বিষয়বস্তুতে চলুন

দর্শনের সাথে পরিচয়/আধ্যাত্মিক অভিজ্ঞতা

উইকিবই থেকে

ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ হিসেবে মিস্টিক বা রহস্যবাদী অভিজ্ঞতা একদিকে যেমন শক্তিশালী একটি দিক উপস্থাপন করে, অন্যদিকে এটিতে একটি দুর্বলতা রয়েছে। ঐতিহ্যগতভাবে, রহস্যবাদী অভিজ্ঞতার মধ্যে একটি উপলব্ধি থাকে যে ‘একই সকল কিছু’ এবং ‘সকল কিছুই এক’। এটি ঈশ্বর সম্পর্কে একটি সর্বেশ্বরবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ঈশ্বরই সবকিছু এবং সবকিছুই ঈশ্বর। এই বিশ্বাসটি প্রাচ্যের ধর্মগুলোতে, যেমন হিন্দুধর্ম ও তাওবাদে সবচেয়ে বেশি দেখা যায়, এটি নিউ এজ আধ্যাত্মিকতার মধ্যেও প্রচলিত এবং কিছু আত্ম-ঘোষিত স্রষ্টাবাদীদের মধ্যেও খাপছাড়া ভাবে দেখা যায়।

ঈশ্বরের অস্তিত্বের পক্ষে রহস্যবাদী অভিজ্ঞতার সবচেয়ে জোরালো যুক্তি হলো, যারা এই অভিজ্ঞতার দাবি করে, তাদের ওপর এর প্রভাব। তবে, নাস্তিক আন্দ্রে কঁত-স্পঁভিল–এর মতে, উপরিউক্ত সংজ্ঞায়িত রহস্যবাদী অভিজ্ঞতা ঈশ্বরে বিশ্বাস ছাড়াও অনুভব করা সম্ভব। কঁত-স্পঁভিল বর্ণনা করেছেন কিভাবে এক রাতে বন্ধুবান্ধবদের সঙ্গে জঙ্গলে হাঁটার সময় তিনি অনুভব করেছিলেন যে ‘সব এক’ এবং ‘একই সব’, তিনি নিজেও এই ঐক্যর মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। কথাবার্তা ধীরে থেমে যায়, তার মন শুন্য হয়ে পড়ে, এবং একপ্রকার শান্তিপূর্ণ ও আনন্দঘন অভিজ্ঞতা তাকে সাময়িকভাবে গ্রাস করে যতক্ষণ না আবার চিন্তাভাবনা শুরু করেন (দ্য এনকাইন্ট বুক অফ এথিস্ট স্পিরিচুয়ালিটি, ১৫৫–১৫৯)।

আরও একটি ধর্মীয় অভিজ্ঞতা আছে যা রহস্যবাদী অভিজ্ঞতার মতো অতিশয় রহস্যময় না হলেও তা থেকে ভিন্ন—এটি হলো ধর্মান্তর। এই অভিজ্ঞতা প্রায়শই স্রষ্টাবাদ-ভিত্তিক হলেও সবসময় তা নয়, এবং ধর্মান্তর কাহিনিগুলো সাধারণত চমকপ্রদ এবং অস্বীকার করার মতো নয়। যেমন: নবনীত ধর্মগ্রন্থ বাইবেলের কার্যবিবরণী গ্রন্থের নবম অধ্যায়ে বর্ণিত সেন্ট পলের ধর্মান্তরের কাহিনি, যেখানে তিনি একজন খ্রিস্টান নিপীড়ক থেকে ধর্মপ্রচারক হয়ে ওঠেন—এটি সেই সকল ধর্মান্তর কাহিনির আদিরূপ হিসেবে ধরা যেতে পারে, যেখানে একজন ব্যক্তি “ঈশ্বরের” সঙ্গে সাক্ষাৎ করেন এবং যার ফলে তার জীবন চিরতরে বদলে যায়।

ঈশ্বরের অস্তিত্বের পক্ষে এই প্রমাণের সবচেয়ে দুর্বল দিকটি হলো, এটি অত্যন্ত ব্যক্তিনির্ভর। যেমন: পল একাই তাঁর দর্শনের অভিজ্ঞতা দাবি করেন; তবে যদিও তাঁর সঙ্গে থাকা পুরুষরা কাউকে দেখেননি, তারাও সেই কণ্ঠস্বর শুনেছিলেন (কার্যবিবরণী ৯:৭)। তাহলে কি তিনি বিভ্রমে ভুগছিলেন? ধর্মীয় উন্মাদনা থেকে সৃষ্ট এক মনোবিকারের শিকার? নাকি তিনি সত্যিই মহাবিশ্বের সর্বোচ্চ সত্তার সাক্ষাৎ পেয়েছিলেন?

বিশ্বাসীর জন্য উত্তর হতে পারে শেষোক্তটি। কিন্তু সংশয়ী অবিশ্বাসীর জন্য উত্তর হতে পারে প্রথমদুটির একটি। তবে উভয়ের কাছেই প্রশ্নটি থেকেই যায়: ঈশ্বর কি আছেন? এবং এমন দাবিকে সমর্থনের জন্য কেবল অভিজ্ঞতামূলক নয়, বরং কোনো বাস্তব, বস্তুনিষ্ঠ প্রমাণ কি আদৌ আছে?