বিষয়বস্তুতে চলুন

পরমাণু চিকিৎসায় মৌলিক পদার্থবিজ্ঞান/পরমাণু চিকিৎসা চিত্রায়ন ব্যবস্থা

এই উইকিবইতে আমরা তেজস্ক্রিয়তা, পদার্থের সাথে গামা-রশ্মির পারস্পরিক ক্রিয়া এবং বিকিরণ শনাক্তকরণের মতো বিষয়গুলো আলোচনা করেছি। এই পথ অনুসরণের মূল কারণ ছিল আমাদের এই অধ্যায়ের বিষয়ে নিয়ে আসা: পরমাণু চিকিৎসা চিত্রায়ন ব্যবস্থা। কোনো রোগীর শরীরে তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগের পর এই যন্ত্রগুলি তার বিতরণের ছবি তৈরি করে।

সাধারণত রোগীকে একটি বিকিরণ ঔষধি আকারে তেজস্ক্রিয়তা দেওয়া হয় – এই ঔষধির জন্য রেডিওট্রেসার শব্দটিও ব্যবহৃত হয়। এটি একটি শারীরবৃত্তীয় পথ অনুসরণ ক'রে শরীরের কোনো অংশে অল্প সময়ের জন্য জমা হয়। এর একটি ভালো উদাহরণ হলো 99mTc-টিন কোলয়েড, শিরায় ইনজেকশনের মাধ্যমে দেওয়ার পর এটি প্রধানত রোগীর যকৃতে জমা হয়। পদার্থটি রোগীর যকৃতে থাকাকালীন গামা-রশ্মি নির্গত করে এবং আমরা একটি পরমাণু চিকিৎসা চিত্রায়ন ব্যবস্থা ব্যবহার ক'রে এর বিস্তারের একটি চিত্র তৈরি করতে পারি। এই চিত্রটি আমাদের বলে দিতে পারে যে যকৃতের কার্যকারিতা স্বাভাবিক না অস্বাভাবিক, অথবা কোনো রোগের কারণে এর কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা।

শরীরের প্রায় প্রতিটি অঞ্চলের চিত্র তৈরি করতে বিভিন্ন বিকিরণ ঔষধি ব্যবহার করা হয়:

শরীরের অংশ উদাহরণমূলক রেডিওট্রেসার
মস্তিষ্ক 99mTc-এইচএমপিএও
থাইরয়েড Na99mTcO4
ফুসফুস (বায়ুচলাচল) 133Xe গ্যাস
ফুসফুস (রক্তসঞ্চালন) 99mTc-এমএএ
যকৃৎ 99mTc-টিন (বা সালফার) কলয়েড
প্লীহা 99mTc-ক্ষতিগ্রস্ত লোহিত রক্তকণিকা
অগ্ন্যাশয় 75Se-সেলেনোমেথিওনিন
কিডনি 99mTc-ডিএমএসএ

উল্লেখ্য যে, এই চিত্রায়ন পদ্ধতি ব্যবহার ক'রে প্রাপ্ত তথ্য প্রধানত কোনো অঙ্গের শারীরবৃত্তীয় কার্যকলাপের সাথে সম্পর্কিত, যা এক্স-রশ্মি চিত্রায়ন পদ্ধতি ব্যবহার ক'রে প্রাপ্ত প্রধানত শারীরস্থানিক তথ্যের বিপরীত। সুতরাং, পরমাণু চিকিৎসা কোনো রোগের অবস্থা সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিকোণ প্রদান করে এবং এক্স-রশ্মির চিত্র থেকে প্রাপ্ত তথ্যের বাইরেও অতিরিক্ত তথ্য তৈরি করে। এখানে আমাদের উদ্দেশ্য হলো ছবি তৈরির জন্য ব্যবহৃত চিত্রায়ন পদ্ধতিগুলোর উপর মনোযোগ কেন্দ্রীভূত করা।

এই ক্ষেত্রে ব্যবহৃত চিত্রায়ন পদ্ধতির প্রাথমিক রূপগুলোতে একটি বিকিরণ শনাক্তকারী (উদাহরণস্বরূপ একটি সিনটিলেশন শনাক্তকারী) থাকতো, যেটি দিয়ে রোগীর শরীরের কোনো একটি অঞ্চলের ওপর ধীরে ধীরে স্ক্যান করা হতো, যাতে সেই অঞ্চলের প্রতিটি বিন্দু থেকে নির্গত বিকিরণের তীব্রতা পরিমাপ করা যায়। এই ধরনের একটি যন্ত্রকে রেক্টিলিনিয়ার স্ক্যানার বলা হতো। ১৯৭০-এর দশক থেকে এই ধরনের চিত্রায়ন পদ্ধতিগুলো আরও অত্যাধুনিক যন্ত্র দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, যা অনেক দ্রুত ছবি তৈরি করে। এই আধুনিক যন্ত্রগুলোর মধ্যে সবচেয়ে প্রচলিতটিকে গামা ক্যামেরা বলা হয় এবং আমরা নিচে এর গঠন ও কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। হৃদযন্ত্রে ঔষধি প্রয়োগে এই প্রযুক্তির সাম্প্রতিক উন্নয়নের একটি পর্যালোচনা স্লোমকা এবং অন্যান্যদের (২০০৯) গবেষণায় পাওয়া যাবে।[১].

গামা ক্যামেরা

[সম্পাদনা]

বর্তমানে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত ধরনের গামা ক্যামেরার মৌলিক নকশাটি একজন আমেরিকান পদার্থবিজ্ঞানী, হ্যাল অ্যাঙ্গার তৈরি করেছিলেন এবং এই কারণে এটিকে কখনও কখনও অ্যাঙ্গার ক্যামেরা বলা হয়। এটি একটি বৃহৎ ব্যাসের NaI(Tl) সিনটিলেশন ক্রিস্টাল নিয়ে গঠিত, যাতে বহুসংখ্যক ফটোমাল্টিপ্লায়ার টিউবের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়।

একটি গামা ক্যামেরার মৌলিক উপাদানগুলোর একটি ব্লক ডায়াগ্রাম নিচে দেখানো হলো:

গামা ক্যামেরার ব্লক ডায়াগ্রাম

ক্রিস্টাল এবং পিএম টিউবগুলো একটি নলাকার আবরণের মধ্যে রাখা থাকে, যেটিকে সাধারণত ক্যামেরা হেড বলা হয় এবং এর একটি প্রস্থচ্ছেদ উপরোক্ত চিত্রে দেখানো হয়েছে। ক্রিস্টালটির ব্যাস প্রায় ২৫ সেমি থেকে ৪০ সেমি এবং পুরুত্ব প্রায় ১ সেমি হতে পারে। যন্ত্রটির ব্যবহারের ধরনের উপর এর ব্যাস নির্ভর করে। উদাহরণস্বরূপ, হৃৎপিণ্ডের চিকিৎসার জন্য তৈরি ক্যামেরার ক্ষেত্রে ২৫ সেমি ব্যাসের একটি ক্রিস্টাল ব্যবহার করা হতে পারে, যেখানে ফুসফুসের ছবি তোলার জন্য একটি বড় ৪০ সেমি ক্রিস্টাল ব্যবহৃত হবে। ক্রিস্টালের পুরুত্ব এমনভাবে নির্বাচন করা হয় যাতে এটি 99mTc থেকে নির্গত ১৪০ keV গামা-রশ্মি ভালোভাবে শনাক্ত করতে পারে – বর্তমানে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত সাধারণ রেডিওআইসোটোপ।

