বিশ্বের ইতিহাস/চিনের একীকরণ
মানচিত্র | উৎস | অবদানকারীদের কর্নার
আপনি হয়তো জেনে থাকবেন যে, চীনের প্রাথমিক রাজবংশগুলো, অর্থাৎ শাং এবং ঝউ রাজবংশ কেন্দ্রীভূত রাষ্ট্র ছিল না। এর অর্থ হলো কেন্দ্রীয় সরকারের পুরো দেশের ওপর সরাসরি কোনো ক্ষমতা ছিল না। এর কারণ হলো সেই সময়ে জাতীয় শক্তি ছিল অত্যন্ত দুর্বল। যে ভূমি তারা সরাসরি শাসন করতে পারত না, তা পরিচালনার জন্য ঝউ রাজবংশ ফেংজিয়ান নামক একটি ব্যবস্থা গড়ে তুলেছিল যা ইউরোপের সামন্তবাদের সাথে সাদৃশ্যপূর্ণ। ঝউ রাজা তাঁর আত্মীয়-স্বজন, দরবারী সদস্য অথবা পূর্ববর্তী রাজবংশের বংশধরদের মধ্যে জমি বণ্টন করে দিতেন এবং তাদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতেন যাদের বলা হতো ঝুহাউ (諸侯)।
এই রাজ্যগুলোর কাজ ছিল ঝউ রাজদরবারকে সমর্থন দেওয়া, কিন্তু খ্রিস্টপূর্ব ৭৭০ অব্দ থেকে রাজদরবারের ক্ষমতা কমতে শুরু করে। বসন্ত ও শরৎকালে (খ্রিস্টপূর্ব ৭৭০ থেকে ৪৭৬ অব্দ), ঝউ রাজবংশের কর্তৃত্ব রাজ্যগুলোর ওপর থেকে ক্ষুণ্ণ হতে থাকে কারণ একের পর এক রাজ্য প্রকৃতপক্ষে আঞ্চলিক স্বায়ত্তশাসন অর্জন করে। তারা রাজদরবারকে অমান্য করতে শুরু করে এবং নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়। অনেক ছোট ছোট রাজ্য, এমনকি বিভিন্ন নগর-রাষ্ট্রগুলোও বড় রাজ্যগুলোর দ্বারা দখল হয়ে যায়। তবে এই সময়ে যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল অন্য রাজ্য দখল করার চেয়ে নিজেদের অধীনে বেশি সংখ্যক করদ রাজ্য রাখা।
যাইহোক, যুদ্ধরত রাজ্যগুলোর যুগে এই পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তিত হয়। অন্যতম শক্তিশালী রাজ্য জিনের ক্রমিক বিভাজন বসন্ত ও শরৎকালের সমাপ্তি এবং যুদ্ধরত রাজ্যগুলোর যুগের (খ্রিস্টপূর্ব ৪৭৫ থেকে ২২১ অব্দ) সূচনা চিহ্নিত করে। এই সময়ে রাজ্যগুলোর মধ্যে বড় আকারের যুদ্ধ শুরু হয় যার মূল লক্ষ্য ছিল অন্য রাজ্য দখল বা একীভূত করা। কিন রাজ্য ধীরে ধীরে রাজ্যগুলোর মধ্যে প্রধান শক্তিতে পরিণত হয়। এটি ঝউ রাজদরবারকে উৎখাত করে, বাকি রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করে এবং খ্রিস্টপূর্ব ২২১ অব্দে কিন রাজবংশ প্রতিষ্ঠা করে।
পটভূমি
[সম্পাদনা]যদিও ঝউ রাজবংশ প্রায় ৯০০ বছর স্থায়ী হয়েছিল, এর ভূখণ্ড অসংখ্য রাজ্যে বিভক্ত ছিল। এগুলোর মধ্যে বর্ণানুক্রমিক হিসেবে সবচেয়ে শক্তিশালী রাজ্যগুলো ছিল: চু, হান, চি, কিন, উই, ইয়ান এবং ঝাও।
খ্রিস্টপূর্ব ২২১ অব্দে, একটি বিশাল দেশ গঠনের লক্ষে চীনারা প্রথমবারের মতো ঐক্যবদ্ধ হয় যা দীর্ঘদিনের অনৈক্য এবং যুদ্ধের যুগের অবসান ঘটায়। সেই বছরে যুদ্ধরত রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে আক্রমণাত্মক এবং পশ্চিমা সীমান্ত রাষ্ট্র কিন তার শেষ প্রতিদ্বন্দ্বী রাজ্যটিকে পরাজিত বা বশীভূত করে।