প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/হায়ারার্কি বা স্ট্রাকচার চার্ট
সংক্ষিপ্ত বিবরণ
[সম্পাদনা]
হায়ারার্কি চার্ট যা স্ট্রাকচার চার্ট নামেও পরিচিত, এটি একটি সচিত্র নকশা যার মাধ্যমে একটি কম্পিউটার প্রোগ্রামের বিভিন্ন মডিউল বা ফাংশনের মধ্যে উপস্থাপিত সম্পর্ককে বোঝানো হয়। এর মাধ্যমে একটি প্রোগ্রামের মৌলিক কাঠামো বা সংগঠনকে দেখানো যায়, যেমন- কোন ফাংশন কোন ফাংশনের অধীনস্থ, কোন ফাংশন কাকে নির্দেশনা দিচ্ছে এবং কোন কাজটি কোন মডিউলের মাধ্যমে সম্পন্ন হচ্ছে, ইত্যাদি।
একটি গন প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোর ধারনা থেকে এই চার্টের নামকরন হয়েছে। যেমন: একটি প্রতিষ্ঠানে সবচেয়ে উপরে থাকেন প্রেসিডেন্ট, তার নিচে ভাইস প্রেসিডেন্ট, এরপর বিভিন্ন বিভাগের ম্যানেজার, এবং সবশেষে সাধারণ কর্মচারীরা। ঠিক তেমনি, একটি প্রোগ্রামেও কিছু ফাংশন থাকে যেগুলো অন্য ফাংশনকে কিছু কাজ করার নির্দেশনা দেয় এবং ছোট ছোট কাজগুলো সম্পন্ন করায়। উদাহরণ হিসাবে ধরা যাক, কোন প্রোগ্রামার একটি অনলাইন বিপননের সাইট তৈরি করছেন। সেই বিপননের সাইট গঠনের জন্য যে প্রোগ্রাম মুদ্রিত করা হচ্ছে তার মধ্যে একটি প্রধান ফাংশন আছে যাকে বলা হয় main() যা পুরো প্রোগ্রামকে নিয়ন্ত্রণ করে। এরপর ধরুন প্রোগ্রামে অপর একটি ফাংশন আছে যার নাম displayMenu()। এবার main() ফাংশন displayMenu() ফাংশনকে নির্দেশ দেবে যেন কোন ব্যাক্তি যখন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে সেই বিপননের সাইট খুলবে তখন displayMenu() ফাংশন যেন সেই বিপননের সাইটে রক্ষিত সমস্ত বিপনন সামগ্রী তাকে প্রদর্শন করে। আবার displayMenu() ফাংশন সেই প্রোগ্রামের অন্তর্বতী অপর কিছু ফাংশন যেমন, processOrder() কিংবা showCart() ফাংশনকে উপযুক্ত নির্দেশ দিতে পারে। এই সম্পর্কগুলো হায়ারার্কি চার্টের মাধ্যমে ধাপে ধাপে সাজিয়ে দেখানো হয়।
হায়ারার্কি চার্টের মূল বৈশিষ্ট্য নিম্নরূপ:
- এটি বিস্তারিত লজিক বা কোড দেখায় না, বরং মডিউলের সংগঠন তুলে ধরে।
- এতে বোঝা যায় কোন ফাংশন অন্য কোন ফাংশনের অধীনে নির্দেশ পালন করছে।
- এটি ম্যানেজার-কর্মচারী সম্পর্কের মতো, যেখানে প্রোগ্রামের প্রধান ফাংশন অন্য ফাংশনদের একটি নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয়।
প্রোগ্রামাররা এই চার্ট ব্যবহার করে প্রোগ্রামের মোট কাঠামো সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন। এটি যেকোন প্রোগ্রামের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে প্রোগ্রামের বিভিন্ন অংশের পারস্পরিক সম্পর্ক স্পষ্ট হয়। জটিল প্রোগ্রামে বিভিন্ন কাজকে বিবিধ ফাংশন বা মডিউলে ভাগ করে দেওয়া হয় এবং তার পরিকল্পনা করতে এই চার্ট সহায়তা করে। এইভাবে হায়ারার্কি চার্ট প্রোগ্রামের অভ্যন্তরীণ গঠন বোঝার একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। এটি প্রোগ্রাম বিশ্লেষণ, পরিকল্পনা এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মূল পরিভাষা
[সম্পাদনা]- হায়ারার্কি চার্ট
- একটি প্রোগ্রামের বিভিন্ন ফাংশনের পারস্পরিক সম্পর্ক বা সামগ্রিক চিত্র উপস্থাপন করে।
- স্ট্রাকচার চার্ট
- হায়ারার্কি চার্টের আরেকটি নাম।