসের জন্য হগওয়ার্টসে যাওয়ার ব্যবস্থা করেছিল, সেখানে পূর্ণিমার সময় তাকে আটকে রাখা হতো। যদিও লুপিনের অবস্থা গোপন রাখা হয়েছিল, কিন্তু সে লাজুক ছিল এবং সবসময় নিরাপত্তাহীনতায় ভুগত। সিরিয়াস ব্ল্যাক, জেমস পটার এবং পিটার পেটিগ্রু ছাড়া তার তেমন কোনো বন্ধু ছিল না। ফলস্বরূপ, প্রাপ্তবয়স্ক লুপিন বেশিরভাগ সময় একাকী থাকে এবং চাকরি খুঁজে পেতে তার অসুবিধা হয়েছে; সে সবসময় খারাপ আচরণের শিকার হওয়ার আশঙ্কা করে।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্কs
[সম্পাদনা]ছোটবেলা থেকেই নেকড়ে-মানব লুপিন বেশিরভাগ সময়ই অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে একাকী জীবন কাটিয়েছে। হগওয়ার্টসের ছাত্র থাকাকালীন তার ডাকনাম ছিল "মুনি" এবং সে তার গ্রিফিন্ডর হাউসের সহপাঠী জেমস পটার (প্রংস), পিটার পেটিগ্রু (ওয়ার্মটেইল) এবং সিরিয়াস ব্ল্যাকের (প্যাডফুট) সাথে চারজন ম্যারাউডারের একজন ছিল। এই চারজন খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং যদিও লুপিনের অবস্থা ছাত্রদের কাছ থেকে গোপন রাখা হয়েছিল, বাকি তিনজন তার গোপন রহস্যটি জেনে ফেলে। তারা অবৈধভাবে অ্যানিমেগাস হয়ে ওঠে, প্রথমে তাকে সমর্থন করার জন্য, কিন্তু পরে তার নেকড়ে-মানবে রূপান্তরিত হওয়ার সময় তার সঙ্গী হওয়ার জন্য। এই পরিস্থিতি তাকে শ্রিকিং শ্যাকে তার মাসিক বন্দিদশা থেকে মুক্ত করেছিল। যেহেতু তখনও নেকড়ে-মানবের ওষুধ আবিষ্কৃত হয়নি, তাই রূপান্তরিত অবস্থায় লুপিন অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠত; বাকি তিনজন ম্যারাউডার, তাদের পশু রূপে সুরক্ষিত থেকে, নিষিদ্ধ বন এবং তার আশেপাশের গ্রামাঞ্চলে তাদের রাতের অভিযানের সময় লুপিনকে নিয়ন্ত্রণে রাখত। সেভেরাস স্নেপ, যাকে অন্য ম্যারাউডাররা ঘৃণা করত, সেও সেই সময়ে হগওয়ার্টসের একজন ছাত্র ছিল। জেমস ও লিলি খুন হওয়ার পর (যেমনটা সম্ভবত পিটার পেটিগ্রুয়ের ক্ষেত্রেও হয়েছিল), এবং সিরিয়াসকে আজকাবানে দণ্ডিত করার পর, লুপিন আবারও প্রায় বন্ধুহীন হয়ে পড়ে।
লুপিন অধ্যাপক ডাম্বলডোরকে অত্যন্ত শ্রদ্ধা করত এবং নেকড়ে-মানব হওয়া সত্ত্বেও তাকে হগওয়ার্টসে পড়ার সুযোগ দেওয়ার জন্য সে চিরকৃতজ্ঞ ছিল। ডাম্বলডোর লুপিনকে সাহায্য করা অব্যাহত রাখে এবং তৃতীয় বইয়ে তাকে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার শিক্ষক হিসেবে নিয়োগ দেয়, কারণ সে জানত যে লুপিন একজন অত্যন্ত দক্ষ প্রশিক্ষক হবে। লুপিন অবিলম্বে সকলের প্রিয়পাত্র হয়ে ওঠে, কেবল স্লিদারিন ছাত্ররা