ক্রিস্টালে উৎপন্ন সিনটিলেশনগুলো (উজ্জ্বলতার দ্রুত ও কম্পমান পরিবর্তন) একটি দ্বি-মাত্রিক বিন্যাসে সাজানো বিপুল সংখ্যক পিএম টিউব দ্বারা শনাক্ত করা হয়। আধুনিক গামা ক্যামেরাগুলোতে সাধারণত ৩৭ থেকে ৯১টি পিএম টিউব থাকে। এই পিএম টিউবগুলো থেকে উৎপন্ন আউটপুট ভোল্টেজ একটি পজিশন সার্কিটে পাঠানো হয়, যা ±X এবং ±Y নামক চারটি আউটপুট সিগন্যাল তৈরি করে। এই পজিশন সিগন্যালগুলোতে ক্রিস্টালের মধ্যে কোথায় সিনটিলেশন তৈরি হয়েছিল, সেই সম্পর্কিত তথ্য থাকে। সবচেয়ে সাধারণ গামা ক্যামেরার নকশায় এগুলোকে একটি ক্যাথোড রে অসিলোস্কোপে (সিআরও) পাঠানো হয়। আমরা নিচে সিআরও-র কার্যপ্রণালী আরও বিস্তারিতভাবে বর্ণনা করব।

এটি করার আগে আমাদের মনে রাখা উচিত যে পজিশন সিগন্যালগুলিতে প্রতিটি সিনটিলেশনের তীব্রতা সম্পর্কেও তথ্য থাকে। এই তীব্রতার তথ্য পজিশন সিগন্যালগুলিকে একটি সামেশন সার্কিটে (চিত্রে ∑ দ্বারা চিহ্নিত) পাঠিয়ে বের করা যায়, যা চারটি পজিশন সিগন্যালকে যোগ করে একটি ভোল্টেজ পালস তৈরি করে। এটি একটি সিনটিলেশনের তীব্রতার প্রতিনিধিত্ব করে। এই ভোল্টেজ পালসকে সাধারণত জেড-পালস বলা হয়, এগুলি পালস হাইট অ্যানালাইসিস (পিএইচএ) দিয়ে যাওয়ার পরে আনব্ল্যাঙ্ক পালস হিসাবে সিআরও-তে পাঠানো হয়।

সুতরাং, সব মিলিয়ে আমরা চারটি পজিশন সিগন্যাল এবং সিআরও-তে পাঠানো একটি আনব্ল্যাঙ্ক পালস পাই। আমরা সামনে এগোনোর আগে সিআরও-র কার্যপ্রণালী সংক্ষেপে পর্যালোচনা করি। একটি সিআরও-র কোর একটি বায়ুশূন্য টিউব নিয়ে গঠিত, যার এক প্রান্তে একটি ইলেকট্রন গান এবং অন্য প্রান্তে একটি ফসফর-কোটেড পর্দা থাকে। ইলেকট্রন গানটি একটি ইলেকট্রন বিম তৈরি করে যাকে পর্দার দিকে চালিত করা হয় এবং পর্দাটি ইলেকট্রন বিম দ্বারা আঘাতপ্রাপ্ত বিন্দুগুলি থেকে আলো নির্গত করে। উল্লম্ব এবং অনুভূমিক বিচ্যুতি প্লেটের মাধ্যমে ইলেকট্রন বিমের অবস্থান নিয়ন্ত্রণ করা যায় এবং এই প্লেটগুলিতে উপযুক্ত ভোল্টেজ সরবরাহ ক'রে ইলেকট্রন বিমকে স্ক্রিনের যে কোনো বিন্দুতে স্থাপন করা যায়। একটি অসিলোস্কোপের স্বাভাবিক কার্যপ্রণালী হলো ইলেকট্রন বিমকে চালু রাখা। গামা ক্যামেরার ক্ষেত্রে, সিআরও-র ইলেকট্রন বিম সাধারণত বন্ধ থাকে – একে ব্ল্যাঙ্কড বলা হয়।

যখন পিএইচএ সার্কিট দ্বারা একটি আনব্ল্যাঙ্ক পালস উৎপন্ন হয়, তখন সিআরও-র ইলেকট্রন বিমটি অল্প সময়ের জন্য চালু হয়ে যায়, যার ফলে পর্দায় একটি আলোর ঝলকানি দেখা যায়। অন্য কথায়, পিএইচএ সার্কিট থেকে আসা ভোল্টেজ পালসটি সিআরও-র ইলেকট্রন বিমকে আনব্ল্যাঙ্ক করতে ব্যবহৃত হয়।

তাহলে, সিআরও-র পর্দায় এই আলোর ঝলকানিটি কোথায় ঘটে? আলোর ঝলকানির অবস্থানটি পজিশন সার্কিট দ্বারা উৎপন্ন ±X এবং ±Y সিগন্যাল দ্বারা নির্ধারিত হয়। আপনি হয়তো আন্দাজ করতে পেরেছেন যে, এই সিগন্যালগুলো সিআরও-র বিচ্যুতি প্লেটে পাঠানো হয়, যাতে আনব্ল্যাঙ্কড ইলেকট্রন বিমটি পর্দার ঠিক এমন একটি বিন্দুতে গিয়ে আঘাত করে, যা NaI(Tl) ক্রিস্টালে আসল সিনটিলেশন (আলোর ঝলকানি) তৈরি হওয়ার স্থানের সাথে সম্পর্কিত। সহজ!

