মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/মিনার্ভা ম্যাকগোনাগল
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| মিনার্ভা ম্যাকগোনাগল | |
|---|---|
| লিঙ্গ | নারী |
| চুল | কালো |
| চোখ | অজানা |
| পরিবার | এলফিনস্টোন উরকুয়ার্ট (মৃত স্বামী), জাদুকরী মা, মাগল বাবা, দুই ছোট ভাই, ভাইপো-ভাইঝি ও ভাগ্নে-ভাগ্নিরা |
| আনুগত্য | অর্ডার অব দ্য ফিনিক্স, হগওয়ার্টস, অ্যালবাস ডাম্বলডোর |
সারমর্ম
[সম্পাদনা]মিনার্ভা ম্যাকগোনাগল হগওয়ার্টস স্কুল অব উইচক্রাফট অ্যান্ড উইজার্ড্রির ট্রান্সফিগারেশনের অধ্যাপিকা। সে গ্রিফিন্ডর হাউসের প্রধান এবং সেই সঙ্গে উপ-প্রধান শিক্ষিকাও। ম্যাকগোনাগলের আরও একটি বিশেষত্ব হলো, সে বিংশ শতাব্দীর সাতজন লাইসেন্সপ্রাপ্ত অ্যানিমেগাসের মধ্যে একজন, যে ইচ্ছামতো একটি ডোরাকাটা বিড়ালে রূপান্তরিত হতে পারে (এই বিড়ালের চোখের চারপাশে বৈশিষ্ট্যসূচক চিহ্ন থাকে, যা তার পরা বর্গাকার চশমার মতো)।
অধ্যাপিকা ম্যাকগোনাগলকে লম্বা, গম্ভীর চেহারার এবং সাধারণত খোঁপা করে বাঁধা কালো চুলের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে।
সিরিজে কখনও উল্লেখ করা হয়নি যে ম্যাকগোনাগল বিয়ে করেছিল বা তার কোনো সন্তান ছিল কিনা, কিন্তু পটারমোর ওয়েবসাইটে তার সম্পর্কে আরও তথ্য রয়েছে। সে স্কটল্যান্ডে বড় হয়ে ওঠে; একজন জাদুকরী মা এবং একজন মাগল বাবা, যে আবার একজন প্রেসবিটেরিয়ান যাজক ছিল, তাদের তিন সন্তানের মধ্যে ম্যাকগোনাগল ছিল জ্যেষ্ঠ। স্কটিশ হওয়ায় সে প্রায়শই টারটান (ঐতিহ্যবাহী চেক কাটা স্কটিশ পোশাক) পরিধান করে।
ম্যাকগোনাগাল হগওয়ার্টসে পড়াশোনা করেছে এবং গ্রিফিন্ডর হাউসে স্থান পেয়েছিল। সে বিশেষ করে ট্রান্সফিগারেশনে একজন অসাধারণ ছাত্রী ছিল, এবং সে অধ্যাপক অ্যালবাস ডাম্বলডোরের অধীনে পড়াশোনা করেছে। স্নাতক হওয়ার পর, সে বেশ কয়েক বছর জাদু মন্ত্রণালয়ে কাজ করে, তারপর একটি বড় পদোন্নতি প্রত্যাখ্যান ক'রে সে হগওয়ার্টসে শিক্ষকতা শুরু করে এবং তার কর্মজীবনের বাকি সময় সেখানেই কাটায়। লেখকের মতে, মিনার্ভা ম্যাকগোনাগলের জন্মদিন ৪ঠা অক্টোবর, এবং সিরিজটি শুরু হওয়ার সময় তার বয়স প্রায় সত্তর বছর।
অধ্যাপক ম্যাকগোনাগাল সকল ছাত্রছাত্রীর প্রতি ন্যায্য আচরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, আর যখন সে মনে যে প্রয়োজন আছে তখন গ্রিফিন্ডরের সদস্যদের হাউস পয়েন্টে জরিমানাও সে করে। যদিও সে লুকোনোর চেষ্টা করে, কিন্তু আমরা বিশ্বাস করি যে হ্যারির প্রতি তার স্নেহ রয়েছে এবং যখন তার সবচেয়ে কঠিন সময় আসে, তখন সে তাকে মানসিকভাবে সমর্থন করে।
ম্যাকগোনাগালের জাদুদণ্ডটি ফার কাঠ এবং ড্রাগনের হৃৎপিণ্ডের তন্তু দিয়ে তৈরি।
বইগুলিতে তার ভূমিকা
[সম্পাদনা]মিনার্ভা ম্যাকগোনাগলকে আমরা প্রথম দেখি তার বিড়াল রূপে, শিশু হ্যারিকে ৪ নম্বর, প্রিভেট ড্রাইভে নিয়ে আসার সময় সে অ্যালবাস ডাম্বলডোরের সাথে দেখা করে। যেসব সাম্প্রতিক ঘটনার কারণে শিশু হ্যারিকে সেখানে নিয়ে আসা হয়েছে, তা নিয়ে আলোচনা করার সময়, ম্যাকগোনাগল হ্যারিকে তার মাসি এবং মেসোর কাছে রেখে যাওয়ার ব্যাপারে ডাম্বলডোরের সাথে যুক্তি-তর্ক করে ব্যর্থ হয় এবং সে তাদের "সবচেয়ে নিকৃষ্ট ধরনের মাগল" বলে অভিহিত করে। ম্যাকগোনাগল আরও বলে যে, গড্রিক'স হলোতে হ্যারির সদ্য-ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে শিশু হ্যারিকে বহন করে আনার জন্য হ্যাগ্রিড হয়তো সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ছিল না।
দশ বছর পর, ম্যাকগোনাগল স্কুলের প্রবেশপথে প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের স্বাগত জানায় এবং বাছাই পর্বের অনুষ্ঠানের জন্য তাদের গ্রেট হলে নিয়ে যায়। হ্যারি দ্রুতই বুঝতে পারে যে তার সাথে শত্রুতা করা ঠিক হবে না। তবে, তার প্রথম ট্রান্সফিগারেশনের ক্লাসে প্রায় দেরি হয়ে যাওয়ায় সে প্রায় সেটাই করে ফেলে।
কিছুদিন পর গ্রেট হলে সকালের জলখাবারের সময়, ম্যাকগোনাগল এমন একটি সংঘর্ষ থামিয়ে দেয় যা হলে ড্রাকো ম্যালফয় ও তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে হ্যারি, রন, এবং নেভিল লংবটমের ঝামেলা বেঁধে যেতে পারত।
হ্যারির প্রথম উড়ানের পাঠের সময়, ম্যাকগোনাগল তাকে "স্বাভাবিকের মতোই" উড়তে দেখে গ্রিফিন্ডর কুইডিচ দলে অন্তর্ভুক্ত করে, যদিও প্রথম বর্ষের ছাত্রদের সাধারণত এই যোগ্যতা থাকেনা। স্কুলের নীতির বিরুদ্ধে গিয়ে, সে তাকে একটি নতুন ঝাড়ু দেয় – একটি নিম্বাস ২০০০।
হ্যালোউইনের রাতে, হ্যারি ও রন একটি পাহাড়ি ট্রলকে পরাজিত করে, যেটি মেয়েদের শৌচাগারে হারমায়োনি গ্রেঞ্জারকে আক্রমণ করতে যাচ্ছিল। তাদের পক্ষ নিয়ে হারমায়োনি ম্যাকগোনাগলকে বলে যে সে নিজেই সেটির মোকাবিলা করতে চেয়েছিল, কিন্তু হ্যারি ও রন তার সাহায্যে এগিয়ে আসে; ম্যাকগোনাগল হারমায়োনিকে পাঁচ হাউস পয়েন্টের শাস্তি দেয় এবং হ্যারি ও রনকে পাঁচ পয়েন্ট করে পুরস্কৃত করে, নিছক ভাগ্যের জোরে।
যখন হ্যারিকে নির্ধারিত সময়ের পরে হলঘরে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে এবং "ড্রাগন সম্পর্কে একটা আজেবাজে গল্প বানানোর" জন্য ধরা হয়, তখন ম্যাকগোনাগলই শাস্তি দেয়। জড়িত থাকা তিন শিক্ষার্থী — হ্যারি, হারমায়োনি এবং নেভিলের প্রত্যেকের জন্য সে নিজের হাউস থেকে ৫০ পয়েন্ট করে মোট ১৫০ পয়েন্ট কেটে নেয় এবং সেই সাথে তাদের ডিটেনশন দেয়। একইভাবে সে ড্রেকো ম্যালফয়কেও হলঘরে উদ্দেশ্যহীনভাবে ঘোরার জন্য শাস্তি দিয়েছিল।
হ্যারি যখন জানায় যে সে ফিলোসফার্স স্টোন সম্পর্কে জানে, তখন ম্যাকগোনাগল চমকে ওঠে। কিন্তু সে যখন অধ্যাপক ডাম্বলডোরের সাথে দেখা করার জন্য জোর দেয়, তখন সে বলেন যে তাকে লন্ডনে তলব করা হয়েছে। এর ফলে হ্যারি, রন এবং হারমায়োনি স্টোনটিকে রক্ষা করার জন্য গুপ্ত দরজা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
ফিলোসফার্স স্টোন পাহারা দেওয়ার ক্ষেত্রে ম্যাকগোনাগলের ভূমিকা ছিল একটি বিশাল মন্ত্রপূত দাবা সেট তৈরি করা। হ্যারি এবং হারমায়োনি যাতে পরবর্তী বাধাটি পার হয়ে এগিয়ে যেতে পারে, তার জন্য এই দাবা সেটটি রনকে বাধ্য করেছিল পুরো খেলাটি খেলে শেষ করতে।
