বিষয়বস্তুতে চলুন

দর্শনের সাথে পরিচয়/সামাজিক চুক্তি

উইকিবই থেকে

সামাজিক চুক্তি তত্ত্ব সাধারণত ব্যক্তির উপর রাষ্ট্র বা সরকারের কর্তৃত্বের বৈধতা নিয়ে আলোচনা করে। সামাজিক চুক্তি তত্ত্ব দুটি বিষয় ব্যাখ্যা করতে চায়, প্রথমত, সার্বভৌম কর্তৃত্ব হিসেবে রাষ্ট্রের ঐতিহাসিক উৎপত্তি এবং দ্বিতীয়ত, সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রতিষ্ঠাকারী নীতিগুলির উৎপত্তি।

এই তত্ত্বে সংগঠিত সমাজ বা সরকারের অস্তিত্বের পূর্বে মানুষের জীবনকে 'প্রকৃতির অবস্থা' বলা হয়েছে। সামাজিক চুক্তি তত্ত্বের মূলে রয়েছে এই ধারণা যে, মানুষ তাদের প্রাকৃতিক অবস্থায় (অর্থাৎ সরকারের আগে) স্বার্থ দ্বারা চালিত হয় এবং দ্বন্দ্বের ঝুঁকিতে থাকে। টমাস হবস তার "লেভিয়াথান" বইতে লিখেছেন যে "প্রকৃতি" জীবন ছিল "কদর্য, পাশবিক এবং সংক্ষিপ্ত"। প্রাকৃতিক অবস্থায় বিদ্যমান কষ্ট থেকে মুক্তি পেতে মানুষ সামাজিক চুক্তি তৈরি করে, যেখানে তারা সুরক্ষা এবং শান্তির বিনিময়ে একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে সম্মত হয়।

এই তত্ত্বে টমাস হবস, জন লক এবং জিন-জ্যাক রুশোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। এটা মনে রাখা প্রাসঙ্গিক যে এই লেখকদের দ্বারা উল্লিখিত সামাজিক চুক্তি তত্ত্বের বিবরণ সকল ক্ষেত্রেই এক নয়, যেমন একটি রাষ্ট্রে ব্যক্তিদের অধিকার কেমন হবে তা নিয়ে লেখকদের মতের ভিন্নতা রয়েছে।