সুতরাং, গামা ক্যামেরাকে ইলেকট্রনিক সার্কিটের একটি অত্যাধুনিক বিন্যাস হিসাবে বিবেচনা করা যেতে পারে, যা একটি সিনটিলেশন ক্রিস্টালের আলোর ঝলকানির অবস্থানকে একটি অসিলোস্কোপের স্ক্রিনের সংশ্লিষ্ট বিন্দুতে আলোর ঝলকানিতে রূপান্তরিত করতে ব্যবহৃত হয়। এছাড়াও, সার্কিটে একটি পালস হাইট অ্যানালাইজার ব্যবহারের ফলে আমরা গামা-রশ্মি শক্তি বর্ণালীর ফটোপিকের মধ্যে সংঘটিত ভোল্টেজ পালসগুলো ছাড়া বাকি সবগুলোকে বাতিল করে ক্রিস্টালের মধ্যে শুধুমাত্র ফটোইলেকট্রিক ঘটনার সাথে সম্পর্কিত সিনটিলেশনগুলোকে রূপান্তর করতে পারি।

সামনে এগোনোর আগে আমরা এখন পর্যন্ত কোথায় পৌঁছেছি তা সংক্ষেপে দেখে নেওয়া যাক। রোগীকে একটি বিকিরণ ঔষধি দেওয়া হয় এবং এটি নির্দিষ্ট অঙ্গে জমা হয়। অঙ্গটি থেকে সব দিকে গামা-রশ্মি নির্গত হয় এবং যে রশ্মিগুলো গামা ক্যামেরার দিকে যায়, সেগুলো ক্রিস্টালে প্রবেশ করে এবং সিনটিলেশন তৈরি করে (উল্লেখ্য যে, ক্রিস্টালের সামনে কলিমেটর নামক একটি যন্ত্র রয়েছে, যা নিয়ে আমরা পরে আলোচনা করব)। এই সিনটিলেশনগুলো পিএম টিউবের একটি বিন্যাস দ্বারা শনাক্ত করা হয়, যার আউটপুটগুলো একটি পজিশন সার্কিটে পাঠানো হয়। এই সার্কিটটি ক্রিস্টালের মধ্যে একটি সিনটিলেশনের অবস্থানের সাথে সম্পর্কিত চারটি ভোল্টেজ পালস তৈরি করে। এই ভোল্টেজ পালসগুলো সিআরও-র বিচ্যুতি সার্কিটে পাঠানো হয়। এগুলো একটি সামেশন সার্কিটেও পাঠানো হয়, যার আউটপুট (জেড-পালস) পিএইচএ-তে পাঠানো হয় এবং পিএইচএ-এর আউটপুট সিআরও-র ইলেকট্রন বিম চালু করতে (অর্থাৎ, আনব্ল্যাঙ্ক করতে) ব্যবহৃত হয়। NaI(Tl) ক্রিস্টালের মধ্যে যেখানে সিনটিলেশন ঘটেছিল, তার সাথে সম্পর্কিত একটি বিন্দুতে সিআরও-র পর্দায় আলোর একটি ঝলক দেখা যায়। সুতরাং, যখন অঙ্গ থেকে নির্গত গামা-রশ্মি ক্রিস্টাল দ্বারা শনাক্ত হয়, তখন সিআরও-র পর্দায় অঙ্গটির অভ্যন্তরে বিকিরণ ঔষধির বন্টনের একটি চিত্র গঠিত হয়।

আমরা ওপরে যা বর্ণনা করেছি তা হলো একটি মোটামুটি প্রচলিত গামা ক্যামেরার কার্যপ্রণালী। আধুনিক নকশাগুলো অনেক বেশি জটিল, কিন্তু এর মৌলিক নকশা বর্ণিত নকশার মতোই প্রায় একই রকম রয়ে গেছে। নকশার যে ক্ষেত্রটিতে বড় ধরনের উন্নতি ঘটেছে, তা হলো প্রতিবিম্ব গঠন এবং প্রদর্শন। প্রতিবিম্ব গঠনের সবচেয়ে মৌলিক পদ্ধতি হলো একটি নির্দিষ্ট সময় ধরে সিআরও-র পর্দার ছবি তোলা, যাতে আলোর ঝলকগুলো একত্রিত হয়ে ফটোগ্রাফিক ফিল্মের ওপর একটি প্রতিবিম্ব তৈরি করতে পারে। এর থেকে এক ধাপ এগিয়ে হলো একটি স্টোরেজ অসিলোস্কোপ ব্যবহার করা, যা আলোর প্রতিটি ঝলককে একটি যুক্তিসঙ্গত সময়ের জন্য পর্দায় ধরে রাখে।

সবচেয়ে আধুনিক পদ্ধতি হলো অবস্থান এবং শক্তির সংকেতগুলোকে সংরক্ষণের জন্য একটি কম্পিউটারের মেমোরি সার্কিটে পাঠানো। ফলে, মেমোরির বিষয়বস্তু একটি কম্পিউটার মনিটরে প্রদর্শন করা যায় এবং বিভিন্ন উপায়ে তা পরিবর্তনও (অর্থাৎ প্রক্রিয়াজাত) করা যায়। উদাহরণস্বরূপ, কোনো অঙ্গের মধ্যে একটি বিকিরণ ঔষধির বিভিন্ন ঘনত্ব বোঝাতে বিভিন্ন রঙ ব্যবহার করা যেতে পারে।

পরমাণু চিকিৎসায় ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের ব্যবহার এখন ব্যাপক, কারণ এটি ব্যবহার ক'রে দ্রুত ও সুবিধাজনকভাবে ছবি তোলা ও প্রদর্শন নিয়ন্ত্রণ করা যায়, সেইসাথে একটি বা একাধিক ছবি বিশ্লেষণ করা, রোগীর নাম ও পরীক্ষার বিবরণ দিয়ে ছবিতে টীকা যোগ করা, পরবর্তীকালে ব্যবহারের জন্য ছবি সংরক্ষণ করা এবং একটি নেটওয়ার্কের মাধ্যমে অন্যান্য কম্পিউটারে ছবির তথ্য প্রেরণ করা যায়।

একটি আধুনিক গামা ক্যামেরার অপরিহার্য উপাদানগুলো পরবর্তী চিত্রে দেখানো হয়েছে। রোগীর শরীর থেকে নির্গত গামা রশ্মি কলিমেটরের মধ্য দিয়ে যায় এবং ক্যামেরা শীর্ষের ভেতরে শনাক্ত হয়। এই পদ্ধতিটি ক্রিস্টালের মধ্যে সিনটিলেশনের অবস্থান এবং গামা রশ্মির শক্তি সম্পর্কিত তথ্য তৈরি করে। এরপর এই তথ্য ইলেকট্রনিক হার্ডওয়্যার দ্বারা তাৎক্ষণিকভাবে প্রক্রিয়াজাত করা হয়, যা স্থানিক রৈখিকতা, পিএম টিউব ড্রিফট এবং শক্তি প্রতিক্রিয়ার মতো প্রযুক্তিগত বিষয়গুলো সংশোধন ক'রে একটি স্থানিকভাবে-সুষম সংবেদনশীল এবং বিকৃতিমুক্ত কর্মক্ষমতা সম্পন্ন চিত্রায়ন পদ্ধতি তৈরি করে।