যখন হ্যারি ও রন উড়ন্ত গাড়ি নিয়ে হুম্পিং উইলো গাছে ধাক্কা মারে, তখন অধ্যাপক স্নেপ অধ্যাপক ম্যাকগোনাগল ও অধ্যাপক ডাম্বলডোরকে ডেকে পাঠায়। তাদের কাহিনী শোনার পর, ডাম্বলডোর তাদের শাস্তি নির্ধারণের ভার তাদের হাউসের প্রধান অধ্যাপক ম্যাকগোনাগলের ওপর ছেড়ে দেন। ম্যাকগোনাগল দুটি ছেলেকেই ডিটেনশন দেয়, কিন্তু সে হাউসের কোনো পয়েন্ট কাটেনি। এর কিছুদিন পর, সে তাদের যে ডিটেনশন দেয়, তাতে রনকে ফিলচের তত্ত্বাবধানে হগওয়ার্টসের ট্রফি কেসের সমস্ত ট্রফি পালিশ করতে হয়, আর হ্যারির শাস্তি হলো তাকে অধ্যাপক লকহার্টকে সাহায্য করতে হয় তার ফ্যান মেলের উত্তর দিতে। হ্যারি তাদের নির্ধারিত ডিটেনশন অদলবদল করার জন্য ম্যাকগোনাগলের কাছে আবেদন করে, কিন্তু অধ্যাপক ম্যাকগোনাগল বলে যে অধ্যাপক লকহার্ট বিশেষভাবে হ্যারির জন্যই অনুরোধ করেছিল।
হ্যারি এমন একটি কণ্ঠস্বরকে অনুসরণ করে এগোতে থাকে যা সম্ভবত কেবল সে-ই শুনতে পায়, এরপর সে দেখে যে সে দোতলার করিডোরে দাঁড়িয়ে আছে। একটি দেওয়ালে হিজিবিজি করে কিছু লেখা এবং ফিলচের পোষা বিড়াল, যার নাম মিসেস নরিস, তাকে একটি মশাল রাখার ব্র্যাকেট থেকে ঝুলিয়ে রাখা হয়েছে। অধ্যাপক লকহার্টের অফিসে, অধ্যাপক ডাম্বলডোর মিসেস নরিসকে পরীক্ষা ক'রে নিশ্চিত হন যে সে কেবল পাথরে পরিণত হয়েছে, মারা যায়নি। যখন ফিলচ কাউকে শাস্তি দেওয়ার দাবি জানায়, তখন স্নেপ বলে যে তার বিশ্বাস হ্যারি যা বলছে তার চেয়ে বেশি কিছু জানে এবং স্নেপ তাকে কুইডিচ থেকে সাময়িকভাবে বরখাস্ত করার প্রস্তাব দেয়। ম্যাকগোনাগল এত কঠোর শাস্তি মেনে নিতে অস্বীকার করে, কারণ সে জানে যে একজন ১২ বছর বয়সী ছেলে এমন কালো জাদু করতে সক্ষম নয়, এবং ডাম্বলডোর স্নেপকে মনে করিয়ে দেন যে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত হ্যারি নির্দোষ।
যখন জাস্টিন ফিঞ্চ-ফ্লেচলি এবং নিয়ারলি হেডলেস নিককে প্রস্তরীভূত অবস্থায় পাওয়া যায়, তখন অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারিকে টেনে অধ্যাপক ডাম্বলডোরের অফিসে নিয়ে যায় এবং তারপর চলে যায়, যাতে হ্যারি এবং ডাম্বলডোর একান্তে কথা বলতে পারে। যখন অধ্যাপক ডাম্বলডোরকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়, তখন ম্যাকগোনাগল অন্তর্বর্তীকালীন প্রধান শিক্ষিকা হয়।
হারমায়োনি এবং পেনেলোপি ক্লিয়ারওয়াটারকে প্রস্তরীভূত অবস্থায় পাওয়ার পর অধ্যাপক ম্যাকগোনাগল গ্রিফিন্ডর এবং হাফেলপাফের মধ্যে একটি কুইডিচ ম্যাচ বাতিল করে দেয়। সে হ্যারি ও রনকে হাসপাতালের ওয়ার্ডে হারমায়োনির সাথে দেখা করতে নিয়ে যায় এবং তাদের জিজ্ঞাসা করে যে যা কিছু ঘটেছে সে সম্পর্কে তারা কিছু জানে কিনা; তারা উত্তর দিতে পারে না। ম্যাকগোনাগল গ্রিফিন্ডরকে জানায় যে নিরাপত্তা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে, হ্যারি এবং রন চুপিচুপি মোনিং মার্টলের শৌচাগারে চলে যায়, তাদের সন্দেহ অনুযায়ী সেখানেই চেম্বার অফ সিক্রেটের প্রবেশপথ লুকোনো আছে। পথে ম্যাকগোনাগলের সাথে দেখা হলে, হ্যারি দাবি করে যে তারা চিকিৎসালয়ে হারমায়োনিকে দেখতে যাচ্ছিল। বন্ধুর প্রতি তাদের এই আপাত উদ্বেগে মুগ্ধ হয়ে ম্যাকগোনাগল তাদের এগিয়ে যাওয়ার অনুমতি দেয়। এর ফলে ব্যাপার এমন হলো যে এখন তাদের সত্যিই হারমায়োনিকে দেখতে যেতে হবে। হারমায়োনির পাথরে পরিণত হওয়া হাতে তারা একটি সূত্র খুঁজে পায়, যা চেম্বারের রহস্য উন্মোচন করে। তারা যা খুঁজে পেয়েছে তা ম্যাকগোনাগালকে বলার জন্য স্টাফ রুমে অপেক্ষা করার সময়, একটি ঘোষণার মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীকে তাদের কমন রুমে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শিক্ষকরা স্টাফ রুমে প্রবেশ করার সাথে সাথে হ্যারি এবং রন একটি আলমারিতে লুকিয়ে পড়ে। ম্যাকগোনাগল অন্য শিক্ষকদের বলে যে জিনি উইজলিকে অপহরণ করা হয়েছে। জিনিকে উদ্ধার করার জন্য এবং দানবটিকে খুঁজে বের করতে লকহার্টকে চেম্বারের ভেতরে যাওয়ার ব্যাপারে প্ররোচিত করতে ম্যাকগোনাগল সাহায্য করে, কারণ লকহার্ট দাবি করেছিল যে দানবটি কোথায় আছে এবং সেটি কি, তা সে জানে। লকহার্ট "প্রস্তুতির জন্য" চলে গেলে, ম্যাকগোনাগাল স্কুল বন্ধ করার পরিকল্পনা বিস্তারিতভাবে জানায়।
চেম্বার থেকে ফেরার পর অধ্যাপক ম্যাকগোনাগলের অফিসে, হ্যারি ও রন চেম্বারে কি ঘটেছিল এবং তার পূর্ববর্তী ঘটনাগুলো বর্ণনা করে। ডাম্বলডোর ম্যাকগোনাগলকে একটি বিজয়ভোজের আয়োজন করতে পাঠান। পরে, তখন সদ্য সুস্থ হয়ে ওঠা হারমায়োনির হতাশার মাঝে, অধ্যাপক ম্যাকগোনাগল ঘোষণা করে যে সমস্ত চূড়ান্ত পরীক্ষা বাতিল করা হয়েছে।
হগওয়ার্টস এক্সপ্রেসে একটি ডিমেন্টরের সাথে হ্যারির অপ্রীতিকর অভিজ্ঞতার পর, অধ্যাপক ম্যাকগোনাগল তাকে এবং হারমায়োনিকে নিজের অফিসে নিয়ে যায়। সে ম্যাডাম পমফ্রেকে ডেকে পাঠায়। ম্যাডাম পমফ্রে এই ভেবে খুশি হয় যে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষায় তাদের এখন এমন একজন শিক্ষক (রেমাস লুপিন) আছে যে সত্যিই কিছু চিকিৎসা পদ্ধতি জানে (ডিমেন্টরদের পরবর্তী প্রভাবের প্রতিষেধক হলো চকোলেট)। অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারিকে বিশ্রাম নিতে বলে, কিন্তু সে জোর দিয়ে বলে যে সে ঠিক আছে এবং স্বাগত ভোজসভায় যোগ দেওয়ার অনুমতি চায়। ম্যাকগোনাগল সম্মতি দেয় কিন্তু হারমায়োনির সাথে একান্তে কথা বলতে চায়। হ্যারি পরে জানতে পারে এর কারণ কি।
ট্রান্সফিগারেশনের ক্লাসের সময়, ম্যাকগোনাগল অ্যানিমেগি সম্পর্কে বক্তৃতা দেয়। নিজেকে একটি বিড়ালে রূপান্তরিত করার পরেও ছাত্রছাত্রীরা কোনো প্রতিক্রিয়া না দেখানোয় সে অবাক হয়। যখন ছাত্রছাত্রীরা তাকে বলে যে অধ্যাপক ট্রেলাউনি ভবিষ্যদ্বাণী করেছে শীঘ্রই একজন ছাত্র মারা যাবে, তখন সে যথেষ্ট চেষ্টা ক'রে একজন শিক্ষক বা ছাত্রের সমালোচনা করা থেকে নিজেকে সংযত রাখে বলে মনে হয়, কিন্তু সে তাদের এই বলে আশ্বস্ত করে যে ট্রেলাউনি প্রতি বছরই একজন ছাত্রের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করে এবং এখন পর্যন্ত কেউই মারা যায়নি।