ছাড়া, যারা তার জীর্ণ পোশাক নিয়ে ক্রমাগত উপহাস করত। শুধু ছাত্ররাই তাকে পছন্দ করত না; তার অমায়িক ব্যক্তিত্ব এবং সুস্পষ্ট দক্ষতার কারণে শিক্ষকেরাও তাকে সমাদর করত। কেবল স্নেপই তাকে অপছন্দ করত, কারণ হগওয়ার্টসে তার দুই চিরশত্রু জেমস পটার এবং সিরিয়াস ব্ল্যাকের সাথে লুপিনের ঘনিষ্ঠ সম্পর্কের জন্য সে তখনও তার প্রতি বিদ্বেষ পোষণ করত। স্নেপ লুপিনের কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার পদটিও পেতে চাইত। স্নেপ শত্রুতা করলেও, সে কিন্তু নিষ্ঠার সাথে লুপিনের মাসিক নেকড়ে-মানবের পোশন তৈরি করত। কিন্তু পরে লুপিন পলাতক সিরিয়াস ব্ল্যাককে পালাতে সাহায্য করায় ক্ষুব্ধ হয়ে স্নেপ ছাত্রদের জানিয়ে দেয় লুপিনের অবস্থার কথা, এরপর লুপিন পদত্যাগ করতে বাধ্য হয়।
লুপিনও অর্ডার অফ দ্য ফিনিক্সে যোগ দেয় এবং এর অন্য সদস্য আর্থার ও মলি উইজলির ঘনিষ্ঠ হয়ে ওঠে। অর্ডার অফ দ্য ফিনিক্সের আরেকজন গুরুত্বপূর্ণ সদস্য "ম্যাড আই" মুডির সাথেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সে লুপিনকে বেশ পছন্দ করত বলে মনে হতো। আজকাবান কারাগার থেকে সিরিয়াস ব্ল্যাকের পালানোর পর তাদের পুনরায় দেখা হয়, যদিও দুই বছর পর মন্ত্রণালয়ের যুদ্ধে সে নিহত হয়। পরবর্তী বইগুলোতে লুপিন হ্যারির জন্য এক ভরসার ও স্থিতিশীল আশ্রয় হয়ে ওঠে। যদিও হ্যারির ধর্মপিতা সিরিয়াস ব্ল্যাকের প্রতি হ্যারির অনুরাগ বেশি ছিল, কিন্তু হ্যারি মাঝে মাঝে সিরিয়াসের হঠকারী এবং খামখেয়ালি আচরণে শঙ্কিত হতো। হ্যারি লুপিনের সাথে আরও বেশি কথা বলার সুযোগ পেলে খুশি হতো, কিন্তু ততদিনে লুপিন অর্ডার অফ দ্য ফিনিক্সের কাজে প্রায়ই বাইরে থাকত, ফলে হ্যারির তার সাথে সময় কাটানোর সুযোগ কমে গিয়েছিল।
লুপিন হ্যারির খুব কাছের ছিল, এবং সিরিয়াসের মৃত্যুর পর তাদের সম্পর্ক আরও গভীর হয়, যদিও তা হ্যারি ও সিরিয়াসের সম্পর্কের মতো ছিল না। সিরিয়াস ছিল হ্যারির পিতৃতুল্য, আর লুপিন ছিল তার কাকার মতো। লুপিন হ্যারিকে পথ দেখিয়ে যেত, কারণ হ্যারি তখনও একজন জাদুকর হিসেবে বিকশিত হচ্ছিল। তবে, ডেথলি হ্যালোজ বইতে, লুপিন টঙ্কসকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাদের মধ্যে একটি সাময়িক মনোমালিন্য তৈরি হয়। লুপিন ধারণা করে নিয়েছিল যে সে একজন অযোগ্য স্বামী ও বাবা, এবং তাকে ছাড়া টঙ্কস আরও ভালো থাকবে। হ্যারি, যে কিনা অনেক প্রিয়জনকে হারিয়েছিল, সে প্রচণ্ড রেগে যায় যে লুপিন এমন বিপদের সময়ে তার স্ত্রী ও অনাগত সন্তানকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও পারে। যদিও হ্যারির কঠোর কথা লুপিনকে গভীরভাবে আহত করে এবং সে রাগে বেরিয়ে যায়, পরে সে বুঝতে পারে যে হ্যারি ঠিকই বলেছিল, এবং সে টঙ্কসের কাছে ফিরে আসে। অবশেষে সে ও হ্যারি মিলে যায়, এবং হ্যারি লুপিন ও টঙ্কসের নবজাতক পুত্র টেড জুনিয়রের ধর্মপিতা হয়।
হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসের শেষে লুপিন ও নিম্ফাডোরা টঙ্কসের মধ্যে গড়ে ওঠা সম্পর্কের সূচনা হয়। সম্ভবত স্বভাবসুলভভাবেই, লুপিন তা ঠেকানোর চেষ্টা করেছিল, কারণ সে বিশ্বাস করত যে সে এই সম্পর্কের জন্য অনুপযুক্ত এবং পরিবার শুরু করার কথা ভাবার জন্য সময়টা খুবই বিপজ্জনক। এটি লুপিনের আরেকটি দিক তুলে ধরে: সে বৃহত্তর প্রেক্ষাপট নিয়ে এতটাই চিন্তিত ছিল যে, মাঝে মাঝে ছোটখাটো বিষয়গুলোকে অবহেলা করত। তাদের ভবিষ্যৎ যে গোলমেলে বলে মনে হচ্ছিল, তার মধ্যে একটি শিশুকে আনার ঝুঁকি নিতে অস্বীকার ক'রে সে নিজের এবং টঙ্কসের বর্তমান জীবনে যন্ত্রণা ডেকে এনেছিল। সে এবং টঙ্কস এই মতপার্থক্যগুলো কাটিয়ে উঠে বিয়ে করে এবং এর কিছুদিন পরেই তাদের একটি পুত্রসন্তান (টেড জুনিয়র) জন্মায়।
বিশ্লেষণ
[সম্পাদনা]অধ্যাপক লুপিন
[সম্পাদনা]পূর্ববর্তী কিছু কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রশিক্ষকের ক্ষেত্রে যেমন দেখা গিয়েছিল তার বিপরীতে, অন্যান্য অধ্যাপকেরা অধ্যাপক লুপিনের নিয়োগে খুশি হয় – পপি পমফ্রে তার প্রতিকার জানার বিষয়ে প্রশংসাসূচক মন্তব্য করে, এবং পরবর্তী একটি বইতে, অধ্যাপক ম্যাকগোনাগল তাকে একজন "দক্ষ শিক্ষক" হিসেবে উল্লেখ করে – যা তার কাছ থেকে পাওয়া নিঃসন্দেহে এক উচ্চ প্রশংসা। এর একমাত্র ব্যতিক্রম হল সেভেরাস স্নেপ, যে কালো জাদুর পদটি নিজের জন্য লোভ করার পাশাপাশি, হগওয়ার্টসের শিক্ষাজীবনে থাকাকালীন অন্যান্য ম্যারাউডারদের সাথে লুপিনের মেলামেশার জন্য তার প্রতি গভীর বিদ্বেষ পোষণ করত, যদিও জেমস পটার এবং সিরিয়াস ব্ল্যাকই স্নেপকে যন্ত্রণা দিত।
লুপিন অবিলম্বে পুরো ক্লাসের সম্মান অর্জন করে, প্রথমত পিভসকে তাড়িয়ে দিয়ে, এবং দ্বিতীয়ত, একটি সত্যিকারের দরকারি ও বাস্তবসম্মত প্রথম পাঠ পড়িয়ে। ছাত্রদের প্রতি তার যত্ন ও আন্তরিকতা নানা ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায় – যেমন, ইংরেজি স্কুল ব্যবস্থার প্রচলিত রীতি অনুযায়ী ছাত্রদের তাদের পদবি ধরে ডাকা হয় কিন্তু তার বদলে লুপিন তাদের প্রথম নাম ধরে ডেকেছে। আরও বড় কিছু কাজের মাধ্যমেও এই বিষয়টি ফুটে ওঠে: সে নেভিলকে বগার্টের বিরুদ্ধে