ক্রিয়াশীল গামা রশ্মির শক্তি বর্ণালী প্রদর্শন করার জন্য ক্রিস্টালের ভেতরে একটি মাল্টিচ্যানেল অ্যানালাইজার (এমসিএ) ব্যবহৃত হয়। যেহেতু এই গামা রশ্মিগুলো রোগীর শরীর থেকেই উৎপন্ন হয়, তাই রোগীর টিস্যুর মধ্য দিয়ে যাওয়ার সময় এবং পেশেন্ট টেবিল ও ইমেজিং সিস্টেমের কাঠামোর মতো অন্যান্য উপাদান দ্বারা এগুলি বিক্ষিপ্ত হয়। এর ফলে এদের কয়েকটির শক্তি ফটোপিকের চেয়ে কম হবে। এই বিক্ষেপণ ঘটনাগুলোর কয়েকটিতে মুক্ত ইলেকট্রনের সাথে কেবল তির্যক বিক্রিয়া ঘটতে পারে, যার ফলে গামা রশ্মিগুলো সামান্য পরিমাণ শক্তি হারায়। এই গামা রশ্মিগুলোর শক্তি ফটোপিকের শক্তির ঠিক নিচে থাকতে পারে, যার ফলে এদের বর্ণালী ফটোপিকের সাথে মিশে যায়। সুতরাং, কোনো রোগীর ছবি তোলার জন্য ব্যবহৃত গামা ক্যামেরার ফটোপিকে স্থানিকভাবে সম্পর্কযুক্ত, অবিকৃত গামা রশ্মি (যা আমাদের কাঙ্ক্ষিত তথ্য) এবং স্থানিকভাবে সম্পর্কহীন, বিক্ষিপ্ত গামা রশ্মি—উভয়েরই তথ্য থাকে। এই বিক্ষিপ্ত গামা রশ্মিগুলো প্রকৃত ফটোপিক তথ্যের মধ্যে একটি পরিবর্তনশীল পটভূমির মতো কাজ করে এবং এর ফলে গামা ক্যামেরার ছবিতে একটি পটভূমির কুয়াশার মতো প্রভাব দেখা যায়।

আধুনিক গামা ক্যামেরার অপরিহার্য উপাদানসমূহ। এমসিএ: মাল্টি-চ্যানেল অ্যানালাইজার

যদিও প্লেনার সিনটিগ্রাফিতে বিক্ষেপ একটি উল্লেখযোগ্য সমস্যা নাও হতে পারে, তবে গামা ক্যামেরার চিত্র থেকে প্রাপ্ত পরিমাণগত তথ্যের নির্ভুলতার ওপর এর একটি শক্তিশালী প্রভাব রয়েছে এবং নির্গমন টমোগ্রাফিতে (একটি ত্রিমাত্রিক বস্তুর প্রস্থচ্ছেদের "স্লাইস" চিত্র) সঠিক চিত্র পুনর্গঠনের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় বিবেচ্য বিষয়। অবিকৃত গামা রশ্মি (যাকে প্রাথমিক বিকিরণও বলা হয়) কাঙ্ক্ষিত তথ্য ধারণ করে, কারণ এটি তেজস্ক্রিয়তার ওপর সরাসরি নির্ভরশীল।

নিচের চিত্রে বিক্ষেপের পরিস্থিতি আরও বিস্তারিতভাবে চিত্রিত করা হয়েছে, যেখানে রোগীর চিত্রায়ন পরিস্থিতিতে 99mTc-এর প্রাথমিক এবং বিক্ষেপ বর্ণালীর আনুমানিক মান দেখানো হয়েছে। এই ধরনের বর্ণালীর আনুমানিক মান মন্টে কার্লো পদ্ধতি ব্যবহার করে তৈরি করা যেতে পারে। চিত্রে দেখা যায় যে, বিক্ষিপ্ত বিকিরণের শক্তি একটি প্রশস্ত ব্যান্ড তৈরি করে, যা পূর্বে বর্ণিত কম্পটন স্মিয়ারের অনুরূপ, এবং এটি শনাক্তকৃত ফটোপিকের সাথে মিশে গিয়ে তাতে যথেষ্ট অবদান রাখে। অতএব, শনাক্তকৃত ফোটোপিকটি হলো প্রাথমিক বিকিরণের একটি অতিমূল্যায়ন। এই অতিমূল্যায়নের মাত্রা সম্ভবত নির্দিষ্ট চিত্রায়ন পরিস্থিতির ওপর নির্ভরশীল হবে, কারণ এতে জড়িত টিস্যুগুলোর পুরুত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে এটা স্পষ্ট যে, তেজস্ক্রিয়তার সঠিক পরিমাপ করতে হলে শনাক্তকৃত ফোটোপিকের মধ্যে থাকা বিক্ষিপ্ত বিকিরণের অবদানকেও হিসাবে আনতে হবে।

99mTc (সবুজ)-এর শনাক্তকৃত গামা রশ্মির শক্তি বর্ণালী, সাথে বিক্ষিপ্ত (নীল) এবং প্রাথমিক (লাল) উপাদানগুলোর আনুমানিক মান।

বিক্ষেপ প্রভাবের কমপেনসেশনের একটি পদ্ধতি নিচের চিত্রে দেখানো হয়েছে এবং এতে ফটোপিক থেকে বিয়োগ করার জন্য একটি আনুমানিক মান হিসেবে নিম্ন শক্তি পরিসরের তথ্য ব্যবহার করা হয়, অর্থাৎ

প্রাথমিক গণনা = ফটোপিক উইন্ডো গণনা - k (বিক্ষেপ উইন্ডো গণনা)

যেখানে k হলো বিক্ষেপ অবদানের পরিমাণ বিবেচনা করার জন্য একটি স্কেলিং ফ্যাক্টর। বিক্ষেপ কমপেনসেশনের এই পদ্ধতিকে ডুয়াল-এনার্জি উইন্ডো (ডিইডব্লিউ) পদ্ধতি বলা হয়। বাস্তবে এটি প্রয়োগ করা যায় দুটি ছবি তোলার মাধ্যমে, প্রতিটি এনার্জি উইন্ডোর জন্য একটি করে, এবং ফটো-পিক ছবি থেকে বিক্ষেপ ছবির একটি ভগ্নাংশ (k) বিয়োগ করে।

ওপরে দেখানো বর্ণালীর জন্য দেখা যায় যে, স্কেলিং ফ্যাক্টর, k, প্রায় ০.৫, কিন্তু এটি মনে রাখতে হবে যে এর সঠিক মান বিক্ষেপ অবস্থার ওপর নির্ভরশীল। তাই, যে গামা ক্যামেরাগুলো ডিইডব্লিউ পদ্ধতি ব্যবহার করে, সেগুলোতে সাধারণত বিভিন্ন চিত্রায়ন পরিস্থিতির জন্য k সমন্বয় করার সুবিধা থাকে। কিছু সিস্টেম এখানে দেখানো বিক্ষেপ উইন্ডোর চেয়ে সংকীর্ণ উইন্ডো ব্যবহার করে, যেমন ১১৪ - ১২৬ keV, যার ফলে k-এর মান বেড়ে প্রায় ১.০ হয়ে যায়।