যখন আঙ্কেল ভার্ননের লিখিত অনুমতি না থাকা সত্ত্বেও হ্যারি সপ্তাহান্তে হগসমিডে বেড়াতে যাওয়ার জন্য ম্যাকগোনাগলকে অনুমতি চায়, তখন ম্যাকগোনাগল রাজি হয় নি। সে নিয়ম এতটা শিথিল করতে রাজি নয়।
ফ্রেড এবং জর্জ উইজলি হ্যারিকে ম্যারাউডার্স ম্যাপ নামের একটি জাদুকরী পার্চমেন্ট দেয়, যেখানে হগওয়ার্টসের ভেতরে ও বাইরে যাওয়ার গোপন পথগুলো দেখা যায়। হ্যারি একটি সুড়ঙ্গ ধরে হগসমিডে প্রবেশ করে এবং হারমায়োনি ও রনের সাথে দেখা করে। তারা একসাথে থ্রি ব্রুমস্টিকস সরাইখানায় যায়, যেখানে তারা অধ্যাপক ম্যাকগোনাগল, অধ্যাপক ফ্লিটউইক, হ্যাগ্রিড, কর্নেলিয়াস ফাজ, এবং ম্যাডাম রোজমার্টার মধ্যেকার একটি কথোপকথন আড়ি পেতে শোনে। হ্যারি জানতে পারে যে লর্ড ভলডেমর্টের কাছে তার বাবা-মায়ের গোপন অবস্থান ফাঁস করার জন্য তার ধর্মপিতা সিরিয়াস ব্ল্যাককে দায়ী বলে মনে করা হয় — এই তথ্য পাওয়ার পরেই তাদের হত্যা করা হয়েছিল। সে ব্ল্যাকের গ্রেপ্তার এবং পরবর্তীকালে দোষী সাব্যস্ত হওয়ার পরিস্থিতি সম্পর্কেও জানতে পারে।
যখন হারমায়োনি ম্যাকগোনাগলকে জানায় যে হ্যারি ক্রিসমাসে কোনো এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে একটি দামী ফায়ারবোল্ট ঝাড়ু পেয়েছে, তখন ম্যাকগোনাগল সেটি বাজেয়াপ্ত করে বলে যে, অধ্যাপক ফ্লিটউইক এবং ম্যাডাম হুচ পরীক্ষা করে দেখবে এতে কোনো লুকানো কালো জাদু আছে কিনা।
কয়েক মাস পর, এবং গ্রিফিন্ডর কুইডিচ দলের অধিনায়ক অলিভার উডের অনেক পীড়াপীড়ির পর, অধ্যাপক ম্যাকগোনাগল ফায়ারবোল্টটি ফিরিয়ে দেয় এবং বলে যে এটি ঠিক আছে বলেই মনে করা হচ্ছে। হ্যারি এটি নিয়ে একটি চমৎকার ম্যাচ খেলে। ম্যাচটি কেবল মাঠে আপাতদৃষ্টিতে ডিমেন্টরদের আগমনের কারণে বিঘ্নিত হয়, যদিও হ্যারি তার শেখা প্যাট্রোনাস চার্ম ব্যবহার ক'রে তাদের থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। ডিমেন্টররা আসলে ছিল ড্রাকো ম্যালফয়, ক্র্যাব, গয়েল, এবং স্লিদারিন দলের অধিনায়ক মার্কাস ফ্লিন্ট। ম্যাকগোনাগল তাদের চারজনকেই ডিটেনশন দেয় এবং স্লিদারিনকে ৫০ হাউস পয়েন্টের শাস্তি দেয়।
কুইডিচ জয়ের উদযাপনের পর, রাতে রনের চিৎকারে সকলের ঘুম ভেঙে যায় — রনের ঘরে সিরিয়াস ব্ল্যাক ঢুকেছিল। গ্রিফিন্ডর টাওয়ারের রক্ষক স্যার ক্যাডোগান ম্যাকগোনাগলকে বলে যে সে এমন একজনকে প্রবেশের অনুমতি দিয়েছে যার কাছে পাসওয়ার্ডের তালিকা ছিল। তালিকাটি যে নেভিল লংবটমের তা জানতে পেরে ম্যাকগোনাগল প্রচণ্ড ক্ষিপ্ত হয়। শাস্তি হিসেবে, সে বছরের বাকি সময়ের জন্য তার হগসমিডে সাপ্তাহিক ছুটির সুযোগ বাতিল করে দেয়, তাকে ডিটেনশনে পাঠায় এবং গ্রিফিন্ডরে প্রবেশের পাসওয়ার্ড ব্যবহার করতে নিষেধ করে। এখন অন্য ছাত্রদের সাহায্যেই তাকে গ্রিফিন্ডর কমন রুমে ঢুকতে হবে। ব্ল্যাকের অনুপ্রবেশের পর, অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারিকে সেটাই বলে যা সে আগে থেকেই জানত: ব্ল্যাক তার ক্ষতি করার চেষ্টা করছে।
হ্যারি জানতে পারে যে, বছরের শুরুতে অধ্যাপক ম্যাকগোনাগল হারমায়োনিকে একটি টাইম-টার্নার দিয়েছিল, যাতে সে একই সময়ে পড়ানো বিভিন্ন অতিরিক্ত ক্লাসগুলোতে অংশ নিতে পারে। হ্যারি ও হারমায়োনি এটি ব্যবহার ক'রে অতীতে ফিরে যায় বাকবিককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং সিরিয়াস ব্ল্যাককে মুক্ত করতে, হ্যারি তাকে নির্দোষ বলে জানতে পারে। কাজের অতিরিক্ত চাপে ক্লান্ত হয়ে হারমায়োনি তার অতিরিক্ত কোর্সগুলো ছেড়ে দেয় এবং স্বাভাবিক ক্লাস রুটিনে ফিরে আসে। সে টাইম-টার্নারটি অধ্যাপক ম্যাকগোনাগলকে ফেরত দেয়।
ফিরে আসা ছাত্রছাত্রীরা প্রবেশকক্ষে ঢুকতেই, পিভস জলের বেলুন ছুঁড়ে তাদের স্বাগত জানায়। অধ্যাপক ম্যাকগোনাগল তাকে বেরিয়ে যেতে আদেশ দেয়। আগমন ভোজসভায়, যখন ডাম্বলডোর ঘোষণা করেন যে ট্রাইউইজার্ড টুর্নামেন্ট আবার শুরু করা হচ্ছে, তখন ফ্রেড উইজলিকে বলতে শোনা যায়, "আপনি মজা করছেন!" এটি শুনে ডাম্বলডোর একটি (সম্ভবত অনুপযুক্ত) কৌতুক বলতে প্ররোচিত হন, অধ্যাপক ম্যাকগোনাগল উদ্দেশ্যমূলকভাবে গলা খাঁকারি দিয়ে তাঁকে থামিয়ে দেয়।
যখন ড্রাকো ম্যালফয় হ্যারিকে অভিশাপ দেওয়ার চেষ্টা করে, তখন অধ্যাপক মুডি তাকে একটি সাদা বেজিতে রূপান্তরিত করে এবং কয়েকবার বাতাসে লোফালুফি করে, যা দেখে হ্যারি ও রন খুব মজা পায়। ঘটনাস্থলে এসে অধ্যাপক ম্যাকগোনাগল জোর দিয়ে মুডিকে সতর্ক করে দেয় যে ট্রান্সফিগারেশন কখনও শাস্তি হিসেবে ব্যবহার করা হয় না, এবং সে ড্রেকোকে আবার আগের রূপে ফিরিয়ে আনে। এরপর ম্যাকগোনাগল মুডিকে বলে যে তাকে বরং স্লিদারিনের প্রধান অধ্যাপক স্নেপের সাথে কথা বলতে হবে। মুডি ড্রেকোকে নিয়ে অন্ধকূপের দিকে রওনা হয়।
মনে হচ্ছে ট্রান্সফিগারেশন ক্লাসে আগের বছরের চেয়ে বেশি বাড়ির কাজ দেওয়া হয়েছে; অধ্যাপক ম্যাকগোনাগল ব্যাখ্যা করে যে চতুর্থ বর্ষের ছাত্রদের এই বাড়তি বাড়ির কাজ আগামী বছরের ও.ডব্লিউ.এল. পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।
প্রতিযোগী স্কুলগুলোর প্রতিনিধিরা আসার ঠিক আগে, অধ্যাপক ম্যাকগোনাগল তার হাউসকে সর্বোত্তম আচরণ করার জন্য অনুরোধ করে। বিশেষ করে, সে নেভিল লংবটমকে অনুরোধ করে সে যেন গোপন রাখে যে সে একটি সাধারণ ‘সুইচিং স্পেল’ও আয়ত্ত করতে পারেনি।
যখন গবলেট অব ফায়ার অপ্রত্যাশিতভাবে হ্যারিকে চতুর্থ ট্রাইউইজার্ড চ্যাম্পিয়ন হিসেবে বেছে নেয়, তখন সে এবং অন্য তিনজন চ্যাম্পিয়ন মিলে প্রতিযোগিতার বিচারকদের সাথে দেখা করে: অধ্যাপক ডাম্বলডোর, ডার্মস্ট্র্যাংয়ের অধ্যাপক কারকারফ, বোব্যাকটনসের মাদাম ম্যাক্সিম এবং মন্ত্রণালয়ের শ্রীযুক্ত ক্রাউচ ও লুডো ব্যাগম্যান। অধ্যাপক ম্যাকগোনাগল, অধ্যাপক স্নেপ এবং অধ্যাপক মুডি উপস্থিত ছিল। ম্যাকগোনাগলের ভূমিকা ছিল সীমিত; যখন বলা হয় যে অধ্যাপক ডাম্বলডোর বয়সের সীমা ভুলভাবে নির্ধারণ করেছিলেন, যার ফলে অপ্রাপ্তবয়স্ক হ্যারি নিজের নাম জমা দেওয়ার সুযোগ পেয়েছিল, তখন ম্যাকগোনাগল বিশ্বস্ততার সাথে ঘোষণা করে যে ডাম্বলডোর কোনো ভুল করতে পারেন না।
