বিষয়বস্তুতে চলুন

প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণা/ব্রাঞ্চিং স্টেটমেন্ট

উইকিবই থেকে

সংক্ষিপ্ত বিবরণ

[সম্পাদনা]

ব্রাঞ্চ হল কম্পিউটার প্রোগ্রামে ব্যাবহৃত এক ধরনের ইন্সট্রাকশন সেট বা বিশেষ নির্দেশমালা। এই বিশেষ নির্দেশাবলী থেকে যে কোন এক বা একাধিক নির্দেশ ব্যাবহারের মাধ্যমে কোন কম্পিউটার প্রোগ্রামকে তার ধারাবাহিকতা ভঙ্গ করে সেই একই কম্পিউটার প্রোগ্রামের অন্তর্গত অন্য কিছু বিশেষ নির্দেশমালা অনুসরন করতে বাধ্য করা হয়।[]

আরো সহজ আলোচনার মাধ্যমে যদি বলা যায় তাহলে, কম্পিউটার প্রোগ্রাম হল কিছু সেট অফ ইন্স্ট্রাকশন বা নির্দেশমালা যার মাধ্যমে কম্পিউটারকে কোন বিশেষ কাজ সম্পন্ন করার জন্য আদেশ দেওয়া হয় এবং সেই কাজ কিভাবে করা হবে সেই সমস্ত নির্দেশ দেওয়া হয়। কম্পিউটারের সি পি ইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ধাপে ধাপে সেই নির্দেশগুলি পালন করে সেই কাজটিকে সম্পন্ন করে। এখন, কম্পিউটার যখন ধাপে ধাপে নির্দেশ পালনের মাধ্যমে প্রোগ্রামের নির্দেশিত কাজ সম্পন্ন করে তখন কোন কোন সময় এমন কিছু পরিস্থিতির আগমন হয় যখন সেই কাজের ধারাবাহিকতা রোধ করার প্রয়োজন হয় এবং অন্য কিছু বিশেষ নির্দেশাবলি অনুসরন করার দরকার পরে। একটি ছোট উদাহরন দিয়ে যদি বোঝানো যায় তাহলে, ধরুন কম্পিউটারকে একটি প্রোগ্রামের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে এক থেকে একশো অবধি যত গাণিতিক সংখ্যা আছে তাদের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যাটিকে চয়ন করতে। এবার প্রোগ্রামে লিখিত নির্দেশ অনুসরন করে কম্পিউটার এক থেকে গননা শুরু করে মৌলিক সংখ্যাগুলি চয়ন করতে শুরু করল, কিন্তু যখনই গননা একশোর সমান পৌছাবে বা একশো পার করে যাবে তখনই কম্পিউটারকে প্রোগ্রামে কিছু বিশেষ নির্দেশাবলীর মাধ্যমে আদেশ দিতে হবে যেন সে তার গননা রদ করে এবং শেষ নির্বাচিত মৌলিক সংখ্যাটিকে প্রকাশ করে যেটি আসলে এক থেকে একশো এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা। এবার যে নির্দেশাবলীর মাধ্যমে কম্পিউটারকে তার গননা রদ করার আদেশ দেওয়া হবে সেটি কম্পিউটার প্রোগ্রামের ভাষায় ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং নীতিমালা হিসাবে পরিচিত।

উপরিউক্ত উদাহরণ ছাড়াও কম্পিউটার প্রোগ্রামের জগতে ব্রাঞ্চিং স্টেটমেন্টের আরো বহুল ব্যাবহার লক্ষ্য করা যায়। কম্পিউটার প্রোগ্রামিং -এ ব্যাবহৃত প্রচলিত ব্রাঞ্চিং স্টেটমেন্টগুলি হল, break (ব্রেক), continue (কন্টিনিউ), return (রিটার্ণ), goto (গো টু), এবং exit (এক্সিট)

আলোচনা

[সম্পাদনা]