বিক্ষেপ কমপেনসেশনের আরও অনেক পদ্ধতিও তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে শক্তি বিশ্লেষণের আরও জটিল রূপ, যেমন ডুয়াল-ফোটোপিক এবং ট্রিপল-এনার্জি উইন্ডো কৌশল, সেইসাথে ডিকনভোলিউশন এবং ফোটন অবচয়ের মডেলের ওপর ভিত্তি করে তৈরি পদ্ধতিসমূহ। এই অগ্রগতিগুলোর একটি চমৎকার পর্যালোচনা জাইদি ও কোরাল (২০০৪)-এ প্রদান করা হয়েছে।

99mTc-এর গামা রশ্মির শক্তি বর্ণালী, যেখানে বিক্ষেপ অনুমানের জন্য ৯২ - ১২৬ keV (নীল) এবং আলোকশিখরের (লাল) জন্য ১৪০ keV-কে কেন্দ্র করে ১২৬ - ১৫৪ keV-র শক্তি পৃথকীকরণ সেটিংস ব্যবহার করা হয়েছে।

গামা ক্যামেরা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কিছু ছবি নিচে দেখানো হলো:

একটি একক-শীর্ষ বিশিষ্ট গামা ক্যামেরা।
আরেকটি একক-শীর্ষ বিশিষ্ট গামা ক্যামেরা।
একটি গামা ক্যামেরার NaI স্ফটিক।
একটি গামা ক্যামেরার ক্যাথোড রশ্মি অসিলোস্কোপ (সিআরও)।
একটি গামা ক্যামেরার চিত্র প্রক্রিয়াকরণ ব্যবস্থা।
একটি দ্বি-শীর্ষ বিশিষ্ট গামা ক্যামেরা।
দ্বি-শীর্ষ বিশিষ্ট গামা ক্যামেরার আরেকটি দৃশ্য।
একটি দ্বি-শীর্ষ বিশিষ্ট গামা ক্যামেরার চিত্র গ্রহণ ও প্রক্রিয়াকরণ কনসোল।

আমরা কলিমেটরের গঠন ও উদ্দেশ্য বিবেচনা করে গামা ক্যামেরার বর্ণনা চালিয়ে যাব।

কলিমেশন

[সম্পাদনা]

কলিমেটর হলো একটি যন্ত্র যা গামা ক্যামেরা শীর্ষের সামনের দিকে সংযুক্ত থাকে। এটি ফটোগ্রাফিক ক্যামেরায় ব্যবহৃত লেন্সের মতো কাজ করে, কিন্তু এই উপমাটি পুরোপুরি সঠিক নয়, কারণ গামা-রশ্মিকে ফোকাস করা বেশ কঠিন। তা সত্ত্বেও, এর সবচেয়ে সরল রূপে এটি ক্রিস্টালের সমতলের সাথে সমকোণে ভ্রমণকারী রশ্মিগুলো ছাড়া ক্রিস্টালের দিকে আসা সমস্ত গামা-রশ্মিকে আটকে দিতে ব্যবহৃত হয়:

গামা ক্যামেরার ক্রিস্টালের সাথে সংযুক্ত সমান্তরাল-ছিদ্রযুক্ত কলিমেটরের চিত্র। তির্যকভাবে আপতিত গামা-রশ্মি সেপ্টা দ্বারা শোষিত হয়।

চিত্রটিতে একটি ক্রিস্টালের সাথে সংযুক্ত একটি সমান্তরাল-ছিদ্র কলিমেটরের বিবর্ধিত দৃশ্য দেখানো হয়েছে। কলিমেটরটি মূলত একটি সীসার পাতে করা অসংখ্য ছোট ছোট ছিদ্র দিয়ে গঠিত। লক্ষ্য করুন যে, ক্রিস্টালের সাথে কোণাকুণিভাবে আপতিত গামা-রশ্মিগুলো সীসা দ্বারা শোষিত হয়ে যায় এবং শুধুমাত্র ছিদ্রগুলোর দিক বরাবর আপতিত রশ্মিগুলোই এর মধ্য দিয়ে গিয়ে ক্রিস্টালে ঝিকিমিকি সৃষ্টি করে। যদি কলিমেটরটি না থাকত, তবে এই তির্যকভাবে আপতিত গামা-রশ্মিগুলো গামা ক্যামেরা দ্বারা উৎপাদিত ছবিগুলোকে ঝাপসা করে দিত। অন্য কথায়, ছবিগুলো খুব একটা স্পষ্ট হতো না।

বেশিরভাগ গামা ক্যামেরাতেই বিভিন্ন ধরনের কলিমেটর থাকে, যা পরীক্ষার ধরনের ওপর নির্ভর করে লাগানো যেতে পারে। এই কলিমেটরগুলোর মূল নকশা একই, তবে প্রতিটি ছিদ্রের ব্যাস, প্রতিটি ছিদ্রের গভীরতা এবং প্রতিটি ছিদ্রের মধ্যবর্তী সীসার পুরুত্বের (যা সাধারণত সেপ্টাম পুরুত্ব নামে পরিচিত) দিক থেকে এগুলোর মধ্যে ভিন্নতা থাকে। একটি নির্দিষ্ট কলিমেটরের নির্বাচন নির্ভর করে এর দ্বারা সৃষ্ট বিকিরণ শোষণের পরিমাণ (যা গামা ক্যামেরার সংবেদনশীলতাকে প্রভাবিত করে) এবং ছবির স্বচ্ছতার (অর্থাৎ স্থানিক রেজোলিউশন) ওপর। দুর্ভাগ্যবশত, এই দুটি বিষয় পরস্পর বিপরীতভাবে সম্পর্কিত; কারণ যে কলিমেটর ভালো স্থানিক রেজোলিউশনের ছবি তৈরি করে, তার ব্যবহার থেকে সাধারণত এটাই বোঝা যায় যে যন্ত্রটি বিকিরণের প্রতি খুব বেশি সংবেদনশীল নয়।

সমান্তরাল ছিদ্রযুক্ত কলিমেটর ছাড়াও অন্যান্য নকশার কলিমেটরও ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, একটি অপসারী ছিদ্রযুক্ত কলিমেটর একটি ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে এবং অভিসারী ছিদ্রযুক্ত ও পিন-হোল কলিমেটর একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। পিন-হোল কলিমেটরটি নিম্নলিখিত চিত্রে দেখানো হয়েছে:

পিন-হোল কলিমেটরের একটি চিত্র, যা অর্জিত প্রতিবিম্বের বিপরীতকরণ প্রক্রিয়া প্রদর্শন করে।

এটি সাধারণত একটি শঙ্কু-আকৃতির যন্ত্র যার দেয়ালগুলো সীসা দিয়ে তৈরি। এই শঙ্কুটির একটি প্রস্থচ্ছেদ চিত্রে দেখানো হয়েছে। এটি একটি পিন-হোল ফটোগ্রাফিক ক্যামেরার মতো একই পদ্ধতিতে কাজ করে এবং কোনো বস্তুর একটি উল্টো প্রতিবিম্ব তৈরি করে – এই উল্টোভাবটি বোঝানোর জন্য চিত্রে একটি তীরচিহ্ন ব্যবহার করা হয়েছে। এই ধরনের কলিমেটর থাইরয়েড গ্রন্থির মতো ছোট বস্তুর প্রতিবিম্ব তৈরির জন্য উপযোগী বলে প্রমাণিত হয়েছে।

উদাহরণ চিত্র

[সম্পাদনা]

পরমাণু চিকিৎসার কিছু প্রতিনিধিত্বমূলক চিত্র নিচে দেখানো হলো:

একজন রোগীর মস্তিষ্কের অভ্যন্তরে 99mTc Ceretec-এর বন্টনের একটি এসপিইসিটি স্লাইস।
একজন রোগীর যকৃতের একটি এসপিইসিটি স্লাইস।
একজন রোগীর হাড়ের স্ক্যান থেকে প্রাপ্ত ছবি।
রোগীর মস্তিষ্কের একটি পিইটি স্লাইস, যেখানে ত্বকের উপরিভাগ নির্দেশ করার জন্য একটি আগ্রহের অঞ্চল (রিজিওন অফ ইন্টারেস্ট) আঁকা হয়েছে।
একজন রোগীর ফুসফুসের শ্বাস প্রশ্বাস (V) এবং রক্ত প্রবাহের (Q) স্ক্যান থেকে প্রাপ্ত ছবি।
ডান কিডনিতে পাথর জমে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া একজন রোগীর রেনোগ্রাম চলাকালীন প্রতি ১০ সেকেন্ড অন্তর তোলা ধারাবাহিক সমতলীয় চিত্রসমূহ।
রেনোগ্রাম সিরিজ থেকে নির্বাচিত কিছু ছবি।
রেনোগ্রামের ক্ষেত্রে সময়ের সাপেক্ষে প্রতিটি কিডনির কাউন্টের সংখ্যা দেখানো একটি গ্রাফিক্যাল ডিসপ্লে।
একজন রোগীর হৃৎপিণ্ডের একটি এসপিইসিটি স্লাইস।
রোগীর সমগ্র শরীর জুড়ে রক্তের মিশ্রণ পরীক্ষা।
একজন রোগীর মস্তিষ্কের এসপিইসিটি পরীক্ষার একটি ধারাবাহিক চিত্র।
একজন রোগীর হৃৎপিণ্ডের এসপিইসিটি পরীক্ষার ছবি।
থাইরয়েড শোষণ সমীক্ষা।
রোগীর পরিপাকতন্ত্র মূল্যায়নকারী একটি পাকস্থলী খালি হওয়ার পরীক্ষা।
একজন রোগীর সমগ্র দেহের একটি 201Tl পরীক্ষা।

নির্গমন টমোগ্রাফি

[সম্পাদনা]

আমরা যে ধরনের চিত্রায়নের বর্ণনা দিচ্ছি, তাকে প্লেনার ইমেজিং বলা হয়। এটি একটি ত্রিমাত্রিক বস্তুর দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করে। এর ফলে ছবিগুলোতে কোনো গভীরতার তথ্য থাকে না এবং কিছু বিবরণ একে অপরের ওপর উপরিপাতিত হয়ে সম্পূর্ণ বা আংশিকভাবে অস্পষ্ট হয়ে যেতে পারে। উল্লেখ্য যে, এটি প্রচলিত এক্স-রে ইমেজিংয়েরও একটি বৈশিষ্ট্য।

এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার সাধারণ উপায় হলো রোগীর অন্তত দুটি ভিউ নেওয়া, যেমন—একটি সামনে থেকে এবং একটি পাশ থেকে। তাই বুকের রেডিওগ্রাফিতে একটি পোস্টেরিও-অ্যান্টেরিওর (PA) এবং একটি ল্যাটারাল ভিউ নেওয়া যেতে পারে। এবং নিউক্লিয়ার মেডিসিন লিভার স্ক্যানে একটি অ্যান্টেরো-পোস্টেরিওর (AP) এবং একটি ল্যাটারাল স্ক্যান সংগ্রহ করা হয়।

প্রায় ১৯৭০ সালের দিকে ক্যাট স্ক্যানার উদ্ভাবনের মাধ্যমে প্লেনার এক্স-রশ্মি চিত্রায়নের এই সীমাবদ্ধতা দূর হয়েছিল। ক্যাট-এর পূর্ণরূপ হলো কম্পিউটারাইজড অ্যাক্সিয়াল টমোগ্রাফি বা কম্পিউটার অ্যাসিস্টেড টমোগ্রাফি এবং বর্তমানে এই শব্দটি প্রায়শই সংক্ষেপে কম্পিউটেড টমোগ্রাফি বা সিটি স্ক্যানিং নামে পরিচিত (টমোগ্রাফি শব্দটি গ্রিক শব্দ 'tomos' থেকে এসেছে, যার অর্থ 'স্লাইস' বা ফালি)। এর সঠিক নাম যাই হোক না কেন, এই কৌশলটি একটি কম্পিউটার ব্যবহার ক'রে শরীরের বিভিন্ন অংশের স্লাইসের ছবি তৈরি করতে সাহায্য করে। এটি মূলত রোগীর চারপাশে বিভিন্ন কোণ থেকে এক্স-রে ছবি তোলার মাধ্যমে এই কাজটি করে থাকে। এই স্লাইস ছবিগুলো ত্রিমাত্রিকভাবে প্রদর্শিত হয়, যা প্লেনার ছবিতে অনুপস্থিত থাকে এবং এর ফলে উপরিপাতিত বিবরণের সমস্যা দূর হয়। এছাড়াও, কম্পিউটার ব্যবহার ক'রে, রোগীর শরীরের কোনো একটি অঞ্চলের একাধিক ধারাবাহিক স্লাইসের ছবি একটির ওপর আরেকটি সাজিয়ে একটি ত্রিমাত্রিক ছবি তৈরি করা যায়। স্পষ্টতই, প্লেনার ইমেজিংয়ের তুলনায় সিটি স্ক্যানিং একটি অত্যন্ত শক্তিশালী চিত্রায়ন কৌশল।

এর সমতুল্য পরমাণু চিকিৎসা চিত্রায়ন কৌশলকে এমিশন কম্পিউটেড টমোগ্রাফি বলা হয়। আমরা নিচে এই কৌশলের দুটি প্রয়োগ নিয়ে আলোচনা করব।

সিঙ্গেল ফোটন এমিশন কম্পিউটেড টমোগ্রাফি (এসপিইসিটি)