উত্তেজিত এবং কিছুটা বিচলিত ম্যাকগোনাগল, প্রথম কাজের জন্য হ্যারিকে ড্রাগনের খাঁচায় নিয়ে যায় এবং তাকে সেখানে অন্য চ্যাম্পিয়নদের সাথে রেখে আসে।
প্রথম কাজের কিছুক্ষণ পরেই ট্রান্সফিগারেশন ক্লাসে, অধ্যাপক ম্যাকগোনাগল ঘোষণা করে যে ট্রাইউইজার্ড টুর্নামেন্টের অংশ হিসেবে একটি ইউল বল অনুষ্ঠিত হবে। চতুর্থ বর্ষ ও তার ওপরের ছাত্রছাত্রীরা এতে যোগ দিতে পারবে, এবং তাদের চেয়ে ছোট ছাত্রছাত্রীরাও অতিথি হিসেবে আসতে পারবে। ম্যাকগোনাগল হ্যারিকে একান্তে বলে যে, ঐতিহ্য অনুযায়ী চ্যাম্পিয়নরা এবং তাদের সঙ্গীরাই বল-এ সবার আগে প্রবেশ করে এবং প্রথম নাচটি তারাই নাচে। হ্যারি হতবাক হয়ে যায়: একজন সঙ্গী খুঁজে বের করা, নাচ শেখা এবং স্কুলগুলোকে বল-এ নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হতে তার হাতে মাত্র এক মাস সময় আছে।
বল অনুষ্ঠানে, ম্যাকগোনাগাল চারজন চ্যাম্পিয়নকে একপাশে ডেকে বলে যে অন্য ছাত্রছাত্রীরা আসন গ্রহণ করার পর তারা শোভাযাত্রা ক'রে প্রবেশ করবে।
যখন হ্যারি, হারমায়োনি এবং রন দ্বিতীয় কাজের জন্য হ্যারির জলের নিচে শ্বাস নেওয়ার উপায় নিয়ে গবেষণা করছিল, তখন ফ্রেড এবং জর্জ এসে হারমায়োনি ও রনকে অধ্যাপক ম্যাকগোনাগলের অফিসে ডেকে পাঠায়। পরে জানা যায় যে, তাদের জাদুমন্ত্রে বশীভূত ক'রে মৎস্যমানবের কাছে "বন্দী" হিসেবে তুলে দেওয়া হয়েছে, চ্যাম্পিয়নদের অবশ্যই দ্বিতীয় কাজের জন্য তাদের জলের নিচ থেকে "উদ্ধার" করতে হবে।
মে মাসের শেষের দিকে, অধ্যাপক ম্যাকগোনাগল তৃতীয় কাজ সম্পর্কে নির্দেশনা নেওয়ার জন্য হ্যারিকে কুইডিচ মাঠে পাঠায়।
তৃতীয় কাজের ঠিক আগে, অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারিকে বলে যে চ্যাম্পিয়নরা এবং তাদের পরিবারবর্গ গ্রেট হলের পাশের একটি ছোট ঘরে সমবেত হচ্ছে। হ্যারি, কারও আসার আশা না ক'রে, গ্রেট হলেই থেকে যায় যতক্ষণ না হগওয়ার্টসের অপর চ্যাম্পিয়ন সেড্রিক ডিগরি তাকে ডেকে পাঠায়। শ্রীমতি উইজলি এবং বিল উইজলি তার খেলা দেখতে এসেছে।
হ্যাগ্রিড, অধ্যাপক মুডি এবং অধ্যাপক ফ্লিটউইকের সাথে অধ্যাপক ম্যাকগোনাগল, তৃতীয় কাজ চলাকালীন গোলকধাঁধার বাইরের পরিধিতে টহল দেবে এবং যারা চ্যালেঞ্জগুলোতে ব্যর্থ হবে, তাদের উদ্ধার করবে।
কবরস্থানে ভলডেমর্টের সাথে দ্বন্দ্বযুদ্ধ সেরে হ্যারি ফিরে আসার পর, মুডি ডাম্বলডোরের নির্দেশ অমান্য ক'রে হ্যারিকে নিজের অফিসে নিয়ে যায়। অধ্যাপক ম্যাকগোনাগল, অধ্যাপক ডাম্বলডোর এবং অধ্যাপক স্নেপ দরজা ভেঙে এবং মুডিকে অচেতন ক'রে হ্যারিকে উদ্ধার করে। ম্যাকগোনাগল হ্যারিকে হসপিটাল উইংয়ে পাঠাতে চায়, কিন্তু ডাম্বলডোর তার কথা নাকচ করে দেন এবং বলেন যে কি ঘটেছে এবং কেন ঘটেছে তা হ্যারির জানা প্রয়োজন। ডাম্বলডোর ম্যাকগোনাগলকে হ্যাগ্রিডের কুমড়োক্ষেতে অপেক্ষারত একটি বড় কালো কুকুর ধরে তার অফিসে নিয়ে যেতে বলেন। মুডির পলিজুস পোশনের প্রভাব কেটে যায় এবং ম্যাকগোনাগল ফিরে এসে অফিসের মেঝেতে বার্টি ক্রাউচ জুনিয়রকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যায়।
বার্টির স্বীকারোক্তির পর, অধ্যাপক ডাম্বলডোর তাকে পাহারা দেওয়ার জন্য ম্যাকগোনাগলকে রেখে যান এবং হ্যারিকে তার অফিসে নিয়ে যান সিরিয়াস ব্ল্যাকের সাথে দেখা করতে ও সেই রাতের ঘটনা নিয়ে আলোচনা করতে। এরপর হ্যারিকে হসপিটাল উইংয়ে নিয়ে যাওয়া হয়, যেখানে ম্যাডাম পমফ্রে তাকে একটি স্বপ্নহীন ঘুমের পোশন দেয়। অধ্যাপক ম্যাকগোনাগলের সশব্দ আগমনে হ্যারির ঘুম ভেঙে যায়। ম্যাকগোনাগল জানায় যে, করনেলিয়াস ফাজের সঙ্গে হগওয়ার্টসে আসা ডিমেন্টরটি সঙ্গে সঙ্গে বার্টি ক্রাউচকে "চুম্বন" প্রয়োগ ক'রে তার আত্মা শুষে নিয়েছে। বার্টি এখন আর কাউকে কিছু বলতে পারে না।
আমরা জানতে পারি যে অধ্যাপক ম্যাকগোনাগল অর্ডার অব দ্য ফিনিক্সের একজন সদস্য। হ্যারি যে সময়ে অর্ডারের অর্ডারের সদর দপ্তরে ছিল, সেই সময়ে সেখানে ম্যাকগোনাগল মাগল পোশাকে আসে, তাকে কিছুটা অদ্ভুত লাগছিল।
অধ্যাপক ম্যাকগোনাগল অবশ্যই আগমন ভোজসভায় উপস্থিত ছিল এবং সর্টিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিল। মনে হয়, সে সেই অল্প কয়েকজন শিক্ষকের মধ্যে একজন ছিল যারা ডলোরেস আমব্রিজের একঘেয়ে "স্বাগত ভাষণ" শুনতে পেরেছিল।
ক্লাসের প্রথম দিনে, অধ্যাপক ম্যাকগোনাগল সময়সূচী বিতরণ করে। কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা ক্লাসে, ভলডেমর্ট ফিরে এসেছে কি না, তা নিয়ে হ্যারি অধ্যাপক আমব্রিজের সাথে তর্ক করে। তাকে একটি নোট দেওয়া হয় যা তাকে ম্যাকগোনাগলের কাছে নিয়ে যেতে হবে, যেখানে সে জানতে পারে যে তাকে এক সপ্তাহের জন্য প্রতিদিন ডিটেনশন দেওয়া হয়েছে। ম্যাকগোনাগল জিজ্ঞাসা করে যে সে আমব্রিজের স্বাগত ভাষণটি বুঝতে পেরেছিল কি না। তাতে হ্যারি বলে যে এর মানে হলো মন্ত্রণালয় হগওয়ার্টস পরিচালনায় আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে। ম্যাকগোনাগল মন্তব্য করে হ্যারি যে অন্তত হারমায়োনির কথা শোনে তাতে সে খুশি হয়েছে। এরপর আমব্রিজের আশেপাশে থাকার সময় সে হ্যারিকে সতর্ক থাকতে বলে, বিশেষ করে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে, যাতে আমব্রিজ হ্যারিকে শাস্তি দেওয়ার মতো ন্যূনতম কারণও না পায়।
ডিটেনশন থেকে বেরোনোর সময় হ্যারির সাথে রনের দেখা হয়, রন তার কাটা ও রক্তাক্ত হাতটি লক্ষ্য করে। রন দাবি করে যে হ্যারি যেন ম্যাকগোনাগলকে সবটা বলে, কিন্তু হ্যারি জেদ ক'রে তা প্রত্যাখ্যান করে এবং জোর দিয়ে বলে যে এটি এখন তার ও আমব্রিজের মধ্যেকার একটি ব্যক্তিগত বিষয়।
হ্যারিকে যখন আরও এক সপ্তাহের জন্য ডিটেনশন দেওয়া হয়, তখন আমব্রিজকে অসন্তুষ্ট না করার জন্য ম্যাকগোনাগল তার পরামর্শ না মানায় অতিরিক্তভাবে তার হাউজ পয়েন্টও কেটে নেয়।