প্রথম সুযোগ দেয় এবং শেষ আঘাত হানার সুযোগও তাকে দেয়, যার ফলে নেভিলের আত্মবিশ্বাস বেড়ে যায়। সে এটাও অকপটে ব্যাখ্যা করে কেন সে হ্যারিকে বগার্টের মুখোমুখি হতে দেয়নি, এবং হ্যারিকে বলে যে ডিমেন্টরের প্রতি তার প্রতিক্রিয়া দুর্বলতার পরিচায়ক নয়। হ্যারিকে ডিমেন্টরদের বিরুদ্ধে লড়াই শেখানোর জন্য তার স্বেচ্ছায় এগিয়ে আসাটা তার স্বভাবেরই প্রতিফলন; সে যত্নশীল, তাই সে সাহায্য করে।
ডাম্বলডোরের প্রতি আনুগত্য
[সম্পাদনা]নেকড়ে-মানব হিসেবে বেড়ে ওঠায় লুপিন একাকী ও সমাজচ্যুত হয়ে পড়েছিল, কিন্তু সে তার বন্ধুদের প্রতি অত্যন্ত অনুগত ছিল। লুপিন নেকড়ে-মানবে পরিণত হওয়ার পর, তার বাবা-মা মনে করত যে তার পক্ষে হগওয়ার্টসে যাওয়া অসম্ভব। তবে, ডাম্বলডোর সহানুভূতিশীল ছিল এবং লুপিন দম্পতিকে বলেছিল যে কিছু সতর্কতা অবলম্বন করা হলে সে রেমাসকে পড়াশোনা থেকে কখনও বঞ্চিত করবে না। হগওয়ার্টস ছাড়ার পর, লুপিন দেখল যে জাদুকর সমাজে একজন নেকড়ে-মানবের পক্ষে চাকরি পাওয়া প্রায় অসম্ভব। অবশেষে ডাম্বলডোর তাকে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার শিক্ষকের পদটি প্রস্তাব করে। ডাম্বলডোর তার প্রতি অত্যন্ত সদয় হওয়ায়, অর্ডার অফ দ্য ফিনিক্স পুনর্গঠিত হলে লুপিন প্রধান শিক্ষকের একজন একনিষ্ঠ সহযোগী হিসেবে প্রমাণিত হয় এবং ফেনরির গ্রেব্যাকের নেকড়ে-মানব দলে অনুপ্রবেশের জন্য ডাম্বলডোরের মিশনটি সম্পন্ন করতে নিজের জীবন বিপন্ন করে।
স্কুল জীবন
[সম্পাদনা]যখন লুপিনের তিন সেরা বন্ধু, জেমস পটার, সিরিয়াস ব্ল্যাক এবং পিটার পেটিগ্রু জানতে পারল যে সে একজন নেকড়ে-মানব, তখন তারা তার রূপান্তরের সময় তাকে সমর্থন ও সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিল। যেহেতু একজন নেকড়ে-মানব কেবল মানুষের জন্যই বিপজ্জনক, তাই তারা গোপনে অ্যানিমেগি (ইচ্ছামতো পশুতে রূপান্তরিত হতে পারা) হতে শিখল। একজন অ্যানিমেগাসকে অবশ্যই জাদু মন্ত্রণালয়ে নিবন্ধন করতে হয়, যদিও এই তিনজন তা কখনো করেনি। পূর্ণিমার রাতে, তারা তাদের নতুন শক্তি ব্যবহার ক'রে হগওয়ার্টসের চত্বরে এবং পরে হগসমিড গ্রামে ঘুরে বেড়াত, লুপিনকে তার নেকড়ে-রূপে সাথে নিয়ে। যখন লুপিন তাদের সাথে থাকত, তখন রূপান্তরের সময় তার নিজের কার্যকলাপের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকত। তবে, সে পুরোপুরি নিরীহ ছিল না, এবং তার বন্ধুরা তাকে সতর্কতার সাথে পাহারা দিত।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
- মানুষ কেন নেকড়ে-মানবদের এড়িয়ে চলে?
