বিষয়বস্তুতে চলুন

তড়িতচুম্বকীয় বিকিরণ/রেডিও

উইকিবই থেকে

তড়িতচুম্বকীয় বিকিরণ: ৫। রেডিও

১৮৬৪ সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল রেডিও তরঙ্গের অস্তিত্ব সম্পর্কে পূর্বাভাস দিয়েছিলেন। এর গুণাবলী ১৮৮৫-৮৯ সালের মধ্যে হাইনরিখ হার্ট্‌জ (যাঁর নামে হার্ট্‌জ এককটির নামকরণ করা হয়েছে) পরীক্ষা করেন।

মাইক্রোওয়েভকে একটি পৃথক ব্যান্ড হিসেবে বিভক্ত করার পর, এখন রেডিও তরঙ্গকে এমন তরঙ্গদৈর্ঘ্যের বলে ধরা হয় যা ৩০ সেন্টিমিটারের বেশি এবং যার কম্পাঙ্ক ১ গিগাহার্ট্‌জের নিচে। তরঙ্গদৈর্ঘ্যের কোনও ঊর্ধ্বসীমা নেই, অতএব কম্পাঙ্কের কোনও নিম্নসীমাও নেই। প্রচলিত বিভাজনগুলো হলো:

  • আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সি (ইউএইচএফ): কম্পাঙ্ক ৩০০ মেগাহার্ট্‌জ থেকে ৩ গিগাহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১০ সেমি থেকে ১ মিটার। এটি মাইক্রোওয়েভ অঞ্চলের সঙ্গে ওভারল্যাপ করে।
  • ভেরি হাই ফ্রিকোয়েন্সি (ভিএইচএফ): কম্পাঙ্ক ৩০ মেগাহার্ট্‌জ থেকে ৩০০ মেগাহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১ মিটার থেকে ১০ মিটার।
  • হাই ফ্রিকোয়েন্সি (এইচএফ): কম্পাঙ্ক ৩ মেগাহার্ট্‌জ থেকে ৩০ মেগাহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১০ মিটার থেকে ১০০ মিটার।
  • মিডিয়াম ফ্রিকোয়েন্সি (এমএফ): কম্পাঙ্ক ৩০০ কিলোহার্ট্‌জ থেকে ৩ মেগাহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১০০ মিটার থেকে ১ কিলোমিটার। একে হেক্টোমেট্রিক তরঙ্গও বলা হয় (হেক্টোমিটার = ১০০ মিটার)।
  • লো ফ্রিকোয়েন্সি (এলএফ): কম্পাঙ্ক ৩০ কিলোহার্ট্‌জ থেকে ৩০০ কিলোহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১ কিমি থেকে ১০ কিমি।
  • ভেরি লো ফ্রিকোয়েন্সি (ভিএলএফ): কম্পাঙ্ক ১০ কিলোহার্ট্‌জ থেকে ৩০ কিলোহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ১০ কিমি থেকে ৩০ কিমি।
  • আল্ট্রা লো ফ্রিকোয়েন্সি (ইউএলএফ): কম্পাঙ্ক ৩০০ হার্ট্‌জ থেকে ১০ কিলোহার্ট্‌জ, অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ৩০ কিমি থেকে ১০০০ কিমি; এগুলো মূলত দীর্ঘ দূরত্বের পানির নিচে যোগাযোগে ব্যবহৃত হয়।
  • এক্সট্রিমলি লো ফ্রিকোয়েন্সি (ইএলএফ): সর্বনিম্ন কম্পাঙ্ক (৩০০ হার্ট্‌জের নিচে; তরঙ্গদৈর্ঘ্য > ১০০০ কিমি)।

কখনও কখনও তরঙ্গদৈর্ঘ্য অনুসারে বিভাজন করা হয়:

  • শর্ট ওয়েভ (এসডাব্লিউ): তরঙ্গদৈর্ঘ্য ১০-২০০ মিটার, অর্থাৎ কম্পাঙ্ক ১.৫-৩৩ মেগাহার্ট্‌জ; এর মধ্যে একাধিক উপ-ব্যান্ড রয়েছে।
  • মিডিয়াম ওয়েভ (এমডাব্লিউ): তরঙ্গদৈর্ঘ্য ২০০-১০০০ মিটার, অর্থাৎ কম্পাঙ্ক ৩০০ কিলোহার্ট্‌জ-১.৫ মেগাহার্ট্‌জ।
  • লং ওয়েভ (এলডাব্লিউ): তরঙ্গদৈর্ঘ্য > ১০০০ মিটার, অর্থাৎ কম্পাঙ্ক < ৩০০ কিলোহার্ট্‌জ।

অন্যান্য যে শব্দগুলি পাওয়ার যায়:

  • ফ্রিকোয়েন্সি মডুলেশন (এফএম): এটি কোনও ফ্রিকোয়েন্সি ব্যান্ড নয়, বরং একটি পদ্ধতি যার মাধ্যমে একটি রেডিও তরঙ্গের উপর অডিও সংকেত কোড করা হয়। তবে এফএম ভালোভাবে কাজ করার জন্য তুলনামূলকভাবে উচ্চ কম্পাঙ্ক দরকার হয়, এবং বাস্তবে প্রায় ১০০ মেগাহার্ট্‌জ (তরঙ্গদৈর্ঘ্য ৩ মিটার, ভিএইচএফ ব্যান্ডের মাঝখানে) ব্যবহার করা হয়।
  • ডিজিটাল রেডিও: এটিও কোনও ফ্রিকোয়েন্সি ব্যান্ড নয়। সাধারণত, প্রায় ২০০ মেগাহার্ট্‌জ (তরঙ্গদৈর্ঘ্য ১.৫ মিটার, ভিএইচএফ ব্যান্ডের ছোট তরঙ্গদৈর্ঘ্য বা উচ্চ কম্পাঙ্ক অংশ) ব্যবহার করা হয়।
  • ডেকামেট্রিক: তরঙ্গদৈর্ঘ্য ১০-৩০ মিটার (ডেকামিটার = ১০ মিটার), অর্থাৎ কম্পাঙ্ক ১০-৩৩ মেগাহার্ট্‌জ। গ্রহ বৃহস্পতির এই তরঙ্গদৈর্ঘ্যে শক্তিশালী বিকিরণ ঘটে।