হ্যারির কাছে সিরিয়াসের বার্তা পৌঁছে দেওয়ার সময় হেডউইগ আহত হলে, হ্যারি তাকে স্টাফ রুমে অধ্যাপক গ্রুব্লি-প্ল্যাঙ্কের কাছে নিয়ে যায়। অধ্যাপক ম্যাকগোনাগলও সেখানে ছিল, এবং সে হ্যারিকে সতর্ক করে দেয় যে হগওয়ার্টসের ভেতরে ও বাইরের সমস্ত যোগাযোগ মাধ্যম সম্ভবত নজরদারির অধীনে রয়েছে।
স্লিদারিনের বিরুদ্ধে একটি কুইডিচ ম্যাচের পর ড্রেকো ম্যালফয়ের বিদ্রূপ এবং বাঁশি বাজার ঠিক পরেই ক্র্যাবের ছোঁড়া একটি ব্লাজারের আঘাতের জেরে পরিস্থিতি এক শারীরিক হাতাহাতিতে রূপ নেয়। হ্যারি এবং জর্জ উইজলিকে ম্যাকগোনাগলের অফিসে ডাকা হয়, যেখানে ম্যাকগোনাগল তাদের কঠোরভাবে তিরস্কার করে এবং প্রত্যেককে এক সপ্তাহের জন্য ডিটেনশন দেয়। তবে, আমব্রিজ একটি নতুন শিক্ষা অধ্যাদেশ নিয়ে হস্তক্ষেপ করে এবং শাস্তি আরও পরিবর্তন করে দেয়, যা ম্যাকগোনাগলকে আরও ক্ষুব্ধ করে তোলে। সে ওই দুটি ছেলেকে (ফ্রেডকে সহ, যদিও সে মারামারিতে অংশ নেয়নি) স্থায়ীভাবে কুইডিচ খেলা থেকে নিষিদ্ধ করে দেয়।
ক্রিসমাসের ঠিক আগে, হ্যারি স্বপ্ন দেখে যে সে একটি সাপ হয়ে লম্বা করিডোরে কাউকে আক্রমণ করছে। ঘুম থেকে জেগে সে রনকে বলে যে তার বাবা আক্রান্ত হয়েছে এবং তার জরুরি সাহায্য প্রয়োজন। অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারি ও রনকে অধ্যাপক ডাম্বলডোরের অফিসে নিয়ে যায়। হ্যারির কথা শোনার পর, ডাম্বলডোর ডিলিস এবং এভারার্ড নামের দুটি প্রতিকৃতিকে তদন্ত করার জন্য পাঠান। প্রতিকৃতিগুলো ফিরে এসে জানায় যে লোকটিকে খুঁজে পাওয়া গেছে কিন্তু সে গুরুতর আহত। তখন ডাম্বলডোর ম্যাকগোনাগলকে উইজলি পরিবারের অন্য সন্তানদের ডেকে আনতে পাঠান। ম্যাকগোনাগল মলির সাথে যোগাযোগ করার কথা জিজ্ঞেস করলে, ডাম্বলডোর বলেন যে এটা ফকসের কাজ। ফ্রেড, জর্জ ও জিনিকে নিয়ে ম্যাকগোনাগল ফিরে আসার কিছুক্ষণ পরেই, ডাম্বলডোর তাকে পাঠান আমব্রিজকে আটকানোর জন্য। স্পষ্টতই ম্যাকগোনাগল সফল হয়, কারণ উইজলি পরিবারের সন্তানরা ও হ্যারি নিরাপদে চলে যাওয়ার আগে কেউই ডাম্বলডোরের অফিসে উপস্থিত হতে পারেনি।
ডবি হ্যারিকে সতর্ক করে যে আমব্রিজ ডাম্বলডোরের আর্মিকে ধরতে আসছে। শুধু হ্যারিই ধরা পড়ে, এবং আমব্রিজ তাকে অধ্যাপক ডাম্বলডোরের অফিসে নিয়ে যায়। সেখানে অপেক্ষা করছিলেন ডাম্বলডোর, অধ্যাপক ম্যাকগোনাগল, কর্নেলিয়াস ফাজ, লিপিকার হিসেবে পার্সি উইজলি এবং দুজন অরোর, ডলিশ ও শ্যাকলবোল্ট। মারিয়েটা এজকম্ব নামে একজন ছাত্রীকেও সাক্ষী হিসেবে আনা হয়েছে। আমব্রিজ দাবি করে যে হ্যারি দ্য হগ'স হেড সরাইখানায় একটি অবৈধ সভা করেছিল। যখন সে বলে যে উইলি উইডারশিনস তাকে এই তথ্য দিয়েছে, তখন ম্যাকগোনাগল মন্তব্য করে যে সে ভেবে অবাক হচ্ছে যে উগরে দেওয়া কমোডগুলোর অত বড় কাণ্ড ঘটিয়েও ছেলেটি কিভাবে এত সহজে পার পেয়ে গেল। যখন ফাজ ডাম্বলডোরকে গ্রেপ্তার করানোর চেষ্টা করে, তখন একটি বিকট সাদা আলো তাকে এবং মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তাদের অজ্ঞান করে দেয়। ম্যাকগোনাগল হ্যারি এবং ম্যারিয়েটাকে নিরাপদে মেঝেতে ঠেলে দিয়েছে। ডাম্বলডোর নিশ্চিত করেন যে তিনজনই অক্ষত আছে, তারপর তিনি চলে যান।
হ্যারি অরোর হওয়ার জন্য তার পেশাগত পরিকল্পনা নিয়ে আলোচনা করতে ম্যাকগোনাগলের সাথে দেখা করে, কিন্তু গিয়ে দেখে যে আমব্রিজও সেখানে উপস্থিত। আমব্রিজ ক্রমাগত ম্যাকগোনাগলের কথায় বাধা দিতে থাকে এবং দাবি করে যে হ্যারির "অপরাধমূলক" রেকর্ড তাকে অরোর হতে বাধা দেবে। ম্যাকগোনাগল ক্ষুব্ধ হয়ে হ্যারিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার জন্য সম্ভাব্য সবকিছু করার প্রতিজ্ঞা করে। তাদের তর্কাতর্কি বাড়তে থাকলে হ্যারি সেখান থেকে চলে যায়।
ডাম্বলডোরের প্রস্থানের পাশাপাশি ফ্রেড এবং জর্জ উইজলির চলে যাওয়ায় স্কুলটি মূলত নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। শিক্ষকরা নীরবে বিদ্রোহ ক'রে আমব্রিজকে পুনরায় নিয়ন্ত্রণে আনতে সাহায্য করার জন্য কিছুই করে না। একপর্যায়ে, ম্যাকগোনাগলকে আপাতদৃষ্টিতে উদাসীনভাবে পিভসের পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়, যখন পিভস ওপর থেকে একটি ক্রিস্টালের ঝাড়বাতি স্ক্রু খুলে খসানোর চেষ্টা করছিল; যদিও ম্যাকগোনাগল হয়তো তাকে ফিসফিস করে বলে দিয়েছিল যে স্ক্রুটি আসলে উল্টোদিকে ঘোরে।
আমব্রিজ, একাধিক অরোরদের সাথে নিয়ে, হ্যাগ্রিডকে বরখাস্ত করার চেষ্টা করে। দৃশ্যত বিশৃঙ্খলা এবং জাদুর কাঠির ঝলকানিতে আকৃষ্ট হয়ে ম্যাকগোনাগল হ্যাগ্রিডের সাহায্যের জন্য ছুটে যায়, কিন্তু একই সাথে চারটি স্টানারের আঘাতে সে বিদ্ধ হয়। যখন হ্যারি কল্পনা করে যে ভলডেমর্ট সিরিয়াস ব্ল্যাককে নির্যাতন করছে, তখন সে ম্যাকগোনাগলের সাথে কথা বলার চেষ্টা করে, কারণ অর্ডারের একমাত্র সদস্য হিসেবে তার কথাই হ্যারির মনে আসছিল, কিন্তু তাকে সেন্ট মুঙ্গো'স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলস্বরূপ, হ্যারি অধ্যাপক আমব্রিজের ফায়ারপ্লেস ব্যবহার ক'রে সরাসরি সিরিয়াসের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং ধরা পড়ে যায়।
সিরিয়াসের মৃত্যুতে শোকার্ত হ্যারি, ড্রেকো ম্যালফয়ের সাথে প্রায় দ্বন্দ্বযুদ্ধে জড়িয়ে পড়ে, ড্রেকো হ্যারিকে দায়ী করে তার বাবাকে আজকাবানের কারাগারে পাঠানোর জন্য। অধ্যাপক স্নেপ হস্তক্ষেপ করে, এবং হ্যারির হাউজ পয়েন্ট কেটে নেওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু তখনই সে আবিষ্কার করে যে গ্রিফিন্ডরের বালুঘড়িটি খালি। অধ্যাপক ম্যাকগোনাগল ঘটনাক্রমে সেন্ট মাঙ্গো'স থেকে ফিরে আসে, সুস্থ হয়ে উঠলেও সে তখনও শারীরিকভাবে দুর্বল এবং একটি লাঠি ব্যবহার করছিল। সে ড্রেকো ও তার সাঙ্গপাঙ্গদের বিদায় করে দেয়, তারপর মন্ত্রণালয়ে যুদ্ধে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীকে হাউজ পয়েন্ট দেয়। স্নেপ যে পয়েন্টগুলি কেটে নেওয়ার কথা বলেছিল এরপর সে সেই পয়েন্টগুলি বাদ দিয়ে দেয়।
যখন পিভস আমব্রিজকে তাড়া করে হগওয়ার্টস থেকে বের করে দেয়, তখন ম্যাকগোনাগল তার বিতাড়নের কথা শুনে আনন্দিত হয়, কিন্তু হতাশও হয় কারণ তার হাঁটার লাঠিটি ছাড়া সে বাইরে গিয়ে পিভসকে উৎসাহ দিতে পারে না, আর সেই লাঠিটি এখন পিভসই ব্যবহার করছে।