[সম্পাদনা]
এই এসপিইসিটি কৌশলটিতে রোগীর চারপাশে বিভিন্ন কোণ থেকে ছবি তোলার জন্য একটি গামা ক্যামেরা ব্যবহার করা হয়। এরপর রোগীর শরীরের বিভিন্ন অংশের ছবি গণনা করার জন্য এই ছবিগুলোকে চিত্র পুনর্গঠন নামক এক ধরনের ডিজিটাল চিত্র প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়।
ব্যাক প্রজেকশন পুনর্গঠন প্রক্রিয়াটি নিচে চিত্রিত করা হলো। সরলতার জন্য, ধরা যাক রোগীর মধ্য দিয়ে যাওয়া স্লাইসটি আসলে একটি ২ x ২ ভক্সেল (একটি দ্বিমাত্রিক পিক্সেলের ত্রিমাত্রিক সমতুল্য) বিন্যাস নিয়ে গঠিত, যেখানে প্রতিটি ভক্সেলের তেজস্ক্রিয়তা A1...A4 দ্বারা প্রদত্ত:
রোগীর চারপাশে চারটি প্রক্ষেপণ, P1...P4, গ্রহণের চিত্র।
প্রথম প্রক্ষেপণ, P1, ডান দিক থেকে এবং দ্বিতীয় প্রক্ষেপণ, P2, ডান তির্যক দিক থেকে প্রতিবিম্বিত হয় এবং এভাবেই চলতে থাকে। পশ্চাৎ প্রক্ষেপণ প্রক্রিয়ায় প্রথমে প্রক্ষেপণগুলোকে একে অপরের সাথে যোগ করা হয়, যা নিচে দেখানো হয়েছে:
ব্যাক প্রজেকশন গণনা প্রক্রিয়ার চিত্র।
এবং তারপর প্রতিটি ভক্সেলের তেজস্ক্রিয়তার একটি অনুমান তৈরি করার জন্য যোগফলকৃত (বা উপরিপাতিত) প্রক্ষেপণগুলিকে স্বাভাবিক করা হয়। যেহেতু এই প্রক্রিয়াটি পুনর্গঠিত চিত্রগুলিতে স্ট্রিকিং আর্টিফ্যাক্ট (দাগ বা রেখাচিত্রের মতো ত্রুটি) তৈরি করতে পারে, তাই সাধারণত ব্যাক প্রজেকশনের আগেই প্রক্ষেপনগুলোকে ফিল্টার করে নেওয়া হয়, যেমনটি পরবর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, এবং এই সামগ্রিক প্রক্রিয়াটিকে ফিল্টার্ড ব্যাক প্রজেকশন (এফবিপি) বলা হয়:
ফিল্টার্ড ব্যাক প্রজেকশন গণনা প্রক্রিয়ার চিত্র।
চিত্র পুনর্গঠনের একটি বিকল্প পদ্ধতি হলো পর্যায়ক্রমিক পুনর্গঠন, যা একটি ধারাবাহিক আনুমানিক মূল্যায়ন পদ্ধতি। এখানে ম্যাক্সিমাম-লাইকলিহুড এক্সপেক্টেশন-ম্যাক্সিমাইজেশন (এমএল - ইএম) বা সর্বোচ্চ-সম্ভাব্যতা প্রত্যাশা-সর্বোচ্চকরণ অ্যালগরিদম ব্যাপকভাবে প্রয়োগ করা হয়, যেখানে প্রকৃত এবং আনুমানিক প্রক্ষেপণগুলির তুলনা করার জন্য একটি ভাগ প্রক্রিয়া ব্যবহার করা হয়, যেমনটি নিচে দেখানো হয়েছে:
সর্বোচ্চ সম্ভাব্যতা প্রত্যাশা-সর্বোচ্চকরণ (এমএল - ইএম) অ্যালগরিদমের দৃষ্টান্ত।
এই প্রক্রিয়াকরণ শৃঙ্খলের মধ্য দিয়ে তথ্যের একটি চক্রকে একটি ইটারেশন বলা হয়। একটি পর্যাপ্ত পুনর্গঠন তৈরি করার জন্য ষোল বা তার বেশি ইটারেশনের প্রয়োজন হতে পারে এবং ফলস্বরূপ, গণনার সময় বেশ দীর্ঘ হতে পারে। পুনরাবৃত্তিমূলক প্রক্রিয়ার মধ্যে ক্রমানুসারে সীমিত সংখ্যক প্রজেকশন (যাকে সাবসেট বলা হয়) ব্যবহার ক'রে গণনার সময় উল্লেখযোগ্যভাবে কমানোর জন্য অর্ডারড-সাবসেটস এক্সপেক্টেশন-ম্যাক্সিমাইজেশন (ওএস - ইএম) বা ক্রমিক উপসেট প্রত্যাশা সর্বোচ্চকরণ অ্যালগরিদম ব্যবহার করা যেতে পারে। পুনর্গঠন প্রক্রিয়ার সময় উৎপন্ন নয়েজ (অবাঞ্ছিত সিগন্যাল) কমানো যেতে পারে, উদাহরণস্বরূপ, পুনর্গঠন গণনার মধ্যে একটি গাউসিয়ান ফিল্টার তৈরি ক'রে অথবা একটি পোস্ট-ফিল্টার হিসাবে প্রয়োগ করে।
পুনরাবৃত্তিমূলক পুনর্গঠন প্রক্রিয়ার দৃষ্টান্ত।
বিভিন্ন ইটারেশন, সাবসেট এবং ফিল্ট্রেশন সেটিংস ব্যবহার করে তৈরি করা ছবিগুলো অনলাইন বইটিতে পাওয়া যাবে।
একজন রোগীর ফুসফুসের শ্বাস প্রশ্বাসের স্ক্যানের একটি স্লাইসের জন্য এই চিত্র পুনর্গঠন কৌশলগুলোর একটি তুলনা নিচে দেখানো হলো:
ছবি তোলার জন্য গামা ক্যামেরাটি সাধারণত রোগীর চারপাশে ঘোরানো হয়। এসপিইসিটি স্ক্যানিংয়ের জন্য বিশেষভাবে নকশা করা আধুনিক গামা ক্যামেরাগুলিতে দুটি ক্যামেরা শীর্ষ থাকতে পারে যা একে অপরের সমান্তরালে বসানো থাকে এবং রোগী থাকে মাঝখানে। এর ফলে ছবি তৈরি করার জন্য প্রয়োজনীয় সময় প্রায় দুভাগ হয়ে যায়। এছাড়াও, ব্রেন স্ক্যানিংয়ের জন্য ডিজাইন করা কিছু এসপিইসিটি গামা ক্যামেরায় ত্রিভুজাকারে তিনটি ক্যামেরা শীর্ষ বসানো থাকে।
এসপিইসিটি ছবি সংগ্রহ এবং প্রক্রিয়াকরণের জন্য বিভিন্ন ধরনের কৌশল ব্যবহার করা যেতে পারে।

পজিট্রন এমিশন টমোগ্রাফি (পিইটি)