যেকোন কম্পিউটার প্রোগ্রাম টাইপ করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। কোন কম্পিউটার প্রোগ্রামার যখন কোন কম্পিউটার প্রোগ্রাম টাইপ করেন তখন তাতে প্রধানত কিছু নির্দিষ্ট সাংকেতিক ভাষা (যাকে কম্পিউটার প্রোগ্রামের জগতে বলা হয় কোডিং) ব্যাবহার করা হয় যা কম্পিউটারের সি পি ইউ -এর দ্বারা বোধগম্য হয়। সেই সাংকেতিক ভাষা ব্যাবহার করে প্রোগ্রামার কম্পিউটারকে নির্দিষ্ট কাজ করতে নির্দেশ দেয় এবং আদপে এই নির্দেশগুলি একের পর এক লাইনে ঠিক একটি তালিকার আকারে লেখা হয়। এই তালিকারূপী নির্দেশনাই আসলে কম্পিউটার প্রোগ্রাম। এবার কম্পিউটারের সি পি ইউ, (যাকে আদপে কম্পিউটারের মস্তক হিসাবে অভিহিত করা হয়) সেই কম্পিউটার প্রোগ্রামে লিখিত নির্দেশাবলীগুলি তালিকার ক্রম অনুসারে উপর থেকে পড়তে শুরু করে। প্রোগ্রামের প্রথম লাইনে লিখিত নির্দেশাবলী বিশ্লেষন করে সেই অনুযায়ী কাজ করার পর কম্পিউটারের সি পি ইউ প্রোগ্রামের পরবর্তী লাইনে লিখিত নির্দেশের বিশ্লেষন শুরু করে। এইভাবেই, কম্পিউটার প্রোগ্রামে তালিকার আকারে লিখিত প্রত্যেকটি লাইনের নির্দেশগুলি বিশ্লেষন করে কম্পিউটারের সি পি ইউ সেই নির্দেশ অনুযায়ী কাজ করে, যতক্ষণ না প্রোগ্রামের শেষ লাইনটি বিশ্লেষিত হচ্ছে।

যদি সাধারণ উদাহরন দিয়ে বলা যায়, তাহলে ধরুন আপনি কোন খাবারের রন্ধনপ্রনালী পড়ছেন যা একটি তালিকার আকারে দেওয়া আছে। তালিকার প্রথম লাইনে আপনাকে খাবারের জন্য উপযুক্ত সামগ্রী চয়ন করতে নির্দেশ দেওয়া হল এবং আপনি সেই অনুসারে কাজ করলেন। তালিকার পরের লাইনে আপনাকে রান্নার জন্য উপযুক্ত বাসন বা তৈজসসামগ্রী চয়ন করতে বলা হল এবং আপনি সেই কাজ করলেন। এবার ধীরে ধীরে তালিকার উপর থেকে নিজ অবধি সমস্ত লাইনের নির্দেশগুলি পড়ে আপনি সেই অনুযায়ী অবশেষে খাবারটি বানালেন। কম্পিউটারের সি পি ইউ ঠিক এই ভাবেই কজ করে। প্রোগ্রামে লিখিত নির্দেশগুলি একের পর এক বিশ্লেষন করে সেই অনুযায়ী কাজ করতে এবং ঠিক শেষ লাইনটি পড়ার পর অবশেষে কম্পিউটার প্রোগ্রামে লিখিত সমস্ত নির্দেশ অনুসারে সন্তোষজনক একটি উত্তর প্রস্তুত করতে সক্ষম হয়। কম্পিউটার প্রোগ্রাম ও খাদ্যপ্রনালীর মধ্যে সাধারন পার্থক্য শুধু এইটাই যে আপনাকে যে নির্দেশ দেওয়া হবে ইংরেজি অথবা বাংলা অথবা অন্য কোন মানব ভাষার মাধ্যমে আর কম্পিউটার প্রোগ্রামে কম্পিউটারকে নির্দেশ দেওয়া হয় এমন ভাষা বা কোড ব্যাবহার করে যা কম্পিউটারের বোধগম্য, যেগুলি মূলত সাধারনভাবে কম্পিউটার ল্যাঙ্গোয়েজ নামে পরিচিত যেমন, সি ল্যাঙ্গোয়েজ, জাভা, পাইথন ইত্যাদি।