বছরের শুরুতে, অধ্যাপক ম্যাকগোনাগল ষষ্ঠ বর্ষের ছাত্রছাত্রীদের মধ্যে সময়সূচী বিলি করে। এই প্রক্রিয়াটি বেশ জটিল, কারণ ছাত্রছাত্রীরা কোন কোন কোর্স নিতে পারবে তা তাদের ও.ডব্লিউ.এল. পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে। হারমায়োনি সাথে সাথেই তার কোর্সগুলো পেয়ে যায়। যখন সে নেভিলের সাথে তার ফলাফল নিয়ে কথা বলে, তখন সে তাকে জানায় যে সে 'অসাধারণ' ও.ডব্লিউ.এল. ফলাফল নিয়ে ভেষজবিদ্যা এবং 'প্রত্যাশার চেয়েও ভালো' ফলাফল নিয়ে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষা নিতে পারবে। কিন্তু, শুধুমাত্র 'গ্রহণযোগ্য' ও.ডব্লিউ.এল. ফলাফল নিয়ে সে ট্রান্সফিগারেশন নিতে পারবে না, কারণ তার আশঙ্কা যে নেভিল হয়তো এই কোর্সের পড়াশোনা সামলাতে পারবে না, কিন্তু 'প্রত্যাশার চেয়েও ভালো' ফলাফল নিয়ে চার্মস বিষয়ে তার গ্রেড ওই কোর্সের জন্য যথেষ্ট ভালো। নেভিল অনিচ্ছুক ছিল এবং বলেছিল যে তার ঠাকুরমা মনে করে চার্মস একটি সহজ বিকল্প। তখন ম্যাকগোনাগল মন্তব্য করে যে অগাস্টা তার চার্মস ও.ডব্লিউ.এল. পরীক্ষায় ফেল করেছিল, তাই বলে তার এর বিরোধিতা করার কোনো কারণ নেই। এরপর সে নেভিলকে বলে যে, অগাস্টা তাকে যেমনটা দেখতে চায়, তার চেয়ে বরং সে ইতিমধ্যেই যা হয়েছে, তার জন্যই তার কদর করার সময় এসেছে।
ম্যাকগোনাগল পার্বতী পাটিলকে জানায় যে ফিরেনজ এবং অধ্যাপক ট্রেলাউনি ভবিষ্যদ্বাণীর ক্লাসগুলো ভাগ করে নিচ্ছে। হ্যারির অরোর হওয়ার হারিয়ে যাওয়া আশা আবার জেগে ওঠে যখন অধ্যাপক ম্যাকগোনাগাল তাকে বলে যে, অধ্যাপক স্লাগহর্ন 'প্রত্যাশার চেয়েও ভালো' ও.ডব্লিউ.এল. স্কোর পাওয়া ছাত্রদের এন.ই.ডব্লিউ.টি. পোশন ক্লাসে সানন্দে গ্রহণ করে, যা অধ্যাপক স্নেপের মতো নয়। হ্যারি এবং রন দুজনেই ভর্তি হয়ে যায়। অধ্যাপক ম্যাকগোনাগাল হ্যারির হাতে হাউস দলের জন্য সম্ভাব্য কুইডিচ খেলোয়াড়দের একটি তালিকাও তুলে দেয়।
হ্যারি, রন, হারমায়োনি এবং লিন কেটি বেলকে অভিশাপ দেওয়া একটি নেকলেস স্কুলে ফিরিয়ে নিয়ে আসে। ম্যাকগোনাগল অধ্যাপক স্নেপকে সেটি পরীক্ষা করতে বলে। রন এবং হারমায়োনির আপত্তি সত্ত্বেও হ্যারি বলে যে, এর সাথে ড্রেকো ম্যালফয় অবশ্যই জড়িত। ম্যাকগোনাগল বলে যে, আক্রমণের সময় ড্রেকো তার অফিসে ডিটেনশনে ছিল।
রনের জন্মদিনের পরের কুইডিচ ম্যাচে আমরা ম্যাকগোনাগলকে অল্প সময়ের জন্য দেখতে পাই। লুনা লাভগুড ধারাভাষ্য দিচ্ছিল, এবং তার ঘোষণায় স্কুলবাসী বেশ আমোদিত হলেও, ম্যাকগোনাগলকে বেশ কয়েকবার তাকে শুধরে দিতে শোনা যায়।
যখন হ্যারি ড্রেকোর বিরুদ্ধে আত্মরক্ষার জন্য সেক্টামসেম্প্রা ব্যবহার করে, তখন স্নেপ তাকে বছরের বাকি সময়ের জন্য প্রতি শনিবার ডিটেনশন দেয়। উল্লেখ করা হয় যে, স্নেপের এই পরিমাণ ডিটেনশন নির্ধারণের সাথে ম্যাকগোনাগল একমত ছিল।
জ্যোতির্বিজ্ঞান টাওয়ারের যুদ্ধে ম্যাকগোনাগাল ডেথ ইটারদের সাথে লড়াই করে, যদিও এর বিস্তারিত বিবরণ আমরা দেখতে পাই না। যুদ্ধের শেষে, ডাম্বলডোরের মৃত্যুর পর সে হসপিটাল উইংয়ে ছিল, ডাম্বলডোর মারা যাওয়ার পর কি ঘটেছিল তা সবাই খতিয়ে দেখার চেষ্টা করছিল। ডাম্বলডোরকে স্নেপ হত্যা করেছে শুনে ম্যাকগোনাগাল এতটাই হতবাক হয় যে ম্যাডাম পমফ্রে তার জন্য একটি চেয়ার তৈরি করে দেয়। সে বলে যে ডাম্বলডোর সবসময়ই বলতেন তিনি স্নেপকে বিশ্বাস করেন, এবং তার যথেষ্ট কারণও ছিল। হ্যারি বলে যে সে জানে ডাম্বলডোর কেন স্নেপকে বিশ্বাস করতেন: স্নেপ হ্যারি সম্পর্কিত ভবিষ্যদ্বাণীটি ভলডেমর্টের কাছে নিয়ে গিয়েছিল এবং পরে ডাম্বলডোরের কাছে তার জন্য অনুশোচনা করেছিল। স্নেপকে আনতে অধ্যাপক ফ্লিটউইককে পাঠানোর জন্য ম্যাকগোনাগাল নিজেকে দোষারোপ করে।
ম্যাকগোনাগাল জানায় যে যখন ডাম্বলডোর এবং হ্যারি সমুদ্রের গুহার দিকে রওনা হয়েছিল, তখন বিল উইজলি, লুপিন এবং টঙ্কস টহল দিচ্ছিল। হ্যারি ম্যাকগোনাগালকে বলে যে ডেথ ইটাররা রিকোয়ারমেন্ট কক্ষের সাথে সংযুক্ত অদৃশ্য আলমারিগুলোর মাধ্যমে প্রবেশ করেছিল।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ম্যাকগোনাগলকে স্কুলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে অন্য হাউস প্রধানদের — অধ্যাপক ফ্লিটউইক, অধ্যাপক স্প্রাউট, এবং অধ্যাপক স্লাগহর্নকে — প্রধান শিক্ষকের অফিসে ডেকে পাঠায়; সে হ্যারি এবং হ্যাগ্রিডকেও ডাকে। সেখানে, ডাম্বলডোরের সদ্য আনা প্রতিকৃতির নিচে, অন্যরা আসার আগেই, ম্যাকগোনাগল হ্যারিকে জিজ্ঞাসা করে যে সে এবং ডাম্বলডোর কি করছিল। হ্যারি ইতস্তত ক'রে বলে যে, তাদের কার্যকলাপ গোপন রাখার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং ডাম্বলডোর এমন কথা বলেননি যে তিনি মারা গেলে হ্যারিকে তাঁর আদেশ পালন করা বন্ধ করতে হবে। ম্যাকগোনাগল এবং অন্য শিক্ষকরা সিদ্ধান্ত নেয় যে স্কুল খোলা থাকবে, কিন্তু ম্যাকগোনাগল জিজ্ঞাসা করে যে ছাত্রছাত্রীদের আগেভাগে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত কিনা। হ্যারি উল্লেখ করে যে অনেকেই ডাম্বলডোরের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য থাকতে চাইবে। অন্ত্যেষ্টিক্রিয়ার পরের দিন হগওয়ার্টস এক্সপ্রেস ছাড়ার কথা। জাদুমন্ত্রীকে একটি প্রতিনিধিদল নিয়ে স্কুলের দিকে আসতে দেখে ম্যাকগোনাগল দ্রুত হ্যারিকে বিদায় দেয়।
ম্যাকগোনাগাল অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিল, কিন্তু আমরা তার সাথে কথা বলিনি।
এটা আশ্চর্যজনক মনে হতে পারে যে, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসে ডাম্বলডোরের মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিরিজের শুরু থেকে উপ-প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা সত্ত্বেও ম্যাকগোনাগলকে প্রধান শিক্ষক করা হয়নি; তবে, হগওয়ার্টসের প্রতি ভলডেমর্টের আগ্রহের কথা বিবেচনা করলে, এটা সম্ভাব্য ছিল যে কেবল একজন ডেথ ইটারই এই পদটি পাবে, সেভেরাস স্নেপকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়াকে এই বিষয়টি যুক্তিযুক্ত করে তোলে।
অধ্যাপক ম্যাকগোনাগলকে বইয়ের শেষ পর্যন্ত দেখা যায় না। অ্যামিকাস ক্যারোর জন্য র্যাভেনক্ল কমন রুমের দরজা খোলার উদ্দেশ্যে ম্যাকগোনাগলকে ডাকা হয়, কারণ কমন রুমের দরজা খোলার উপায় হলো দরজার ঈগল-মাথাযুক্ত হাতলের একটি দার্শনিক প্রশ্নের উত্তর দেওয়া, এবং অ্যামিকাস তার উত্তর দিতে অক্ষম। যখন অ্যামিকাস র্যাভেনক্ল কমন রুমে অ্যালেক্টোকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে, তখন সে ভলডেমর্টকে ডেকে আনার অপরাধে র্যাভেনক্লের ছাত্রছাত্রীদের ফাঁসানোর সিদ্ধান্ত নেয়। ম্যাকগোনাগল আপত্তি জানালে, অ্যামিকাস তাকে অগ্রাহ্য করার চেষ্টা করে এবং এই প্রক্রিয়ায় তার ওপর থুতু ফেলে। হ্যারি, তার অদৃশ্য হবার আলখাল্লারর নিচে লুকিয়ে, অ্যামিকাসকে অভিশাপ দিয়ে অজ্ঞান করে দেয়। ম্যাকগোনাগল দ্রুত অ্যামিকাস এবং অ্যালেক্টো দুজনকেই বেঁধে ফেলে, তারপর অন্য তিন হাউসের প্রধানদের ডেকে পাঠায়। এদিকে সে এবং হ্যারি, আলখাল্লার নিচে লুকিয়ে, তার অফিসের দিকে রওনা হয়। হঠাৎ সেভেরাস স্নেপ আবির্ভূত হয়ে জানতে চায় কি ঘটছে। ম্যাকগোনাগলের ব্যাখ্যার প্রতি স্নেপের সন্দেহ এক ভয়ংকর দ্বন্দ্বের রূপ নেয়। ফ্লিটউইক ও স্প্রাউট, এবং তাদের পেছনে স্লাগহর্নকে আসতে দেখে স্নেপ ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালায় এবং একটি জানালা ভেঙে ছিটকে উড়ে যায়।
ম্যাকগোনাগাল দুর্গকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে আদেশ দেয়। হ্যারি, রিকোয়ারমেন্ট কক্ষে ফিরে এসে রন এবং হারমায়োনিকে খুঁজে পায় না। সে গ্রেট হলের দিকে যায়, এই আশায় যে সেখানে জড়ো হওয়া অন্যান্য ছাত্রদের মধ্যে তারা থাকবে। ম্যাকগোনাগাল স্কুলকে জানায় যে অধ্যাপক স্নেপ "পদত্যাগ" করেছে, যার ফলে স্লিদারিন ছাড়া বাকি সবাই উল্লাস করে ওঠে। অপ্রাপ্তবয়স্ক ছাত্রদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, সাথে যে সকল বয়স্ক ছাত্ররা চলে যেতে ইচ্ছুক তাদেরও। ভলডেমর্টের গম্ভীর কণ্ঠস্বর তার কথা থামিয়ে দিয়ে বলে যে, যদি হ্যারিকে হস্তান্তর করা হয়, তবে কারও কোনো ক্ষতি হবে না, অন্যথায়, মধ্যরাতে তাকে জোর করে নিয়ে যাওয়া হবে। স্লিদারিন টেবিলে থাকা প্যান্সি পার্কিনসন হ্যারির দিকে তার জাদুদণ্ড তাক করে; অন্য হাউসগুলো দ্রুত হ্যারির সমর্থনে এগিয়ে আসে এবং ম্যাকগোনাগাল সমস্ত স্লিদারিনদের সরিয়ে নেওয়ার আদেশ দেয়। এরপর সে হ্যারিকে মনে করিয়ে দেয় যে সে কিছু একটা খুঁজছে।
এরপর ম্যাকগোনাগল হগওয়ার্টসের প্রতিরক্ষা ব্যবস্থা সংগঠিত করে এবং হগওয়ার্টসের যুদ্ধের সময় বিদ্যালয়টিকে রক্ষা করার জন্য বর্ম ও অন্যান্য জাদুকরী বস্তুসমূহকে একত্রিত করে।
যুদ্ধবিরতির সময়, হ্যারি পেনসিভে স্নেপের স্মৃতিগুলো দেখে এবং জানতে পারে যে প্রায় বিশ বছর আগে স্নেপের সর্টিং অনুষ্ঠানে অধ্যাপক ম্যাকগোনাগল উপস্থিত ছিল।
চূড়ান্ত লড়াইয়ে ভলডেমর্ট একই সাথে ম্যাকগোনাগল, শ্যাকলবোল্ট এবং স্লাগহর্নের সাথে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত ছিল। যখন মলি উইজলির হাতে বেলাট্রিক্স পরাস্ত হয়, ভলডেমর্ট মলিকে আক্রমণ করার জন্য তিনজনকে সরিয়ে দেয়, কিন্তু হ্যারি তার অদৃশ্য হওয়ার আলখাল্লার নিচ থেকে এসে তাকে প্রতিহত করে।
বিজয় উদযাপনে ম্যাকগোনাগলকে এক ঝলক দেখা যায়, কিন্তু হ্যারি তখন এতটাই ক্লান্ত ছিল যে তার সাথে কথা বলার মতো অবস্থায় ছিল না, এবং সে শুধু সেখান থেকে চলে যেতে চেয়েছিল।
শক্তি
[সম্পাদনা]ম্যাকগোনাগাল একজন অত্যন্ত বুদ্ধিমতী এবং অবিশ্বাস্যভাবে শক্তিশালী জাদুকরী। সে ট্রান্সফিগারেশন বিদ্যায় বিশেষ পারদর্শী, কিন্তু জাদুর প্রায় অন্য সব ক্ষেত্রেও সে অত্যন্ত দক্ষ ছিল। সে কালো জাদু চর্চা না করা সত্ত্বেও, আশ্চর্যজনকভাবে এই ক্ষেত্রেও পারদর্শী ছিল। এর প্রমাণ হলো, সে অ্যামিকাস ক্যারোর ওপর সফলভাবে ইম্পেরিয়াস কার্স (তিনটি ক্ষমার অযোগ্য অভিশাপের মধ্যে একটি) প্রয়োগ করতে সক্ষম হয়েছিল।
যদিও সে একজন কঠোর শিক্ষক, তবুও তার ছাত্রছাত্রীদের কাছে সে শ্রদ্ধার পাত্রী। তার শাসন প্রায়শই কঠোর হলেও, তা সর্বদা ন্যায্য ও নিরপেক্ষ। সে নিজের হাউসের প্রতিও পক্ষপাতিত্ব করে না; কোনো গ্রিফিন্ডর ছাত্রকে অসদাচরণ করতে দেখলে সে বেশ কয়েকবার নিজের হাউস থেকে পয়েন্ট কেটে নিয়েছে। অধ্যাপক ম্যাকগোনাগলের একটি কোমল দিকও রয়েছে এবং সে সর্বদা ছাত্রছাত্রীদের মঙ্গলকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রত বলে মনে করে, কিন্তু সে সেই দিকটি আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করে।
ম্যাকগোনাগল অ্যালবাস ডাম্বলডোর এবং তাঁর আদর্শের প্রতি অত্যন্ত অনুগত। ট্রান্সফিগারেশন বিদ্যায় সে ছিল তাঁর অন্যতম সেরা ছাত্রী। যদিও মন্ত্রণালয়ে তার কর্মজীবন সফল ছিল, তবুও সে হগওয়ার্টসে পড়াতে চেয়েছিল, যেখানে ডাম্বলডোর তখনও পড়াতেন।
শেষের বইগুলোতে ম্যাকগোনাগল দেখিয়েছে যে সে একজন অত্যন্ত দক্ষ ও ক্ষিপ্র দ্বন্দ্বযোদ্ধা; সে সেভেরাস স্নেপকে পরাস্ত করতে এবং সহায়তা নিয়ে স্বয়ং লর্ড ভলডেমর্টের সাথেও অচলাবস্থা তৈরি করতে সক্ষম হয়েছিল। সম্ভবত, যদি সে ডাম্বলডোরের পথ অনুসরণ করে শিক্ষাজগতে না আসত, তবে সে একজন চমৎকার অরোর হতে পারত এবং সে অর্ডার অফ দ্য ফিনিক্সের দ্বিতীয় প্রধান না হলেও সম্ভবত একজন মূল্যবান সদস্য।
দুর্বলতা
[সম্পাদনা]ম্যাকগোনাগলের কোনো বিশেষ দুর্বলতা আছে বলে কখনো দেখানো হয়নি। তার কঠোর বাহ্যিক রূপ সম্ভবত ডাম্বলডোর ছাড়া আর কাউকেই তার সাথে আবেগগতভাবে ঘনিষ্ঠ হতে বাধা দেয়। আমাদের এটা বিশ্বাস করানো হয় যে সে তার একাকীত্বই বেশি পছন্দ করে।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]কঠোর ও গম্ভীর স্বভাবের অধ্যাপক ম্যাকগোনাগলকে খুব একটা স্বচ্ছন্দ হতে কল্পনা করা কঠিন, যার ফলে তার যে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তা ভাবাও কঠিন হয়ে পড়ে। তবে, অ্যালবাস ডাম্বলডোরের সাথে তার একটি উষ্ণ বন্ধুত্ব রয়েছে এবং হগওয়ার্টসের অন্যান্য শিক্ষকদের সাথেও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মনে হয়, তার মধ্যে রয়েছে সেভেরাস স্নেপ (ডাম্বলডোরের মৃত্যুর আগে পর্যন্ত) এবং অধ্যাপক স্লাগহর্ন, যে পরে স্লিদারিনের প্রধান হয়। এছাড়াও, হ্যারির মঙ্গলের প্রতি তার উদ্বেগ কেবল তার হাউসের একজন ছাত্র হওয়ার ফল বা এমনকি ভলডেমর্টের চূড়ান্ত পতন ঘটানোর সম্ভাবনার চেয়েও বেশি বলে মনে হয়।
লেখক Pottermore.com ওয়েবসাইটে প্রকাশ করেছেন যে, তরুণী ম্যাকগোনাগল একজন সুদর্শন মাগল, ডুগাল ম্যাকগ্রেগরের প্রেমে পড়েছিল। সে তাকে কখনও জানায়নি যে সে একজন জাদুকরী, এবং অন্যান্য মাগলদের কাছ থেকে ক্রমাগত এই বিষয়টি লুকিয়ে রাখতে অনিচ্ছুক হওয়ায়, জাদুকরী জীবনকে পুরোপুরি অনুসরণ করার জন্য একদিন পরেই তাদের বাগদান ভেঙে দেয়। ম্যাকগোনাগল বুঝতে পেরেছিল যে, তার মাগল বাবা যখন জানতে পারে যে সে একজন জাদুকরকে বিয়ে করেছে, তখন তাদের দাম্পত্য জীবনে কি প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল। ম্যাকগ্রেগরের সাথে ম্যাকগোনাগালের সম্পর্ক শেষ করার সিদ্ধান্তের পেছনে এটি ভূমিকা রেখেছিল। পরে ম্যাকগোনাগলের আরেকজন পাণিপ্রার্থী ছিল, যে ছিল তার প্রাক্তন মন্ত্রণালয় বস, এলফিনস্টোন আরকুয়ার্ট। এলফিনস্টোন বহু বছর ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল, কিন্তু ম্যাকগোনাগাল জীবনের বেশ পরের দিক পর্যন্ত বারবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। অবশেষে তার প্রথম ভালোবাসা ডুগাল ম্যাকগ্রেগর মারা যাওয়ার পরই সে আরকুয়ার্টের প্রস্তাবে রাজি হয়েছিল। তাদের বিবাহিত জীবন সুখী হলেও স্বল্পস্থায়ী ছিল; মাত্র তিন বছর পরেই এর সমাপ্তি ঘটে যখন এলফিনস্টোন একটি বিষাক্ত টেন্টাকুলা গাছের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। বিয়ের পরেও ম্যাকগোনাগল নিজের কুমারী নামটিই বজায় রেখেছিল।
বিশ্লেষণ
[সম্পাদনা]অধ্যাপক ম্যাকগোনাগলকে একজন বয়স্ক জাদুকরী হিসেবে চিত্রিত করা হয়েছে, যে তার সংবেদনশীল দিকটি আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা করে, সম্ভবত এই ভয়ে যে এটিকে দুর্বলতা হিসেবে ধরে নিয়ে তার বিরুদ্ধেই ব্যবহার করা হবে। সে এই কাজে মোটামুটি সফল, এতটাই সফল যে, সে যখন হ্যারির প্রতি কোনো বিশেষ বিবেচনা দেখায়, তখন হ্যারি অবাক হয়ে যায়। বিশেষ করে, অধ্যাপক আমব্রিজের সাথে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার প্রথম বিপর্যয়কর ক্লাসের ফলস্বরূপ যখন হ্যারিকে অধ্যাপক ম্যাকগোনাগলের কাছে পাঠানো হয়, তখন ম্যাকগোনাগল তাকে একটি বিস্কুট খেতে দেয়। হ্যারি স্পষ্টত এটিকে তার স্বভাববিরুদ্ধ মনে করে প্রথমে তা প্রত্যাখ্যান করে। তার কঠোরতার মধ্যে কোনো শিথিলতা দেখলে হ্যারি সবসময়ই অবাক হয়।
কিছুটা হলেও, ম্যাকগোনাগল একটি গতানুগতিক চরিত্র — সেই "কঠোর কিন্তু ন্যায়পরায়ণ" শিক্ষক। সব ধরনের কল্পকাহিনীতে, বিশেষ করে স্কুল-কেন্দ্রিক কল্পকাহিনীতে, এই চরিত্রটি একটি অপরিহার্য অংশ। প্রায়শই তাকে নায়কের বিরোধী, চরম পক্ষপাতদুষ্ট শিক্ষকের সাথে সরাসরি দ্বন্দ্বে লিপ্ত থাকতে দেখা যায়; এই সিরিজে, অবশ্যই, সেই পক্ষপাতদুষ্ট চরিত্রটি হলো সেভেরাস স্নেপ। গল্পের প্রয়োজনে স্নেপের চরিত্রকে গতানুগতিকতার চেয়ে আরও জটিল হতে হয়, তাই স্নেপ প্রায় অন্য যে কোনো শিক্ষকের চেয়ে বেশি সময় "মঞ্চে" থাকে; এর মানে হলো, অধ্যাপক ম্যাকগোনাগল তার ভূমিকার জন্য স্বাভাবিকের চেয়ে কিছুটা নেপথ্যে থাকে। ম্যাকগোনাগল যেখানে গতানুগতিক চরিত্র থেকে বেরিয়ে আসে, তা হলো হ্যারির প্রতি তার অবিরাম উদ্বেগ। আমরা দেখতে পাই যে ম্যাকগোনাগল হ্যারির মঙ্গলের জন্য গভীরভাবে উদ্বিগ্ন, কিন্তু কোনো ছাত্রের প্রতি পক্ষপাতিত্ব দেখানো উচিত নয় জেনে সে তা যথাসম্ভব গোপন করার চেষ্টা করে। আমরা এটি ছোট ছোট বিষয়ে দেখতে পাই: যেমন, আমব্রিজের সাথে লেনদেনের বিষয়ে হ্যারিকে তার সতর্কবাণী এবং তাকে অরোর প্রোগ্রামে ভর্তি করানোর জন্য তার দৃঢ় সংকল্প। গল্প জুড়ে ম্যাকগোনাগালের কার্যকলাপ পর্যালোচনা করলে আমরা দেখতে পাই যে, গ্রেড দেওয়া, ডিটেনশন, হাউজ পয়েন্ট প্রদান ও শাস্তির মতো প্রকাশ্য কাজকর্মে ম্যাকগোনাগাল প্রায় ত্রুটিপূর্ণভাবেই নিরপেক্ষ। তার ব্যক্তিগত কাজকর্মেই — ডিমেন্টর পর্বের পর হ্যারির স্বাস্থ্য নিয়ে তার উদ্বেগ, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে হ্যারির সাথে তার সাক্ষাৎ এবং হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন উপন্যাসে নিম্বাস ২০০০-এর পর্বে —আমরা হ্যারির প্রতি তার উদ্বেগ দেখতে পাই।
খুব সামান্য পরিমাণে, ম্যাকগোনাগল অধ্যাপক ডাম্বলডোরের প্রতিপক্ষ হিসেবে কাজ করে। সিরিজে একমাত্র প্রথম বইয়ের প্রথম অধ্যায়েই আমরা তাদের দুজনকে সরাসরি কথা বলতে দেখি, যেখানে শিশু হ্যারির জন্য ডাম্বলডোরের বেছে নেওয়া স্থায়ী বাড়ির বিরোধিতা করে ম্যাকগোনাগল। একটি যুক্তির বিপরীত পক্ষ নেওয়া সত্ত্বেও, এই দুই চরিত্রের মধ্যে সুস্পষ্ট পারস্পরিক শ্রদ্ধা সেখানে দেখতে পাওয়াটা বেশ আকর্ষণীয়। সিরিজের অন্যান্য দৃশ্যে, যেখানে ডাম্বলডোর এবং ম্যাকগোনাগল একসাথে থাকেন, সেখানেও এই শ্রদ্ধা দেখা যায়। সাধারণত, ওপরে উল্লিখিত ঘটনাটি ছাড়া, যখন ম্যাকগোনাগল এবং ডাম্বলডোর একসাথে মঞ্চে থাকেন, তখন তাঁরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করেন যা সেই দৃশ্যের মূল কেন্দ্রবিন্দু; প্রায়শই, সেই কেন্দ্রবিন্দু হলো হ্যারি। তা সত্ত্বেও, আমরা দেখতে পাই যে ডাম্বলডোর এবং ম্যাকগোনাগলের মধ্যে কিছুটা আলাপচারিতা এখনও বিদ্যমান, যেখানে ম্যাকগোনাগল সব পক্ষের উপর একটি মধ্যস্থতাকারী প্রভাব ফেলে এবং একই সাথে ডাম্বলডোরের প্রতি অটল আনুগত্য প্রদর্শন করে।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
- অধ্যাপক ম্যাকগোনাগল, একজন অ্যানিমেগাস, বিড়ালে রূপান্তরিত হতে পারে। এই প্রাণীটি তার চরিত্র সম্পর্কে কি প্রকাশ করে?
- অধ্যাপক ডাম্বলডোর কেন ম্যাকগোনাগলকে হ্যারি এবং ভলডেমর্টের সাথে তার সম্পর্ক নিয়ে আরও বিস্তারিত বলেননি?
- অধ্যাপক ম্যাকগোনাগল অবশেষে হগওয়ার্টসের প্রধান শিক্ষিকা হয়েছিল। তার কার্যকালে হগওয়ার্টস কিভাবে পরিবর্তিত হয়ে থাকতে পারে?