[সম্পাদনা]
দ্বিতীয় অধ্যায় থেকে আপনাদের মনে থাকবে যে, তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে পজিট্রন নির্গত হতে পারে, যেগুলো অস্থিতিশীল, কারণ তাদের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি নিউট্রন থাকে। আপনাদের এও মনে থাকবে যে, পদার্থের মধ্যে পজিট্রন খুব বেশি সময় টিকে থাকে না, কারণ এটি দ্রুত একটি ইলেকট্রনের সংস্পর্শে আসে এবং এর ফলে অ্যানিহিলেশন (বিলীন) নামক একটি প্রক্রিয়া ঘটে। এই প্রক্রিয়ায় পজিট্রন এবং ইলেকট্রন বিলীন হয়ে যায় এবং তাদের শক্তি দুটি গামা-রশ্মিতে রূপান্তরিত হয়, যা একে অপরের সাথে প্রায় ১৮০০ কোণে নির্গত হয়। এই নির্গমনকে প্রায়শই দুটি পরস্পর বিপরীতমুখী গামা-রশ্মি হিসাবে উল্লেখ করা হয় এবং এদের প্রতিটির স্বতন্ত্র শক্তি ০.৫১ MeV।
সুতরাং, যদি আমরা কোনো রোগীকে পজিট্রন-নির্গমনকারী বিকিরণ ঔষধি প্রয়োগ করি, তবে নির্গত পজিট্রন কাছাকাছি থাকা একটি ইলেকট্রনের সাথে মিলিত হয়ে বিলীন হয়ে যেতে পারে এবং দুটি গামা-রশ্মি বিপরীত দিকে নির্গত হবে। রোগীকে ঘিরে থাকা বিকিরণ শনাক্তকারী যন্ত্রের একটি বলয় ব্যবহার ক'রে এই গামা-রশ্মিগুলো শনাক্ত করা যায় এবং একটি কম্পিউটার সিস্টেম ব্যবহার করে টমোগ্রাফিক ছবি তৈরি করা যায়। শনাক্তকারীগুলো সাধারণত বিশেষায়িত সিনটিলেশন যন্ত্র, যা ০.৫১ MeV গামা-রশ্মিকে শনাক্ত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়। শনাক্তকারী যন্ত্রের এই বলয়, সংশ্লিষ্ট যন্ত্রপাতি এবং কম্পিউটার সিস্টেমকে একত্রে পিইটি স্ক্যানার বলা হয়।
ওপরের চিত্রে রোগীর শরীরের অভ্যন্তরে পজিট্রন ক্ষয়ের স্থানগুলো ঘন বৃত্ত দ্বারা চিহ্নিত করা হয়েছে। এছাড়াও, স্পষ্টতার জন্য চিত্রটিতে মাত্র কয়েকটি শনাক্তকারী দেখানো হয়েছে। বলয়টির চারপাশের প্রতিটি শনাক্তকারী বিপরীতমুখী শনাক্তকারীর একটি সারির সাথে যুগপৎভাবে পরিচালিত হয় এবং এভাবে শনাক্তকৃত অ্যানিহিলেশন গামা-রশ্মিগুলো একটি একক প্রোফাইল তৈরি করতে ব্যবহৃত হয়।
এছাড়াও দেখা গেছে যে, পুরু ক্রিস্টাল এবং বিশেষ কলিমেটরযুক্ত গামা ক্যামেরা পিইটি স্ক্যানিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।
পিইটি স্ক্যানিংয়ের জন্য ব্যবহৃত রেডিওআইসোটোপগুলোর মধ্যে রয়েছে 11C, 13N, 15O এবং 18F। সাধারণত সাইক্লোট্রন নামক একটি যন্ত্র ব্যবহার ক'রে এই আইসোটোপগুলো উৎপাদন করা হয়। এছাড়াও, এই আইসোটোপগুলোর অর্ধায়ু তুলনামূলকভাবে কম। তাই পিইটি স্ক্যানিংয়ের জন্য কাছাকাছি একটি সাইক্লোট্রন এবং এর সাথে সম্পর্কিত বিকিরণ ঔষধি উৎপাদন কেন্দ্র প্রয়োজন। আমরা এই উইকিবইয়ের পরবর্তী অধ্যায়ে সাইক্লোট্রন নিয়ে আলোচনা করব।
স্ট্যান্ডার্ডাইজড আপটেক ভ্যালু (এসইউভি) হলো পিইটি স্ক্যানে ব্যবহৃত একটি আধা-পরিমাণগত সূচক, যা রোগীর স্ক্যানের কোনো নির্দিষ্ট অঞ্চলে বিকিরণ ঔষধির গ্রহণমাত্রা প্রকাশ করে। এটি সাধারণত শরীরের ওজনের সাপেক্ষে সংশোধন করে, ওই অঞ্চলের তেজস্ক্রিয়তা এবং ইনজেকশনের মাধ্যমে দেওয়া ডোজের অনুপাত হিসাবে গণনা করা হয়। উল্লেখ্য যে, এসইউভি বিভিন্ন প্রধান পরিবর্তনশীলতার উৎস দ্বারা প্রভাবিত হয় এবং তাই এটিকে একটি পরিমাণগত পরিমাপ হিসেবে ব্যবহার করা উচিত নয়।
নিচে পিইটি স্ক্যানারের কয়েকটি ছবি দেখানো হলো:
শনাক্তকারীগুলো এবং সংশ্লিষ্ট ইলেকট্রনিক সার্কিট।
স্ক্যানার – শনাক্তকারীগুলো আচ্ছাদন প্যানেলের নিচে রয়েছে।
শনাক্তকারী যন্ত্রগুলোর আরেকটি দৃশ্য।
ইমেজ প্রসেসিং কম্পিউটার।

পুনরাবৃত্তিমূলক পুনর্গঠনের জন্য সাবসেট এবং পুনরাবৃত্তির বিভিন্ন বিন্যাস ব্যবহার করে পুনর্গঠিত চিত্রসমূহ[২] নিচে দেখানো হয়েছে:

Images reconstructed using different subsets/iterations settings within an iterative reconstruction algorithm (VPFXS)
একটি পুনরাবৃত্তিমূলক পুনর্গঠন অ্যালগরিদমের (ভিপিএফএক্সএস) মধ্যে বিভিন্ন সাবসেট / ইটারেশন সেটিংস ব্যবহার করে পুনর্গঠিত চিত্র। GF: গাউসিয়ান ফিল্টার করা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Slomka PJ, Patton JA, Berman DS & Germano G, 2009. Advances in technical aএসপিইসিটিs of myocardial perfusion এসপিইসিটি imaging. Journal of Nuclear Cardiology, 16(2), 255–76.
  2. ↑ Maher KP, 2016. Iterations, Subsets & Gaussian Filtration, 3rd Edition (Bookemon.com]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • পজিট্রন এমিশন টমোগ্রাফি কেন্দ্র মেলবোর্নের অস্টিন অ্যান্ড রিপ্যাট্রিয়েশন মেডিকেল সেন্টারে, যেখানে পিইটি কি, বর্তমান সুবিধাসমূহ, প্রকল্প ও গবেষণা এবং একটি পিইটি চিত্র লাইব্রেরি সম্পর্কিত বিভাগ রয়েছে।