- লুপিন উল্লেখ করে যে সে গ্রিফিন্ডরের প্রিফেক্ট ছিল, যার একটি কারণ ছিল অন্য তিনজন ম্যারাউডারকে নিয়ন্ত্রণে রাখা। হগওয়ার্টসে থাকাকালীন লুপিন কেন তার বন্ধুদের ঝামেলা থেকে দূরে রাখতে আরও বেশি চেষ্টা করেনি?
- হগওয়ার্টস এক্সপ্রেসে হারমায়োনি লুপিনকে তার সুটকেসের ওপর খসে পড়া অক্ষরে খোদাই করা নাম দেখে শনাক্ত করে, "অধ্যাপক আর. জে. লুপিন"। যেহেতু একজনকে কেবল শিক্ষকতা শুরু করার সময়ই অধ্যাপক হিসেবে মনোনীত করা হয়, এবং লুপিন সদ্য নিযুক্ত, তাহলে খোদাই করা নামটি এত পুরোনো কেন যে এখনই তা নষ্ট হয়ে গেছে?
- রেমাস লুপিন কেন এত অনুপ্রেরণাদায়ক?
বৃহত্তর প্রেক্ষাপট
[সম্পাদনা]সিরিজ জুড়ে হ্যারি তার অনেক পিতৃসুলভ আদর্শকে হারায়। হ্যারির বয়স যখন মাত্র এক বছর, তখন তার বাবা জেমসকে ভলডেমর্ট হত্যা করে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে তার ধর্মপিতা সিরিয়াস ব্ল্যাক নিহত হয় বেলাট্রিক্স লেস্ট্র্যাঞ্জের হাতে; তার দেহটি 'দ্য ভেইল' নামক একটি উড়ন্ত পর্দা দিয়ে ঢাকা খিলানযুক্ত পাথরের পোর্টালের মধ্য দিয়ে ভেসে যায় — আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই এটি এমন একটি পর্দা যার ওপারে সে চলে যায়, আর কখনো ফিরে আসে না। হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসে ডাম্বলডোর নিহত হয়। এর প্রতিক্রিয়ায়, হ্যারি অনুভব করে যে সে তার পরামর্শদাতা হিসেবে আর কোনো একজনের উপর নির্ভর করতে পারে না, যদিও কিছুটা হলেও মিস্টার উইজলি এই ভূমিকা পালনে সাহায্য করে।
এটিও স্পষ্ট হয়ে ওঠে যে হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অফ আজকাবান থেকেই হ্যারি রেমাস লুপিনের প্রতিও একই রকম আকর্ষণ অনুভব করতে শুরু করেছে। তবে, পরবর্তী বইগুলোতে হ্যারি রেমাসের সাথে খুব কম সময় কাটানোর কারণে, এই সম্পর্কটি হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসের পর আর তেমন এগোয়নি। হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস উপন্যাসে, মানুষকে অভিভাবকের দৃষ্টিতে দেখার মানসিকতা থেকে হ্যারি অনেকটাই বেরিয়ে এসেছে, এবং যদিও সে লুপিনকে পছন্দ ও সম্মান করা অব্যাহত রাখে, তবুও তাকে কাপুরুষ এবং তার স্ত্রী ও অনাগত সন্তানকে পরিত্যাগ করার জন্য অভিযুক্ত করতে সে দ্বিধা করে না। যদিও এই অকাট্য অভিযোগের প্রতি লুপিনের সম্পূর্ণ প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না, কিন্তু যখন তার ছেলের জন্ম হয়, লুপিন শুধু হ্যারিকে ক্ষমাই করে না, বরং তাকে শিশুটির ধর্মপিতা হতেও বলে। এটি আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে, হ্যারির কথাগুলো নিয়ে ভাবার জন্য সময় পাওয়ার পর, লুপিন সেগুলোকে সত্য বলে মনে করেছিল এবং তার বার্তাটি গ্রহণ করেছিল, যদিও তা কষ্টদায়কভাবে বলা হয়েছিল।
- ↑ রাউলিং, জে.কে.। "অধ্যায় ৫"। হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান।