মাগলস গাইড টু হ্যারি পটার/চরিত্র/ডলোরেস আমব্রিজ
| মাগলস গাইড টু হ্যারি পটার – চরিত্র | |
| ডলোরেস জেন আমব্রিজ | |
|---|---|
| লিঙ্গ | নারী |
| চুল | লোহিত রঙের কোঁচকানো |
| চোখ | অজানা |
| পরিবার | অজানা, কিন্তু "বিশুদ্ধ রক্তের" সেলউইন পরিবারের সাথে সম্পর্কের দাবি করে। |
| আনুগত্য | জাদু মন্ত্রণালয় |
সারমর্ম
[সম্পাদনা]ডলোরেস জেন আমব্রিজকে প্রথম দেখতে পাওয়া যায় পটার সিরিজের পঞ্চম বই, হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে, এই বই অনুসারে সে কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার অধ্যাপক হিসেবে আত্মপ্রকাশ করে। সেই বইয়ের ঘটনাপ্রবাহে, সে হগওয়ার্টসে প্রধান তদন্তকারীর পদ তৈরি ও দখল করতে সক্ষম হয় এবং পরে নিজেকে হগওয়ার্টসের প্রধান শিক্ষক ঘোষণা করে। সপ্তম বই, হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ অনুসারে, আমরা জানতে পারি যে, সে সিনিয়র সহকারী সচিব হওয়ার পাশাপাশি সে মাগল-জাত রেজিস্ট্রেশন কমিশনের প্রধানও হয়েছে।
তাকে দেখতে একটি বড়, ফ্যাকাশে ব্যাঙের মতো। সে বেশ বেঁটে গড়নের। তাকে চওড়া ও থলথলে মুখের, প্রায় সরু ঘাড় এবং একটি প্রশস্ত, ঢিলেঢালা ঠোঁটের অধিকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। তার চোখ দুটি বড়, গোলাকার এবং সামান্য ফোলা। তার মাথার ওপরে প্রায়শই একটি ফিতা বাঁধা থাকে। হগওয়ার্টসে তার অফিস এবং জাদু মন্ত্রণালয় উভয় জায়গাতেই দেখা যায় যে, সে দেয়ালে সুন্দর সুন্দর প্লেট, চিন্টজ কাপড়ের চেয়ার, লেসের ডয়েলি, শুকনো ফুলের ফুলদানি এবং এই জাতীয় অন্যান্য জিনিসপত্র দিয়ে নিজেকে ঘিরে রেখেছে।
বইগুলিতে ভূমিকা
[সম্পাদনা]যখন অপ্রাপ্তবয়স্কদের জাদুচর্চার অভিযোগে হ্যারিকে উইজেনগ্যামোটের সামনে তলব করা হয়, তখন ডলোরেস আমব্রিজকে প্রথম দেখা যায়। কর্নেলিয়াস ফাজের ডান পাশে বসে সে হ্যারিকে বিব্রত করার উদ্দেশ্যে কয়েকটি মন্তব্য করে।
এরপর জাদু মন্ত্রণালয় আমব্রিজকে হগওয়ার্টসের কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার নতুন শিক্ষক (এবং মন্ত্রণালয়ের গুপ্তচর) হিসেবে নিযুক্ত করে। স্বাগত ভোজের ভাষণে সে অপ্রত্যাশিতভাবে একটি দীর্ঘ, অত্যন্ত বিরক্তিকর বক্তৃতা দেয়, যেখানে সে বলে যে তার মতে স্কুলের শিক্ষাদান পদ্ধতি পরীক্ষা করার এবং সম্ভবত সংশোধন করার প্রয়োজন। তার ক্লাসে, সে শুধুমাত্র একেবারেই একটি অকেজো বই থেকে পড়ায়, বইটি হলো: উইলবার্ট স্লিঙ্কার্ডের লেখা ডিফেন্সিভ ম্যাজিকাল থিওরি। বইটির অধ্যায়ের শিরোনামগুলো দেখে মনে হয়, এটি কালো জাদুর বিরুদ্ধে প্রতিরক্ষার চেয়ে বরং কালো জাদুর সাথে আপস-মীমাংসা এবং তোষামোদ করার বিষয়বস্তু নিয়ে তৈরি। সে দৃঢ়ভাবে মন্ত্রণালয়ের দলীয় মতবাদে অবিচল থাকে যে লর্ড ভলডেমর্ট ফিরে আসেনি এবং হ্যারি পটারের দাবিগুলো শুধুমাত্র তার নিজের প্রতি মনোযোগ আকর্ষণের একটি উপায়। যখন হ্যারি মন্ত্রণালয়ের অবস্থানের বিরোধিতা করার সাহস দেখায়, তখন সে তাকে শাস্তি দেয় এবং তাকে বাধ্য করে একটি জাদুর কলম দিয়ে কিছু লাইন লিখতে। এটি দিয়ে লেখার ফলে যন্ত্রণাদায়কভাবে তার হাতে স্থায়ীরূপে "আমি মিথ্যা বলব না" কথাটি খোদাই হয়ে যায়।
ডার্ক আর্টস প্রতিরক্ষা ক্লাসে দেওয়া অকেজো পাঠ্যক্রমের প্রতিক্রিয়ায়, হারমায়োনি হ্যারিকে আরও ব্যবহারিক একটি প্রতিরক্ষা কোর্স চালু করতে রাজি করায়। সাংগঠনিক সভাটি হগসমিডের দ্য হগ'স হেড ইন রেস্তোঁরায় অনুষ্ঠিত হয়। সম্ভবত এর প্রতিক্রিয়ায়, এবং স্পষ্টতই আমব্রিজের প্ররোচনায়, একটি শিক্ষামূলক অধ্যাদেশ জারি করা হয়, যার ফলে সমস্ত ছাত্র সংগঠনকে ভেঙে দেওয়া হয় এবং যে কোনো অননুমোদিত ছাত্র সভা নিষিদ্ধ করা হয়। প্রতিরক্ষা সমিতি তা সত্ত্বেও সভা করার সিদ্ধান্ত নেয়, এবং প্রথম পূর্ণাঙ্গ সভায়, প্রতিরক্ষা দলটি নিজেদের নাম দেয় ডাম্বলডোরের সেনাবাহিনী; তারা বিশ্বাস করত অধ্যাপক ডাম্বলডোর মন্ত্রণালয়কে আক্রমণ করার জন্য একটি ব্যক্তিগত সেনাবাহিনী তৈরি করছেন, আর এই ভয়েই কালো যাদুর বিরুদ্ধে প্রতিরোধ শিক্ষাটিকে একদম দুর্বল করে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসের প্রতিক্রিয়ায় তারা দলের এই নামটি রাখে।
মন্ত্রণালয়ের সমর্থন পেয়ে আমব্রিজ নিজেকে ছাত্র শৃঙ্খলার চূড়ান্ত নির্ধারক হিসেবে প্রতিষ্ঠা করে। গ্রিফিন্ডর ও স্লিদারিনের মধ্যে একটি কুইডিচ ম্যাচের পর হ্যারি ও এবং জর্জ ড্রাকো ম্যালফয়ের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়লে, অধ্যাপক ম্যাকগোনাগাল তাদের কঠোরভাবে তিরস্কার করে এবং এক সপ্তাহের জন্য ডিটেনশন দেয়। এরপরে, আমব্রিজ হস্তক্ষেপ করে এবং শাস্তি আরও কঠোর ক'রে হ্যারি, ফ্রেড ও জর্জকে আজীবনের জন্য কুইডিচ খেলা থেকে নিষিদ্ধ করে দেয় (ফ্রেড মারামারি করতে পারেনি, কারণ কুইডিচ দলের অন্য সদস্যরা তাকে আটকে রেখেছিল)।
আবারও মন্ত্রণালয়ের সমর্থনে, অধ্যাপক আমব্রিজ নিজেকে হগওয়ার্টসের প্রধান তদন্তকারী (হাই ইনকুইজিটর) হিসেবে নিযুক্ত করে। এই পদ থেকে সে সমস্ত শিক্ষক এবং তাদের শিক্ষাপদ্ধতি পরীক্ষা করার দায়িত্ব নেয়। অবিলম্বেই সে অধ্যাপক ট্রেলাউনি এবং হ্যাগ্রিডকে অযোগ্য হিসেবে চিহ্নিত করে।
বছরের শেষের দিকে, হ্যারি দ্য কুইবলার পত্রিকায় একটি সাক্ষাৎকার দেয় এবং আমব্রিজ যখন তা জানতে পারে, সে হ্যারিকে আরও একবার শাস্তি দেয়, তার হগসমিডে যাওয়ার সুযোগ কেড়ে নেওয়া হয়, পত্রিকাটি নিষিদ্ধ করা হয়। সে একটি আদেশ জারি করে যে, হগওয়ার্টসে দ্য কুইবলার রাখা একটি শৃঙ্খলাভঙ্গের অপরাধ, যার শাস্তি বহিষ্কার।
আমব্রিজ শেষ পর্যন্ত ট্রেলাউনিকে বরখাস্ত করতে সক্ষম হয় এবং তাকে হগওয়ার্টস ছাড়তে বাধ্য করার চেষ্টা করে। অধ্যাপক ডাম্বলডোর মেনে নেন যে ট্রেলাউনিকে বরখাস্ত করা হয়েছে, কিন্তু তাকে দুর্গে থেকে যেতে বলেন এবং জানান যে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কর্তৃত্ব এখনও তাঁর হাতেই রয়েছে। ট্রেলাউনির বদলি দেওয়ার অধিকার মন্ত্রণালয়ের রয়েছে — আমব্রিজের এই দাবি অগ্রাহ্য করে ডাম্বলডোর বলেন যে তিনি ইতিমধ্যেই তার বদলি খুঁজে পেয়েছেন এবং নতুন ভবিষ্যদ্বাণী শিক্ষিকা, সেন্টর ফায়ারেনজের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এর কিছু পরেই, চোয়ের বন্ধু মারিয়েটা এজকম্বের কাছ থেকে আমব্রিজ জানতে পারে ডাম্বলডোরের বাহিনীর অস্তিত্বের কথা এবং এর সদস্যদের ধরার চেষ্টা করে; শুধুমাত্র হ্যারি ধরা পড়লেও, সদস্য তালিকাটি উদ্ধার করা হয়। সদস্য তালিকায় লেখা দলটির নাম "ডাম্বলডোরের বাহিনী"র ওপর ভিত্তি করে, অধ্যাপক ডাম্বলডোরের বিরুদ্ধে মন্ত্রণালয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়। ফাজের দেহরক্ষী হিসেবে স্কুলে নিয়ে আসা অরোররা ডাম্বলডোরকে গ্রেপ্তার করার ব্যর্থ চেষ্টা করে এবং ডাম্বলডোর স্কুল থেকে অদৃশ্য হয়ে যান। আমব্রিজ নিজেকে প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করে। সে এই পদটি ধারণ করলেও তার কর্তৃত্ব সাধারণত উপেক্ষা করা হয়; সে ডাম্বলডোরের সিল করা অফিসে প্রবেশ করতে পারে না এবং কর্মচারীরা (আর্গাস ফিলচ ছাড়া) তাকে প্রায় স্বীকারই করে না।
একদিন, আমব্রিজ হ্যারিকে তার অফিসে চায়ের জন্য আমন্ত্রণ জানায় এবং তার গোপন কথাগুলো বের করার চেষ্টায় তাকে ভেরিটাসেরাম মেশানো চা দেয়। তবে, সে জানে না যে অর্ডার অফ দ্য ফিনিক্সকে রক্ষা করার জন্য স্নেপ তাকে একটি নকল ভেরিটাসেরাম দিয়েছে। হঠাৎ একটি প্রচণ্ড শব্দে স্কুলটি কেঁপে ওঠে, ফ্রেড এবং জর্জ কিছু করেছিল। এর ফলে সে হ্যারিকে ছেড়ে দেয়। যখন পিভস আমব্রিজকে হয়রান করতে শুরু করে, তখন শিক্ষকরা দৃশ্যত তার এই কাজকে সমর্থন করে। কিন্তু এরপর ফ্রেড এবং জর্জ উইজলিই একটি প্রকাশ্য বিদ্রোহের নেতৃত্ব দেয়, তারা পুরো স্কুলে তাণ্ডব সৃষ্টি করে এবং তারপর নিজেদের ঝাড়ুতে চড়ে হগওয়ার্টস ত্যাগ ক'রে চলে যায়।
এর কিছুদিন পর, আমব্রিজ সিদ্ধান্ত নেয় যে হ্যাগ্রিডকে বরখাস্ত করার মতো যথেষ্ট তথ্য তার কাছে আছে, কিন্তু সাহায্য করার জন্য সে একদল অরোরকে আনার প্রয়োজন বোধ করে। এর ফলে সৃষ্ট জাদুকরী যুদ্ধে অধ্যাপক ম্যাকগোনাগল এতটাই আহত হয় যে তাকে সেন্ট মুঙ্গো'স হাসপাতালে যেতে হয়, এবং সেই মুহূর্তে হ্যারি যে অ্যাস্ট্রোনমি ও.ডব্লিউ.এল. পরীক্ষাটি দিচ্ছিল সেটিও পুরোপুরি ব্যাহত হয়।
যদিও আমব্রিজ জাদু মন্ত্রণালয়ে কাজ করে, কিন্তু সে অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়, যেমন হ্যারি তার ফায়ারপ্লেসের মাধ্যমে কার সাথে যোগাযোগ করছে তা জানার জন্য সে তার ওপর ক্ষমার অযোগ্য অভিশাপ প্রয়োগের চেষ্টা করা। হ্যারির ওপর ক্রুসিয়াটাস অভিশাপ প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়ার সময়, সে প্রসঙ্গক্রমে উল্লেখ করে যে পূর্বের গ্রীষ্মে প্রিভেট ড্রাইভে ডিমেন্টরস পাঠানোর আদেশ সে-ই দিয়েছিল। যখন হারমায়োনি তাকে একটি অস্তিত্বহীন অস্ত্রের খোঁজে নিষিদ্ধ বনে যেতে প্ররোচিত করে, তখন আমব্রিজ নির্বোধের মতো সেন্টরদের অপমান করে, এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং চিৎকার করতে করতে তাকে ধরে নিয়ে যায়।
যখন ডাম্বলডোর প্রধান শিক্ষক হিসেবে পুনর্বহাল হন, তিনি আমব্রিজকে উদ্ধার করার জন্য ব্যক্তিগতভাবে জঙ্গলে যান, তবে আমব্রিজ মানসিকভাবে এতটাই বিপর্যস্ত (তীব্র পিটিএসডি) হয়েছিল যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। টার্ম শেষ হওয়ার ঠিক আগে, আমব্রিজ অলক্ষ্যে পার পেয়ে যাওয়ার আশায় চুপিসারে হাসপাতাল উইং থেকে বেরিয়ে যায়। কিন্তু, তার সাথে পিভসের দেখা হয়ে যায়, সে আমব্রিজকে ম্যাকগোনাগালের হাঁটার লাঠি দিয়ে বারবার আঘাত করে এবং চক ছুড়ে মারতে মারতে হগওয়ার্টস চত্বর থেকে তাড়িয়ে দেয়, যার ফলে হগওয়ার্টস স্কুলে তার অধ্যায়ের সমাপ্তি ঘটে।
ক্রিসমাসে উইজলিদের বাড়িতে বেড়াতে গিয়ে রুফাস স্ক্রিমজিওর উল্লেখ করে যে ডলোরেস আমব্রিজ তাকে বলেছিল হ্যারি অরোর হতে আগ্রহী, যা শুনে হ্যারি প্রচণ্ড রেগে যায়। শেষের দিকে আমব্রিজকে জাদু মন্ত্রণালয়ের অন্যান্য কর্মীদের সাথে অ্যালবাস ডাম্বলডোরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দেখা যায়, যা দেখেও হ্যারি আবারও প্রচণ্ড রেগে যায়।
হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স বই থেকে আমরা জানতে পারি যে সালাজার স্লিদারিনের আসল লকেটটি এখন একটি হরক্রাক্স, যার মধ্যে লর্ড ভলডেমর্টের আত্মার একটি অংশ রয়েছে এবং এটি তার অমরত্ব নিশ্চিত করে। এটিকে ইতিমধ্যেই তার গোপন স্থান থেকে সরিয়ে ফেলা হয়েছে। ব্ল্যাক পরিবারের গৃহ পরিচারক ক্রিচার প্রকাশ করে যে, রেগুলাস ব্ল্যাকই আসলটির বদলে একটি নকল লকেট রেখেছিল এবং সিরিয়াসকে এটি ফেলে দিতে না দিয়ে সে-ই এটি রেখে দিয়েছিল, কিন্তু পরে মুনডাঙ্গাস ফ্লেচার এটি চুরি করে নেয়। মুনডাঙ্গাস ত্রয়ীর কাছে স্বীকার করে যে সে সত্যিই এটি চুরি করেছিল এবং বাড়ির অন্যান্য মূল্যবান জিনিসের সাথে এটিও বিক্রি করার চেষ্টা করছিল, কিন্তু তখন আমব্রিজ তাকে আটকেছিল। আমব্রিজ, মন্ত্রণালয়ে তার ক্ষমতার অপব্যবহার ক'রে, লাইসেন্স ছাড়া প্রত্নবস্তু বিক্রির জন্য মুনডাঙ্গাসকে জেলে না পাঠানোর বিনিময়ে ঘুষ হিসেবে লকেটটি দাবি করেছিল। মুনডাঙ্গাস তার নাম জানে না, কিন্তু ত্রয়ীকে দেওয়া তার শারীরিক বর্ণনা — "ব্যাঙের মতো দেখতে" — শুনে তাদের এটা বুঝতে পারার জন্য যথেষ্ট যে সে কার কথা বলছে।
লকেটটি পুনরুদ্ধার করার জন্য, হ্যারি, রন এবং হারমায়োনি পলিজুস পোশন ব্যবহার ক'রে ছদ্মবেশ ধারণ করে এবং জাদু মন্ত্রণালয়ে প্রবেশ করে। ইয়াক্সলি অবিলম্বে রনকে তার অফিসে বৃষ্টিপাতের সমস্যা সমাধানের জন্য নিযুক্ত করে। হ্যারি এবং হারমায়োনি ওপরের তলায় আমব্রিজের সাথে দেখা করে; হারমায়োনিকে মাগল-বর্ন রেজিস্ট্রেশন কমিশনের কার্যবিবরণী নথিভুক্ত করার জন্য আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। যখন আমব্রিজের অফিসে হ্যারির অনুসন্ধান ব্যর্থ হয়, তখন সে অদৃশ্য হবার আলখাল্লার নিচে লুকিয়ে পড়ে এবং সেই আদালত কক্ষে প্রবেশ করে যেখানে আমব্রিজ "ব্লাড উইজার্ডদের কাছ থেকে জাদুদণ্ড চুরির" জন্য মাগল-জাত জাদুকর ও জাদুকরীদের আজকাবানে পাঠিয়ে আনন্দ পাচ্ছিল। আমব্রিজ সামনের দিকে ঝুঁকলে প্রকাশ পায় যে সে লকেটটি পরে আছে। বংশমর্যাদা নিয়ে আমব্রিজের মিথ্যা বড়াই করার জন্য লকেটকে ব্যবহার করার বিষয়টি দেখে হ্যারি বিরক্ত হয়। তাই সে তাকে এবং তারপর ইয়াক্সলিকে হতচেতন ক'রে দেয়। এর ফলে হারমায়োনি লকেটটি উদ্ধার করার মতো পর্যাপ্ত সময় পেয়ে যায়। এরপর হ্যারি ও হারমায়োনি বাকি মাগল-জাতদের মুক্ত করে, তাদের মন্ত্রণালয়ের অ্যাট্রিয়ামে নিয়ে যায় এবং তাদের মন্ত্রণালয় ছেড়ে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
এই বইটি প্রকাশের পর দেওয়া এক সাক্ষাৎকারে লেখক প্রকাশ করেন যে, মাগল-জাতদের বিরুদ্ধে করা অপরাধের জন্য আমব্রিজকে আজকাবানে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, কারণ তার সকল শিকার আজকাবান থেকে জীবিত ফিরে আসতে পারেনি।
শক্তি
[সম্পাদনা]আমব্রিজের জাদুর মান বিচার করা আমাদের পক্ষে কঠিন, কারণ আমরা তা খুব কমই দেখতে পাই; কেউ কেউ ধারণা করতে পারেন যে সে শক্তিশালী, কিন্তু জাদুবিদ্যায় সে অধ্যাপক ম্যাকগোনাগল বা অধ্যাপক ফ্লিটউইকের মতো একেবারেই দক্ষ নয়। উদাহরণস্বরূপ, ফ্লিটউইক যেখানে উইজলিদের 'উইজার্ডিং হুইজেস ইনস্ট্যান্ট সোয়াম্প' খুব দ্রুত অপসারণ করতে পেরেছিল, সেখানে আমব্রিজ পুরো একটা দিন চেষ্টা করেও সফল হতে পারেনি। ডাম্বলডোরের সেনাবাহিনীর বিষয়ে রিপোর্ট করার সময়, মারিয়েটা এজকম্বের মুখে ফোসকার মধ্যে "স্নিক" শব্দটি ফুটে ওঠার যে অভিশাপ হারমায়োনি দিয়েছিল, সেটিও সে দূর করতে পারে না। তা সত্ত্বেও, মাগল-জাতদের নিবন্ধন দৃশ্যে দেখা যায়, যে সে একটি সম্পূর্ণ দৈহিক প্যাট্রোনাসকে ডেকে আনতে সক্ষম। এর থেকে প্রমাণ হয় যে কিছুটা হলেও তার জাদুকরী শক্তি আছে; আমাদের সাধারণত এটাই বিশ্বাস করানো হয়, এবং লেখকও স্পষ্টভাবে নিশ্চিত করেছেন, যে এর জন্য উচ্চতর দক্ষতার প্রয়োজন, যা জাদুকরদের একটি বড় অংশ কখনোই আয়ত্ত করতে পারে না।
যাই হোক, তার ব্যক্তিত্ব যে বেশ প্রভাবশালী, তা স্পষ্টই বোঝা যায়, কারণ সে অন্তত দুজন মন্ত্রীর (কর্নেলিয়াস ফাজ এবং পায়াস থিকনেস) ঊর্ধ্বতন সহকারী এবং মন্ত্রণালয়ে সম্মানিত। ডেথ ইটার না হওয়া সত্ত্বেও সে থিকনেসের অধীনে একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে সক্ষম হয় – মনে হয়, থিকনেসের অধীনে মন্ত্রণালয়ের উচ্চ পদগুলো ডেথ ইটারদের দ্বারাই পূর্ণ থাকে, যার কারণগুলো সুস্পষ্ট।
দুর্বলতা
[সম্পাদনা]হগওয়ার্টসের প্রধান তদন্তকারী হিসেবে নিযুক্ত হওয়ার আগে এবং মাগল-জাতদের বিরুদ্ধে তার অপরাধ করার অনেক আগেই, জাদুকর জগতে ডলোরেস আমব্রিজের এমন একজন রাজনীতিবিদ হিসেবে খ্যাতি ছিল যার অর্ধ-মানব বা "সংকর"দের প্রতি, বিশেষ করে নেকড়ে-মানবদের প্রতি, বিশেষ বিদ্বেষ ছিল। এই কারণেই সে হ্যাগ্রিডকে কালিমালিপ্ত করে এবং পরে বরখাস্ত করে, কারণ হ্যাগ্রিড ছিল অর্ধ-দৈত্য। তার আত্ম-সম্মানবোধ দুর্বল, যা সে আড়ম্বর, অভিজাত্য, কর্তৃত্বপরায়ণ আচরণ এবং বাহ্যিক উপকরণের ওপর নির্ভর করে টিকিয়ে রাখতে চায়; যেমন মুনডাঙ্গাস ফ্লেচারের কাছ থেকে জোর করে আদায় করা লকেটটি, যা সে পরে একটি প্রাচীন জাদুকর পরিবারের বংশধর হওয়ার "প্রমাণ" হিসেবে পারিবারিক উত্তরাধিকার বলে দাবি করে। প্রধান তদন্তকারী হিসেবে ছাত্রদের চিঠিপত্র পর্যবেক্ষণ করে এবং মন্ত্রণালয়ে তার অফিসের বাইরে কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করার জন্য অ্যালাস্টর মুডির জাদুকরী চোখ ব্যবহার ক'রে সে উভয় ক্ষেত্রেই সন্দেহবাতিক আচরণ প্রদর্শন করে।
আমব্রিজ যে কাউকে তার কথা মানানোর জন্য যে কোনো কিছু করতে পারে, এমনকি এর জন্য আইন ভাঙতেও দ্বিধা করে না, যেমনটা স্পষ্ট হয় যখন হ্যারি তাকে তথ্য দিতে অস্বীকার করলে সে তাকে ক্রুসিয়াটাস অভিশাপ দিয়ে নির্যাতন করার চেষ্টা করে। তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আরও জটিল হয়ে ওঠে তার গোঁড়ামির কারণে, যা মূলত তার বোধগম্যতা বা নিয়ন্ত্রণের বাইরের সত্তাদের প্রতি ভয়ের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বলে মনে হয়। এই একই কুসংস্কারগুলোই শেষ পর্যন্ত তার পতনের কারণ হয়; প্রথমে সে সেন্টরদের হাতে ধরা পড়ে, যাদেরকে সে "হাফ-ব্রিড" বলেও ডাকত। এরপর মাগল-জাতদের বিরুদ্ধে অপরাধের জন্য আজকাবানে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়।
অন্যান্য চরিত্রের সাথে সম্পর্ক
[সম্পাদনা]আমব্রিজের হ্যারি পটারের প্রতি একটি বিশেষ বিদ্বেষ রয়েছে। হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স জুড়ে, বিশেষ করে হ্যারির প্রতি এবং সাধারণভাবে গ্রিফিন্ডর হাউসের প্রতি তার এই বিদ্বেষ সুস্পষ্ট। শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা অধ্যাদেশের অধীনে তার সদ্য অর্জিত ক্ষমতা ব্যবহার ক'রে, সে সমস্ত পাঠ্যক্রম-বহির্ভূত কার্যকলাপ এবং সমাবেশ নিষিদ্ধ করে, যতক্ষণ না সেগুলি প্রধান ইনকুইজিটর (স্বয়ং সে) দ্বারা অনুমোদিত হয়; এর ফলে হাউস কুইডিচ দলগুলো ভেঙে দেওয়া হয়। স্লিদারিনেরর দলকে অবিলম্বে পুনর্বহাল করা হয়, কিন্তু তৎকালীন অধিনায়ক অ্যাঞ্জেলিনা জনসন অনুরোধ জানানোর পর গ্রিফিন্ডরের পুনর্গঠন প্রায় এক মাস বিলম্বিত হয়। তা সত্ত্বেও, হগওয়ার্টসে তার সময়কালের শেষ দিকে, স্লিদারিন ছাড়া অন্য সমস্ত হাউস কোনো পয়েন্ট পায়নি, যতক্ষণ না অধ্যাপক ম্যাকগোনাগাল সেন্ট মাঙ্গো'স থেকে ফিরে এসে গ্রিফিন্ডর এবং র্যাভেনক্লকে একাধিক পয়েন্ট প্রদান করে।
হগওয়ার্টসের বেশিরভাগ শিক্ষকই তাকে ঘৃণা করে, বিশেষ করে অর্ডার অফ দ্য ফিনিক্সের সদস্যরা। ড্রাকো ম্যালফয়ের মতো স্লিদারিন প্রিফেক্টরা তাকে কিছুটা পছন্দ করে বলে মনে হয় যে, কারণ সে তাদের অন্যদের ওপর স্বাভাবিকের চেয়ে বেশি নিয়ন্ত্রণ খাটানোর ক্ষমতা দেয়, উদাহরণস্বরূপ হাউজ পয়েন্ট কেড়ে নেওয়ার ক্ষমতা। তবে আর্গাস ফিলচ তাকে পছন্দ করে; যখন সে ছাত্রদের জন্য শারীরিক শাস্তি পুনরায় চালু করে, তখন আর্গাস উত্তেজিত হয়ে ওঠে এবং তার চলে যাওয়ায় সে দুঃখ পায়।
ডেথলি হ্যালোজ বইতে, আমব্রিজ হ্যারির প্রতি আরও বিদ্বেষ প্রদর্শন করে, যেখানে সে তার প্রচারণায় হ্যারিকে "এক নম্বর জনশত্রু" হিসেবে আখ্যা দেয় এবং আর্থার উইজলির পরিবারের সাথে তার ঘনিষ্ঠতার কারণে তাকে নজরদারির মধ্যে রাখে।
আমব্রিজ সেলউইন পরিবারের সাথে তার সম্পর্কের দাবি করে। এই সম্পর্ক কখনও প্রমাণিত হয়নি এবং সে স্লিদারিনের লকেটটি (এর আপাত প্রাচীনত্ব এবং এর ওপর থাকা ইংরেজি "এস" চিহ্নের মাধ্যমে) ব্যবহার ক'রে তার এই ভিত্তিহীন দাবিকে আরও জোরালো করে তোলে, যদিও সে এর উৎস বা ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। এমনকি এটি যে একটি হরক্রাক্স হরক্রাক্স, যেটি পরলে তার স্বভাব আরও বিকৃত হয়ে উঠতে পারে (এবং বাস্তবে যা-ই ঘটে), সে সম্পর্কে তার বিন্দুমাত্র সন্দেহও ছিল না।
বিশ্লেষণ
[সম্পাদনা]সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন থেকে দেখা যায় অধ্যাপক কুইরেল হ্যারিকে বলছে যে, "তার গুরুর" কাছ থেকে শেখা অন্যতম একটি শিক্ষা হলো, "সঠিক বা ভুল বলে কিছু নেই, আছে শুধু ক্ষমতা।" ডলোরেস আমব্রিজ সেই উক্তিটি গ্রহণ করেছে এবং এটিকে তার জীবনের অংশ করে নিয়েছে বলে মনে হয়। আমব্রিজ রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে খারাপ দিকগুলোর প্রতীক। সে নির্মম, নিষ্ঠুর, পাশবিক, দুর্নীতিগ্রস্ত এবং নৈতিক বা নীতিগত কেন্দ্রবর্জিত, যদিও তাকে সর্বদা একটি কোমল, নম্র বাহ্যিক আবরণে উপস্থাপন করা হয়। তাকে তার ব্যক্তিগত ক্ষমতা এবং তার ঊর্ধ্বতনদের রাজনৈতিক ক্ষমতা বজায় রাখার জন্য যে কোনো উপায় অবলম্বন করতে দেখা যায়। সে হত্যার চেষ্টা করে (হ্যারির ওপর ডিমেন্টরের আক্রমণের মাধ্যমে), ঘুষ চায় (অন্তত মুনডাঙ্গাস ফ্লেচারের কাছ থেকে) এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য শিশুদের নির্যাতন করে। আমব্রিজ এমন কাউকে সহ্য করতে পারে না, যে তার মতামতের সাথে বা তার মন্ত্রীদের ছড়ানো মিথ্যার সাথে দ্বিমত পোষণ করে। তাকে তার চারপাশের প্রত্যেকের এবং সবকিছুর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। তার দৃষ্টিকোণ থেকে দেখি, সে বাকস্বাধীনতা, ভিন্নমত, বৈচিত্র্য এবং একাধিক দৃষ্টিভঙ্গি সহ্য করতে পারে না। স্পষ্টতই, আমব্রিজ একটি স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্যগুলোর প্রতিনিধিত্ব করে। ঐকমত্য ও সম্মানের মাধ্যমে নয়, বরং সে ভয় ও ভীতি প্রদর্শনের মাধ্যমে নেতৃত্ব দেয়। প্রকৃতপক্ষে, যখন সে হগওয়ার্টস দখল করছে, তখন পুরো মন্ত্রণালয়ই নিজেদের অনুকূলে ঘটনাপ্রবাহকে ঘুরিয়ে দেওয়ার জন্য সংবাদমাধ্যম ও তথ্য নিয়ন্ত্রণ করছে। ফাজ আমব্রিজকে তার রাজনৈতিক শক্তি সংহত করতে এবং তার অনুমিত শত্রুদের দমন করার জন্য যে ক্ষমতা দিয়েছিল, তা আমাদের কাছে আগে থেকেই পরিচিত; যেমনটা পরিচিত তার শেষ অপরাধ, মাগল-জাত জাদুকরদের "জাতিগত নির্মূল"। লেখক আমাদের মনে করিয়ে দেন যে, যখন কোনো সরকার তার জবাবদিহিতা হারায়, তখন আমব্রিজের মতো একজন ব্যক্তির উন্নতি করা কতটা সহজ হয়ে যায়।
হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাস জুড়ে, আমব্রিজ তার কঠোর নীতি, কড়া শিক্ষাগত আদেশ এবং ক্ষমতার প্রতি তার তীব্র লোভের জন্য ব্যাপক ঘৃণার পাত্রী হয়। তা সত্ত্বেও, সে ফাজ এবং মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন পায়। এটি সরকারের দুর্নীতি এবং মূর্খতার ওপর আলোকপাত করে (এই বিষয়টি, কিছুটা কম মাত্রায়, হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স উপন্যাসেও রুফাস স্ক্রিমজিওরের) মাধ্যমে উপস্থিত হয়েছে)। এটি ক্ষমতা এবং তার অপব্যবহারের বিষয়টিও তুলে ধরে।
প্রশ্নাবলী
[সম্পাদনা]
- হ্যারি পটার অ্যান্ড দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স উপন্যাসে, হগওয়ার্টসের কর্মচারীরা ডলোরেস আমব্রিজের সাথে খারাপ ব্যবহার করলে তার কেমন লাগতে পারে (বিশেষ করে বছরের শুরুতে)?
- আমব্রিজকে কেন জাদু মন্ত্রণালয়ের কর্মচারী হিসেবে রাখা হয়?
- আমব্রিজ কেন ‘সংকর’দের – যেমন সেন্টর, দৈত্য ইত্যাদিদের – ভয় পায়?
- আমব্রিজ কেন হ্যারির পেছনে ডিমেন্টরদের প্রেরণ করেছিল?
- আমব্রিজ যে হ্যারির পেছনে ডিমেন্টরদের পাঠিয়েছিল, সেই বিষয়টি জাদু মন্ত্রণালয় কেন ধরতে পারল না? নাকি তারা ব্যাপারটা স্রেফ উপেক্ষা করেছিল?
- তোমার কি মনে হয় আমব্রিজ নিষ্ঠুর ছিল, নাকি শুধু নিজের দায়িত্ব পালন করছিল?
বৃহত্তর চিত্র
[সম্পাদনা]আমব্রিজের চরিত্রটি পরীক্ষা করা শিক্ষার্থীর জন্য শিক্ষণীয় হবে। এটি বিশেষভাবে লক্ষণীয় যে, যদিও সে ভলডেমর্টের মিত্র নয় এবং এই কারণে আপাতদৃষ্টিতে হ্যারি যে অশুভ শক্তির বিরুদ্ধে লড়ছে তার পক্ষেও নেই, তবুও সে পুরো সিরিজের সবচেয়ে ঘৃণ্য চরিত্রগুলোর মধ্যে একজন। পাঠক রিতা স্কেটারের দায়সারাভাবে কাদা ছোঁড়াছুঁড়িকে তার স্বেচ্ছায় নেওয়া কাজেরই একটি অংশ হিসেবে মেনে নেন, যে পেশাটিতে সে নিজেই যুক্ত হয়েছিল। ভলডেমর্ট স্পষ্টতই সেই অসহিষ্ণুতার মূল উৎস যা সিরিজের শেষ বইটিকে অন্ধকারাচ্ছন্ন করে তুলেছে, এবং তবুও সে আমব্রিজের মতো এতটা ঘৃণিত নয়। লেখক এই বিষয়টি কিভাবে ফুটিয়ে তুলেছেন, তা শিক্ষার্থীর খতিয়ে দেখা উচিত; মূলত আমব্রিজের কাজের পেছনের উদ্দেশ্যকে তুলে ধরার মাধ্যমেই তিনি এটি করেছেন। এই চিত্রের মূল চাবিকাঠি হলো উদ্দেশ্য: আমব্রিজের চালিকাশক্তিগুলো কি? এটা সহজেই বোঝা যায় যে আমব্রিজের প্রধান উদ্দেশ্য হলো নিজের জন্য ক্ষমতা; সে আরও ক্ষমতা দাবি করার জন্য সুবিধা আদায়ের উদ্দেশ্যে তার ক্ষমতা ব্যবহার করে। আমরা ড্রাকো ম্যালফয়ের মধ্যেও একই ধরনের আচরণ দেখতে পাই এবং অনুমান করতে পারি যে একই প্রক্রিয়ার ফলেই ভলডেমর্টের ক্ষমতার উত্থান ঘটেছিল। তবুও এই চরিত্রগুলোর কোনোটিই সেই ধরনের ঘৃণার জন্ম দেয় না, যা ভক্ত মহল আমব্রিজের প্রতি পোষণ করে বলে মনে হয়। এর কারণ কি হতে পারে? আমাদের ধারণা, এর একটি বড় অংশ হ্যারির লড়াই করার অক্ষমতা থেকে উদ্ভূত। মিনিস্ট্রির বিরুদ্ধে হ্যারি শক্তিহীন, এবং পরিস্থিতি আরও খারাপ হয় কারণ হ্যারির সমস্ত মিত্ররাও আমব্রিজের বিরুদ্ধে জয়ী হতে সমানভাবে অক্ষম। অবশ্যই, মিনিস্ট্রি ব্যবস্থার মধ্যে আমব্রিজের একমাত্র উদ্দেশ্য যে কেবল নিজের উন্নতি, এই বিষয়টি এমনিতেই ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে।