বাংলা ব্যাকরণ/ভাষা ও ব্যাকরণ
অবয়ব

ভাষা (Language) মানুষের মস্তিষ্কজাত একটি মানসিক ক্ষমতা, যা অর্থবাহী বাকসংকেতে (বাগযন্ত্রের মাধ্যমে ধ্বনি রূপে) রূপায়িত হয়ে মানুষের মনের ভাব প্রকাশ করতে এবং একই সমাজের মানুষের মধ্যে যোগাযোগ স্থাপনে সহায়তা করে। মানুষ্য ভাষাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবেষণা, বিশ্লেষণ ও আলোচনা করাতে প্রতিষ্ঠিত হয়েছে ভাষাবিজ্ঞান (Linguistics)। ভাষাবিজ্ঞানের পরিভাষায় ব্যাকরণ (Grammar) বলতে সাধারণত ভাষার কাঠামোর, বিশেষত শব্দ ও বাক্য কাঠামোর গবেষণাকে বোঝায়। অর্থাৎ, ব্যাকরণ হলো কোনো ভাষার রূপমূলতত্ত্ব ও বাক্যতত্ত্বের আলোচনা। আধুনিক ভাষাবিজ্ঞানে ব্যাকরণ পরিভাষাটি দিয়ে কোন ভাষার কাঠামোর সমস্ত নিয়মকানুনের বর্ণনাকেও বোঝানো হয়; এই ব্যাপকতর সংজ্ঞার ভেতরে ঐ ভাষার ধ্বনিতত্ত্ব ও প্রয়োগতত্ত্বের আলোচনাও চলে আসে।