এছাড়াও খাদ্যপ্রানালীর বলুন বা বই, সমস্ত কিছু লেখা হয় কাগজের উপর কিন্তু কম্পিউটার প্রোগ্রাম যেখানে মুদ্রিত করা হয় সেই বিশেষ জায়গাটিকে কম্পিউটার প্রোগ্রামাররা কোডস্পেস হিসাবে আখ্যায়িত করেন। নির্দিষ্ট সফটওয়্যার ব্যাবহার করে কোডস্পেস -এ কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় এবং তা কম্পিউটারের মেমরির নির্দিষ্ট স্থানে সুরক্ষিত রাখা হয়। এখন কম্পিউটারের সি পি ইউ কোডস্পেসে মুদ্রিত প্রোগ্রামের সর্বপ্রথম লাইনটি প্রথমে বিশ্লেষিত করবে। সেই লাইনে লিখিত নির্দেশনা পালন করার পর সি পি ইউ কোডস্পেসে মুদ্রিত তার নিচের লাইনটির বিশ্লেষণ করবে। এভাবেই সি পি ইউ কোডস্পেসে উপর থেকে নিচ অবধি মুদ্রিত প্রোগ্রামের সর্বশেষ লাইনটি বিশ্লেষণ করছে। এবার একটি উদাহরনের মাধ্যমে আরো বিশদভাবে বোঝা যাক যে সি পি ইউ কি করে একটি কম্পিউটার প্রোগ্রামের বিশ্লেষন করে তাতে লিখিত নির্দেশগুলি পালন করে আমাদের সামনে সন্তোষজনক উত্তরটি প্রদান করে, কারন ব্রাঞ্চিং স্টেটমেন্ট বুঝতে গেলে কম্পিউটার প্রোগ্রামের কার্যকারিতা বোঝা অত্যন্ত জরুরী।

উদাহরন

[সম্পাদনা]

নিচে একটি সাধারন কম্পিউটার প্রোগ্রামের উদাহরন দেওয়া হল, প্রোগ্রামটি পাইথন ল্যাঙ্গোয়েজে মুদ্রিত করা হয়েছে;

a= 5 
b= 6 
    
ans = a+b
    
print(ans)

এই প্রোগ্রামটির আউটপুট হবে,

11

উপরে উল্লিখিত পাইথন প্রোগ্রামটি একটি সরল কম্পিউটার প্রোগ্রাম যার মাধ্যমে দুটি ইন্টেজার নাম্বার বা পূর্ণ সংখ্যা পাঁচ এবং ছয় -এর যোগ করা হয়েছে যার উত্তর হবে এগারো। উপরিউক্ত কম্পিউটার প্রোগ্রামটি ঠিকঠাকভাবে সমাপন বা এক্সিকিউট হলে আপনি সন্তোষজনক উত্তর হিসাবে এগারোই পাবেন। এবার সি পি ইউ কিভাবে এই কম্পিউটার প্রোগ্রামটি বিশ্লেষন করবে? আমরা আগেই জানি যে প্রোগ্রাম মুদ্রিত হয় কোডস্পেস -এ এবং উপরের প্রোগ্রামটিও একটি কোডস্পেসে মুদ্রিত হয়েছে। এবার কম্পিউটার কোডস্পেসের একদম উপরের লেখা লাইনটি থেকে বিশ্লেষণ শুরু করবে। প্রথমে লাইনটির বিশ্লেষনের পর তারপর তার নিচের লাইনটির বিশ্লেষণ করবে, এভাবে সি পি ইউ প্রোগ্রামে লিখিত প্রতিটি লাইন বিশ্লেষণ করবে যতক্ষন না কোডস্পেসে মুদ্রিত প্রোগ্রামের শেষ লাইনটির বিশ্লেষন হচ্ছে। উপরিউক্ত প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় লাইনে দুটি পূর্ন মৌলিক সংখ্যা বা ইন্টেজার নাম্বার পাঁচ এবং ছয়কে যথাক্রমে দুটি ভ্যারিয়েবল a এবং b -তে সংরক্ষিত করা হয়েছে, (প্রোগ্রামিং -এর সাধারন নিয়ম অনুসারে)। প্রোগ্রামের চতুর্থ লাইনে পাঁচ এবং ছয় সংখ্যাটি যোগ করে সেই যোগফলের মান ans নামক ভ্যারিয়েবলটিতে সংরক্ষন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ অনুসারে কাজ করার পর কম্পিউটারের সি পি ইউ প্রোগ্রামের বাকি লাইনগুলির নির্দেশনা অনুসরন করে, যোগফলের মান প্রকাশ করবে, যা হল এগারো। এই সমস্ত কাজ করতে কম্পিউটারের সি পি ইউ -এর মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে!

এখন ধরুন, কম্পিউটার উপরিউক্ত প্রোগ্রামটির বিশ্লেষণ করছে এবং একের পর এক লাইনের নির্দেশ পালনের পর সি পি ইউ প্রোগ্রামের চতুর্থ লাইনে এসে পৌছালো যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে পাঁচ ও ছয় এই দুই মৌলিক সংখ্যার যোগফল ans নামক ভ্যারিয়বলে সংরক্ষিত করতে হবে। কিন্তু কোন কারণবশত এই কম্পিউটার প্রোগ্রামের কিছু কোড বা নির্দেশবালির পরিবর্তন করার দরকার পরল এবং তখন প্রোগ্রামার চাইলনা যে দুই মৌলিক সংখ্যার যোগফলকে ans নামক ভ্যারিয়বলে সংরক্ষন করা হোক। একজন প্রোগ্রামার এই কাজটি অনেক ধরনের পদ্ধতি ব্যাবহার করে করতে পারে তার মধ্যে একটি হল ব্রাঞ্চিং স্টেটমেন্ট ব্যাবহার, যার মাধ্যমে প্রোগ্রামের ধারাবাহিকতা ছিন্ন করার নির্দেশ দেওয়া সম্ভব হবে।

তবে ব্রাঞ্চিং স্টেটমেন্টের সবচেয়ে বেশি ব্যাবহার লক্ষ্য করা যায় লুপ -এর ব্যাবহারে। নিচে বিভিন্ন ব্রাঞ্চিং স্টেটমেন্ট সম্পর্কে উদাহরন সহ, বিশদে আলোচনা করা হল।

ব্রেক

[সম্পাদনা]

বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামে লুপ নামক একটি বিশেষ গঠনের ব্যাবহার লক্ষ্য করা যায়। এই লুপ সাধারণত ব্যবহার হয় কোন একটি নির্দেশনাকে বারবার পুনরাবৃত্ত করতে। যেমন, এক থেকে একশো অবধি গননা করা ইত্যাদি। কম্পিটার প্রোগ্রামে বিভিন্ন ধরনের লুপের ব্যাবহার আছে যেমন, while, for, switch ইত্যাদি। ব্রেক স্টেটমেন্টের ব্যাবহার এইসকল লুপের ক্ষেত্রেই বেশি দেখা যায়।

পাইথন উদাহরনস্বরূপ নিচের পাইথন প্রোগ্রামটি লক্ষ্য করুন।

counter = 0
while counter < 8:
    print(counter+1)
    counter += 1

উপরিউক্ত প্রোগ্রামটিতে একটি while লুপ ব্যাবহার করে এক থেকে আট অবধি গননা করা হয়েছে। যখন গননা আট অবধি পৌছাবে তখন while লুপ সম্পন্ন হয়ে প্রোগ্রামটির এক্সিকিউশন শেষ হবে। প্রোগ্রামটির আউটপুট হবে নিম্নরূপঃ

1
2
3
4
5
6
7
8

কিন্তু ধরুন, আমাদের প্রয়োজন শুধু চার অবধি গননা করা। এইক্ষেত্রে আমরা হয় একটি নতুন পাইথন প্রোগ্রাম মুদ্রিত করতে পারি অথবা উপরিউক্ত প্রোগ্রামে break স্টেটমেন্ট ব্যাবহার করে প্রোগ্রামটিকে বাধ্য করতে পারি যাতে সে কেবল চার অবধিই গননা করে। সেক্ষেত্রে আমরা উপরিউক্ত প্রোগ্রামটিতে এভাবে মুদ্রিত করতে পারি,

counter = 0
while counter < 8:
    print(counter+1)
    
    if counter==3:
        break
    
    counter += 1

উপরিউক্ত প্রোগ্রামটির আউটপুট হবে,

1
2
3
4

প্রোগ্রামের আউটপুটে লক্ষ্য করুন যে কেবল চার অবধিই গননা হয়েছে। কিন্তু মূল প্রোগ্রামের while লুপ -এ আট অবধি গননার নির্দেশ দেওয়া হচ্ছে। কিন্তু এখানে break স্টেটমেন্ট ব্যাবহার করা হচ্ছে। কোন কম্পিউটার প্রোগ্রামে for, while ইত্যাদি লুপ -কে বিভিন্ন ইটারেশন বা ধাপের মাধ্যমে পুনরাবৃত্ত করা হয়। এখানে while লুপের প্রত্যেক ইটারেশনে counter ভ্যারিয়েবলের মান বৃদ্ধি করা হচ্ছে এবং কোন এক নির্দিষ্ট ইটারেশনে যখন counter ভ্যারিয়েবলের মান একটি নির্দিষ্ট মানকে পৌছাবে(এক্ষেত্রে তিন) তখন সি পি ইউ while লুপ ভেঙে বেরিয়ে আসবে যার ফলে কেবলমাত্র চার অবধি গণনা করাই সম্ভব হয়েছে। এইভাবেই ব্রেক স্টেটমেন্ট ব্যাবহার করে আমরা কোন লুপের ধারাবাহিকতাকে উপযুক্ত কারণবশত ছিন্ন করতে পারি।

ব্রেক স্টেটমেন্টের ব্যাবহার লুপ ছাড়া অন্য ক্ষেত্রেও দেখা যায়।

কন্টিনিউ

[সম্পাদনা]

continue স্টেটমেন্ট সাধারনত কোন লুপের মধ্যেই ব্যাবহার করা হয়। কোন কম্পিউটার প্রোগ্রামে for, while ইত্যাদি লুপ -কে বিভিন্ন ইটারেশন বা ধাপের মাধ্যমে পুনরাবৃত্ত করা হয়। এরকমই কোন লুপের একটি নির্দিষ্ট ইটারেশনকে এড়িয়ে বা বাদ দিয়ে আমরা যদি সত্ত্বর তার পরবর্তী ইটারেশনে চলে যেতে চাই তার জন্য আমরা কন্টিনিউ স্টেটমেন্ট ব্যাবহার করি।

উদাহরনস্বরূপ আমরা পুনরায় নিম্নলিখিত পাইথন প্রোগ্রামটির উদাহরন নিতে পারি, এই প্রোগ্রামটিতে while লুপ ব্যাবহারের মাধ্যমে এক থেকে আট অবধি গননা করা হচ্ছে,

counter = 0
while counter < 8:
    counter += 1
    print(counter)

প্রোগ্রামটির আউটপুট হবে,

1
2
3
4
5
6
7
8

দেখা যাচ্ছে যে প্রোগ্রামটি সঠিকভাবে এক থেকে আট অবধি গননা করতে সক্ষম। এবার আমরা এই প্রোগ্রামে কন্টিনিউ স্টেটমেন্ট ব্যাবহার করে দেখি,

counter = 0
while counter < 8:
    counter += 1
    if counter == 4:
        continue
    print(counter)

এবার প্রোগ্রামের আউটপুট হবে,

1
2
3
5
6
7
8

প্রোগ্রামের আউটপুটে আমরা চার সংখ্যাটির অনুপস্থিতি দেখতে পাচ্ছি। এর কারন হল কন্টিনিউ স্টেটমেন্টের ব্যাবহার। লুপের প্রত্যেক ইটারেশনে counter ভ্যারিয়েবলের মান বৃদ্ধি করা হচ্ছে। কোন এক নির্দিষ্ট ইটারেশনে যখন counter ভ্যারিয়েবলের মান একটি নির্দিষ্ট মানকে পৌছাবে(এক্ষেত্রে চার) তখন কন্টিনিউ স্টেটমেন্টের ব্যাবহারের ফলে কম্পিউটারের সি পি ইউ সেই নির্দিষ্ট ইটারেশনে লুপের অন্তর্গত সমস্ত নির্দেশাবলির কাজ সম্পাদিত না করেই পরবর্তী ইটারেশনে চলে যাবে। এইজন্যই আমরা আউটপুটে চার সংখ্যাটিকে দেখতে পাচ্ছিনা।

প্রোগ্রামের মধ্যে শর্তভিত্তিক নিয়ন্ত্রণ আনার জন্য continue স্টেটমেন্ট খুব উপযোগী। break স্টেটমেন্ট যেমন লুপের পুনরাবৃত্তির কার্যপ্রনালীকেই একপ্রকার রদ করে দেয়, continue স্টেটমেন্টের ক্ষেত্রে তা হয়না। এখানে লুপের একটি ইটারেশন বা ধাপকে এড়িয়ে যাওয়া হয় কিন্তু লুপের পুনরাবৃত্তির কার্যপ্রনালী বজায় থাকে এবং প্রোগ্রামও সম্পাদিত হয়।

রিটার্ণ

[সম্পাদনা]

কম্পিউটার প্রোগ্রামে ফাংশন নামক একটি গঠন বা ব্লক থাকে যে নির্দিষ্ট কাজ সম্পাদন করে। সেই নির্দিষ্ট কাজ সম্পাদনের শেষে ফাংশন একটি নির্দিষ্ট মান বা ভ্যালু ফেরত দেয় return স্টেটমেন্টের মাধ্যমে। কম্পিউটার প্রোগ্রামে কোন ফাংশনকে দিয়ে নির্দিষ্ট কাজ করাতে হলে তাকে কল বা আহ্বান করতে হয়। (যা ফাংশন কল নামে পরিচিত।) সাধারণত ফাংশনকে এক বা ততোধিক কিছু মান প্রদান করা হয় এবং ফাংশন তার নির্দিষ্ট কাজ সমাপনের শেষে একটি মান ফেরত দেয় এবং ফাংশন সেই মান ফেরত দিতে return স্টেটমেন্টের সহায়তা নেয়।

উদাহরণস্বরূপ নিচের পাইথন প্রোগ্রামটি লক্ষ্য করুন,

def add(x, y):
    sum = x + y
    return sum

ans = add(10, 5)
print(ans)

এই প্রোগ্রামের আউটপুট হবে,

15

উপরের প্রোগ্রামে add নামক একটি ফাংশনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যার কাজ হল দুটি সংখ্যা x এবং y -এর যোগফল নির্ধারন করা। ফাংশন ব্লকের ভেতরে সেই দুটি সংখ্যার যোগ করে তা sum ভ্যারিয়বলে সংরক্ষিত করা হচ্ছে এবং return স্টেটমেন্টের মাধ্যমে সেই sum ভ্যারিয়েবলটিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পরে ফাংশন ব্লকের বাইরে প্রোগ্রামের চতুর্থ লাইনে add ফাংশনটিকে কল করা হচ্ছে এবং দশপাঁচ এই দুই পূর্ন সংখ্যাকে add ফাংশনে প্রদান করা হচ্ছে। দশ ও পাঁচ এই দুই পূর্ণসংখ্যা যথাক্রমে x এবং y সংরক্ষিত হচ্ছে এবং এই দুই সংখ্যার যোগ সম্পাদন করে তার ফলাফল sum ভ্যারিয়েবলে সংরক্ষিত করবে এবং return স্টেটমেন্টের ব্যাবহার করে যোগফলের মান ফিরিয়ে দেবে এবং পাইথন প্রোগ্রাম সেই মান প্রোগ্রামের আউটপুটে প্রদর্শন করবে। দশ ও পাঁচের যোগফল হল পনেরো এবং ফাংশনের আউটপুটেও সেই মানই প্রদর্শিত হবে।

goto স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামের কার্যপ্রবাহ বা লজিককে একটি প্রোগ্রামের নির্দিষ্ট চরন থেকে অন্য কোন চরনে প্রতিস্থাপিত করা যায়। পাইথনের মতো আধুনিক কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ গো টু স্টেটমেন্টের ব্যবহার করতে নিষেধ করা হয়, কারণ এর ব্যাবহার প্রোগ্রামটি জটিল ও অনিয়মিত করে তুলতে পারে। সাধারণত এটি সাধারণত C, C++ এবং কিছু অন্যান্য পুরোনো ভাষায় গো টু স্টেটমেন্টের ব্যবহার লক্ষ্য করা যেত।

সি প্রোগ্রামে ব্যাবহৃত goto স্টেটমেন্টের সরলীকৃত গঠন নিম্নরূপঃ

 some lines of code; 
 goto label;                // jumps to the 
 label
 some lines of code; 
 some lines of code; 
 some lines of code; 
 label: some statement;     // Declared label
 some lines of code;

এবার একটি সি প্রোগ্রামের মাধ্যমে আমরা goto স্টেটমেন্টের একটি উদাহরন দেখা যাক,

#include <stdio.h>

int main() {
    int num = 5;

    if (num > 0) {
        
        goto positive;
    }

    printf("not positive\n");

positive:
    printf("positive number\n");

    return 0;
}

এই প্রোগ্রামের আউটপুট হবে,

positive number

উপরিউক্ত প্রোগ্রামে if স্টেটমেন্টের অন্তর্গত num > 0 শর্তটি সত্য হয়, অর্থাৎ num ভ্যারিয়েবলের মান শূন্যের বেশী হয় তখন goto স্টেটমেন্টের নির্দেশ অনুসারে, সি পি ইউ প্রোগ্রামে উল্লিখিত positive নামক লেবেলটির দিকে মনঃসংযোগ করে এবং সেই লেবেলে উল্লিখিত নির্দেশনা পালন করে। এর ফলে আমরা আউটপুটে positive number -এই উদ্ধৃতিটি দেখতে পাই। কিন্তু not positive -এই উদ্ধৃতিটি দেখতে পাইনা কারন সি পি ইউ, প্রোগ্রামের সেই সমস্ত নির্দেশনাগুলি অদেখা করে সোজাসুজি positive নামক লেবেলে লিখিত নির্দেশনার বিশ্লেষন করেছে।

এক্সিট

[সম্পাদনা]

exit অথবা এক্সিট একটি পূর্ব-নির্ধারিত ফাংশন যা কোন চলমান কম্পিউটার প্রোগ্রামের কার্যপ্রবাহ হঠাৎ থামিয়ে দেয় এবং প্রোগ্রামকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।

উদাহরণস্বরূপ, ধরুন আমরা একটি ফাইল খুলতে চাই এবং এরপর পরীক্ষা করি ফাইলটি সত্যিই খোলা হয়েছে কিনা। যদি ফাইলটি না খোলে, তবে এটি একটি ত্রুটি বা error নির্দেশ করে এবং এ অবস্থায় আমরা চাই যেন প্রোগ্রামটির কার্যপ্রবাহ তৎকাল বন্ধ হয়ে যায় । এখানেই exit ফাংশন ব্যবহার করা হয়।

exit ফাংশন প্রোগ্রামের চলমান কার্যক্রম থামিয়ে দেয় এবং একটি পূর্ণসংখ্যা (integer) মান অপারেটিং সিস্টেমে ফেরত পাঠায়, যার মাধ্যমে সিস্টেমকে নির্দেশ দেওয়া হয় যে প্রোগ্রামটিকে সফলভাবে এক্সিকিউট করা সম্ভব হয়েছে কিনা, অথবা সেখানে কোন এরর বা ত্রুটি ঘটেছে কিনা।

মূল পরিভাষা

[সম্পাদনা]
ব্রাঞ্চিং স্টেটমেন্ট
কোনো লুপ বা ব্লক থেকে তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসতে ব্যবহৃত হয়।
ব্রেক
কোন লুপের ধারাবাহিকতাকে বিচ্ছিন্ন করে লুপ থেকে বেরিয়ে আসতে ব্যাবহার হয়।
কন্টিনিউ
লুপের ধারাবাহিকতাকে বজায় রেখে লুপের এক বিশেষ ইটারেশন বা ধাপকে এড়িয়ে পরবর্তী ইটারেশনে পৌছাতে ব্যাবহার হয়।
এক্সিট
একটি পূর্ব-নির্ধারিত ফাংশন যা কোন চলমান কম্পিউটার প্রোগ্রামের কার্যপ্রবাহ হঠাৎ থামিয়ে দেয় এবং প্রোগ্রামকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়।
গো টু
গো টু স্টেটমেন্ট ব্যবহারের মাধ্যমে প্রোগ্রামের কার্যপ্রবাহ বা লজিককে একটি প্রোগ্রামের নির্দিষ্ট স্থান(লেবেল) থেকে অন্য কোন স্থানে প্রতিস্থাপিত করা যায়।
রিটার্ণ
রিটার্ণ স্টেটমেন্টের মাধ্যম ফাংশন নির্দিষ্ট কাজ সম্পাদনের শেষে একটি নির্দিষ্ট মান বা ভ্যালু ফেরত দেয়.

আলোচনা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]